২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিন বৈরাগীর কবিতাঃ কিছু ভালো-লাগা পংক্তি

বিনয় বর্মন বিনয় বর্মন

Published : 16 Nov 2013, 12:47 AM

Updated : 23 Jun 2022, 04:06 PM

১৬ নভেম্বর কবি মতিন বৈরাগী ৬৮-তে পা রাখলেন। কবি ও অনুবাদক বিনয় বর্মনের লেখা এই নিবন্ধের মাধ্যমে কবিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। বি. স.

মতিন বৈরাগী আমাদের সেই বয়োজ্যেষ্ঠ কবিদের একজন যিনি প্রায় চার দশক ধরে নিষ্ঠার সঙ্গে কবিতাচর্চা করে চলেছেন। তার কলম এখনো দুর্দান্তরকমে সচল ও সক্রিয়। গত চল্লিশ বছরে তিনি বাঙালি পাঠকদের অনেকগুলো কবিতার বই উপহার দিয়েছেন। এগুলোর মধ্যে আছেঃ বিষণ্ণ প্রহরে দ্বিধাহীন (১৯৭৭), কাছের মানুষ পাশের বাড়ি (১৯৮০), খরায় পীড়িত স্বদেশ (১৯৮৬), আশা অনন্ত হে (১৯৯২), বেদনার বনভূমি (১৯৯৪), অন্তিমের আনন্দধ্বনি (১৯৯৮), অন্ধকারে চন্দ্রালোকে (২০০০), দূর অরণ্যের ডাক শুনেছি (২০০৫), স্বপ্ন এবং স্বাধীনতার গল্প (২০০৭), অন্য রকম অনেক কিছু (২০০৮), খণ্ডে খণ্ডে ভেঙে গেছি (২০১২)। ফেব্রুয়ারি ২০০৮-এ বেরিয়েছে তার কবিতা সমগ্র। সব মিলিয়ে তার সৃষ্টিসম্ভার ব্যাপক ও বিচিত্র। ভাবব্যঞ্জনার সাবলীল প্রকাশ বিদ্যুৎদ্যুতিতে মনকে আলোকিত ও আলোড়িত করে। তার কবিতা থেকে (কবিতা সমগ্রের অন্তর্ভুক্ত বিভিন্ন কাব্যগ্রন্থ) আমার ভালো-লাগা কিছু পংক্তির কথা এখানে চয়িত।


মতিন বৈরাগীর কবিতায় পাওয়া যায় মাটি ও মানুষের ঘ্রাণ। তিনি কবিতা লিখেন মাটির টানে, মানুষের মায়ায়। মানুষকে তথা গণমানুষকে তিনি রেখেছেন তার নন্দনের কেন্দ্রবিন্দুতে। শব্দের তুলিতে আঁকেন মানুষের মুখ। কবিতার ক্যানভাসে ফুটিয়ে তোলেন তাদের হাসিকান্না, আশা-নিরাশা, স্বপ্ন-স্বপ্নভঙ্গের ছবি। মানুষের জন্য কবিতাতিনি আজীবন এই আদর্শে অটল থেকেছেন। "সমস্ত অনুভূতি জুড়ে ঘোরে ফেরে একটি মানুষ / আমি সেই মানুষ খুঁজি" (আশার আবর্তে, কাছের মানুষ পাশের বাড়ি)। তিনি মানুষের সঙ্গে মিশেছেন, মানুষ তার সঙ্গে মিশেছে। মানুষের শ্রমে-ঘামে নির্মিত তার কবিতার প্রাসাদ। অলৌকিক দুনিয়ার হাতছানি তাকে কখনোই প্রলুব্ধ করেনি। পিউর এসথেটিক্সের নামে অলীক কল্পনার জগতে তিনি হাবুডুবু খাননি, অর্থহীন শব্দের দুধমধুধারা প্রবাহিত করেননি। তার কবিতা বাস্তব পৃথিবীর রক্তমাংসের মানুষের। Erich Heller-এর মতো তিনি বুঝেছিলেন"All great poetry is realistic." আমরা তার কমিটমেন্ট শুনিঃ

