আন্দোলনের কবিতা : সাম্প্রদায়িকতা ও স্বৈরতন্ত্র প্রসঙ্গে
বাংলা কবিতা আতুড়ঘরেই প্রতিবাদী। যখন বাংলায় সাহিত্য করার অধিকার ছিল না জাতিভেদ প্রথায় বিভক্ত সনাতন বাঙালি সমাজে, তখনো বাংলা ভাষার অনন্যতার কথা, তার পবিত্রতার কথা বলে গেছেন অসহায় বাঙালি কবি। নিম্নবর্ণের মুখের বুলি বাঙ্গালাকে চিরকাল বাঁকা চোখে দেখে আসছিলেন উচ্চশ্রেণীর গৌরবর্ণেরা। আজ সেই অনীহা তিরোহিত-প্রায়। হিন্দু মুসলমান বৌদ্ধ-খৃস্টান-জৈন, অর্থাৎ ধর্ম-বর্ণ-জাতি-গোত্র নির্বিশেষে আজ বাংলা আমাদের মুখের ভাষা, বুকের উচ্চারণ আর সৃষ্টিশীল সাহিত্যের প্রকৃষ্ট বাহন। এ ভাষাতেই সাহিত্য রচনা করে কেউ আজ সাহিত্যসম্রাট, কেউ বিদ্যাসাগর, কেউ কবিগুরু, কেউ বিদ্রোহী কবি, কেউ রূপসী বাংলার কবি, কেউ স্বাধীনতার কবি, কেউ মানবিকতার কবি, কেউ কবিশ্রেষ্ঠ ইত্যাদি, ইত্যাদি।
হ্যাঁ, এই অভিধার দীর্ঘ থেকে দীর্ঘতর তালিকায়ন করা যায়। কেননা বাংলা কবিতার হাজার বছর বা তারও চেয়ে প্রাচীনতার ইতিহাসে আমরা কতো কবিসুন্দরের দেখা পেয়েছি, তা বোধহয় তালিকা করে শেষ করা যায় না। যা যায়, তাহলো একটি সহজ সত্যের পুনরুচ্চারণ। মাতৃভাষায় সমর্পণ ছাড়া বুকের অনুভূতি মুখের প্রমিত উচ্চারণ হয়ে প্রায়-সর্বাংশে সাহিত্যমণ্ডিত হতে পারে না। আমাদের সৌভাগ্য, বাংলা ভাষা যখন তার বর্তমান আকৃতিধারণ করার কালপর্ব অতিক্রম করছে, তখন থেকেই তাকে সাহিত্যমাধ্যম করার কাজ শুরু করেছিলেন আমাদের স্বভাবসুন্দর স্বতঃস্ফূর্ত কবিরা। এঁদের মধ্যে আমরা অবশ্যই নাম করবো চর্যাপদের মৃত্তিকালীন কবিসম্প্রদায়ের, যাঁদের মুখে প্রথম ধনিত হয়েছিলো 'বঙালি' শব্দটি, যা বিবর্তিত কালপর্যায়ের অনিবার্য ধারাবাহিকতায় জন্ম দিয়েছে 'বাঙালি' নামক এক ভাষাভিত্তিক জাতিচেতনার, যার চূড়ান্ত পরিণতি মুক্তিযুদ্ধবাহিত জাতিরাষ্ট্র 'বাংলাদেশ'। স্মর্তব্য, চর্যাপদের এই ভবিষ্যৎদ্রষ্টা, সমাজহিতৈষী ও ধর্মপ্রাণ কবিদেরও আগে বাংলা ভাষার প্রতি স্বরচিত সংস্কৃত শ্লোকে শ্রদ্ধা নিবেদন করেছিলেন নিম্নবর্ণীয় এক মহৎ বাঙালি: শ্রীধর দাস। তিনি লিখেছিলেন, তাঁর মায়ের ভাষা বাংলা গঙ্গাজলের চেয়ে পবিত্র। এর মাধ্যমে তিনি শুধু মাতৃভাষা বাংলার প্রতি তাঁর ভক্তিকেই প্রমুক্ত করেননি, বরং তাঁর সম্প্রদায়ের চেয়ে উচ্চতর এক সম্প্রদায়ের সর্বগ্রাসী আধিপত্যকেও অস্বীকার করেছিলেন। এই