লাশ আর পোড়া মাংসের শহরে হে উৎসব!
বাংলাদেশের গত কয়েক দিনের রাজনৈতিক অস্থিরতায় কারো পক্ষে কোনো উৎসব করা সম্ভব! পারিবারিক ব্যক্তিগত উৎসব যেখানে বন্ধ সেখানে দেশের একটি বৃহৎ প্রতিষ্ঠান যার স্লোগান জাতির মননের প্রতীক 'বাংলা একাডেমি' সেই বাংলা একাডেমিতে তিনদিনব্যাপী ক্ষয়ে যাওয়া ব্রিটিশ সাম্রাজ্যের লেজ নাড়ানো 'হে উৎসব' আয়োজন করেছে। বাংলা একাডেমি ও কয়েকটি এনজিও এবং বাংলাদেশের একটি কর্পোরেট গোষ্ঠী, ব্রিটিশ কাউন্সিল এর আয়োজক। এই কর্পোরেট গোষ্ঠী মনে করে বাংলাদেশের রাজনীতি শিল্প সাহিত্য সংস্কৃতি তাদের তাবেদারী করে চলবে। তাদের বিদেশে পড়া সন্তান, তাদের বাণিজ্যে পোষা লেখক, চলচ্চিত্রকার শিল্পী সাংবাদিকগণ এই 'হে উৎসবের' উচ্ছিষ্টভুগী অতিথি। ব্রিটিশ কলোনিভুক্ত দেশগুলোর ইংরেজি চর্চার সাহিত্য নিয়ে যে তামাশা করা হয় তার বাংলা নাম 'হে উৎসব' আমাদের বাংলা একাডেমি এবার হে উৎসবের আগে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন বলে আরো কিছু শব্দ যোগ করেছে। গতবছর আমরা বাংলা একাডেমির মতো একটি জাতীয় প্রতিষ্ঠানের 'হে উৎসব' আয়োজনের বিরোধিতা করেছি রাস্তায় দাঁড়িয়ে। আমরা ভেবেছিলাম বাংলা একাডেমিতে আর হে উৎসব হবে না। কিন্তু জাতীয় প্রতিষ্ঠান বাংলা একাডেমির কয়েকজন উচ্চমার্গীয় কর্পোরেট দালাল নিজেরা সক্রিয় হয়ে আবার এই হে উৎসবের ডাক দিয়েছেন।
এককালের ব্রিটিশ কলোনিভুক্ত শোষিত দেশগুলো যখন তাদের শাসন আমলের নির্যাতন-নিপীড়নের ক্ষতিপূরণ চেয়ে সোচ্চার হয়ে উঠছে, কমনওয়েলথ থেকে নাম প্রত্যাহার করছে, সেই সময় আমরা ২শ বছরের লুটপাটকারী, খুনি, বর্বর ব্রিটিশদের কলোনিভুক্ত ইংরেজি সাহিত্যের অংশীদার হওয়ার জন্য নিজেদের উজাড় করে দিচ্ছি! আগে বলেছি আবার বলছি বাংলা একাডেমির চার দেয়ালের বাইরে 'হে উৎসব' হলে আমাদের তেমন আপত্তি করার কিছু নেই। বাংলাদেশের শিক্ষা সাংস্কৃতিবান্ধব কথিত কর্পোরেটগোষ্ঠী সারাবছরই কোনো না কোনো অনুষ্ঠানের মাধ্যমে তাদের সমর্থক-তাবেদার বুদ্ধিজীবীদের ঐক্যবদ্ধ রাখে। তাদের ভাবখানা এমন ওনাদের কাগজে লিখছেন না, অতএব আপনি এদেশের কোনো লেখক নন। ওনাদের কথায় মাথা না নাড়ালে ওনারা আপনাকে বুদ্ধিজীবী লেখক হিসেবে স্বীকৃতি দেবে না। আপনার বড় ফটো, বড় লেখা, গোলটেবিলে আপনি যাচ্ছে না মানে হলো– আপনি কোন পর্যায়ের লেখক না। ওনারা নির্ধারণ করে দেবে বিশ্বসাহিত্যে আপনার অবস্থা। ওনারা নির্ধারণ করে দিলেই তবেই বাংলাদেশের শিল্প সাহিত্যে আপনি কোথায় আছেন তা টের পাবেন। এই ওনাদের ছেলেমেয়ে, স্ত্রী, ভাই-ভাতিজা, পালিত লেখকরা বাংলা সাহিত্যকে যে সাবেক ব্রিটিশ কলোনির মধ্যে লেজ নাড়াচ্ছে তা দেখতে-শুনতে-পড়তে জানতে আলোচনায় গদ গদ হতে আপনাকে 'হে উৎসব'-এর মধ্যে থাকতে হবে। হে উৎসবের মধ্য দিয়ে দুশ বছরের ব্রিটিশ সাম্রাজ্যের নিপীড়ন, নির্যাতন, হত্যা, খুনি ও বরর্বরতা আড়াল করার যে ঐতিহাসিক দায়িত্ব আমাদের দেশের বুদ্ধিজীবী-সাহিত্যিক লেখকরা নিয়েছেন, আমরা তার বিরোধিতা করবোই।
বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক পতনের ফল আমরা টের পাচ্ছি। গত ২৫ অক্টোবর থেকে বাংলাদেশের রাজনীতিতে একের পর এক ঘটে যাওয়া নৃশংস ঘটনার বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন না লেখক-শিল্পী সংস্কৃতিকর্মী নেতৃবৃন্দ কেউই। দুই রাজনৈতিক দলের চরম বৈরিতার সুযোগ নিয়ে স্বাধীনতাবিরোধী মৌলবাদী ধর্মীয় গোষ্ঠী দেশের সাধারণ জনগণকে হত্যা ও আগুনে পুড়ে মারার উৎসরে মেতে উঠেছে। সারাদেশে নৈরাজ্য, হত্যা, খুন, আগুন, চরম অনিশ্চতায় মানুষের জীবন, দেশ। আগুনে পুড়ে মরল কিশোর মনি। শত শত অগ্নিদগ্ধ মানুষ মেডিকেলের বার্ন ইউনিটে। চলছে দেশব্যাপী বোম উৎসব। লাশ আর পোড়া মাংসের শহরে হে উৎসব করতে যাচ্ছেন জাতীয় প্রতিষ্ঠান বাংলা একাডেমি! এখন রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করার কথা লেখক-শিল্পী-বুদ্ধিজীবীদের। হরতাল আর অবরোধের নামে সাধারণ মানুষ পুড়ে মারার সময় 'কাণ্ডজ্ঞানহীন লেখকরা' হে উৎসবে মেতে উঠবেন। একটি জাতীয় প্রতিষ্ঠানের এ বড় অনাচার। এই অনাচারের বিরুদ্ধে কথা বলতে হবে ।
আজ কবি শামসুর রাহমান, শিক্ষক আহমদ শরীফ, শিল্পী কামরুল হাসান, লেখক আহমদ ছফা বেঁচে থাকলে হয়তো রুখে দাঁড়াতেন। এখন কোনো উৎসবের সময় নয়, যে অন্ধকার বাংলাদেশকে ঢেকে দিতে চাচ্ছে এখন লড়াই সেই অন্ধকারের বিরুদ্ধে। কলম হাতে, রং তুলি হাতে, গানে, কবিতায় চাই প্রতিবাদ
প্রতিরোধের ডাক। এখন ব্রিটিশ কলোনিভুক্ত দাস সংস্কৃতির পৃষ্ঠপোষক 'হে উৎসব' করার সময় আমাদের নয়।
