ইতিহাস সমাজ নৃবিজ্ঞানের আলোকে ‘শোভাযাত্রা দ্রাবিড়ার প্রতি’র পুন:পাঠ
ভূ-প্রাকৃতিক অবস্থান বৈশিষ্ট্য দ্বারা যদি মানব জাতিগোষ্ঠীর মৌল কণা নির্ধারিত হয় তাহলে ভারতের বিভিন্ন জাতি গোষ্ঠীর ইতিহাস খুবই প্রাচীন। এ প্রাচীনতম জনগোষ্ঠীর ক্রমবিবর্তনের ইতিহাসও খুবই প্রাচীন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের জনগোষ্ঠী কারা? কিভাবে আজো তাদের রক্তবীজ বংশগতির ধারা (ডিএনএ) প্রবাহিত আজকের বাঙালি জনজাতি গোষ্ঠীর প্রাচীন ইতিহাস সমাজ, নৃ-তাত্ত্বিক অবস্থার প্রতি অনুসন্ধিসু সৃজন প্রক্রিয়া টিকে থাকে সাহিত্য সংস্কৃতির যাপিত জীবনের কর্মপ্রক্রিয়ার মাধ্যমে? উত্তর পূর্ব ভারতে আদিতে যাদের অবস্থান, বাস্তুসংস্থান সংঘটিত হয়েছিল তাদেরই সভ্যতায় গড়ে উঠেছে আমাদেরই বাঙালি জাতির আদি রক্তবীজ। ইতিহাস অনুসন্ধানে জানা যায়, সিন্ধু নদীর অববাহিকতা থেকে পশ্চিমবঙ্গ, ভারতের ত্রিপুরা, অসম, ঝাড়খন্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বসবাসকারী মানব সম্প্রদায়, যাদের ইতিহাস চার হাজার বছরের পুরোন। এদের ভাষা বাঙলা যা ইন্দো-ইউরোপিয় ভাষাগোষ্ঠীর পূর্ব ইন্দো-আর্য বিভাগের একটি ভাষা। নৃ-তাত্ত্বিকভাবে একদিকে যেমন উড়িয়া, আসামী, বিহারী অন্যান্যের মধ্যে কিছু অংশ মুন্ডা, প্রোটো-অস্ট্রালয়েড, তিব্বতী, বর্মী, অস্ট্রো-এশিয় এবং দ্রাবিড় জনগোষ্ঠীর বংশধারাও মিশে আছে। ফলে বাঙালির জন-জাতিগোষ্ঠী একটি বহুবৈচিত্র্যপূর্ণ শংকর জাতি ধারা।
বাঙলার প্রাচীন ইতিহাসে মৌলিক জাতি কারা? এর নৃতাত্ত্বিক ইতিহাস খোঁজ নিলে প্রথমে যাদের নাম আছে তারা অস্ট্রিক-দ্রাবিড় ভাষাগোষ্ঠী। এ গোষ্ঠীর প্রতি কবি মুহম্মদ নূরুল হুদার কেন পক্ষপাত তার উত্তর খুঁজতে ' শোভাযাত্রা দ্রাবিড়ার প্রতি' পুন:পাঠ অনুসন্ধান। একটি জনজাতিগোষ্ঠীর বংশগতির চরিত্র বা বৈশিষ্ট্য লক্ষিত হয় ওই এলাকার ভূ-প্রকৃতি পরিবেশের উপর। এর মধ্যে জল, আবহাওয়া, মাটির গঠনপ্রণালী উদ্ভিদ, প্রাণ, বাস্তুসংস্থানের উপর নির্ভর করে, প্রাণের বিকাশ, চারিত্রধারণ সাধিত হয়। প্রাণ থেকে প্রাণী, প্রাণী থেকে হোমোসেপিয়ানদের আগমন ইত্যাদি। তাহলে ভারত উপমহাদেশে দ্রাবিড়ের অবস্থান কোথায়? আদিতে তারা কোন পর্যায়ে ছিল এসব বিষয় যার আয়ত্বে রয়েছে সে-ই তো তাদের প্রতি শোভাযাত্রা করতে পারে-
