করোটিতে বিজয়ের ফুল
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ একটা চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে গেলে দখলদার বাহিনী এবং তার দোসররা মরিয়া হয়ে ওঠে। পরাজয় অবশ্যম্ভাবী জেনে তারা তাদের নীলনক্সা অনুযায়ী বাংলাদেশকে চিরতরে বন্ধ্যা করে রেখে যাবার উদ্দেশ্যে সকল অন্যায়, মানবতার চরম অবমাননায়, মরনকামড় শুরু করে।
সারা বাংলাদেশের হাজারও গ্রাম-শহরে নির্বিচারে নিরাপরাধ বাঙালি তথা মুক্তিযোদ্ধাদের নিধন তো চলছিলই; সেই সাথে ঠাণ্ডা মাথায় বেছে বেছে শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, আইনজীবী, সংস্কৃতিকর্মী, ছাত্র-নেতা যাঁরা ভবিষ্যতে বাংলাদেশের হাল ধরতে পারতো, তাঁদের হত্যাযজ্ঞ শুরু হয় সেই ২৫ মার্চ থেকেই। পাকিস্তানি জল্লাদ এবং তাদের দোসর রাজাকার-আলবদর-আলশাম্স বাহিনীর খুনীরা দেশের বড় বড় বিদ্বান-পণ্ডিত-মেধাবী মানুষগুলোকে নিশ্চিহ্ন করবার নারকীয় হত্যাযজ্ঞ শুরু করে। একাত্তুরের ২৫ মার্চ থেকেই শুরু হওয়া ধ্বংসের গতি ও পরিধি জ্যামিতিক হারে বাড়িয়ে দেয়া হয় ডিসেম্বর মাসে। জেনারেল রাও ফরমান আলীর নেতৃত্বে প্রস্তুত সেই নীলনক্সা বাস্তবায়নে বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত পাকিস্তানি শাসক এবং আলবদর বাহিনী পরিকল্পনা অনুযায়ী পৈশাচিক নিধনযজ্ঞ সম্পন্ন করে। বাংলাদেশের মেধা ও নেতৃত্বের জগতটাকে শূন্য করবার কাজটি শেষ করে। ঢাকার মীরপুর, মোহাম্মদপুর, নাখালপাড়া, রাজারবাগ, রায়েরবাজারসহ হাজারও গ্রাম-শহরের জানা-অজানা বধ্যভূমিগুলোতে জাতির মেধা ও অভিভাবকদের শহিদী আত্মা চিরকাল বাঙালির জাতি-বেদনার সুর তুলবে অনন্ত-বেহাগে। সেই সুরের রেশ ধরে, একদিন বাঙালি তার উপর পরিকল্পিতভাবে আরোপিত বন্ধ্যাত্ব কাটিয়ে জেগে উঠবে আপন বিভায় ও বৈভবে। সে আশায় বুক বেঁধে আজও জেগে আছে আবহমান বাঙালি সত্তা। ২০১৩'র বিজয়দিবসের প্রাক্কালে ঐ আশাবাদ আরো পোক্তভাবে ধ্বনিত হতে পারে পূর্বাপর ঘটনা বলির প্রেক্ষাপটে।
একাত্তুরের পরাজিত শক্তির নব উত্থান একাত্তরের পর অনেক রাজনৈতিক চড়াই উৎড়াই পার করেছে বাংলাদেশ, তার কারণ পাকিস্তানি দখলদার ও তাদের দোসরদের কার্যক্রম থেমে থাকেনি একাত্তরে তাদের পরাজয়ের পরও। একাত্তুরে মেধাশূন্য বাঙালি একাত্তুর-পরবর্তী সময়ে নিজ পায়ের উপর শক্ত হয়ে দাঁড়ানোর আগেই জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়। উদ্দেশ্য, জাতিকে শেষ আশ্রয় থেকে বঞ্চিত করা। '৭৫-এর আগষ্ট-ট্রাজেডির তিনমাসের মধ্যেই বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতা, যাঁরা বঙ্গবন্ধুর অবর্তমানে জাতির হাল ধরতে পারতেন, তাঁদেরও জেলের ভেতরেই শেষ করে দেয়া হয় নভেম্বরের ৩ তারিখে।