"মোহময় জীবনের সমস্ত কালভার্ট ভেঙে দিয়ে
হে জীবন হে কবিতা আলোর দিকে ফিরে যাবো আমরা
প্রিয় হয়ে ওঠা মানুষের দিকে, নতুনের দিকে আরো একবার।"
(ক্রমশ জীবনের দিকে, বিষণ্ণ প্রহরে দ্বিধাহীন)

মতিন বৈরাগীর কবিতায় ঘুরেফিরে আসে রাজনীতি। আসাটাই স্বাভাবিক। তার মতে, কবিতা যেমন মানুষের জন্য, রাজনীতিও তেমনি। বাম রাজনীতির সঙ্গে পরোক্ষ সংশ্লিষ্টতা এবং উন্মেষ সাহিত্য-সংস্কৃতি সংসদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ তার কবিতাকে গণমুখী করেছে। তার শব্দের মিছিলে সামিল হয় খেটে-খাওয়া মানুষের দল, মেঘের আড়াল থেকে উঁকি দেয় মেহনতি মানুষের মুখ। সাম্যবাদী চেতনায় উদ্দীপ্ত তার কবিতা। "জলে তো ডুবি না আমি ভষ্ম নই জ্বলন্ত আগুনে / তাই আমি চিরকাল যাবো গেয়ে সমতার গান" (জলে তো ডুবি না আমি, বিষণ্ণ প্রহরে দ্বিধাহীন)। তার কবিতা বিভেদ-হন্তারক, ঐক্য-প্রচারক। সংগ্রামী তরঙ্গ-অভিঘাতে দৃঢ়, বিপ্লবী পত্রমর্মরে শ্লোগানমুখর। "এ জীবনে আমার কতোটুকু চাই খাদ্য ও ভালোবাসা / এ জীবন যাবে বিস্ফোরণে যুদ্ধের উল্লাসে / নির্জনে রাত্রিরা কাঁদে, নির্জনে" (কেউ কি ডাকে, আশা অনন্ত হে)। ধনবাদী সমাজব্যবস্থায় অনাস্থা, লাগামহীন ভোগবাদিতার বিরোধিতা, মানবিক মূল্যবোধের সূচকপতনে আক্ষেপ তার কবিতায় নানামাত্রায় চিত্রায়িত।

"অঙ্গীকার বুকে নিয়ে যারা জীবনের বাজি রেখে মাঠে নামে
প্রতিপক্ষ বুলেটের মুখে যারা হাসতে হাসতে জীবন রাখে
কালের স্রোত যারা ধরে নেয় দু'বাহুতে
দ্বিধাহীন আমরা সেই সুঠাম পুরুষ
হিম যুগের উত্থান বুকে নিয়ে হেঁটে যাই ক্রমশ দিনের দিকে।"
(আমরা কয়েকজন বিক্রম পুরুষ, বিষণ্ণ প্রহরে দ্বিধাহীন)

মানুষের প্রতি দরদ তার কাব্যশরীর থেকে জোছনার মতো চুইয়ে পড়ে। তিনি মানুষকে ভালোবাসেন, মানুষের কর্মে আস্থা রাখেন। মানুষ অসাধ্য সাধন করে। "মানুষই রক্ত দেয় স্বাধীনতার পতাকা উড়ায় / মানুষই পাহাড় ভাঙে সত্য গড়ে অনঢ় প্রতিজ্ঞায়" (মানুষ, খরায় পীড়িত স্বদেশ)। কবি সমাজ পরিবর্তনের দিকে খেয়াল রাখেন এবং মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনাবলি পর্যবেক্ষণ করেন সুগভীর আগ্রহে। "সব মানুষ হাঁটে, চলে, কথা বলে আনন্দ বেদনার / সব মানুষ জানতেও পারে না নীল সমুদ্র ভেঙে / ভিড়েছে কখন তীরে যুদ্ধ জাহাজ" (মানুষের লাশ, বেদনার বনভূমি)। তিনি গণজীবনের লিপিকার। তার কলম লিখে চলে প্রান্তিক মানুষের ইতিহাস। নির্যাতিত পরাজিত মানুষের কণ্ঠস্বর ভেসে আসে। "বিষণ্ণ পাইনের মতো নুয়ে পড়ছে মানুষ / করতলে মুখ আর অনন্ত যামিনী / মানুষ নুয়ে পড়ছে পরাজিত পাখিদের মতো" (দৃশ্য, বেদনার বনভূমি)। মানুষের জন্য কিছু করতে না-পারার বেদনা তাকে ঘিরে ধরেঃ

