একাডেমিতে কেন এই ‘হে ফেস্টিভ্যাল’
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে একাডেমি জনগণের অর্থায়নে পরিচালিত হয়। স্বাধীন চিন্তা ও তৎপরতার স্বার্থেই এ রীতি অব্যাহত থাকা উচিত। একাডেমির স্বাধীনতা বিঘ্নিত হয় এমন কোনও আনুগত্য বা স্পন্সরশিপের লোভ একাডেমির কার্যক্রমে প্রশ্রয় পাওয়া উচিত নয়। আমরা এখনও ভাবতে পারি না, ফ্রেঞ্চ একাডেমি বা সুইডিশ একাডেমি করপোরেট স্পন্সরের সহায়তায় কোনও অনুষ্ঠান আয়োজন করছে। বাংলা একাডেমি করছে। শুধু করপোরেট স্পন্সরই নয়, বিভিন্ন সময় বিভিন্ন সরকারের তাঁবেদারি করে প্রতিষ্ঠানটি মর্যাদা ও স্বাধীনতা বিপন্ন করে তুলেছে।
বাংলা একাডেমি নিজ উদ্যোগে বাংলা সাহিত্য নিয়ে নানা উৎসবের পাশাপাশি ইংরেজিসহ বিভিন্ন ভাষার সাহিত্য নিয়ে আন্তর্জাতিক উৎসবের আয়োজন করতে পারে। এতে কারও আপত্তি থাকার কথা নয়। কিন্ত 'হে উৎসবে' বাংলা একাডেমির অবস্থান কী? অনুষ্ঠানের আয়োজক একটি ইংরেজি দৈনিক। একাডেমি 'সহ-আয়োজক' মাত্র। সহ-আয়োজকের তকমা কেন একাডেমি বহন করবে? হে উৎসবের মানে কী, তা সবার জানা।
এমন একটি অনুষ্ঠান ইংরেজি কোনও দৈনিক ও ব্রিটিশ কাউন্সিল আয়োজন করলেই ভালো দেখায়। তবে এ প্রশ্নও উত্থাপিত হওয়া দরকার, বাংলাদেশের একটি করপোরেট প্রতিষ্ঠান কেন ব্রিটিশ একটি অনুষ্ঠানের বাংলাদেশ সংস্করণ করতে যাবে? নিজেদের নামে করলে অসুবিধা কোথায়? ভারতে জয়পুর সাহিত্য উৎসব, মুম্বাই সাহিত্য উৎসব, কোভালাম সাহিত্য উৎসব হচ্ছে। বাংলাদেশে নিজস্ব ধরনের তেমন উৎসব হতে বাধা কোথায়? আর নিজস্ব ধরনের উৎসব করতে হলে আমাদের সাহিত্যের মুখ্য চিত্রটি এতে তুলে ধরা জরুরি। কিন্তু বাংলাদেশের সাহিত্যের কোনও প্রতিনিধিত্ব সেখানে সেভাবে দেখা গেল না। হে উৎসবের যে হাল দেখলাম— এতে স্পষ্ট, বাংলাদেশে বসে ইংরেজি ভাষায় লেখেন, এমন লেখকদের লেখা সেখানে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। বিস্ময়কর হলেও সত্য, তুলে ধরা লেখকদের গ্রহণযোগ্যতা দেশে যেমন, দেশের বাইরেও তেমনি স্বীকৃত নয়। আর ঘটনাক্রমে তাদের সঙ্গে আয়োজক ও স্পন্সর প্রতিষ্ঠানগুলো আত্মীয়তার সম্পর্কে সম্পর্কিত। তবে কি সৃজনশীলতার ক্ষমতা নয়, স্পন্সর করার ক্ষমতাই তাদের সাহিত্যক হিসেবে প্রতিষ্ঠিত করে দেবে?