সেই যে শুরু হলো মহান মুক্তিযুদ্ধের উদ্দেশ্য-আদর্শের বিপর্যয়, তার কি শেষ আছে? মুক্তিযুদ্ধের উদ্দেশ্য-আদর্শ তো বড় কথা। বাংলাদেশের জনগণের যে সাংবিধানিক অধিকার তা'ও কেড়ে নেয়া হয়েছে কতবার। কখনও সামরিক ছাউনি থেকে বন্দুক উঁচিয়ে ক্ষমতা দখল করে, কখনও স্বাধীনতা বিরোধী, মানবতার শত্রুদের ক্ষমতায় বসিয়ে ৩০ লাখ শহীদ দু লাখ মা-বোনের ত্যাগের মহিমাকে ম্লান করে। এরই মাঝে ৭১-এর নীলনক্সার বাস্তবায়ন পর্দার আড়ালেই চলছিল। একজন বাংলাদেশের ঘোষিত শত্রু পাকিস্তানী চামচা শাহ আজিজুর রহমান, তাকে প্রধানমন্ত্রী বানালেন বিখ্যাত এক মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের চরম দুশমন জামায়াত-ই ইসলামের তাত্ত্বিক নেতা পাকিস্তানে স্বেচ্ছানির্বাসিত যুদ্ধাপরাধী গোলাম আজমকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা হলো, দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেই একজন বিখ্যাত মুক্তিযোদ্ধাই অপকর্মটি করলেন। পরে গোলাম আযম বাংলাদেশ জামায়াত ইসলামের আমীর নির্বাচিত হন। উদ্দেশ্য পরিষ্কার, একাত্তুরের পাকিস্তানি-নীলনক্শার বাস্তবায়ন; বাংলাদেশকে পাকিস্তান বানানোর পাঁয়তারা।
মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অবর্তীণ অনেকেই, যেমন মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাইিদ, সালাউদ্দিন কাদের চৌধুরী, আব্দুল আলীম বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক পবিত্র পতাকাকে গাড়িতে উড়িয়েছেন মন্ত্রীত্বের পাওনা হিসেবে। বলা বাহুল্য, এইসব দুর্ঘটনা ঘটেছে বাংলাদেশে তখনও মুক্তিযোদ্ধাদের বিরাট একটা অংশ জীবিত থাকা অবস্থায়, যদিও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী প্রায় সবাইকে খতম করা হয়েছিল। আক্ষেপ তখন অনেকেই করেছি আমরা, কিন্তু উপায় ছিল না। সেই যে নীলনক্শার বাস্তবায়ন, তার ফলে নেতাশূন্য দেশে নেতৃত্বের অভাবে সংকট সময়ে জাতিকে যুৎসই দিক্নির্দেশনা দেবার কেউ ছিল না। নেতৃত্ব দেবার যদিও বা দু'চার জন ব্যক্তির উপস্থিতি অস্বীকার করা যায় না, তবুও একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের অভ্যন্তরেই স্বাধীনতার শত্রুরা মরিয়া হয়ে সক্রিয় থাকে। অর্থ-অস্ত্র-আসমানী টোপ বিতরণ করে জাতির রন্ধ্রে রন্ধ্রে তারা ঢুকে পড়ে। শুরুতেই দরকার ছিল বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে কাজে লাগিয়ে জাতির ভবিষ্যৎ প্রজম্মকে প্রস্তুত করা। গত ৪২ বছরে সেই কাজটি করতে ব্যর্থ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এরই ফাঁকে জামাতীরা তাঁদের নিজস্ব ঘরানার স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও ব্যাংক প্রতিষ্ঠা করে। দেশের বাকি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে লোভ-লাভের খয়রাতি বিতরণ করে নিজেদের আদর্শে অসংখ্য অনুসারী তৈরী করে। কার্য্যতঃ একটা সময়ে তারা সরকার গঠন করে কিংবা সরকারে বড় ভাগ বসিয়ে বাংলাদেশের স্বাধীনতার উদ্দেশ্য আদর্শকে চিরতরে স্তব্ধ করবে এই প্রত্যাশায়। এ পরিকল্পনায় তাঁরা এগিয়েছেনও অনেক। কিন্তু তাদের ইচ্ছাপূরণ শেষ পর্যন্ত আশানুরূপ হয়নি। যুদ্ধপরাধীদের বিচার নিয়ে সাম্প্রতিক ঘটনাবলিই তার সাক্ষ্য।