অস্বীকারের মধ্যেই রয়েছে আদি এক বাঙালি কবি কর্তৃক তৎকালীন সমাজের ভেতরলোকে সংস্থাপিত জাতিভেদাশ্রয়ী সাম্প্রদায়িকতা ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ। এই প্রতিবাদ মধ্যযুগ পেরিয়ে আধুনিক কাল হয়ে এই একবিংশ শতাব্দীর নন্দনভোর পর্যন্ত প্রসারিত, আর প্রসারিত হতে থাকবে ততদিন, যতদিন আমরা আমাদের স্বপ্নাশ্রিত এমন এক সমাজের দেখা না পাবো, যেখানে মানুষের অভিন্ন নাম মানুষ, আর তার তাবৎ অর্জন সুষম ভারসাম্যময়।
জানি, এটি এক অসম্ভব স্বপ্নকল্পনা। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করার কাজেই নিয়োজিত কবির সৃষ্টিশীল সংগ্রাম। সেই সংগ্রামে হাল আমলের ধর্মনিরপেক্ষ কবি তো বটে, এমনকি কণ্ঠ মিলিয়েছেন মধ্যযুগের ধর্মে সমর্পিত মুসলিম কবি, আউল-বাউল আর লোককবিরাও। আমরা বারবার স্মরণ করি আবদুল হাকিমের সেই তীব্র ব্যঙ্গাশ্রয়ী উক্তি, যেখানে তিনি বঙ্গেতে জন্মগ্রণকারী বঙ্গবাণী বিদ্বেষী কুলাঙ্গারদের পিতৃপরিচয় নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। এর চেয়ে শ্লেষাত্মক পঙক্তি বাংলা ভাষায় আর রচিত হয়েছে কিনা সন্দেহ। বাউল কবিসহ বাংলার সকল কালের লোককবিরা আজীবন অসাম্প্রদায়িকতারই বীজ বপন করেছেন। বাংলার দুই প্রধান ধর্মসম্প্রদায়ের সবচেয়ে সৃষ্টিশীল মানুষেরা যে কতো অস্বৈরতান্ত্রিক, তা প্রাচীন ও মধ্যযুগের দুই ধর্মে বিশ্বাসী দুই ধর্মপ্রাণ লোককবির ভাষাপ্রতীতির এই সংযোগসূত্র থেকে সহজেই অনুমেয়।
আধুনিক ও আধুনিকোত্তর যুগে এই সংযোগসূত্রের সম্প্রসারণ যেমন সময়ের প্রয়োজনে ঘটেছে, তেমনি সংঘটিত হয়েছে কিছু সামাজিক-সাংস্কৃতিক-ঐতিহাসিক ও রাজনৈতিক অসঙ্গতি ও বিভ্রান্তির কারণে। এই সব অসঙ্গতিই জন্ম দিয়েছিলো দেশবিভাগ, সীমান্তবিভাগ, জাতিবিভাগ, ভাষাবিভাগ ও শাসনকার্যে গণতান্ত্রিক সদাচার হত্যার মতো অকল্পনীয় ও অমানবিক নেতিবাচকতা। এরই পরিপ্রেক্ষিতে সর্বকালের সদাচারী বাঙালি কবিকেও ব্যক্তিগত ধ্যানগহবর ছেড়ে নেমে আসতে হয়েছিলো রাজপথে, বাংলার বিস্তীর্ণ জনপদের পথেপ্রান্তরে। গদীনসীন স্বৈরশাসক যখন কবিতাকে আবার রাজদরবারের বিলাসপণ্য করার বাসনায় এশীয় কবিতা উৎসবের আড়ালে তাঁবেদার কবিভৃত্য তৈরির আয়োজনে ব্যস্ত, তখনি নগরীর কেন্দ্রস্থলে খোলা আকাশের নিচে বাংলাদেশের প্রতিবাদমুখর কবিরা একত্রিত হয়েছিলেন পূর্বদৃষ্টান্তরহিত