২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্র কবিতায় মানবিক সৌন্দর্য

meghnad_ghosal

Published : 01 Jul 2013, 10:59 PM

Updated : 23 Jun 2022, 04:06 PM

রামকৃষ্ণদেব বিবেকানন্দ বলেছিলেন 'তোর এবার ভোর হল।'

ভোর হল মানে কী? তবে কি এতদিন আত্মা ঘুমিয়ে ছিল দেহের শয্যায়! এবার তার ঘুম ভাঙল, এই ভোর হলেই তো উপাসনা ক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুত হতে হয়, গাত্রস্নানে পবিত্র হতে হয়, কবিকেও যেতে হয় চৈতন্যের ঢেউয়ে শান্ত স্নিগ্ধ হতে, প্রথম দিনের সূর্য ওঠার মুহূর্তেই শিশু-রবীন্দ্রনাথ, অনুভব করেছিলেন সত্তার নতুন আবির্ভাবে দুঃখের আঁধার রাত্রির শয্যা ছেড়ে যেতে হবে 'পরিপূর্ণ চৈতন্যের সাগরে সংগ্রামে', কবি লিখেছেন:

"আমায় আমির ধারা মিলে যেথা যাব ক্রমে ক্রমে পরিপূর্ণ চৈতন্যের সাগর-সংগমে।'

চৈতন্যের এই সাগর সংগমে গিয়েই একজন মহৎ স্রষ্টা দেখেন কাঁটার আড়াল ফুটে আছে শিউলি বকুল, যার সুগন্ধে অন্তরাত্মা প্রার্থনার জন্য ব্যকুল হয়ে ওঠে। ব্যকুল আসলেই হয় না, এই প্রার্থনার জন্য আত্মাকে ধাতস্থ করতে হয় কবিতার জন্য, তবে এই ধাতস্থ হয়ে গেলে প্রয়োজন বিপস্সনা অর্থাৎ অন্তর্মুখীন ধ্যান, এই ধ্যানে মগ্ন হয়ে কবি অনুভব করেন:

"নদী শৈলসাগর সমন্বিতা নানা শক্তি ও ভাবমিতা
বাহ্য প্রকৃতি অতি মহৎ কিন্তু তাহা
অপেক্ষা মহত্তর মানবের অন্তঃপ্রকৃতি"।

রবীন্দ্র কবিতায় বহিঃপ্রকৃতি বাসা বেঁধেছে এই অন্তঃপ্রকৃতিতে। কবি সেই বাসায় থেকেও দৈশিক ও বৈশ্বিক নাগরিক হয়ে উঠেছেন বলেই 'চুপিচুপি প্রাণের প্রথম জানাশোনা'-র দিন থেকে বলে এসেছেন :

সব ঠাঁই মোর ঘর আছে, আমি সেই ঘর মরি খুঁজিয়া'

