২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গল্পের রূপ-বৈচিত্র্য

monish_roy

Published : 26 Jun 2013, 10:47 PM

Updated : 02 Sep 2022, 08:36 PM

আমরা এত বেশি গল্পের ভেতর নিত্যদিন বসবাস করি যে গল্পের অভাব হবার কথা নয়। আমাদের ডানে গল্প , বাঁয়ে গল্প , মাথার উপর দিয়ে এরোপ্লেনের মতো উড়ে যাওয়া গল্প, পায়ের নীচে পিষ্ট হওয়া শুকনো কিংবা ভেজা ঘাসের মতো শত-সহস্র গল্প।
তবু ইদানীং আমাদের জীবনে গল্প-টল্পগুলো খুব একটা জমছে না। গল্প বলতে গেলেই পাঠকের সারি থেকে কেউ একজন চেঁচিয়ে বলে ওঠেন,' গল্প ছাড়েন ভাই। জীবনে নেমে আসেন। গল্প লিখে টিখে কিছু হবে না। হয়নি কোনদিন। '
বেচারা গল্পকার! শুরুতেই পাঠক তাকে মিথ্যেবাদী বানিয়ে দিল।
কিন্তু তিনিও দমবার পাত্র নন মোটে। তার ভেতর গল্পগুলো ভাতের মতো বলক তুলছে । তিনি গল্প বলে ছাড়বেনই। পাঠক শুনতে চাইছে না, তবু।
তিনি কদিন ও হেনরি পড়লেন। মোপাসাঁও বাদ যায়নি। রবীন্দ্রনাথ তো সংগে রয়েছেনই। গল্পের শুরু ও সমাপ্তির ভেতর যে চমক তা তাকে এতটাই আকৃষ্ট করে ফেলল যে লিখতে শুরু করে দিলেন।

কিন্তু লিখতে গিয়ে বুঝলেন যে সবকিছু কেমন জড়িয়ে যাচ্ছে। প্রথম বাক্যটি খুব ঢং করে লিখলেন,' সুষ্মিতা আজ চলে গেল।'
নিজেই নিজের পিঠে চাপড় দিয়ে বলে উঠলেন,' বহুত আচ্ছা। ' কিন্তু দ্বিতীয় বাক্যটি লিখতে গিয়ে হবু গল্পকার পড়ে গেলেন মহাসঙ্কটে । একবার মনে হল লিখবেন ,'কারণ, ওর বিয়ে হয়ে গেছে। ' কিন্তু দুটো বাক্য পাশাপাশি রাখার পর মনে হল প্রথমটি যতটুকু রহস্যাবৃত বলে মনে হচ্ছে দ্বিতীয়টি একেবারেই সাদামাটা। এবং দুটো বাক্য পাশাপাশি রাখার পর মনে হল গল্পটি বুঝি এখানেই শেষ হয়ে গেছে।

কিন্তু সুস্মিতাকে নিয়ে যে ওর অনেক কিছু বলার আছে। ওর সম্পর্কে জানবার জন্যে নানা জায়গায় দৌঁড়ঝাপ করেছেন। প্রচুর বইপত্র পড়েছেন। কারো কারো সাথে কথাও হয়েছে। নোট নিয়ে নিয়ে ডায়রির পাতা ভরিয়ে ফেলেছেন। প্রখ্যাত এক কথাসাহিত্যিককে কোন এক আড্ডায় পেয়ে দুম করে জিজ্ঞাসাও করে বসলেন,' গল্প লিখতে চাই , কিভাবে লিখব?'
'যেভাবে বন্ধুকে গল্প বলেন। যেভাবে গার্লফ্রেন্ডের কাছে মিথ্যা বলে নিজেকে ছিনিয়ে আনেন। যেভাবে অফিসের বসকে মুগ্ধ করার চেষ্টা চালান। অবিকল সেভাবে গল্পটাও বলতে হবে। '
'আর কিছু?'
'নিত্য-নতুন বাক্য তৈরির অভ্যাস করতে হবে। '
'আর কিছু ?'
'তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা থাকতে হবে। যা দেখলাম তা কেবল উগড়ে দিলেই হবে না। চারপাশের সবকিছু আত্মস্থ করার মতো হজমশক্তি লাগবে। কোনটা রাখবেন আর কোনটা ছাড়বেন তা জানা ও বোঝার মতো পরিপাকতন্ত্রের ক্ষমতাটুকু অর্জন করতে হয়। পরিমিতিবোধ না থাকলে কোন রান্নাই ভাল লাগে না। আবার গলা কাঁপালেই রাগাশ্রয়ী গান মার্গীয় রূপ পায় না।'