এক জাতীয় কবিতা উৎসবে। হাজার হাজার কবি ও কবিতাপ্রিয় মানুষ সেদিন অংশগ্রহণ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলন-মোহনায়। শ্লোগান ছিলো, শৃঙ্খলা মুক্তির জন্য কবিতা। মূল লক্ষ্য ছিলো, গণতান্ত্রিক সদাচারের হন্তারক স্বৈরাচারী শাসক ও তার প্রধান দোসর সাম্প্রদায়িক শক্তির কালো হাত গুড়িয়ে দেয়া। অর্থাৎ জাতীয় কবিতা পরিষদ কর্তৃক সূচিত কবিতার এই আন্দোলন যতোটা আঙ্গিক-কেন্দ্রিক, তার চেয়ে অনেক বেশি বিষয়-কেন্দ্রিক। কথাটি উচ্চার্য এ-কারণে যে কবিতার আন্দোলন বললেই বিষয়ের সঙ্গে প্রকরণের আন্দোলনের কথা না ভেবে উপায় নেই। বরং আধুনিক কলাকৈবল্যবাদী কাব্যবেত্তাদের অনেকেই মনে করেন, কবিতার ইতিহাস আসলে আঙ্গিকেরই বিবর্তনের ইতিহাস। আমরা এটিকে অর্ধসত্য হিসেবেই গ্রহণ করি। কোনো বিবর্তন একপাক্ষিক হতে পারে না, কেননা বিবর্তিত বিষয় সঙ্গে সঙ্গে তার আঙ্গিককে, আর বিবর্তিত আঙ্গিক সঙ্গে তার বিষয়েকেও কিয়দংশে পরিবর্তিতত করে দেয়। তবে দেখার বিষয়, আমরা যে আন্দোলন নিয়ে আলোচনা করছি, তার মুখ্য উদ্দেশ্য কী।
জাতীয় কবিতা পরিষদ সূচিত আন্দোলনটি যে কলাকৈবল্যবাদী আন্দোলন নয়, এটি আমাদের সকলেরই জানা। ফলে এখানে বিষয়টাই প্রধান, আর গৌণ হয়ে এসেছে নান্দনিক সদাচার। সোজা-সাপটা বক্তব্য, তিরস্কার, চিৎকার, শ্লোগান, স্ল্যাঙ ইত্যাদি নির্বিচারে ঢুকে পড়েছে আবৃত্তি-আশ্রয়ী কাব্যিক উচ্চারণে। কতকটা মধ্যযুগের দেশজ কবি আবদুল হাকিমেরই অনুবর্তী হয়েছেন আমাদের আন্দোলনজাত নবীন কবিশ্রেণী, তাঁরা সৈয়দ সুলতান বা আলাওলের মতো পরোক্ষ বা আলংকারিক বা ছন্দ হিল্লোলে সমর্পিত নন, কিংবা লালন-হাসন-জালালের মতো লোককবিদের রহস্যময়তাও কম চোখে পড়ে তাদের প্রতিবাদী পঙক্তিতে। 'যারে যেই ভাষে প্রভু করিলা সৃজন, সেই ভাষা হয় তার অমূল্য রতন'– এমন সুললিত উচ্চারণের চেয়ে প্রতিবাদী চিৎকারই মূলত আমাদের কানকে অধিক সচকিত করেছে।
আসলে কবিতা পরিষদর এই আন্দোলন আমাদের রাজনীতিকে বিশুদ্ধ করার আন্দোলন। রাজনীতিই এই আন্দোলনের মূল বিষয়, তারই অনুবর্তী হয়ে কিছু বৈষয়িক ও শব্দাশ্রয়ী পরিবর্তনের কারণে কখনো কখনো টেকনিকেও পরিবর্তন এসেছে। যে সব বিষয় বিশেষভাবে শনাক্তযোগ্য, সেগুলো কবিতা পরিষদের গত একুশ বছরের (১৯৮৭- ২০০৭ পর্যন্ত) শ্লোগানেই উচ্চারিত। এর মধ্যে আটটি বিষয় মোটা দাগে সনাক্ত করা যায়: ১. শৃঙ্খলমুক্তি (৮৭, জনতার সংগ্রাম ৯৪, মানুষের অধিকার ৯৫, শাশ্বত মুক্তি ৯৭, তিমির-বিনাশী ৯৯, সত্য-সুন্দরের উৎসব ২০০১, কবিতার জয়ধ্বনি ২০০২, জয় মানবতার ২০০৩, সুসময় ২০০৪, প্রতিরোধের হাতিয়ার ২০০৫, কবিতা বার বার ফিরে আসে নতুন মিছিলে ২০০৭), ২. স্বৈরাচার (৮৮), ৩. সাম্প্রদায়িকতা (৮৯, মৌলবাদ ৯৯, জঙ্গীবাদ ২০০৬), ৪. সন্ত্রাস (১৯৯০), ৫. গণতন্ত্র (৯১), ৬. বাংলার জয় (৯৩), ৭. মানবিকতার প্রত্যয় (৯৬), ৮. শান্তি-সম্প্রীতি (১৯৯৮) ইত্যাদি। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বয়স্ক ও নবীন কবিরা এ সব বক্তব্যে উজ্জীবিত হয়ে অসংখ্য চরণ রচনা করেছেন, যা আমাদের সমাজকে শোধন করার কাজ করেছে, যদিও তার মধ্যে খুব কম সংখ্যক পঙক্তি কবিতাপদবাচ্য হয়েছে। স্মর্তব্য যে, কবিতা বিষয়ক প্রশিক্ষণ বা প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো উদ্যোগও গত বিশ বছরে কবিতা পরিষদ গ্রহণ করেনি। এ কাজটি করেছেন মূলত লিটল ম্যাগাজিনকেন্দ্রিক সাহিত্যের নন্দনদ্রোহী নতুন প্রজন্ম, যাদের হাতে কবিতার আঙ্গিকগত পরিবর্তন সূচিত হয়েছে। বিষয়ের বৈচিত্রের কথা বলা হলেও, এমনকি সাম্প্রদায়িকতা ও স্বৈরাচারের জাতীয় কবিতা পরিষদের আন্দোলনের মূল প্রতিপক্ষ বিবেচিত হলেও এ দুটি বিষয় সরাসরি এসেছে মাত্র তিনবার (৮৮, ৮৯, ২০০৬)। তার পরে এসেছে শান্তি ও শৃঙ্খলমুক্তির নতুন পৃথিবী রচনার ইতিবাচক কামনা। সবচেয়ে বেশি এসেছে সামগ্রিক প্রতিরোধ, সংগ্রাম ও শৃঙ্খলমুক্তির অনুসঙ্গ। এর কারণও হয়তো এই যে, স্বৈরাচার ও সাম্প্রদায়িকতাকেই আমরা আমাদের মূল শত্রু হিসেবে সনাক্ত করেছি। অনাচারের অন্যরূপগুলোকে ভেবেছি তাদেরই অসংখ্য অভিব্যক্তি।
আসলে অসংখ্য নয়, স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা একই অশুভ শক্তির এপিঠ-ওপিঠ। যে নিজেকে ছাড়া অন্যকে নিয়ে ভাবে না, যার মঙ্গলকামনা নিজের বৃত্তে আবর্তিত, যে প্রতি মুহূর্তে অপরের সীমানায় পা বাড়ায়, যে নিজের স্বার্থ হাসিলের জন্যে যে কোনো রূপ ধারণ করতে পারে, সেই স্বৈরাচারী। সে ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী, সে লুসিফার, সে শয়তান। তার একহাতে হাজার ভনিতা, অন্যহাতে সাম্প্রদায়িকতাসহ তাবৎ নেতিবাচকতা। সে নির্লজ্জ, সে বিশ্ববেহায়া। সে ব্যভিচারী হয়েও বার বার পবিত্র