সর্বত্র দেখবে মাথা, কালো-মাথা, স্বর্ণ-মাথা
ঝাঁকড়া চুলের-
দেখবে মাথাই শুধু বস্তু-বিশ্ব, দৃশ্যের জনক;
দেখবে উপরে চুল, ঘাস কিংবা দৃঢ় পত্র-ছাদ-
মগজ ভেতরে পাবে ভূ-গর্ভে যেমন অগ্নি,
জলের বিস্তার; (মাথা, শোভাযাত্রা দ্রাবিড়ার প্রতি)
ইতিহাসবিদ, সমাজ নৃ-বিজ্ঞানী দ্রাবিড়দের সম্পর্কে যে গবেষণা করেছেন, দ্রাবিড় জনগোষ্ঠীর বর্তমান বাসস্থান দক্ষিণ ভারত। তাদের কবরস্থানে যে কঙ্কাল পাওয়া যায় তার সঙ্গে ভূমধ্য-সাগরীয় নরগোষ্ঠীর (ডিএনএ ইত্যাদির) মিল পাওয়া যায়, মিশরীয়দের সঙ্গে দ্রাবিড়দের নৃ-তাত্বিক মিল খুঁজে পাওয়া যায়। এসব কারণে দ্রাবিড়ভাষী জনগোষ্ঠীকে ভূ-মধ্য সাগরীয় জনগোষ্ঠীর মানুষ বলে মনে করা হয়ে থাকে। নৃ-তাত্ত্বিক বৈশিষ্ট্যের দিক থেকে দ্রাবিড়রা দীর্ঘ মুন্ড, নাক চওড়া, মোটা, ঠোঁঠ পুরু, মুখ চওড়া ও মাংসল; শারিরিক গঠনে তেমন সমন্বয় নাই; গায়ের রঙ অনেকটা কৃষ্ণকায়। হুদার 'মাথা' কবিতাটিতে নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর নৃ-তাত্ত্বিক বৈশিষ্ট্য উঠে আসে-
রৌদ্রে থেকে রৌদ্রে যায়, অন্ধকার খোঁজে ছায়াপথ
যখন বিমুখ হয় তীব্র নাদে কাঁপে চরাচর-
অরণ্য সিংহেরা হাঁকে,
গৃহিণী-সমাজে হাঁকে এই সব রৌদ্র লগ্ন মাথার বাহক (মাথা, শোভাযাত্রা দ্রাবিড়ার প্রতি)
ঐতিহাসিক শ্রীনিবাস আয়েঙ্গার লিখেছেন, ' প্রাচীন দ্রাবিড়গণ বৈদিক আর্যদের অপেক্ষা সভ্যতায় কোন অংশে হীন ছিল না। বরং বিষয়াবিশেষ আর্যগণ অপেক্ষা তাহারা অধিকতর উন্নত ছিল। বিজ্ঞানে, শিল্পে, যুদ্ধবিদ্যা ও বুদ্ধি কৌশলে তাহারা আর্যদের সম্যক প্রতিদ্বন্দী ছিল (দ্র. লাইফ ইন এনসিয়েন্ট ইন্ডিয়া)
হাজার বছরের পথ পরিক্রমায় দ্রাবিড়রা রৌদ্র থেকে রৌদ্রে অন্ধকার ছায়াপথ মাড়িয়ে সমুদ্র নদী বিপদসংকুল জনপদের মধ্য দিয়ে আমাদের মস্তিস্কের রক্তবীজের ধারাবাহিকতায় দরিয়ানগর-সেই পোকখালীর মেঠোপথ থেকে আবার 'শোভাযাত্রা দ্রাবিড়ার প্রতি' মুহম্মদ নূরুল হুদার যাত্রা।