হবু গল্পকার চুপ করে শুনলেন মুরব্বী লেখকের কথা। তিনি অনেকের গল্পের নাম করলেন। মানিক বন্দ্যোপাধ্যায় ,সুবোধ ঘোষ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিমল কর, জ্যোতিরীন্দ্র নাথ নন্দী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, মতি নন্দী , হাসান আজিজুল হক, আখতারুজ্জামান ইলিয়াস, সৈয়দ শামসুল হক, শওকত আলী, আলাউদ্দীন আল আজাদ , রাহাত খান প্রমুখ।

যাঁদের নাম করলেন তাদের সবার গল্পই কমবেশি ওর পড়া আছে। সুবোধ ঘোষের ফসিল, পরশুরামের কুঠার, জতুগৃহ, মানিক বন্দ্যোপাধ্যায়ের অতসী মামী, প্রাগৈতিহাসিক, সমুদ্রের স্বাদ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আখরাইর দিঘি, জলসাঘর, নারী ও নাগিনী, বিমল করের ইঁদুরকল, সুনীল গঙ্গোপাধ্যায়ের খরা, হাসান আজিজুল হকের শকুন, রেপ, আত্মজা ও একটি করবী গাছ, রাহাত খানের আমাদের বিষবৃক্ষ, চুড়ি , সৈয়দ শামসুল হকের জলেশ্বরীর গল্প – এরকম হাজারটা গল্প পাঠ করেছেন তিনি। কয়টা আর মনে থাকে আর কয়টাই বা বলা যায়?
প্রতিটি গল্পই পড়তে ভাল লাগে এবং সমালোচনাও করা যায় যেমন খুশি তেমনি। কিন্তু নিজে লিখতে গেলেই কেন সবকিছু ঢাকার যানজটের ভেতর আটকে যায় তা তিনি বুঝতে পারেন না।

সুস্মিতা নামের এক নারীকে আঁকবেন বলে তিনি কতই না কষ্ট আর শ্রম দিয়েছেন। মেয়েটি এসিড-সন্ত্রাসের শিকার। গ্রাম থেকে ঢাকায় এসেছিল প্রেমিকের হাত ধরে, কিন্তু বিয়ে হল অন্য এক পুরুষের সাথে। প্রেমিক রেগেমেগে এসিড ছুঁড়ে দিয়ে প্রতিশোধ নিল ব্যর্থ প্রেমের। পত্রিকায় এই খবরটি জেনে তিনি মেয়েটির বাসায় গেলেন। স্বামীর সাথে কথা বললেন। জেলে গিয়ে বিশেষ অনুমতি সাপেক্ষে প্রেমিকটির সাক্ষাৎকার ধারণ করলেন টেপ-রেকর্ডারে। কাহিনিটিকে কিভাবে গল্প বানাবেন তাই নিয়ে চলল তোড়জোড়। মাথার ভেতর ঘুনপোকা, সারাক্ষণ উপন্যাসতুল্য এই জীবন কাহিনিটিকে কিভাবে গল্পের ছাঁদে ফেলা যায় তা-ই নিয়ে দুশ্চিন্তা।

শেষে মনে হল প্রেমিকের বয়ানের ভেতর দিয়েই ওদের গল্পটি সাকার করে তুলতে হবে।
এসময় ওর ম্যজিক্যাল রিয়েলিজমের কথা মনে পড়ল। বাংলায় আদর করে এর নাম হয়েছে যাদু -বাস্তবতা। ইতালো কালভিনোরর কসমিকমিকস গল্পগ্রন্থটি তিনি পাঠ করেছেন। এরকম অদ্ভুত অথচ বাস্তবানুগ গল্পের ফর্ম বেছে নেবেন এই গল্পটির জন্যে?