"যে মানুষেরা সারাদিন হৃদয় খুলে বসে থাকে
আমি তাদের কাছে ফিরে যেতে চাই
ও আমার আশ্রয়ী কাল ও আমার ভালোবাসা
আমারো নিদারুণ ব্যর্থতা আছে।"
(নিদারুণ ব্যর্থতা আছে, কাছের মানুষ পাশের বাড়ি)

মানবপ্রেমের পাশাপাশি তার কবিতায় প্রকৃতিপ্রেমও শ্যামশান্ত প্রকাশব্যঞ্জনায় মূর্ত হয়। কবি প্রকৃতির সান্নিধ্যে যান, শান্তি খোঁজেন। তিনি নদীর কাছে যান তরঙ্গের গান শুনতে, ফুসফুস ভরে বিশুদ্ধ বাতাস নিতে। "নদীর তীরে একদিন হাঁটু গেড়ে বসেছিলাম / সন্ধ্যার ছায়া ঢাকা সুশীতল জলতলে / বুক ভরা নিঃশ্বাসে হয়তোবা / মাছেরা করছে খেলা / কিম্বা হাঙর মাছের তাড়ায় / কেঁপে উঠছে জল, জলতল তীরের কাদা" (জলের প্রস্তুতি, বিষণ্ণ প্রহরে দ্বিধাহীন)। কখনো নিঃসঙ্গ প্রহর কাটে। "দূর থেকে আসে ভেসে বাতাসের পরিচিত স্বর / দেবদারু তরুর পাতায় জ্বলে নেভে সোহাগী জোনাক / রুদ্ধ ঘরের কবি একা একা নিঃসঙ্গ নীরব" (জীবনযাপন, কাছের মানুষ পাশের বাড়ি)। কখনো আবার কবি হারানো সবুজের খোঁজে নস্টালজিক হনঃ
"তৃণ-লতা-গুল্ম পাতার চিরহরিৎ
বৃক্ষগুলো পরান খুলে খুব নিকটে নিবিড় ছিলো
নদী ডাকলে পাখি উড়তো
হাওয়া বইলে গব্ধ হাসতো কেয়া-থোকার
দিগন্তটায় অনেক দূরের আকাশ এসে
চুমো খেতো মাটির সাথে।"
(একদার গল্প, দূর অরণ্যের ডাক শুনেছি)

তবে এ প্রকৃতিপ্রেম নিঃশর্ত রোমান্টিক নয়। বরং এর মধ্যেও এক ধরনের বাস্তববোধ আছে। "নীরব হয়ে আছি / আকাশের মতো ভারাক্রান্ত বুকে / দীঘির শীতল জলের মতো শীতল শরীর যেনো / অস্পষ্ট ছায়া / দূর শ্মশানগামী যাত্রীর মতো অলৌকিক স্মৃতির বিশ্বাসে স্থির" (নীরব হয়ে আছি, মাছের মানুষ পাশের বাড়ি)। প্রকৃতির শোভা চিত্রনেও তিনি সাধারণ মানুষের কথা ভুলে যান নাঃ

"আকাশটা ছিলো আকাশের মতো নীল
তারকারা ছিলো উদোম আকাশে ভরা
চাঁদ ছিলো নীল ঝালরে ফোটানো ছবি
কিষাণ হাতের কাস্তেটা যেনো ধরা।"
(আজ কথা হবে, অন্য রকম অনেক কিছু)

