২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেলাল ভাই, আপনাকে স্মরণ করি

subrato_barua

Published : 22 Aug 2013, 05:11 PM

Updated : 23 Jun 2022, 04:06 PM

বেলাল ভাই আর নেই। অনুজপ্রতিম লেখক রহীম শাহ সে খবরই জানিয়েছিল ফোনে। বেলাল ভাই মানে কবি বেলাল মোহাম্মদ। স্বাধীন বাংলা বেতারের উদ্যোক্তা-সংগঠক বেলাল মোহাম্মদ। একাত্তরের শব্দসৈনিক বেলাল মোহাম্মদ।

এ-বছর ৭ই জুলাই তারিখে যখন শুনেছিলাম গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বেলাল ভাইকে, তখনই আকাঙক্ষা জেগেছিল মনে এ-যাত্রায় বেঁচে যাবেন তো। বেশ কিছুদিন ধরেই তো শুনছিলাম, শরীর ভালো নেই তাঁর। চিকিৎসার জন্যে কলকাতা যাবেন। সে যাওয়া অবশ্য হলো না তাঁর। তার আগেই অন্য এক অচেনা জগতে পাড়ি দিলেন তিনি।

মানুষের জীবনে মৃত্যুর মতো অবধারিত আর কিছু নেই। তাই মৃত্যুকে সহজভাবে মেনে নেওয়ার কথাই সবাই বলেন। কিন্তু মৃত্যুকে সহজভাবে মেনে নেওয়া মোটেই সহজ নয়। যিনি চলে যান তাঁর কথা জানি না, কিন্তু যাঁরা থেকে যান তাঁদের পক্ষে চিরবিচ্ছেদের এই বেদনা খুব সহজে বিস্মৃত হওয়া সম্ভব নয়। তবে একসময় এই বিচ্ছেদ বেদনাও সহনীয় হয়ে ওঠে।

কবি বেলাল মোহাম্মদ, বলা যায়, পরিণত বয়সেই মৃত্যুবরণ করেছেন। তাঁর জন্ম ১৯৩৬ সালের ফেব্রুয়ারি মাসে, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর গ্রামে। সে হিসেবে মৃত্যুকালে তিনি সাতাত্তর বছর অতিক্রান্ ছিলেন। কিন্তু মাত্র বছর দেড়েক আগেও যখন শেষবার তাঁর সঙ্গে দেখা হয়েছিল, বয়সের ভারে বিপর্যস্ত এমন মোটেও মনে হয়নি।

বেলাল ভাইয়ের সঙ্গে প্রথম কোথায় দেখা হয়েছিল কিংবা পরিচয় ও কিভাবে ঘনিষ্ঠতা হয়েছিল সে কথা আজ আর মনে নেই। খুব সম্ভবত চট্টগ্রাম বেতার ভবনেই 'আর্টিস্ট' অর্থাৎ নিজস্ব শিল্পী। 'স্টাফ আর্টিস্ট'-রা বেতারের নিয়মিত কর্মচারী ছিলেন না; তাঁরা ছিলেন চুক্তিবদ্ধ বেতারকর্মী। বেলাল মোহাম্মদ ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ চলাকালে চট্টগ্রাম বেতার থেকে পুঁথিপাঠ করতেন। সে পুঁথি তিনি নিজেই লিখতেন। তাতে থাকত প্রতিদিনের লড়াইয়ের খবর এবং পাকিস্তানের বিজয় কাহিনী ও অন্যান্য প্রচারণামূলক বিষয়। এই পুঁথিপাঠ অনুষ্ঠানটি তখন খুবই জনপ্রিয়তা লাভ করেছিল এবং এর শিল্পী ও লেখক হিসেবে বেলাল মোহাম্মদও অত্যন্ত জনপ্রিয় হয়েছিলেন।