এরকম গল্পে নায়ক চাইলে দুশ বছর বাঁচতে পারে, কোন অসুবিধা নেই। যখন চাঁদ পৃথিবীর খুব কাছে ছিল তখন সুষ্মিতা দেখতে পায় রতনকে–এরকম শুরু দিয়ে যাদু-বাস্তব গল্প তৈরি হতে পারে। এর সাথে জলপাইর আঁচাড়ের মতো খানিকটা ইতিহাস মিশিয়ে নিলে মন্দ হয় না। পাঠক একবার ইতিহাস আর অন্যবার অবাস্তব ঘোড়ায় চড়ে গল্পপাঠের মজা নেবে। ও হেনরীর কেরাণী, পাদ্রী কিংবা সাধারণ মানুষগুলোর স্বাভাবিক উচ্ছ্বল ও স্বত:স্ফ'র্ত চলাফেরা-কথাবার্তার ছক আঁকতে হবে না গল্পে। বাঁচা গেল। তবে যাদু-বাস্তবতা ঘরানার গল্পটি যদি উত্তীর্ণ না হয় তাহলে পাঠকের মাথার উপর দিয়ে যাবে। যে রাগ-রাগিনী কারো বোধগম্য নয় তা নিয়ে আহা উঁহু করতে কি কোন অসুবিধা আছে? ও হেনরীর এক-একটি গল্প ভীষণ নাটুকে আর প্রাণোচ্ছল, শেষের চমকের জন্যে বসে থাকতে হয় গিঁট ধরে। এরকম গল্পের দেহকান্ডের কোথাও একটুখানি আঁচড় পড়লেও পাঠক টের পেয়ে যায় গল্পটি এ জায়গায় কিঞ্চিৎ ঝুলে গেছে। মজা করতে করতে শেষ পর্যন্ত জীবনের এক বড় দর্শনকে পাঠকের সামনে নিয়ে আসার অসামান্য উদাহরণ রয়েছে সুনীল গঙ্গোপধ্যায়ের খরা গল্পটিতে। আবার বাংলা সাহিত্যের মহান গল্পকার জ্যোতিরীন্দ্র নাথ নন্দীর গিরগিটিকে নি:সন্দেহে অতিপ্রাকৃত কিংবা ভাববিলাসী গল্পের তকমা না পরিয়ে দুটোকে মিলিয়ে-মিশিয়ে যাদু-বাস্তবতা ঘরানার দিকেও ঠেলে দেয়া যায় ।

গল্পকার কোনদিকে যাবেন সুস্মিতাকে নিয়ে বুঝতে পারেন না। 'সুস্মিতা আজ চলে গেল' বলে শুরু করা গেলেও যতটুকু দ্রুততার সাথে তিনি আশা করেছিলেন গল্পটা এগোবে তত যাচ্ছে না। হোঁচট খাচ্ছেন বারবার। ক্রিয়াপদ-সর্বনামের মতো সাধারণ বিষয়গুলোও বড় ও বেঢপ হয়ে চোখের সামনে এসে পড়ছে। বারবার একই ক্রিয়াপদ ব্যবহারের ফলে কথাগুলো কেমন যেন রূঢ়-কর্কশ শোনাচ্ছে। তরতরে-ঝরঝরে লাগছে না। অথচ বেশিরভাগ কথাসাহিত্যিকের কথা বলবার ভঙ্গিটি মিলে যায় তার গল্পভাষাটির সাথে। তিনি যেভাবে কথা বলেন অন্যদের সাথে গল্পও ঠিক ওভাবেই লেখেন। কিঞ্ছিৎ মনোযোগী হলেই এই সাযুজ্যটুকুর সন্ধান মেলে। সৈয়দ শামসুল হক যেরকম শব্দের কারসাজি দিয়ে গল্প তৈরি করেন তাঁর কথা বলবার ভঙ্গিমাটিও কি অনেকটা সেরকম নয়?