বহিঃপ্রকৃতি কবির মনভূমির বাসায় ঠাঁই নিয়েও আপন স্বাতন্ত্র্য রক্ষা করেছে বলেই তাঁর কবিতা এত অভিনব আনন্দময় এবং বহিঃপ্রকৃতি ও অন্তঃপ্রকৃতির আসনে আহ্বান করার কাজে মগ্ন থাকলেন না। যদি সেই সাধনায় তন্বিষ্ট থেকে প্রকৃতির অন্তর্লীন রহস্যলোক উন্মোচিত করতেন, তাহলে বাংলা কবিতায় শব্দের শর্তসীমা বহু গুণিত হত, কিন্তু তাঁরা তা না করে 'নদী শৈলসাগর সম্বন্বিতা নানা শক্তি ও ভাবমিতা বাহ্যপ্রকৃতি' কেই মহৎরূপে গ্রহণ করে মহত্তমের থেকে মুখ ফিরিয়ে নিলেন, আবার এরই পাশাপাশি অনেক কবি বহিঃপ্রকৃতি ও অন্তপ্রকৃতির দ্বৈত সত্তাকে অদ্বৈত রূপে কল্পনা করে অনন্ত অরূপের সঙ্গে প্রাণময় যোগস্থাপনের জন্য ব্যকুল হলেন, সেই কাজে তাঁরা শরীরপাত করলেন, ভাবের ভারে শব্দ হাঁসফাঁস করতে করতে অন্তরাত্মার ক্ষুধা নিবৃত্তির শক্তির অপচয় করে চলল তাঁদের কবিতা। পরবর্তীকালের আধুনিক কবিদের অনেকেই অন্তঃপ্রকৃতিকে বেঁধে রাখলেন নিত্যকার বোধের সীমানায়, তাতে ক্ষতি নেই। কিন্তু তাঁরা যে বহিঃপ্রকৃতিকে অন্তঃপ্রকৃতির প্রতিপক্ষ সাজিয়ে রীতিমতো দেহের খাঁচায় বন্দি আত্মার ছটফটানিতে ক্লান্ত ক্লিষ্ট হতে হতে হারিয়ে ফেলেছেন হৃদয়ের সেই শক্তি। তাই 'একটি পৃথিবীর অন্ধকার ও স্তব্ধতায় একটি মোমের মত' জ্বলে ওঠে না তাঁদের হৃদয়, সে হৃদয় হারিয়ে ফেলেছে মানবিক সৌন্দর্য সৃষ্টির মধ্যদিয়ে অন্তরাত্মার ক্ষুধা নিবৃত্তির পথ বাৎলে দেওয়ার সামর্থ, বস্তুসর্বস্ব ভোগাবাদী একঘেয়েমিতা এক বিরক্তিকর শূন্যতার দিকে আমাদের ঠেলে দিচ্ছে, একটু একটু করে আমরা আত্মহননের দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের অর্থ বাণিজ্য ঐশ্বর্য সব থাকা সত্ত্বেও আমরা মানসিক বিকারে প্রতিনিয়ত বিকৃত রুচির আঘাতে আঘাতে অন্তরাত্মাকে ক্লান্ত অবসন্ন করে তুলছি। আত্মঅনুচিন্তন থেকে বিচ্ছিন্ন মানুষ গভীর আশ্লেষ পেতে চাইতে নিসর্গ প্রকৃতিকে। কিন্তু গলিত পিচের গন্ধে একটানা রোলারের শব্দ শুনতে শুনতে দূর থেকে কৃষ্ণচূড়ার চকিত ঝলকটুকু রেখে বিস্ময়-বিমূঢ় হয়ে 'আট বছর আগের একদিন'-এর নায়কের মতোই প্রতিটি মানুষ আত্মার নিদারুণ অপচয়ের দিনে আঁকড়ে ধরতে চায় এমন এক সৃষ্টিকে যা 'আপন আলোকে দৈতি অন্তরে অন্তরে'। রবীন্দ্রনাথের কবিতা তা সে যত সাধারণ মানের কবিতাই হোক না কেন তা যে মানবিক সৌন্দর্যে অমলিন তার কারণ তাঁর কবিতায় শব্দ সুর চিত্র ধ্বনি ব্যজ্ঞনা সবই কবিচেতনার নিগূঢ় সত্তার আলোয় অপরূপ করে তোলে নিজেদের। তাঁর কবিতা এভাবেই মধুর রহস্যময় সৌন্দর্যে লীন হয়ে স্বপ্নহীন বেসুরো কর্কশ শব্দের মধ্যে নিত্য আনন্দের ফুল ফোটায়। কবিতার