সে সময় বেলালভাই জড়িত ছিলেন চট্টগ্রাম থেকে প্রকাশিত মেয়েদের পত্রিকা 'বান্ধবী'র সঙ্গেও। বেগম মুশতারী শফি ছিলেন 'বান্ধবী সংঘ' নামে মহিলাদের একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সংগঠক। বান্ধবী সংঘেরই সাময়িকপত্রের নাম ছিল 'বান্ধবী'। বেলাল ভাই ছিলেন সে পত্রিকাটির অঘোষিত সম্পাদক। বান্ধবী সংঘ ও 'বান্ধবী' পত্রিকা ছিল চট্টগ্রাম-কেন্দ্রিক। আমি তখন চট্টগ্রামে ছিলাম এবং কিছুটা লেখালেখিও করতাম। সেজন্যই বোধ হয় বেলাল ভাইয়ের সঙ্গে কিছুটা ঘনিষ্ঠতাও হয়েছিল। এ ঘনিষ্ঠতার আরেক অনুঘটক ছিলেন আবুল কাসেম সন্দ্বীপ। পুরো নাম বলতে হত না, সন্দ্বীপ বললেই সবাই বুঝত আবুল কাসেম সন্দ্বীপ। তিনিও ছিলেন সন্দ্বীপেরই মানুষ; তাই জন্মস্থানের নামটি নিজের নামের সঙ্গে জুড়ে দিয়েছিলেন। আবুল কাসেম সন্দ্বীপের সঙ্গে আমার বিশেষ ঘনিষ্ঠতা ছিল। তিনি চট্টগ্রাম কলেজের ছাত্র ছিলেন এবং কলেজে ইউএসপিপি'র সমর্থক ও নেতা ছিলেন। ইউএসপিপি ছিল ছাত্র ইউনিয়নের অনুসারী ও সমর্থকদের চট্টগ্রাম কলেজভিত্তিক প্রতিষ্ঠান। এই সংগঠনের পক্ষ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ১৯৬৩-৬৪ সালের ছাত্র সংসদে আমি 'ম্যাগাজিন সেক্রেটারি' নির্বাচিত হয়েছিলাম। আবুল কাসেম সন্দ্বীপও পরবর্তী কালে ইউএসপিপি'র প্রার্থী হিসেবে একবার ম্যাগাজিন সেক্রেটারি ও একবার সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছিলেন।

১৯৭১ সালের ২৬ মার্চ কবি বেলাল মোহাম্মদ যখন স্বাধীন বাংলা বেতার সংগঠিত করছিলেন তখন আমিও চট্টগ্রামে অবস্থান করছিলাম। কিন্তু সে-সময় তাঁদের সঙ্গে আমার যোগাযোগ ছিল না, দেখাও হয়নি। আবুল কাসেম সন্দ্বীপ পরে আমাকে একান্তে বলেছিলেন, স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র নাম দিয়েই তিনি প্রথম ঘোষণা প্রচার করেছিলেন। দু'দিন ধরে সেভাবেই বেতার কেন্দ্রের নাম প্রচার হয়েছিল। তারপর 'বিপ্লবী' শব্দটি বাদ দেওয়া হয়। এ নিয়ে আবুল কাসেম সন্দ্বীপের মনে বেশ দুঃখ ছিল; তবে তা তিনি খুব বেশি কাউকে জানিয়েছিলেন বলে মনে হয় না।

একাত্তর সালের এপ্রিল মাসে আগরতলার কর্ণেল চৌমুহনীতে বেলাল ভাই এবং তাঁর অন্য চার সঙ্গী আবুল কাসেম সন্দ্বীপ, মুস্তাফা আনোয়ার, আবদুল্লাহ আল-ফারুক ও এম শারফুজ্জামানের সঙ্গে আমার দেখা হয়। এঁদের মধ্যে শারফুজ্জামানের সঙ্গে আমার দেখা হয়। এঁদের মধ্যে বেলাল মোহাম্মদ এবং আবুল কাসেম সন্দ্বীপ ছাড়াও মুস্তাফা আনোয়ার আমার পূর্বপরিচিত ছিলেন। কর্ণেল চৌমুহনীতে বাংলাদেশের একটি কার্যালয় তথা যোগাযোগ কেন্দ্রে তখন কাজ করছিল। সেখানেই স্বাধীন বাংলা বেতারের এই পাঁচ জন কর্মী তখন অবস্থান করছিলেন। আমি তা জানতাম না।

নেহাৎ ঘটনাচক্রে আমি সেখানে উপস্থিত হয়েছিলাম এবং বেলাল মোহাম্মদ ও আবুল কাসেম সন্দ্বীপের সঙ্গে আমার দেখা হয়েছিল। বেলাল ভাইয়ের আগ্রহেই তাঁদের সঙ্গে যোগ দেওয়ার সুযোগ ঘটেছিল আমার। অবশ্য সেখানে থাকার অনুমতি মিলেছিল একদিন পরে। বেলাল ভাই-ই উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সে অনুমতি আদায় করে নিয়েছিলেন। এভাবেই আমার অনিশ্চিত যাত্রার অবসান ঘটেছিল এবং আমি হয়ে গেলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একাদশতম কর্মী।