হওয়ার জন্য ওজু করে, বারবার শপথ করে, শপথ ভাঙে। আত্মশুদ্ধির কথা বলে বার বার সে তওবা করে। সে মসজিদে যায়, মন্দিরেও দেবতার চরণামৃত পান করে। চরম অধার্মিক হয়েও সে বাতাসে ধর্মের কল নাড়ায়। যখন খুশি এক অঙ্গে টুপি, দাড়ি, পৈতা লাগায়। নিজে জানে না যে সে পিঁপড়ে, তাই সে পাখির মতো ডানা বাড়ায়। দাঁতাল বুনো শুয়োর হয়েও সে রাজাসন দখল করতে চায়। তাই স্বৈরাচারের আরেক নাম সর্বরূপী। সে সাপের খেলা দেখায় না, বিষধর সাপ নাচায়। যে সাপের কামড়ে সে অন্যকে হত্যা করে, এক সময়ে সেই সাপের কামড়ে সে নিজেও মারা যায়।
সাম্প্রদায়িকতা স্বৈরাচারেরই আদি প্রকাশ। সে বিভক্ত করে। অদৃশ্য জুজুর ভয় দেখায়। সে আধ্যাত্মিকতা ও ধর্মপ্রাণতা ছেড়ে ধর্মান্ধ হয়ে যায়। সাম্প্রদায়িকতার হাত অবশ্যই কালো, তার মুখও কালো কাপড়ে ঢাকা। তার হাতে ঝিলিক মারে কালো কুঠার বা নগ্ন কৃপাণ। সে গোপন আততায়ী, সে প্রকাশ্য হত্যাকারী।
ওরা দুই অশুভ মিত্র: সম্প্রদায়াচার ও স্বৈরাচার। ওদেরকে জয় করবার এক অভিন্ন অস্ত্রের নাম হতে পারে মনুষ্যাচার। আরো সহজ করে বললে, মানবিক সদাচার। কবিতা সেই মানবিক সদাচারাশ্রয়ী প্রতিবাদ। কারো হাত রক্তে না রাঙিয়ে কবিতা প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠা-কামনায়। কবিতার কাজ চিরকাল প্রবাদাশ্রয়ী: দুষ্টের দমন ও শিষ্টের পালন। বাংলার চিরকালের স্বভাবসুন্দর লোক কবি ও চির অগ্রসরমান নবায়নপ্রবণ নতুন যুগের প্রাগ্রসর কবিকুল যুগ যুগ ধরে হাঁটছেন এই একই মিছিলে। রাজকবি আর রাজদরবার মিলিয়ে গেছে, কিন্তু জনপদে রাজপথে কবির গর্বোদ্ধত মিছিল এগিয়ে চলছে। এই কবিযাত্রা যেমন নন্দনসুন্দর, তেমনি জীবন-সুন্দর। তাইতো আন্দোলনের কবিতা তিমিরবিনাশী। তার উৎসব মানে সত্যসুন্দরের উৎসব। তার জয় মানে কবিতারই জয়। জয় মানে এই চিরায়ত বাংলারই জয়। কবিতা আনবেই সুসময়।
এই মঙ্গলাশ্রয়ী কবিতার আন্দোলন নানা নান্দনিক সীমাবদ্ধতা সত্বেও আমাদের কবিতাকে দিয়েছে অনেক স্মরণীয় পঙক্তি। এর একটি কারণ এই যে, কবিতার সাফল্য মূলত ব্যক্তির পঠন-পাঠন, সৃষ্টিকুশলতা ও মেধার উপর নির্ভরশীল। এ ক্ষেত্রে আমাদের নির্মাণ-সচেতন প্রবীণ ও নবীন কবিদের পাশাপাশি স্বজ্ঞাধর কবিকুলের সাফল্যও অনুল্লেখ্য নয়। তাদের সম্মিলিত সাধনায় আমাদের কবিতার ভাষায়, বিশেষত শব্দ ব্যবহার ও বাকরীতিতে