এই শক্তি ও সম্ভাবনাকে একালের কবিতা আত্মস্থ করতে না পারলে তার অন্তরের ঋজুতার অভাব প্রকট হয়ে পড়বে। কিন্তু রবীন্দ্র কবিতা 'বাইরে কুটিল হলেও অন্তরে সে ঋজু'। এই ঋজুতার গুণেই কবিতায় সে 'আমি'-র প্রকাশ তা হাজার বাঁধনে বাঁধা। এই বাঁধন আলগা হলে কবিতাকে দিন কাটতে হয় অন্ত্যজ দশায়। মানুষ তখন অন্যের কবিতা নিজের কবিতার তুলনায় উৎকৃষ্ট না অপকৃষ্ট তা বিচার করে কবিতাকে ঠেলে দেয় পালনের দিকে। বাংলাদেশে কিন্তু ভাবপ্রবণ মানুষের সংখ্যা অনেক বেশি, তাই ঘরে ঘরে কাব্যের কদর হবারই কথা। কিন্তু অনেক সমালোচক প্রমাণ করতে চাইছেন বাঙালির এই ভাবপ্রবণতা দিয়ে অসামান্য প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথকে, তাঁর কবিতার মননশীলতা, আন্তর্জাতিকতা ও আধ্যাত্মিকতার সূক্ষতাকে সম্পূর্ণ জানা সম্ভব নয়, তবুও ভালো লাগার নিরীক্ষে অতি সাধারণ বাঙালি পাঠকও যে রবীন্দ্র কবিতাকে একটু একটু করে বুঝে নিতে চাইছে এবং একালের ছোট বড় মাঝারি মাপের কবিরাও যে তাঁদের কবিতায় রবীন্দ্রনাথের সেই বিরাট সত্তার চূর্ণ বিচূর্ণকে লগ্ন করে নিয়ে আত্মপ্রকাশের আনন্দে ছুঁতে চাইছে অসীমতাকে তার কারণ বোধহয় রবীন্দ্র কবিতায় কবির ব্যক্তি আমি অসংখ্য আমি হয়ে অগণিত মানুষের সঙ্গে মঙ্গঁলডোরে বাঁধা। কবিতাপ্রেমি মানুষ জানেন কবিতায় 'আমি'-র কথা বলেও অহং-মুক্ত থাকার জীবনশৈলীকে আর রবীন্দ্র কবিতা শুনে মানব জনমের ভিটায় ঘমিয়ে থাকা আত্মার ভোর হয়, অন্ধকার নৈরাশ্যের আলস্য ছেড়ে আমরা বলি 'জলে স্কুলে আমি হাজার বাঁধনে বাঁধা গিঁঠাতে গিঁঠাতে,' কবির এই পথ পরিক্রমা আসলে মানুষের সঙ্গে আরো বেঁধে বেঁধে থাকার আকাঙ্খা, এই আকাঙ্খাই কবিকে তাঁর নিভৃত নির্জনতার ক্ষেত্র থেকে বেরিয়ে ধুলার পথে হাঁটতে শিখিয়েছে, তাই গীতাঞ্জলী অসমাপ্ত রেখে পূজার ডালি নিভৃতে ফেলে রেখে কবিকে যেতে হয় মহামানবের সাগরতীরের উদ্দেশ্যে যেখানে কর্মবন্যা ধায়, সেখানেই কবি তাঁর অমর আলয় বাঁধতে চান, তাই গীতাঞ্জলীর 'অসমাপ্ত' কবিতায় তিনি বলেন 'জীবনে যত পূজা হল না সারা'। কিন্তু গীতিকবি রবীন্দ্রনাথ তাঁর অন্তরতমের তিয়াষ মেটাবার নান্দনিকতাকে যে অপরূপপুরে অনুভব করেছেন সেখানে মানবের সুখ দুঃখে গাথা সংগীত তিনি তো উষা লগ্নে কড়ি ও কোমল কাব্যে প্রাণ কবিতাতেই অনুভব করেছিলেন, তাই তিনি যতই মানসীর রূপে অন্তরদেশে নিভৃত সাধনায় মগ্ন থাকুন না কেন তাঁর কাছে অন্তর ও বাহির আলাদা নয়, তাই তিনি নবজাতক কাব্যের 'প্রজাপতি' কবিতায় লিখেছেন:
'এখনি সে এখানেই আছে
আমার চৈতন্য সীমা অতিক্রম করি বহুদুরে
রূপের অন্তরদেশে অপরূপপুরে'।