মানবজীবনের কষ্টগুলো কণ্ঠ মেলে মতিন বৈরাগীর কবিতায়। জীবনযাপনের কষ্ট, প্রত্যাশা পূরণ না হওয়ার কষ্ট। কষ্টের সঙ্গে তার নিত্য বসবাস। "আনন্দ ছিলো কষ্টেরা ছিলো কাছে / হৃদয় মেলে যে দেখছি আজকে তার / হাসি ও খেলায় আনন্দ চলে গেছে / কষ্ট হয়েছে অন্য সে অবতার" (কষ্ট সমাচার, অন্য রকম অনেক কিছু)। জীবনের ঘানি কবিকে ক্লান্ত করে। দুঃখকষ্টের অবিরাম পীড়ন তাকে ক্লিষ্ট করে। তার হৃদয়ে বহমান কষ্টের শীতলধারা। "কষ্টগুলো বুকের ভেতর হচ্ছে পাহাড় / চূড়ায় তাহার জমছে বরফ কাঁটা / ভেতরে তার পাথর শীতল তাপ / মাঝে মধ্যে আকাশধারা সিক্ত করে / অঝোর ঝরে / তবুও সে ঘূর্ণি হয়ে বাড়ায় মনস্তাপ" (কষ্ট সমাচার সমীচীন নয়, স্বপ্ন এবং স্বাধীনতার গল্প)। হাজারো চিন্তার জটাজালে কবি অস্থির বোধ করেনঃ

"মাথার মধ্যে অনেক কিছু নিত্য দুপুর নড়ে
নড়ছে না সে যায় না দূরে কেবল বাজে ঢাক
বলছি তারে যা সরে দূর, নইলে চুপে থাক
থামছে না সে যায় না দূরে, কেবল নড়াচড়া
মাথার মধ্যে দিনরাত্রির জাল পেতেছে জরা।"
(মাথার গল্প, অন্য রকম অনেক কিছু)

কবি পৃথিবীর ক্রমবিবর্ণ দৃশ্য দেখে মাঝে মাঝে অসহায় বোধ করেন। বিষাদে আক্রান্ত হন। "এ হলো নিশ্চিত বন্ধ্যা সময় / নিষ্ফলা জমির বুকে শুধু হাল চষার কাল / কোথাও ফুটবে না আনন্দ কুসুম / হৃদয় আনন্দে ডাকবে না পাখি / এ হলো নিশ্চিত অন্ধকারের দিন / মেধা-মনীষা বিহীন হন্তারক রাজনীতি / খুবলে নেবে জীবনের বোধ / পথ-ঘাট ভরে থাকবে মানুষের আর্তনাদে" (আমাদের বর্তমানের গল্প, স্বপ্ন এবং স্বাধীনতার গল্প)। সমসাময়িক সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি তাকে জীবনবিমুখ করে তোলে। তার বিষাদের অন্ত নেই। নৈরাশ্যের ছায়াপাত ঘটে তার চোখে।

"এই কাল যাবে আত্মহননে বিষে বিষাদে
স্বপ্ন হবে প্রেতের অট্টহাসি
জুঁই চামেলি বোন কেবল নিহত হবে
আকাশে উড়বে বিসর্জনের কালো পতাকা
বাতাসে শুধু মাংস পোড়ার গন্ধ
গ্রামগুলো কুয়াশার ভেতরে দাঁড়িয়ে উদ্দেশ্যহীন
পাখি আর উড়বে না উড়বে না।"
(কালের কান্না, দূর অরণ্যের ডাক শুনেছি)

সময়টা প্রতিকূল। প্রকৃতিতে দূষণ, মননে দূষণ। তাই কবির হৃদয়ে রক্তক্ষরণ। চারদিকে ভোগ-আনন্দের হুল্লোড়ের নিচে চাপা পড়ে অভাবের কান্না। এ এক পাথুরে সময়, নাগরিক বিষাদে নিথর, অবক্ষয়ে পঙ্কিল, যেমনটা জীবনানন্দ দাশ উপলব্ধি করেছেনঃ "আমাদের হাড় এক নির্ধূম আনন্দ আছে জেনে পঙ্কিল সময়স্রোতে চলিতেছে ভেসে" (কবিতা, সাতটি তারার তিমির) অথবা "এখন মৃত্যুর শব্দ শোনে দিনমান / হৃদয়কে চোখঠার দিয়ে ঘুমে রেখে / হয়তো দুর্যোগে তৃপ্তি পেতে পারে কান" (বিভিন্ন কোরাস, প্রাগুক্ত)। জীবনানন্দীয় ধূসর পৃথিবীর চেহারাটি মতিন বৈরাগীর কবিতায়ও আরো মলিনতা পায়। "দেখতে দেখতে পশ্চিমের রোদে সময় হেলে পড়ে / ছায়ারা বাড়ে মায়া নীরব চারিদিক অদ্ভুত সাদা / ঝিরঝির হাওয়া বেদনার শিলায় বৃক্ষেরা নড়ে / তারপরে কিছু নেই অন্ধকার থকথকে কাদা" (শোকের ছায়া, বেদনার বনভূমি)। কবি বিরূপ সময়ের ছবি আঁকেন তার বিশ্বস্ত তুলিতেঃ