পরিবর্তন এসেছে। যদি সবক'টি কবিতা উৎসবে পঠিত তাবৎ কবিতার পাণ্ডুলিপি হাতে থাকতো, আর এর জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ করা হতো, তাহলে কোনো নিবেদিত গবেষক এ সম্পর্কে চমকপ্রদ তথ্য দিতে পারতেন বলে মনে করি। শুরুতে কবিতা পরিষদ যে তথ্য-নিবন্ধন ও গবেষণার কাজ শুরু করেছিলো, তা অব্যাহত থাকলে আমরা আরো উপকৃত হতাম। এ যাবৎ কবিতা পরিষদ পঠিত কবিতার যে কয়েকটি সংকলন প্রকাশ করেছে, তার মধ্যেও শিল্পিত চরণের ঝলক দেখা যায়। আমি এক্ষেত্রে আশির আগের কবিদের কথা বলতে চাই না। আমি বলতে চাই আন্দোলন শুরু হওয়ার পরের কবিদের কথা। কেননা তাঁদের নির্মিত বা আকাশ-ধৃত চরণটিই সাক্ষ্য দেবে কবিতার আন্দোলন সামাজিক দায়িত্বকে মুখ্য রেখেও কতোটা নান্দনিক সাফল্য লাভ করেছে। একটি নমুনা উল্লেখ নিম্নরূপ:
'মানুষ থেমে যাচ্ছে
বোমা থামছে না।
বোমা, থামো–
আমি অসুন্দর হয়ে যাচ্ছি।'
তরুণ সন্ত শাওন-এর এই অসম্ভব বাণী-সুন্দর, উচ্চারণ-সুন্দর ও নির্মাণ-সুন্দর কবিতা আমাদেরকে আশান্বিত করে। তারই পাশাপাশি উদ্ধার করছি শেষ যাটের দ্রোহী ও নান্দনিক কবি হেলাল হাফিজের সমগ্রোত্রীয় উচ্চারণ:
'কে আছেন?
দয়া করে আকাশকে একটু বলেন–
সে সামান্য উপরে উঠুক,
আমি দাঁড়াতে পারছি না।'
বোঝাই যাচ্ছে, প্রকৃত কবির উচ্চারণ প্রচ- বক্তব্যপ্রধান হয়েও নান্দনিক ঐশ্বর্যে ঋদ্ধ। কবিতা নিয়ে ধস্তাধস্তি চলে না, কবিতা আপনাআপনিই আসে।
কবিতা পরিষদের আন্দোলন যতো কবি তৈরি করেছে তার চেয়ে অনেক বেশি তৈরি করেছে কবিতার কর্মী ও সংগঠক। এটি আমাদের জন্য সামাজিক ইতিবাচকতা। কিন্তু অসত্য নয় এই কথাও যে, সব সংগঠনই জন্ম দেয় একধরনের ভেতরবিরোধের, আত্মদ্বন্দ্বের আর ক্ষমতান্ধতার। যাঁরা অধিক কাজ করেন, সংগঠনের নিয়ন্ত্রণ-ভার সংগতকারণে তারাই গ্রহণ করেন, আর তারাই কব্জা করে রাখতে চান সবকিছুও। ফলে এখানেও জন্ম হয় একধরনের সংগোপন স্বৈরাচার। কবুল করতেই হয়, স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে জন্ম নেয়া এই কবিতা পরিষদের পরিচালনার কাজটি পরিপূর্ণভাবে স্বৈরাচারী মনোভাব থেকে মুক্ত নয়। আদি উদ্যোক্তাদের মধ্যে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ও হুমায়ুন আজাদ প্রকাশ্যে কবিতা পরিষদের নিয়ন্তাদের বিরুদ্ধে নিজ নিজ দৃষ্টিকোণ থেকে স্বৈরাচারী মনোভাবের অভিযোগ তুলেছিলেন। এমনকি, তাঁরা প্রতিবাদ হিসেবে এই পরিষদের কর্মকা- থেকে নিজেদের বাকিজীবন বিযুক্ত রেখেছিলেন। আমরাও এই অভিযোগের সত্যতা সম্পর্কে সংশয়মুক্ত নই। এই সংশয় অদ্যাবধি বিদ্যমান।