বাঙালি জাতিসত্তার ফল্গুধারা নীরবে জন্ম দিচ্ছে আর এক অর্নিবাণ শিখার। সম্প্রতি গণজাগরণ মঞ্চে উচ্চারিত মাত্র কয়েকটি শব্দই ঝাঁকুনি দিল জাতির শিকড়মূলে। কলংকিত ইতিহাস খানিকটা হলেও কালিমামুক্ত হলো। অনেক অভ্যন্তরীণ আন্তর্জাতিক চক্রান্ত এড়িয়ে বাংলাদেশের যুদ্ধপরাধীদের বিচার প্রক্রিয়া একটি জায়গায় গিয়ে পৌঁছেছে যেখান থেকে বধ্যভূমির করোটি ভেদ করে বিজয়ের ফুল জেগে উঠছে, দেখা যায়। জাতীয়-আন্তর্জাতিক পর্যবেক্ষেণের মধ্যে এ-বিচার প্রক্রিয়াকে অস্বচ্ছ বলার কিংবা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হচ্ছে অথবা হতে থাকবে, কিন্তু সেসব চেষ্টাকে অংকুরেই নষ্ট করে দেয়ার একটি পরিকল্পিত কর্মসূচি থাকতে হবে মুক্তিযুদ্ধের স্বপক্ষীয় সরকারের। এ-দিকটা হালকা করে দেখার অবকাশ নেই। হালকা করে দেখলে বুমেরাং হবে, যার পরিণতি ভয়ংকর। সেই ভয়ংকরের ভয়ংকরী মূর্তি জাতিকে অবাক বিস্ময়ে দেখতে হয়েছে পঁচাত্তুরের অগাষ্ট-নভেম্বরে এবং ২০০১ পরবর্তী দিনগুলোতে। দ্বন্দ্বের জায়গাটি যে যুদ্ধেরও জায়গা, এবং সে যুদ্ধের পরাজিত পক্ষ যে বহুমুখী ও বহুমাত্রিক হাইড্রাদৈত্য, তা মনে রেখে পরিকল্পিত ও হারকুলিয়াসতুল্য ব্যুহ রচনা করতে হবে। টিকে থাকা নয়তো বিপন্ন কিংবা বিধ্বস্ত হওয়া। এই ভূ-খণ্ডের এথ্নিক অস্তিত্ব রক্ষায় যে অনিবার্য তাগিদ, তা থেকে পিছু হটা কিংবা আপোস করা হবে অপমৃত্যু মেনে নেয়া। দোহাই, সেইপথের একটিতেও না যেতে। Antagonist পক্ষ বিশেষত অর্থবলে খুবই বলীয়ান, বিদেশি সাহযোগিতার ভাগ্যেও ভাগ্যবান। জনমত গড়াপেটাতে তারা ব্যবহার করতে জানে চিরাচরিত ব্যাখ্যা বিশ্লেষণ। সুতরাং টিকে থাকা ও যুদ্ধ করে যাওয়ার লড়াই বুঝে সুঝে চালিয়ে যেতে হবে প্রোটাগোনিস্টকে। আন্তর্জাতিক মানের লরেটধারী ব্রুটাস প্রতিদিন বক্তৃতা করে যাচ্ছে প্রলুব্ধকরণ পরিকল্পনায়, কিন্তু গ্রাম-বাংলার সাতকোটি নারীকে জানিয়ে দিতে হবে যে ব্রুটাস অতি ভয়ংকর ব্যক্তি। তথাকথিত 'সম্মানিত' হওয়া সত্ত্বেও ভয়ংকর! বাতিল।
মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ সবচেয়ে বেশি ভয় পায় বিচার প্রক্রিয়া। বিচার প্রক্রিয়া যারা সচল রাখতে চায়, ওরা তাদের চিহ্নিত শত্রু ধরে নিয়ে মধ্যপন্থী একটি সহায়ক শক্তির ওভারকোটের আড়ালে অবস্থান নিতে চায়। ওভারকোট ওয়ালারা সবুজ ও কালো- দু'রঙের ওভারকোটেই মাননসই । ওরা আবহাওয়ার পূর্বাভাস বিবেচনা করে এবং কোটের রঙ বদলায়; সুযোগ বুঝে কালো কোটের আড়ালে আশ্রয় দেয় ঘাতকদের। সুতরাং ঘাতক ভয়ংকর– ওভারকোট অধিকতর ভয়ংকর, সে ক্যামোফ্লেইজ করতে জানে।