ফেস্টিভ্যালের সীমাবদ্ধতা নিয়ে আগে অনেক বলা হয়েছে। এ ফেস্টিভ্যালের মধ্য দিয়ে আরও অনেক বিষয় সামনে চলে আসছে। সেগুলোর দিকেও নজর দেওয়া দরকার। যেমন—
১. বাংলাদেশে হঠাৎ ধনীদের দ্বিতীয় প্রজন্ম তৈরি হয়েছে। তাদের একাংশ সাহিত্যমনস্ক। বিস্ময়কর হলেও তাদের কারও-কারও সাহিত্যিক হওয়ার বাসনা আছে। তাদের স্বাগত জানানোর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। তবে অর্থবলে তারা বড় সাহিত্যিক হতে চাইলে এতে আপত্তি তো থাকবেই।
২. এই ধনিকশ্রেণী বুঝতে পেরেছে, নিজেদের মধ্যে ইংরেজি সাহিত্যচর্চা করে ব্রিটিশ কাউন্সিলে হে ফেস্টিভ্যালের উপ-সংস্কৃতি তৈরি করে লাভ নেই। মধ্যবিত্তের দখলে থাকা এলাকাগুলোই মূলত দখল করতে হবে। মধ্যবিত্তশ্রেণীর মিডিয়েটরদের সঙ্গে নিতে হবে। কিন্তু এর মাধ্যমে তারা বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠানের ওপর মাতবরি করবে— তা যেন না হয়।
৩. একই সঙ্গে এটি সত্য, বাংলা একাডেমিতে হে ফেস্টিভ্যালের আয়োজন করে তারা গরিবের এ প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিল। তারা চাইলে তো রূপসী বাংলা হোটেলের ছাদে বা র্যাডিসনের পুকুরেও ফেস্টিভ্যাল করতে পারে। তা না করে তারা বাংলা একাডেমিকে বেছে নিয়েছে। কারণ তারা চায় গরিব সাহিত্যিক নির্ভয়ে তাদের সঙ্গে মিশুক। তাদের সঙ্গে কথা বলুক। ইংরেজি না জানলেও সমস্যা নেই।
৪. ইংরেজি সাহিত্যিক ও বাংলা সাহিত্যিকদের মিশ্রণ হয়েছে এমন একটা ভাব ডেইলি স্টার-প্রথম আলো সাহিত্যিকদের মধ্যে জাগাতে চেষ্টা করছে। এতে দেশের বড় সাহিত্যিকরা পর্যন্ত গোলামের মতো আচরণ করতে শুরু করেছেন। এই যে আন্তর্জাতিক একটা ভাব তারা দিতে পারলেন, এটা আমাদের দরিদ্র ও বয়স্ক সাহিত্যিকদের জন্য অত্যন্ত ভালো। অবশ্য এমন ভান করলেও শেষ পর্যন্ত আয়োজকরা নানা পর্যায়ে ইংরেজি ভাষার উচ্চন্মন্যতাই তুলে ধরেছেন। বাংলা ভাষার লেখকদের দেশীয় আর ইংরেজি ভাষার লেখকদের আন্তর্জাতিক বলে পরিচয় করিয়ে দিয়েছেন।
৫. গুরুত্বপূর্ণ বলে আবারও একটি কথার পুনরুক্তি করছি। পাশের দেশ ইন্ডিয়ায় তারা নানা ফেস্টিভ্যাল করে— জয়পুর লিটারারি ফেস্টিভ্যাল, হিন্দু লিটারারি ফেস্টিভ্যাল। নিজেদের টাকা দিয়ে নিজেরা করে। বিদেশিরা এসে দেখে যায়। হের মতো অপ্রধান ব্রিটিশ অনুষ্ঠান সেখানে পাত্তা পায় না। আমরা এক বোকার জাতি, এত দিন পর এসে কলোনিয়াল স্যাটেলাইট জ্বালাচ্ছি। বড়লোকরা টাকা খরচ করছে। কিন্তু সেই তুলনায় বুদ্ধি কেন খরচ করছে না, তা বুঝতে পারছি না।
৬. পরিশেষে হে উৎসবের সবচেয়ে ন্যক্কারজনক ঘটনাটির উল্লেখ না করলেই নয়। ভারতীয় বাঙালি পরিচালক বেদাব্রত পাইনকে হে উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছিল। তার পূর্বপুরুষ ঢাকা ও ফরিদপুরের। বেদাব্রত নির্মিত 'চিটাগাং' মুভিটি দেখানোর কথাও ছিল উৎসবে। চিটাগাং ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা সূর্য সেনকে নিয়ে তৈরি। বিপুল প্রশংসিত এই মুভি হিন্দি ভাষায় নির্মিত। দুঃখজনক হলেও সত্য, হিন্দি ভাষার অপরাধেই নাকি আয়োজকরা মুভির প্রদর্শনী বন্ধ করে দিয়েছেন। হিন্দি কি অচ্ছুত্ ভাষা, নাকি হে উৎসবের মতো কলোনিয়াল ব্রিটিশ উৎসবে সূর্য সেনই অচ্ছুত্ হয়ে গেলেন?