তবে সাম্প্রদায়িকতার অভিযোগ কখনো উচ্চারিত হয়নি কবিতা পরিষদের কোনো কর্মকা- সম্পর্কে। অবশ্য বিশেষ বিবেচনায় স্বৈরতন্ত্রের অভিযোগটিও প্রত্যাহার করা যেতে পারে। কেননা আমাদের রাজনীতির ক্ষমতাসন্ধানী মেরুকরণে সেদিনের স্বৈরাচারী এরশাদও আজ এই অপবাদ থেকে মুক্ত-প্রায় (?)। দেশের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী জোট তাঁকে দলভুক্ত করার প্রতিযোগিতায় নেমে কবিতা পরিষদসহ দেশের সকল গণতন্ত্রমনা মানুষকে প্রকারান্তরে বুড়ো আঙুল দেখিয়েছেন। কবিতা পরিষদ কি পারবে নিজের ভেতরকার স্বৈরতন্ত্র থেকে মুক্ত হয়ে নবপর্যায়ের তাবৎ স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে? এর সদুত্তর আমাদের জানা নেই। তবে আশার কথা, শত সীমাবদ্ধতা সত্বেও কবিতা পরিষদের এই আন্দোলন কবিতাকে সকলের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা দিয়েছে। এই আন্দোলন যে অনাগতকাল পর্যন্ত বিস্তৃত হবে তাতেও কোনো সন্দেহ নেই। আর এ-কারণেই স্বয়ং এরশাদও হয়তো একদিন এই মঞ্চে এসে নিজের অতীত কর্মকা- সম্পর্কে অনুশোচনা করে নিজের বিরুদ্ধেই একখানা কবিতাজাতীয় রচনা পড়তে আগ্রহী হতে পারেন। আমরা তেমন সুদিনের (?) অপেক্ষা করি কিনা জানি না, তবে অপেক্ষা করতে চাই সেই অনাগত মুহূর্তের জন্য, যেদিন জীবনানন্দের প্রবাদপ্রতিম বাক্যটিকে মিথ্যা প্রতিপন্ন করে বলতে পারবো, কেউ কেউ কবি নয়, সকলেই কবি। কেননা দেশও বিশ্বের সকল প্রান্তের সকল মানুষকে অভিন্ন মানবকল্যাণের স্বার্থে সদাচারী কবি করার লক্ষ্যেই চলছে প্রতিবছর কবিতা পরিষদের নবায়িত যাত্রা। এ পথ দুর্গম, কিন্তু অনতিক্রমণীয় নয়।
টোকা : এই রচনাটি লিখিত হয়েছিলো ১৮.০২.২০০৭ তারিখে আর পঠিত হয়েছিলো পরদিন ১৯.০২.২০০৭ তারিখে, জাতীয় কবিতা পরিষদের কবিতা বিষয়ক সেমিনারের মূল প্রবন্ধ হিসেবে। সেবার উৎসব আয়োজিত হয়েছিলো ১৯ ও ২০ ফেব্রুয়ারি তারিখে। তারপর দীর্ঘদিন এই রচনাটি অপ্রকাশিত আকারে হারিয়েছিলো। এবার হঠাৎ করেই আমার পুরনো লেখালেখির ফাইল থেকে একটি কপি আবিষ্কার করি। অপ্রকাশিত এই গদ্যটির প্রাসঙ্গিকতা, মনে হয়, এখনো অবসিত হয়নি।
০২.০২.২০১৪,