বিজয় দিবসের প্রাক্কালে অযুত নিযুত বেদনার কাহিনী বাঙালি জাতিকে আবারো কাঁদাবে। গত ২৪ বৎসর সে কান্নার আহাজারী খানিকটা হলেও স্বস্তি ফেলছে। শাহবাগ চত্বরের গণজাগরণ মঞ্চ রহস্যময় এক রাজনৈতিক তমিস্রা থেকে জাতিকে কিছুক্ষণ আলোর পথ দেখিয়েছে।
শাহবাগই প্রমাণ করে, মাঝে মধ্যে বাংলায় চিল-শকুনের ছোবল দানা বাঁধলেও পরিশেষে বাঙালি জেগে ওঠে। জাতি আবারো পায়ে শক্তি নিয়ে এগোয়। পলাশী থেকে মুজিবনগর, মাঝখানে নীলক্ষেতে একুশ, দেশময় উনসত্তুর–এভাবেই তো বাঙালি, বাংলাদেশ। সে বয়ান যাক্ আপাততঃ।
বরং বলি অন্য কথা, গুরুত্বপূর্ণ কিছু প্রসঙ্গে। ঐ যে -বিলম্ব হলো বিচারে, কেন? কার দোষে এ-শাস্তি ৪২ বছর? তার উত্তর না হয় খুঁজবো পরে।
এই মুহূর্তে শ্যালুট জানাতে হয় শহীদ জননী জাহানারা ইমামের জজ আদালতে যুদ্ধাপরাধীদের বিচার। সকৃতজ্ঞ কুর্নিশ জানাতে হয় আর এক বিদেশী, অষ্ট্রেলিয়ান, মি: সোলায়মানকে, যিনি বাদী হয়ে একাত্তুরের যুদ্ধাপরাধের বিরুদ্ধে ২০০৬ সালে ২০ সেপ্টেম্বর ফেডারেল কোর্ট অষ্ট্রেলিয়ায় একাত্তুরের যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের জন্য পাকিস্তানী সৈন্যবাহিনী ও তাদের কোলাবোরেটরদের বিরুদ্ধে মামলা রুজু করেছিলেন (যার প্রসিডিং নং SyG 2672 of 2006) এবং তা নথিভুক্ত হয় এভাবে: "On October 25, 2006, a direction hearing will take place in the Federal Magistrates Court of Australia, Sydney registry before Federal Magistrate His Honour Nicholls." " কৃতজ্ঞতা জানাতে হয় অধূনা বাংলাদেশের সরকারকে, নানা চ্যুতি-বিচ্যুতি সত্ত্বেও জাতি তাকে সকৃতজ্ঞ ধন্যবাদ জানাবেই, যুদ্ধাপরাধীদের বিচারে বিশেষ পদক্ষেপের জন্য। জানি, দেশ বিদেশের অনেকেই, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, তুরষ্কের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রে জামায়াত লবি ইত্যাদি অনেকেই এই বিচারকে প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা করছে। কিন্তু একথাও তো সত্যি, অনেক অনেক বিশেষজ্ঞ, দেশবিদেশের প্রাজ্ঞজন, এই বিচারের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে নির্বিবাদ, নিশ্চিত, নিশ্চিন্ত। কিন্তু কারা ঐ বিরুদ্ধবাদী? একটু ঘাটলেই দেখা যাবে এরা সকলেই হয় একাত্তুরের স্বাধীনতা যুদ্ধে সরাসরি বিরোধিতা করেছিল, নয় জামায়াতের টাকায় পরবর্তীতে তাদের জন্য সাফাই গাইছে। সেই বিরোধিতাগুলো, সেই ষড়যন্ত্রের হুঙ্কার কানে নেয়নি বর্তমান সরকার, বিশেষ করে সরকার প্রধান শেখ হাসিনা। সে কারণে দেশী-বিদেশী ষড়যন্ত্র আপাতত: মুখ থুবড়ে আছে। থাকুক। আমাদের এখন কতগুলো সত্য এবং যুক্তিযুক্ত দাবীর প্রতিষ্ঠা দরকার।