হে ফেস্টিভ্যাল এবং বাংলা একাডেমির নৈতিক অবক্ষয়
গত বছর ১৫ থেকে ১৭ নভেম্বর ৩ দিনব্যাপী জাতির মননের প্রতীক বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক হে সাহিত্য উৎসব। ওই উৎসব নিয়ে বাংলাদেশের সাহিত্য মহলে সৃষ্টি হয়েছে তুমুল বিতর্ক। বাংলা একাডেমি কর্তৃপক্ষ বলছে, এটি বাংলা ভাষা ও সাহিত্যের জন্য গৌরবের বিষয়। আর প্রতিবাদকারীরা বলছেন, এর সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ লেখককে রাখা হয়নি। তাই তারা প্রতিবাদ করছেন। তাদের রাখা হয়নি। এটি তো আর সোজাসাপ্টা করে বলা যায় না। তাই বলা হচ্ছে, বাংলা একাডেমি এটা কেন করবে? হ্যাঁ, প্রতিবাদকারীদের কথা ঠিক, বাংলা একাডেমি কেন ধার করা অনুষ্ঠান করবে? সে প্রসঙ্গে পরে আসছি। এর আগে বলে নিই, আমরা আয়োজক ও প্রতিবাদকারী উভয়েরই বিপক্ষে। কেন বিপক্ষে তা-ও ব্যাখ্যা করছি।
পত্রিকার বিজ্ঞাপন থেকে জানা যায়, অনুষ্ঠানের হোস্ট বাংলা একাডেমি, টাইটেল স্পন্সর ডেইলি স্টার, প্রজেক্ট স্পন্সর যাত্রিক, সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে ব্রিটিশ কাউন্সিল, প্রথম আলো ও বেঙ্গল লাইটস। আবার কোনও-কোনও জায়গায় বলা, উক্ত সংস্থাগুলোর মিলিত উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে অনুষ্ঠানটি। বাংলা একাডেমিই যদি হোস্ট বা আয়োজক প্রতিষ্ঠান হবে, তাহলে আগেই তারা অংশগ্রহণকারী লেখকদের তালিকা করল না কেন? প্রথমে যখন লেখকদের আমন্ত্রণ জানিয়ে ফোন করা হয়, তখন কোনও কিছু স্পষ্ট করে বলা হয়নি— অনুষ্ঠানের নাম কী, কারা করছে, আয়োজকদের সঙ্গে বাংলা একাডেমির সম্পর্ক কী ইত্যাদি। সবকিছুই ধোঁয়াশা-কুয়াশামণ্ডিত। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমির নতুন অডিটরিয়ামে কোনও ব্যানার ছিল না।
হাঁকডাক করা এ রকম একটা আন্তর্জাতিক অনুষ্ঠানের ব্যানার নেই, তা ভাবাই যায় না (উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থাপিকা তাহমিমা আনামের ইংরেজি অ্যাকসেন্ট ব্রিটিশ কায়দায়, সেটি ঠিক আছে। কিন্তু তিনি যখন মাঝে-মধ্যে বাংলা বলছিলেন, ওই উচ্চারণও ছিল একই কায়দায়, যেটি আমরা গ্রহণ করতে পারি না)। এসবের মাধ্যমে ধীরে-ধীরে সাহিত্যমহলে স্পষ্ট হতে থাকল, হে উৎসব আসলে কী? আসলেই তো, উৎসবটা কী? যদ্দুর জানা যায়, যুক্তরাজ্যের ওয়েলসের ছোট্ট একটি শহর হচ্ছে হে। ওই শহরে প্রচুর বইয়ের দোকান। ২৫ বছর আগে এই শহরের নামে শুরু হয়েছিল বইমেলা। পর্যায়ক্রমে তা করপোরেট বাণিজ্যের আওতায় ছড়িয়ে দেওয়া হচ্ছে বিশ্বময়। গত বছর একদিনের জন্য ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিলে এই উৎসবের রিহার্সাল পর্ব হয়েছিল নির্বিঘ্নে— বাংলাদেশে অবস্থান করা ইংরেজি ভাষার লেখক ছাড়া কেউ ওই অনুষ্ঠানের কথা টেরও পাননি। মহড়ার পর এবার চূড়ান্ত শোডাউন— ৩ দিনব্যাপী। বিশাল এক ঔপনিবেশিক চক্রান্ত ধীরে-ধীরে মগজ ধোলাইয়ের কাজটা সেরে নিচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জাতির মননের প্রতীক খোদ বাংলা একাডেমিকে পুঁজি করে। আমাদের বিরোধিতার জায়গাটা এখানেই। প্রতিবাদকারীরাও তাদের প্রতিবাদের জায়গাটি স্পষ্ট করতে পারেননি, ব্যতিক্রম কবি মুহম্মদ নূরুল হুদা ও রবীন আহসান। বাকিরা সবাই যেন তালিকা-পার্টি। তালিকায় তাদের নাম নেই কেন— তারা মূলত এ নিয়েই উদ্বিগ্ন! আবার অনেকে মৃদু প্রতিবাদ জানিয়েছেন বা গোস্বা করেছেন তাদের ডাকা হয়নি বলে। আরও একটি হাস্যকর ঘটনার উদ্রেক হয়েছে কবিদের তালিকা নিয়ে। প্রথমে ছিলেন ২৫ জন। বাংলাদেশের কবিদের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান (!) 'জাতীয় কবিতা পরিষদ' প্রতিবাদে সোচ্চার হয়ে উঠল। কারণ তাদের পরিষদের অনেক কবিই ওই তালিকায় নেই। তাদের মতে, এ রকম একটি জাতীয় প্রতিষ্ঠানের কবিদের বাদ দিয়ে (সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৮-১০ জন থাকার পরও) কোনও আন্তর্জাতিক অনুষ্ঠান হতেই পারে না! শেষ পর্যন্ত পরিষদের চাপের ফলে পরিষদভুক্ত আরও ১০ জনের নাম অন্তর্ভুক্ত করতে বাধ্য হলেন আয়োজকরা।
এখন কথা হল, এ রকম ঔপনিবেশিকতার পতাকাবাহী ধার-করা উৎসব বাংলাদেশে হতেই পারে। কিন্তু এর দায়িত্ব কেন বাংলা একাডেমি নিতে যাবে? এই উৎসব যদি ব্রিটিশ কাউন্সিল, রূপসী বাংলা, সোনারগাঁও হোটেলে হত— তাহলে আপত্তি কিংবা প্রতিবাদ হয়তো হতই না। কারণ করপোরেট সেক্টর ও কলোনির সেবাদাস হয়ে অনেক অনুষ্ঠানই হচ্ছে বাংলাদেশে— যার সবকটি নিয়ে আমাদের মাথাব্যথার কোনও কারণই নেই।
হে উৎসব আয়োজকদের মূল উদ্যোক্তা ইংরেজি ভাষার লেখক তাহমিন আনাম বলছেন, 'এই উৎসবের আয়োজন করা হয়েছে বাংলা সাহিত্য ও বাংলা ভাষার লেখকদের বৈশ্বিক পরিমণ্ডলে উপস্থাপনের উদ্দেশ্যে।' কিন্তু আমাদের অনুসন্ধিৎসা ও পর্যবেক্ষণে ভিন্ন উদ্দেশ্য ধরা পড়েছে। ভাষিক আগ্রাসনের প্রশ্নে তা বাংলা ভাষার জন্য সরাসরি হুমকিস্বরূপ। আমাদের দেশে যেভাবে ইংলিশ মিডিয়াম স্কুলের সংখ্যা বাড়ছে এবং ব্রিটিশ কাউন্সিল যেভাবে এ দেশের ঔপনিবেশিক মানসিকতা গড়ে তুলতে আগ্রাসী ভূমিকা পালন করছে, এতে কয়েক বছর পর অমর একুশে গ্রন্থমেলা করপোরেট বাণিজ্যের আশীর্বাদপুষ্ট ইংরেজি ভাষার লেখকদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে। তখন