"বাসযোগ্য নয় আর এই পৃথিবী এখন
সংবেদনশীল মননে ভীষণ অস্বস্তির দোলা
প্রতিদিন ছিন্ন করে কবির হৃদয়
বোধের ঘরে লাফিয়ে পড়ে হিংস্র আগুন
লেলিহান শিখা গ্রাস করে জীবনের সুন্দর
অশ্লীল চিৎকারে ম্রিয়মান দিনের আলো
মৃত্যুর উপত্যকায় জীবনের অপচয়
আহত করে ক্ষতবিক্ষত করে।"
(আত্মবিলাপ ২, স্বপ্ন এবং স্বাধীনতার গল্প)

কবি নৈরাশ্যবাদী নন। অন্ধকারে হাঁটেন তারা গুণে গুণে। জানেন রাতের শেষে পূর্ব দিগন্তে লাল সূর্য উঠবেই। কবি শেষ পর্যন্ত নিরাশায় ভেঙে পড়েন না। তিনি সুদিনের প্রতীক্ষায় থাকেনঃ

"একদিন মানুষের বিশ্বাসী হাত
আসমান ছুঁয়ে দেবে, অনায়াসে তারাদেরও
সকালের রোদ মেখে দিনে দিনে বড় হবে তারা
আর যতো নিপীড়িত আর যতো জনগণ যারা
পর্বতের মৌনতার মতো স্থির সেই সব হাত
প্রিয় পতাকারা যতো
প্রত্যুষ প্রার্থনায় রত দিগন্ত ছোঁয়ার গান
নিয়ত জীবনে মিশে পাবে গতিবেগ
আলোর সমান।"
(মানব বন্দনা, অন্য রকম অনেক কিছু)

মতিন বৈরাগীর কবিতায় এক ধরনের শুভবোধের স্ফূরণ আছে। এটি রবীন্দ্রপ্রভাবিত কল্যানবোধ থেকে আহৃত বলে আমার ধারণা। কবি সব কিছুতে বিশুদ্ধতা প্রত্যাশা করেন। "শুদ্ধ হও, বিশুদ্ধ হও নির্মল বায়ু / পুড়ে পুড়ে তীক্ষ্ণ হও নিখাদ ইস্পাত / বিদ্যুতের ফলার মতো ঝলকে ওঠো রূপকথার তরবারি / নাশ অসুর বিশ্বাসে দেবতার বর" (রূপকথার তরবারি, অন্য রকম অনেক কিছু)। সুন্দরের অনুসন্ধান চলে দিবারাত্রি, ভেতরে-বাহিরে। আশা জেগে থাকে। "নিশ্চয়ই সমস্ত অসুন্দরের ভেতরে একদিন সুন্দর জেগে উঠবে অনন্ত বিস্ময়ে / মলিন জীবন আলোকিত হবে আকাশের ধ্রুবতারার মতো কেটে যাবে রাত / নিশ্চয়ই মানুষ মানুষকে মুক্ত করবে গ্লানিময় জীবন হতে তার অজ্ঞতা হতে / হৃদয়ে হৃদয়ে ফুটবে কুসম স্নিগ্ধ সৌরভময় বিপুল বিশ্বাসী বোধের ঘরে / মানুষই আনবে তার নিজের বিজয়" (প্রতীতি, অন্ধকারে চন্দ্রালোকে)।