যুগে যুগে এই হল মহৎ মানুষের জীবন পরিক্রম স্বামী বিবেকানন্দ ১৮৯৬ সালের ২৪ শে ফেব্রুয়ারি নিউইয়র্কে 'My Master' নামক বক্তৃতায় মহৎ মানবের চরণ চিত্র অনুসরণ করে পথ পরিক্রমার কথা বলেছেন। সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে, সেই মানুষই নিরন্তর ভালবাসার দৃষ্টির অধিকারী। রবীন্দ্রনাথ সেই পথের মাঝে ধুলার উপর কত অশ্রু-ঘর্ম-বর্ণ-রক্ত ঝরিয়েছেন সংসার পাতার জন্য কেননা তাঁর মানসী তো সেই সংসারেই খুঁজে পেয়েছিল আপন দেশের আলো, কবি লিখেছেন:
"যাব যাঁর বল পেয়ে সংসার পথ তরিয়া
যত মানবের গুরু মহৎজনের
চরণ চিহ্ন ধরিয়া"।

জীবন স্মৃতিতে কড়ি ও কোমল কাব্য সম্পর্কে তিনি লিখেছিলেন:
"আমার কবিতা এখন মানুষের দ্বারে আসিয়া দাঁড়াইয়াছে, এখানে তো একবারে অবারিত প্রবেশের ব্যবস্থা নাই। মহলের পর মহল দ্বারের পর দ্বার কবিকে এত স্পষ্ট করে বলে দিতে হয়েছিল বলেই আজ আমাদের বিস্ময় লাগে। কবি 'মহল' শব্দটিকে এত গুরুত্ব দিলেন কেন? আসলে তাঁর কাছে মানুষ অনেক বড়। এই দুর্ভাগা দেশে যারা সবার পিছে থেকে চরণে দলিত হয় ধুলায় নাম হারা সেই সব মানুষ যারা রৌদ্রে বসে জাল বোনে, ঝুড়ি গাঁথে, মাছ বেঁচে কিংবা বন্যায় 'আকরি মোষের গলা সাঁতারিয়া চাষী ভেসে যায়' সেই সব অতি তুচ্ছ মানুষের পদ ধুলিতে পৃথিবী মধুময়। তাই কবি সেই সব মানুষকেই বিশ্বচেতনার নিরিখে বুঝে নিতে চান। রবীন্দ্রনাথের কাব্যে সে পূরবী থেকে মহুয়া কিংবা পুনশ্চ থেকে শেষ লেখা জীবনের সব পর্বেই এসেছে মানবতার পথে গ্রন্থি উন্মোচনের মরমী সংগ্রহ, কবি যে দ্বারেই গেছেন সেখানে কান পেতে শুনেছেন বিশ্ব মানবের মনে শান্তি নেই সুখ নেই তাই কবি হৃদয় কখনই কোনো দ্বারে থেমে থাকতে পারেনি, যারা পৃথিবীর পথে পথে আলো জ্বেলে মানুষের সব সংশয় লজ্জা অপমান দূর করার নিরলস প্রচেষ্টায় পথ হাঁটচ্ছেন তাঁদের প্রমান জানিয়ে কবি বলেনঃ
"রেখে যাই আমার প্রনাম
তাঁদের উদ্দেশে যাঁরা জীবনের আলো
ফেলেছেন পথে যাহা বারে বারে সংশয় ঘুচালো"।
(পথের শেষে জন্মদিনে)
এই আত্ম শ্রদ্ধার বিস্তার তাঁর কবিতায় শব্দকে আলোকিত করে রাখে বলেই মানবিক সৌন্দর্যের অনাবিষ্কৃত খনি যা তাঁর কবিতার বড় সম্পদ তা আজকের অতি তুরুণ প্রজন্মের কবি আত্মাকেও আবিষ্ট করে রাখে। আজকের পরানুগত্যের জীবনে আত্ম লাঞ্ছনা গ্লানি একাকীত্বের বোধে তাড়িত মানুষের পিঠে দগ্দগে বাস্তবতার কুটিল দাগ। তবু সেই বাস্তবতার নিত্যকার বোধের মধ্যে নিসর্গপ্রকৃতিকে ধারণ করেও একালের কবি বিশ্ব কবিতার নতুন সৌন্দর্যের খনি, যা অনাবিষ্কৃত থেকে গেছে তারই সাধনায় আত্মাকে মগ্ন রেখেছেন। এই মগ্নতা থেকেই একালের একেবারে তরুণ কবিও অনুভব করেন 'ক্ষতবক্ষমম' তবুর হৃদয়ে 'জামরুল গাছে ফুলকাটা কাজে। বুনুনি সাদায় কালোতে'। অক্ষরের ভেতর কত অন্ধকার, কত তাত তবুও তো এই অক্ষর গ্রহনে শিকড় চারিয়ে চতুর্দিকের আবর্জনাস্তুপের মধ্যে দাঁড়িয়ে মুগ্ধ সৃষ্টিতে আকাশ দেখে কিন্তু ভুলে যায় না ডালে ফুল ফোটাতে। রবীন্দ্র কবিতায় শব্দ এসবে অন্তর্বীক্ষায় শিকড় গেড়ে আমাদের নান্দনিক পুষ্টির জন্য তার সবটুকু রস ঢেলে দেওয়ার পরেও অন্যকে আশ্রয় দেয়। শব্দের এই অসীম শক্তিই আমাদের শিরায় শিরায় এক অনাবিল সৌন্দর্যের স্রোত এনে দেয়। সোনার তরী কাব্যর সূচনায় তো তিনি জানিয়েছিলেন 'মানুষের জীবন ধারায় বিচিত্র কলরর এসে পৌঁছেছিল আমার হৃদয়ে। মানুষের পরিচয় খুব কাছে এসে আমার মনকে জাগিয়ে রেখেছিল।" তখন থেকেই নিরন্তর ভালবাসার দৃষ্টি দিয়ে পল্লীগ্রামের নিত্র-পীড়িত লাঞ্ছিত মানুষই আত্মবিচ্ছেদে জর্জরিত হয়ে তাদের জীবনের যে কী নিদারুন অপচয় ডেকে আনছে তা তিনি যেভাবে অনুভব করেছিলেন এমনটা আর কেউ করেছে কি? অথচ সেখালে অনেকেরই মনে হয়েছিল রবীন্দ্রনাথ তাঁর কাব্যে 'কেবল আনন্দ মঙ্গল এবং ঔপনিষদিক মোহ বিস্তার করে তার বাস্তব সংসর্গের মূল্য লাঘব' করেছেন। যাঁরা এই অপবাদ দিযেছিলেন তাঁরা হয়তো রবীন্দ্রকবিতার আনন্দ-মঙ্গল ও ঔপনিষদিক চেতনার সঙ্গে মানব দর্শনের ধারাটিকে তুলনামূলক বিচারের আওতায় এনে এককে অন্যের প্রতিপক্ষ বা একের পক্ষে অন্য ধারাটি ক্ষতিকারক এমনটাই ভাবতে চেয়েছে। চিত্রা কাব্যের সূচনায় এদের উদ্দেশ্য করেই রবীন্দ্রনাথ বলেছিলেন 'এমন অপবাদ কেউ কেউ আমাকে দিয়েছেন'। বস্তুত তিনি 'পৃথিবীর কবি' তাই যখ রূপ মঙ্গল-আনন্দ আস্বাদনের কথা বলেন তখন যে ধুলি ধুসর প্রথিবীর সকলের সঙ্গে এক পাতে বসেই। তিনি লিখেছেন:
বিচিত্র আনন্দ যত এক মুহুর্তেই
একত্রে কবির আস্বাদন, এক হয়ে সকলের সনে।
বস্তুত ঔপনিষদিক, আধ্যাত্মিক, সামাজিক, রাজনৈতিক রবীন্দ্রনাথের নানা সত্তার এই যে মিলন এরা যেন আলাদা আলাদা রবীন্দ্রনাথ হয়েও 'এরা যেন আমার একটি দেশজোড়া বৃহৎ পরিবারের' জন্য গাঁধা রবীন্দ্রসত্তারই মালা গেঁথে চলেছে। কিন্তু সূত্রটি কি? সূত্র ধরই বা কে? এ প্রশ্ন থেকে মনে হয় সূত্রটি হল অসহায় নিরুপায় অতি সাধারণ মানুষ। রবীন্দ্রনাথ কৃষানের জীবনের শরিক হয়ে বুঝেছিলেন 'নিতান্তনির্ভরপর সরল চাষাভূষাদের আপনার লোক মনে করতে বড় একটা সুখ আছে'। এই সুখ থেকেই তেনি ব্যাকুল হয়ে যারে যারে বলেছৈন 'মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই'। এই বাঁচবার আকাক্সক্ষা যতই তাকে কাড়িত করেছে ততই তিনি অনুভব করেছেন মানব জীবনের সর্বস্তরকে উপভোগ করতে না পারার অনুশোচনা। 'সুখ যারা দুঃখে সুখে,' তাদের জীবনের শরিক হয়ে 'কর্মে ও কথায় সত্য আত্মীয়তা'- রচনার এই ব্যাকুলতা তাঁকে টেনে এনেছে রুদ্ধদার থেকে রাস্তায় সেই সব অতিতুচ্ছ মানুষের মধ্যে:
'তিনি গেছেন যেথায় মাটি ভেঙে
করছে চাষা চাষ
পাথর ভেঙে কাটছে যেথায় পথ,
খাটছে বারো মাস।
বিশ্ববিধাতা নিজেই এখানে কর্মী হয়ে সকলের সঙ্গে ভাগ করে অন্ন পান করেন। তাই বলা যায় ঔপনিষদিক মোহ মানবতার ধর্মকে লাঘব করেনি বরং তিনি যতই সাধারণ খেটে খাওয়া মানুষের সঙ্গে মিশেছেন ততই তাঁর অধ্যাত্ম চেতনা এক নতুন সত্য অনুভব করেছে। তা হল:
'বিশ্ববিধাতার নামে মানুষকে ছোটো গন্ডি থেকে বড়ো রাস্তায় তো ডাকতে হবে।'