হবু গল্পকার গার্বিয়েল গার্সিয়া মার্কেজের শরণ নিলেন। Eva is inside her cat গল্পটি তিনি শুরুটাই করলেন এভাবে – "All of a sudden she noticed that her beauty had fallen apart on her, that it had begun to pain her physically like a tumor or a cancer''. অথবা অন্য একটি গল্প তিনি শুরু করলেন এভাবে – "Then she looked at me."
আসলে, মার্কেজ কিংবা কাফকা বলে নয়, খ্যাতনামা সমস্ত গল্পকারদেরই গল্প শুর করার নিজস্ব ভঙ্গি রয়েছে। ছোটগল্পের শরীরে মেদের আধিক্য কোনভাবেই সহনীয় নয়। শরৎচন্দ্র একদা বলেছিলেন -কথা বলবার চেয়ে না বলা আরো কঠিন। তাই, গল্পকারের মাত্রাবোধ, রসবোধ ইত্যাদির কোনটির কমতি থাকলে গল্পটি জলো হয়ে পড়ে। একটি দুটি ঘটনার ভেতর দিয়ে জীবনের বিম্বিত রূপটি ধারণ করা সত্যি কঠিন কাজ । গল্পকার এই কাজটি করতে পারেন বলেই তিনি গল্পকার। কারণ , তিনি বোঝেন কোথায় এর শেষ এবং কোথায় এর সমাপ্তি ঘটবে। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি গল্প খরা। পুরো গল্পটাই চলল মাতালের মাতলামি দিয়ে। কিন্তু গল্পটি যেখানে শেষ হল সেখানে খরা উপদ্রুত অঞ্চলের কিছু চিমসানো নারী দাঁড়িয়ে রয়েছে। যাদের শুকনো স্তনের মতো পুরো অঞ্চলটি জলহীন বিরান পড়ে রয়েছে চোখের সামনে। বাংলাসাহিত্যের বেশিরভাগ উত্তীর্ণ গল্পগুলো এই সুরে বাধা। এগুলো পড়তে গিয়ে গোগল-এর ওভারকোট, আন্তন চেখভের স্টেপি, সমারসেট মম কিংবা আলবার্তো মোরাভিয়ার কথা মনে হবে।

হবু গল্পকার গল্পের কুশিলবের বাক্যালাপ কিংবা সংলাপ নিয়েও রয়েছেন দুশ্চিন্তায়। গল্পের চরিত্রগুলো তো নিজেদের ভেতর কথা বলবেই। কিন্তু সেই আলাপচারিতা যদি অর্থহীন হয়? যদি বোদ্ধা পাঠকের চটজলদি মনে হয় এসব আলাপচারিতা মোটেই গল্পবান্ধব হয়নি, অর্থহীন ও অপ্রাসঙ্গিক , তাহলে? কারণ, সংলাপ একটি গল্পের প্রাণ -ভোমরা। এটি চরিত্র ও এর চারপাশককে চেনায়। পাঠকের মনে যে ছবি তৈরি হয় তা অনেকখানি এই সংলাপ নির্ভরতা থেকে উঠে আসে। কিন্তু ছেলে-মেয়ে-খালা -দাদু-মা-বাবা-বন্ধু -প্রেমিক-প্রেমিকার সংলাপ যদি শ্রেণীভেদে একইরকম মনে হয়? একজন ইংরেজি পড়ুয়া কিশোরী কিংবা একজন সহজ-সরল মধ্যবিত্ত গৃহবধুর সংলাপ কখনোই এক হবার কথা নয়। একইভাবে একজন কৃষক, টেম্পোচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রথিতযশা শিক্ষক কিংবা একজন নব্য কোটিপতির শ্রেণী চরিত্র ভিন্ন। এদের চিন্তা-চেতনার জায়গাটিও ভিন্ন। তাই, এদের কথাবার্তার ধরন-ধারণ একইরকম হবার কথা নয়।