এপ্রিল মাসের শেষের দিকে আমাদের অর্থাৎ বেতার কর্মীদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় জেলখানা রোডের একটি ভাড়া বাড়িতে। সেখানে থাকার সময় নিজেদের নাম পাল্টে নিয়েছিলাম আমরা নিরাপত্তার কারণে। পাকিস্তানি চরেরা তখন আগরতলায়ও পৌঁছে গেছে। বেলাল মোহাম্মদ নাম নিয়েছিলেন লাল মোহন– তাঁর গ্রামের বিপ্লবী লালমোহন সেনের কথা মনে রেখে। মুস্তাফা আনোয়ার নাম নিয়েছিলেন শক্তি–তাঁর প্রিয় কবি শক্তি চট্টোপাধ্যায়ের নামে। সন্দ্বীপ নাম নিয়েছিলেন সুভাষ। আমার নাম হয়েছিল সুনীল। আবদুল্লাহ আল-ফারুক আর শরফুজ্জামান কি নাম নিয়েছিলেন তা আজ আর মনে নেই। সবাই জানত–এটি বিএসএফ অর্থাৎ সীমান্ত রক্ষীবাহিনীর প্রচার বিভাগের অফিস। এখানে আমরা বেশ কিছুকাল ছিলাম কলকাতায় না যাওয়া পর্যন্ত।

বেলাল ভাই চট্টগ্রাম বেতারের কোনো কর্মকর্তা ছিলেন না, এমনকি স্থায়ী কর্মীও নন। কিন্তু মুক্তিযুদ্ধের সূচনালগ্ন থেকেই নিয়তি যেন নির্দিষ্ট করে দিয়েছিল তাঁর দায়িত্ব। তিনিই হয়ে উঠেছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কেন্দ্রীয় ব্যক্তিত্ব। অনুষ্ঠান পরিকল্পনা থেকে শুরু করে অনুষ্ঠান রেকর্ডসহ প্রায় সব রকম কাজেই বেলাল মোহাম্মদ হয়ে উঠেছিলেন অপরিহার্য একজন মানুষ।

সেদিন মনে হয়নি, কিন্তু আজ মনের মধ্যে প্রশ্ন জাগছে হঠাৎ করে কোন গুণে ইতিহাসের সন্ধিক্ষণে এমন এক ঐতিহাসিক দায়িত্ব পালন করতে পেরেছিলেন তিনি? তার উত্তর এই মুহূর্তে মাত্র অল্প কয়েকটি কথায় দেওয়া সম্ভব নয়। দেশের প্রতি অকুণ্ঠ, অকৃত্রিম ভালোবাসা-তো ছিলই; তার সঙ্গে ছিল পরিচ্ছন্ন চিন্তা ও রাজনৈতিক সচেতনতা। বয়সে আমার চেয়ে প্রায় আট বছরের বড় ছিলেন, কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে তার চিহ্ন ছিল না। তাঁর আচরণ ছিল সব সময় বন্ধুর মতো। কখনো উত্তেজিত কণ্ঠে কথাও বলতে দেখিনি তাঁকে। অনেক কষ্ট ও দুর্ভোগের মধ্যেও খুব নিরুত্তাপ থাকতে পারতেন, পরিস্থিতির বিচার করতে পারতেন বাস্তবতাবোধ আর যুক্তি দিয়ে। সবসময় মুখে হাসি ছিল। নিজের জীবনের চরম দুর্যোগের কথা যখন একান্তে বলেছেন তখনও তাঁকে হা-হুতাশ করতে কিংবা ধৈর্য হারিয়ে ফেলতে দেখিনি। তাঁর কাছ থেকে সব সময় পেয়েছি অগ্রজের মতো ব্যবহার।

সব চেয়ে বড় কথা, তিনি যে অবদান রেখেছেন আমাদের মুক্তিযুদ্ধের দিনগুলিতে, সে কথাও নিজে থেকে খুব বেশি প্রচার করেছেন বলে মনে হয় না। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে হয়তো একটি অধ্যায়েরও ইতি ঘটল।