কিন্তু তাঁর কাব্যফসলের সম্ভার নিয়ে তিনি যতই মানুষের দ্বারে গিয়েছেন তখন অনুভব করেছেন 'এখানে তো একবারে অবারিত প্রবেশের ব্যবস্থা নাই। মহলের পর মহল দ্বারের পর দ্বার।' মানুষকে এই 'ছোট গন্ডি' থেকে মুক্ত করা তো আত্মবিচ্ছেদে পীড়িত আত্মাতে বড় আমির স্পর্শ এনে দেওয়া যা তারা আত্মশ্রদ্ধায় আশ্বস্ত হয়– এই ছিল তাঁর সাধনা। এই সাধনার জন্যই তিনি পথ হেঁটেছিলেন। ইতরার পুত্র ঐতরেয় পদব্রজে ভ্রমণ করে সূর্যজ্ঞান লাভ করেন। ঐতরেয় ব্রাহ্মণে আছে রাজপুত্র রোহিত সূর্যজ্ঞান পাবার জন্য রাজবাড়ি ত্যাগ করে বছরের পর বছর ঘুরে বেড়িয়েছেন। পথে এক বৃদ্ধার সঙ্গে তাঁর দেখা; তিনি স্বায়ং সূর্য। রোহিতকে তিনি বললেন 'রোহিত ঘুমিয়ে থাকার অজ্ঞানতাই কলিযুগ। ঘুম ভেঙে চোখ মেলার নামই দ্বাপর। বিছানা ত্যাগ করে মাটিতে পা রাখার নাম ত্রেতা। আর পা ফেলে ফেলে এগিয়ে যাওয়াই সত্যযুগ।' রবীন্দ্রনাথও তো সূর্যজ্ঞানের প্রত্যাশায় রাজবাড়ি ছেড়ে ঘুরে বেড়িয়েছেন পদ্মাতীরবর্তী পল্লী মানুষের সঙ্গে পথে পথে। পথে বিশ্ববিধাতাই তাঁকে বলেছেন মানুষকে ছোট গন্ডি থেকে বড় রাস্তায় ডেকে আনতে। তাঁর কবিতা সেই মন্ত্র যার ধ্বনিতে মানুষ আত্মাকে সঁপে দিতে চায় মঙ্গঁল বোধের নিবিড় নিষ্ঠায়।