জানি, তখনকার সরকার পাকিস্তানে প্রায় ৪,০০,০০০ আটকে পড়া বাঙালি উদ্ধারের জন্য ভারতে বন্দী ৯৩,০০০ সাধারণ সেনাসহ চিহ্নিত ও অভিযুক্ত ১৮৫ জন পাকিস্তানী সেনাকর্মকর্তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তাই বলে কি বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে? তা হতে দেয়া যায় না। নানা বাধা বিপত্তি এবং দুর্যোগের মোকাবিলা করে, আভ্যন্তরীণ ও বহিঃশত্রুর সকল ষড়যন্ত্রকে নস্যাত করে বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে পরিণত যে হবে, তা এখন সময়ের অপেক্ষা মাত্র। হীন মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিষদাঁত ভেঙে গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতার পথে বাংলাদেশের অগ্রযাত্রাকে কাজে লাগিয়ে; নারীর ক্ষমতায়ন শিশু-বয়স্ক কল্যাণ, শিক্ষা-কৃষি-স্বাস্থ্য উন্নয়ন তথা 'মিলেনিয়াম ডিভেলপমেন্ট গোল' অর্জনে বাংলাদেশের রেকর্ডকে কাজে লাগিয়ে বিশ্ব বিবেকের সামনে বাংলাদেশকে শক্তিশালী অবস্থান নিয়ে দাঁড়াতে হবে। দাঁড়াতে হবে পাকিস্তানের কাছে বাংলাদেশের অর্থ-সম্পদের ন্যায্য হিস্সা আদায়ের জন্য। গতকাল এবং আজকের একটি দৈনিক পত্রিকায় জনাব মিজানুর রহমান খান জানান দিয়েছেন যে, বাংলাদেশের স্বাধীনতার ঘোরতর শত্রু, বাংলাদেশে মানবতা বিরোধী শক্তি জামাত এবং তাদের দোসররা শুরু থেকে মানবতাবিরোধী অপরাধ করেছেন। একাত্তুরের ঢাকায় নিয়োজিত যুক্তরাষ্ট্রের-প্রতিনিধি জনাব স্পিভাক কর্তৃক স্টেট ডিপার্টমেন্টে প্রেরিত তাবৎ টেলিগ্রামের বরাত দিয়ে, রাও ফরমান আলীর ফেলে যাওয়া কাগজপত্রের বরাত দিয়ে, তৎকালীন পাকিস্তানের আমলা আলতাফ গহরের বরাত দিয়ে, নানা তথ্য দিয়ে প্রমাণ করেছেন জামাতের রাষ্ট্রদ্রোহাত্মক এবং মানবতাবিরোধী কর্মকাণ্ডের নোংরা ইতিহাস। আর জুজুর ভয় নয়, প্রমাণিত অপরাধীদের জারিজুরি নয়, এবারে বিশ্বের দরবারে ন্যায় বিচারের আবেদন; একাত্তুরে বিদেশ থেকে আসা বাংলাদেশের জন্য সাহায্যের ২২০ মিলিয়ন ডলার ফেরতের দাবী; রাষ্ট্রীয় ব্যাংক সহ পাকিস্তানের কেন্দ্রীয় রাষ্ট্রীয় কাঠামোয় লগ্মীকৃত বাংলাদেশের যাবতীয় অর্থ সম্পদ ফেরত পাওয়ার দাবী; শতাব্দীর নৃশংসতম গণহত্যার দায়ে অভিযুক্ত পাক সেনা এবং তৎকালীন পাকিস্তানের নেতৃত্বের বিচার দাবী; এবং নিদেন পক্ষে পাকিস্তানের বর্তমান প্রশাসন থেকে ঐ যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্যে বাংলাদেশের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবী। বিশ্ব দরবারে এই সব দাবী পুনরুত্থাপন এবং দাবী আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশ চেষ্টা চালিয়ে যাবে– এই প্রতিজ্ঞা আজকের বাংলাদেশের আপামর মানুষের। এ সব দাবী পূরণ না হওয়া পর্যন্ত বধ্যভূমিতে আটকে পড়া শহীদদের আত্মাই শুধু নয়, এ দাবী শাশ্বত বাংলার, আবহমান বাঙালির এবং এ গ্রহের ন্যায়বিচারপ্রার্থী, শান্তিকামী সকল সুস্থ মানবিকতার।