শ্রদ্ধাভাজন শামসুজ্জামান খানকে (অথবা ততদিনে অন্য কোনও মহাপরিচালককে) হয়তো ইংরেজিতে স্বাগত ভাষণ দিতে হবে। আমরা ভেবে পাই না, এই অনুষ্ঠানের আয়োজনে তিনি কীভাবে বলেন, 'এতে খারাপ কী আছে?' কিংবা ডেইলি স্টারের নিবন্ধে তিনি এই উৎসবকে কী করে অমর একুশে গ্রন্থমেলার সঙ্গে তুলনা করে এটি স্থায়ীভাবে আয়োজনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেন? তার মতো একজন লোকসংস্কৃতি গবেষকের কাছ থেকে আমরা এমন আত্মঘাতী মন্তব্য আশা করতে পারি না। এছাড়া তিনি আরও বলেছেন, যারা প্রতিবাদ করছেন— তারা জামায়াত-শিবিরের লোক। আমাদের বিবেচনায় এটা খুবই আপত্তিকর কথা।
বাংলাদেশের করপোরেট পুঁজির মালিকদের পুত্রকন্যা— যারা ইংরেজি ভাষার লেখক, তাদের নানাভাবে এ দেশে প্রমোট করার চেষ্টা করা হচ্ছে। তারা ইংরেজিতে লিখুক— এতে আপত্তি থাকার কথা নয়। তাদের বুকার পাওয়াও এক অর্থে আমাদের জন্য গৌরবেরই। কিন্তু হে ফেস্টিভ্যালের নামে রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা তাদের অপতৎপরতায় হুমকির সম্মুখীন হবে— এটি কোনওভাবেই মেনে নেওয়া যায় না।
আমরা এ ব্যাপারে মোটামুটি নিশ্চিত হয়েছি, হে ফেস্টিভ্যালের মাধ্যমে পর্যায়ক্রমে ইংরেজি ভাষাকে দেশে-দেশে আগ্রাসী ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে। এর মাধ্যমে বিভিন্ন দেশের মাতৃভাষাকে ভূলুণ্ঠিত করার নীলনকশা আঁকা হচ্ছে। সৃষ্টিশীল লেখকমাত্রই জানেন, মাতৃভাষা ছাড়া বড়মাপের সাহিত্য প্রণীত হয় না। বাংলা একাডেমি বরং আলাদাভাবে নিজস্ব স্বকীয়তায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশি বংশোদ্ভূত অন্য ভাষার যেসব লেখক রয়েছেন, তাদের নিয়ে অসাধারণ একটি সাহিত্য উৎসব করতে পারত এবং সেখানে বাংলা ভাষার সেরা লেখাগুলোকে অনুবাদের মাধ্যমে অন্য ভাষাভাষী লেখক-পাঠকদের কাছে তুলে ধরতে পারত। কিন্তু তা তারা করেনি।
আশ্চর্য যে, স্বাধীনতার ৪২ বছর পার হয়ে গেলেও বাংলা একাডেমির স্বতন্ত্র কোনও পূর্ণাঙ্গ অনুবাদ বিভাগ নেই। যদি প্রতিষ্ঠানটির একটি বলিষ্ঠ ও কার্যকর অনুবাদ বিভাগ থাকত, তাহলে সারা বছর ধরে তারা বাংলা ভাষার ক্ল্যাসিক রচনাগুলো অনুবাদের মাধ্যমে বিশ্ব দরবারে হাজির করতে পারত। এটি বাংলা একাডেমির জাতীয় কর্তব্যও বটে। এই কাজগুলো না করে উল্টো বাংলাদেশের জাতীয় ভাষা বাংলাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইংরেজি ভাষার হে ফেস্টিভ্যালকে অবলীলায় গ্রহণ করে নিল বাংলা একাডেমি। তা বাংলা একাডেমির একধরনের নৈতিক অবক্ষয় ও পরাজয় বলে আমরা মনে করি। আমাদের আপত্তির ভিতটি এখানেই।