তুমি তো মাংসল বিভা
মিথুনের শেষধামে শাড়িহীনা, বিস্রস্তা আদিমা;
তোমার গ্রীবার ভাঁজে কুসুমিত ঘাম
শীতে-গ্রীষ্মে-অমায়-খরায়
কাম হয়ে নেমে যায় বুকের তালুতে ((রমণী, শোভাযাত্রা দ্রাবিড়ার প্রতি)
এস এম সুলতান এর ক্যানভাসে পেশিবহুল রমণীর মাতৃতান্ত্রিক সমাজের কর্তারূপে আবির্ভূত মা বা নারীর যে চিত্রপট দেখি-মুহম্মদ নুরুল হুদা তার কবিতায় একইভাবে চিত্রিত করার চেষ্টা করেছেন। নারী যে বংশগতির ধারক বাহক, তার বংশগতির ধারার মিছিল আজ বাঙালি জনগোষ্ঠীর মিলিত স্রোত। এই স্রোতধারায় হুদা একই কবিতায় আবার অন্যরূপে চিত্রায়িত করেছেন।
দারুন বন্যার জলে ভেসে গেলে হাটবাট
স্মৃতি ও সভ্যতা
তুমি হও সহর্ষ জাহাজ
বাজে ভেঁপু, চুম্বক মাস্তুল-দ্বয়ে যুগল পাঞ্জেরী
এবং নয়ন প্রান্তে ভাঙে ঢেউ, কটিতটে গণিকা-সভ্যতা। (রমণী, শোভাযাত্রা দ্রাবিড়ার প্রতি)
প্রাচীন ভারতে দ্রাবিড়রা তাদের কৃষি কর্মের পাশাপাশি মাছ শিকার করতো। বর্তমান সময়ে যে কৃষক আজ লাঙল সহ অন্যান্য কৃষিউপকরণ ব্যবহার করে তা দ্রাবিড়দেরই সৃষ্টি। উৎপাদনশীল সভ্য এ দ্রাবিড় সভ্যতায় আঘাত হানে আর্যরা। আর্যরা তাদের সমাজ সভ্যতা কৃষ্টি লুট করে নেয়, এমনকি ঐতিহাসিকদের মুখে দ্রাবিড় জনগোষ্ঠীকে পরাভূত করে তাদের নারী গোষ্ঠীর মধ্য দিয়ে যে শংকরায়নের প্রক্রিয়া কবি মুহম্মদ নূরুল হুদা উপরোক্ত পংক্তিতে দ্রাবিড় জনগোষ্ঠীর রক্তবীজের মূলকণার দূষণ-অভিযোজন সম্পর্কে তার সন্দেহের উদ্বেগ জাগে-
পুষ্প, তুমি কতদিন রয়েছো উন্মুখ
সময়ের ফুল্ল আঙিনায়, থাকো কত কাল?
গোধুলিতে দ্যাখো এই বৃক্ষটিকে,
দ্যাখো, পত্রময় কারুকাজে
এই বৃক্ষ পৃথিবীর সুপ্রাচীন ছায়া-
আমি বসে আছি তার পদমূলে
আমি বসে আছি পুষ্প, অম্লান সন্ন্যাসী এক
পর্বতের তুহিন চূড়ায়(কৌমার্যের প্রতি শ্বেতপত্র, শোভাযাত্রা দ্রাবিড়ার প্রতি)
ঐতিহাসিক ও ভূ-বিজ্ঞানীদের মতে, দ্রাবিড়রা আসে পারস্য হতে ইয়েমেন হয়ে দক্ষিণ ভারতে পুষ্পের পরাগায়নের সংঘটিত হয় মধুখর ও অন্যান্য কীটপতঙ্গের মাধ্যমে। এই জায়গায় হুদার চিন্তায় জন্মজাতির মৌলিক শুক্রানু কীটের বিশুদ্ধতার প্রতিজ্ঞা কী প্রতীয়মান হয় না?