পার্থিবতা-আধ্যাত্মিকতার দ্বন্দ্ব কবির মনে প্রচণ্ড কোলাহল তৈরি করে। কবি যুক্তিবুদ্ধি দিয়ে তার চলার পথ তৈরি করে নেন। তার দার্শনিক ভাবনা মাটিতে প্রোথিত, আকাশে উত্থিত নয়। দৈনন্দিন কর্মের মধ্যেই তিনি তার ধর্মকে আবিষ্কার করেন। তার ধর্ম হৃদয়ের ধর্ম, মানবতার ধর্ম। জাগতিক ধর্মে যুদ্ধ বাঁধে, লোকক্ষয় হয়। হৃদয়ের ধর্মে শান্তি প্রতিষ্ঠিত হয়। তিনি সত্যের সন্ধানে উপাসনালয়ে ছোটেন না, তিনি যান চলমান জনস্রোতে। তার কাছে মানুষের চেয়ে বড় সত্য আর কিছু নাই। আমরা আহমদ শরীফকে উৎসর্গ করা একটি সনেটের সাক্ষ্য গ্রহণ করিঃ

"কালে কালে কিছু বাক্য বলেছিলেন কতক লোক
বলেছেন সত্য যারা ইতিহাসে তারা টিকে আছে
তেমনই মানুষেরা পৃথিবীতে রচে যান শ্লোক
দিনে দিনে বাড়ে সত্য মানুষের বিশ্বাসের গাছে

তবুওতো কতো দেশে জনে জনে যায় প্রাণ যায়
দস্যুরা জানে সেসব, স্বার্থতার উদগ্র কুঠারে
দ্বিখণ্ডিত করে সত্য নানা ভাগে নিত্যদিন প্রায়
বন্দি করে অন্ধকারে ভয়ঙ্কর হিমের প্রাচীরে

তারপর ইতিহাস একদিন দানবের ঘাড়ে
হাজার টনের চড় ঝেড়ে দেয় হাতে, গড়ে পথ
বরফের দানা ভেঙে উঠে আসা সত্য ঠোঁট নাড়ে
সামনে এগোয় দেখো জীবনের আকাঙ্ক্ষিত রথ

আপনি কি সেই লোক, একালের সাহসী মানব
আপনার সত্য হোক উচ্চকিত নিত্যদিন রব।"
(সত্যের কুঠার, বেদনার বনভূমি)

মতিন বৈরাগী আত্মমগ্ন হয়ে গণমানুষের জন্য কবিতা লিখেছেন। গণমানুষের কবিতা লেখার একটি বড় ঝুঁকি আছে। বক্তব্যের ভারহেতু কবিতার শিল্পসুষমা ক্ষুন্ন হওয়ার সম্ভাবনা থাকে। মতিন বৈরাগি আপ্রাণ চেষ্টা করেছেন বক্তব্য ও শিল্পের মধ্যে ভারসাম্য রক্ষা করতে। তার স্পষ্ট উচ্চারণ শিল্পসৌকর্যের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়নি বলেই আমার ধারণা। সচেতন প্রয়াসের কারণে অধিকাংশ ক্ষেত্রে তার কবিতা স্থূলতা থেকে রক্ষা পেয়েছে। তার শব্দের তীর লক্ষ্যভ্রষ্ট হয়নি, পৌঁছেছে বুলস আই ও পার্শ্ববর্তী অঞ্চলে। এ এক বড় কাব্যস্বার্থকতা, কবিজীবনের এক বড় প্রাপ্তি।

কাব্যপ্রবণতায় মতিন বৈরাগী নজরুল, সুভাষ, সমর, সুকান্ত ও দিলওয়ারের উত্তরসূরি। হয়তো সমাজবাদী কাব্যের শেষ বরপুত্র। ক্রমে নিচের দিকে নুয়ে পড়া ধুলিধূসর পতাকাটিকে তিনি আপ্রাণ ওপরের দিকে তুলে ধরার চেষ্টা করছেন। তার মহৎ চেষ্টা অব্যাহত থাকুক, তার জন্মদিনে এই একান্ত কামনা।