অথচ দ্রাবিড়দের রক্তধারায় মিশে আছে মুন্ডা, অস্ট্রোলয়েড, তিব্বতী, বর্মী, অস্ট্রো-এশীয় পরবর্তীতে আর্যদের শুক্রকীট মিশ্রনের ধারাবাহিকতায় মিশ্রণ অত:পর ভারত উপমহাদেশে বিভিন্ন জনগোষ্ঠীর মিশ্রণ-অভিযোজনের ফলে আজকের বাঙালি জনগোষ্ঠীর অবস্থান। এমতাবস্থায় নিজের বর্তমান অবস্থান থেকে বিপরীতমুখী মৎস্য যাত্রা মনে হয়্ তবুও তার কবিতায় ইতিহাস চেতনা সমাজ নৃতাত্ত্বিকতার যে বোধোদয় বংশগতির ধারাবাহিকতার চারিত্রের লক্ষণ।
অনাবাদী ভূ-ভাগের দিকে চেয়ে আছি,
স্থিরচিত্রে
কৌমার্যের শ্বেতপত্র খোলা-
শরীর-সংলগ্ন এক অমেয় কলম
পুষ্প, আমি তো লিখি না কিছু, সিক্ত হই
নিসর্গের নীল ধারাপাতে
উপর্যূক্ত কাব্যাংশের সাথে স্ববিরোধিতা লক্ষ্য করা যায়।
এ বাড়ি কি খুব ফাঁকা? কেউ নেই? কী যে বলো
এইতো রয়েছি আমি, থাকবে তুমিও;
চাওতো দলিল নাও, নাও অধিকার
বংশপরম্পরায় আজ থেকে এ বাড়ি তোমার॥
দক্ষিণা জানালা খোলো, হাওয়া আসে;
পুবের জানালা খোলো, আলো;
উত্তরে কনকনে শীত, পশ্চিমে আঁধার-
সাবধান, জন্মে জন্মে বন্ধ রেখো সে সব দুয়ার। (বশীকরণ, শোভাযাত্রা দ্রাবিড়ার প্রতি)
দ্রাবিড়রা বিজ্ঞানে শিল্পে যুদ্ধবিদ্যায় সভ্যতায় আর্যদের থেকে আর্যদের তুলনায় অনেক বেশি উন্নত ছিলো। কিন্তু আর্যরা বেদ, চারটি বেদ ধর্মীয় গ্রন্থের মতে আর্যরা যাদু বিদ্যায় পারদর্শীও ছিলো। এখানে কে কাকে বশীকরণ করেছে নাকি দ্রাবিড় রমণীরা আর্য পুরুষ কর্তৃক বশীভূত হয়েছে অথবা আর্যদের সাথে মিশ্র জীবনযাত্রায় একই অপরকে বশীভূত করেছে– এটা একটি মিস্টেরিয়াস ভাবনা পরীলক্ষিত হয়।
আজকের যে বাঙালি যুগ যুগান্তরের ইতিহাস পরিক্রমায় উত্থান পতনের মধ্য দিয়ে দ্রাবিড়ের অবস্থান থেকে কবি মুহম্মদ নূরুল হুদার ইতিহাস চেতনার অর্জন। এ কারণে হুদা উত্তরীয় কনকনে শীতের পশ্চিমা আঁধার থেকে জন্মে জন্মে দুয়ার বন্ধ রাখার কথা বলেছেন।
কে এক পাপিষ্ঠ যায় বিষাক্ত সংসার বেঁধে তার নগ্ন পায়
ঐশ্বর্য গর্জে উঠে উজ্জল সকালে আর গোধূলির রক্তিম বিস্তারে
দ্বিপ্রহরে 'জীবন, জীবন' স্বরে ফুঁসে ওঠে মানুষের দীঘল মিছিল
তুমি কোথা গরিয়সী নীরন্ধ্র প্রকোষ্ঠে একা জ্বেলে দাও দীপ।
বসে আছো বসে থাকো যমুনার তীরে জীবের হিসাব
কে পাপিষ্ঠ মুঠো ভরে তুলে রাখে আমার বহতা সময়
দূরত্ব বিস্তৃত হয়, তোমার পরিধি বাড়ে, ক্ষুব্ধ হয় অন্তি বিলয়।
..
৬.
শ্বাসাঘাতে ত্রস্ত্র হই, মুমূর্ষ রোগীর মতো বেঁচে আছো আজো
ইতস্তত ভেসে যাই কাক্সিক্ষত কমল ফুলে ওঠে প্লাবণের জল
তোমার তো নৌকো নেই, তোমার তো ভিন্নতর পরিত্রান নেই
গভীরে গভীরে থাকো কোনোদিন সমতলে ওঠো নি জলের ( শোভাযাত্রা দ্রাবিড়ার প্রতি-৬, শোভাযাত্রা দ্রাবিড়ার প্রতি)
১৪
আমি তো রক্তের সাক্ষী, যে রক্তে ফুটে ওঠে দিনের কমল
আমি তো রক্তের সাক্ষী, যে রক্তে খুলে যায় হরিৎ তোরণ
আমি তো রক্তের সাক্ষী, যে রক্তে ফিরে আসে হারানো স্বজন
রক্ত নয় কেনো দ্বিধা, রক্ত এক অবিমিশ্র জীবন শপথ। ( শোভাযাত্রা দ্রাবিড়ার প্রতি-১৪, শোভাযাত্রা দ্রাবিড়ার প্রতি)
কবিতায় মুহম্মদ নুরুল হুদা বিংশ শতাব্দীতে এসে তার আদি জাতিসত্তার প্রতি স্স্পুষ্ট ঘোষণায় বলে দেয় উপরোক্ত কাব্যাংশে তা বুঝা যায়। যদিওবা তার ইতিহাস ও সমাজ নৃতাত্ত্বিক মগ্নতায় আর্য ব্রাহ্মাণ্যবাদী গোষ্ঠী যা বর্তমানে সনাতনী হিন্দু হিসেবে পরিচিত (বাঙালিসহ)। নতুন দার্শনিক বিতর্ক সৃষ্টি হতে পারে। এ দু:সাহসিক উচ্চারণ কবি মুহম্মদ নূরুল হুদা তার শৈল্পিক কাব্য ভাষার মধ্য দিয়ে প্রকাশ করেছেন। হুদা মৈনাক থেকে সমগ্র পার্বত্য অঞ্চলে অস্ট্রিক জনগোষ্ঠীর অস্তিত্বের কথাও স্বীকার করেছেন। এ ভারত উপমহাদেশে অস্ট্রিক ও দ্রাবিড় জনগোষ্ঠীর প্রথম অবস্থান ইতিহাস বলে। অত:পর হুদা-
তুমিও কিশোরী ছিলে, এখন যুবতী
শব্দ শোনো, শব্দ মিছিলের-অনাদি মিছিল আজ
যাবে সেই দ্বীপে
স্বদেশ স্বজনহীন এই সব অনাত্মীয় মানুষের ভীড়ে
অবশেষে মিশে যেতে হয়; এসো সাথী হই;
জলমগ্ন হে দ্রাবিড়া, আমাদের যুগলাঙ্গ যাত্রা
শুরু হোক। (শোভাযাত্রা দ্রাবিড়ার প্রতি-১৭)
মুহম্মদ নুরুল হুদা তার ইতিহাস ঐতিহ্য আবিষ্কারের পথের যে যাত্রা সে সাহসি পদক্ষেপ আমাদের অবশ্যই স্বীকার করতে হবে। এবং এখানে দ্রাবিড়ের রক্ত উত্তরাধিকার হিসেবে বর্তমান শংকর বাঙালি জাতিগোষ্ঠী হিসেবে বিতর্ক সৃষ্টি করলেও তার পদযাত্রাকে স্বাগত জানাতে হয়।
'শোভাযাত্রা দ্রাবিড়ার প্রতি' কাব্যগ্রন্থে ব্লীভস ১৯৭১, অরণ্যোদগম, গৃহমুখী, বশীকরণ, জনৈক রবোট বলছে, বৃষ্টি, মাঘ ১৩৭৮, ইথাকা, একটি বেটপ জামা, মৃত্যু, নীলিমায় কবর, প্রাক-ভাষণ, প্রতীক মানুষ কবিতায় সমৃদ্ধ এ গ্রন্থে তিনি মিস্টেরিয়াস প্রতীকী অনেকে ক্ষেত্রে স্বধর্মে উচ্চারণ শিল্প সমৃদ্ধ করেছে। তার মেধাবী বুনন প্রকৌশলে অনেক অযাচিত অনুপ্রাসও শিল্প উত্তীর্ণ হয়েছে।
সমগ্র কাব্যগ্রন্থের প্রতিটি কবিতায় ভাবালোচনা প্রযোজ্য নয়। তবুও পৃষ্টার শেষপ্রান্তে এসে কিছু কিছু কবির প্রার্থনার কথা উল্লেখ না করলে নয়। দ্রাবিড় জনগোষ্ঠীর সাথে ল্যাটিন আমেরিকান জনগোষ্ঠীর ইতিহাসেই বিবর্তনের ধারায় কিছু মিল পাওয়া যায়। বিভিন্ন সাম্রাজ্যবাদী রাষ্ট্র ও জাতিগোষ্ঠী যেভাবে দখল আগ্রাসনের মধ্য দিয়ে মরতে মরতে এখনো পর্যন্ত তাদের প্রতিবেশ প্রকৃতি বাঁচিয়ে রেখেছেন সে সংগ্রামের প্রতীকি কবি পাবলো নেরুদা। স্বপ্ন বাঞ্ছনার সাথে হুদার স্বপ্ন বাসনার যাতনার আকাঙ্খা আন্তর্জাতিকতার মিল খুঁজে পাওয়া যায়। পাবলো নেরদাকে উৎসর্গকৃত প্রতীক মানুষ কবিতার ৯ম অধ্যায়ে
কোনো এক দ্রাবিড় শহরে, মহোঞ্জোদারোতে কিংবা
হরপ্পায় তাকেই কি দেখিছে একদা?
হাজার বছর ধরে অনন্তর শোভাযাত্রা, তাহারি উদ্দেশ্যে।
আজ এই নগরীতে অশ্রুতপূর্ব এ জনাসমাবেশে
তাকে যদি নাহি পায় আমি, তাহলে মৃন্ময়ী
দ্বিধা হয়ো; তোমার বিশাল গর্ভে
তাহলে ধারণ করো আশিশ্ন আমায়; যেমন
অতিকায় বনস্পতি পেয়েছে জীবন,
তেমনি তোমার গর্ভে সহস্র বৎসর আমি যাপি এ যৌবন।
১০
দ্বিতীয় স্বর: যা কিছু আমার স্বপ্ন, সে তো এক শুচি-জন্ম,
ব্রহ্মান্ডে আমাতে এক বৈধ বিনিময়। (প্রতীক মানুষ, শোভাযাত্রা দ্রাবিড়ার প্রতি)
দ্রাবিড়ার গর্ভে ব্রহ্মারপূত্র হিসেবে একটি পূত-পবিত্র জরায়ুর মধ্য দিয়ে শুচি জন্মের আকাঙ্খা হুদার। তিনি মনে হয় একটি মিস্টেরিয়াস শুচিবায়ুগ্রস্ততার স্বপ্ন দেখেন। যা আদৌ বৈজ্ঞানিকভাবে শংকর বাঙালি সন্তান হিসেবে অসম্ভব। তার যাপিত জীবন ও কবিতা যাপনে ফরাসি মিস্টেরিয়াস দর্শন পরিলক্ষিত হয়। তবুও হুদার এ স্বপ্ন বাঞ্ছা পূরণে বিধাতার প্রতি আরজি জানায়।
ঋণ স্বীকার
মিশুক তান্ত্রিক, প্রাচীন বাংলায় দ্রাবিড় জাতি।
http://www.somewhereinblog.net/blog/elaheebd/29106716