একজন শক্তিশালী গল্পকার অতি সতর্কতার সাথে সংলাপের ব্যবহার করে থাকেন তার গল্পে। কুশীলবের নাম না জেনেও বলে দেয়া যাবে- এটি কোন মধ্যবিত্ত নারী কিংবা কোন উচ্চবিত্ত রাশভারী পুরষের কন্ঠস্বর।

হবু গল্পকার বড়ই পেরেশান গল্প-নির্মাণ শৈলী নিয়ে। তিনি ভেবেছিলেন গল্পটি উত্তমপুরুষে লিখবেন। 'কারণ, ওর বিয়ে হয়ে গেছে। ' বলবার পরপর প্রেমিকপ্রবর পাঠকের সামনে এসে দাঁড়াবে। পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো করে সে একে-একে সব কথা বলবে। কিন্তু কি বলবে নিজের সম্পর্কে ? 'কিন্তু আমি এই বিয়েটা চাইনি। আমি চেয়েছি……..' এভাবে?
খুব ফালতু শোনাচ্ছে কথাগুলো । বাক্যের চমক, ঘটনার চমক, চরিত্রের চমক কোথাও স্পষ্ট হচ্ছে না। অথচ মাথার ভেতর কিলবিল করছে গল্প। সমুদ্রের ঢেউর মতো আছড়ে পড়তে চাইছে কলমের ডগায়। কিন্তু আছড়ে পড়বার পর মনে হচ্ছে এতো একই ঢেউ ? সৃজনশীলতার যে স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত ও পরিশীলিত প্রকাশ তা তো পরিস্ফূট হচ্ছে না তাতে।
হবু গল্পকার রবীন্দ্রনাথের শরণাপন্ন হলেন। গল্পগুচ্ছ-এর প্রথম গল্প ঘাটের কথা মনে পড়ল। পড়তে পড়তে কখনো হাসি পাচ্ছে, কখনো কান্না পাচ্ছে। ঘাটের মতো এমন নীরস বিষয় নিয়েও যে গল্প লেখা সম্ভব এবং তা দিয়ে পাঠকের আবেগকে নাড়াচাড়া দেয়া যায় তা রবীন্দ্রনাথ ছাড়া আর কে পেরেছে প্রথম এই বাংলাসাহিত্য ! গল্পগুচ্ছ হচ্ছে বাংলা কথাসাহিত্যের উৎসমুখ, একে ছাড়া চলে না। তারপর তো বুদ্ধদেব বসু এসে ভাষাটিকে আরো চাঁচাছোলা ও আধুনিক করে গড়ে তুললেন। প্রেমেন্দ্র মিত্র , অচিন্ত্যকুমার সেনগুপ্তদের ক্ষুরধার গল্পভাষা কি ভোলা যায়?

হবু গল্পকার কাকে পড়েননি ? সমরেশ বসুর নির্মোহ জীবনঘনিষ্ঠতা , সমরেশ মুজমদারের উত্তরবঙ্গ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিংবা বুদ্ধদেব গুহর জঙ্গল-প্রণয়, মহাশ্বেতা দেবীর আদিবাসী কড়চা, কমলকুমার মজুমদার বা সন্দীপন চট্টোপাধ্যায়ের অন্যরকম কিছু– সবই তো তিনি পাঠ করেছেন। তবু লিখতে গিয়ে এমন নাকাল হচ্ছেন কেন ?

একটি ঘটনা বলার পর আরেকটি ঘটনা বলতে পারছেন না। দুটো যেন মিলছে না। অথচ বড় লেখকদের ঘটনাগুলো যেন একটির সাথে অন্যটি মিলেমিশে একাকার, ঝর্ণাধারার মতো বহমান। কিছুদূর এগোলেই চোখের সামনে চিত্র ভেসে ওঠে। আর্নেস্ট হেমিংওয়ের স্নোজ আব কিলিমানজারোর বিপদগ্রস্থ লেখকের মৃত্যুভাবনার কথা মনে পড়ছে । কী যে স্পষ্ট ও সাবলীল সেই বর্ণনা। ভাবা যায়? ফ্রানজ কাফকার মেটামরফোসিস পাঠ করে মার্কোজ বুঝতে পেরেছিলেন – That it was possible to write in a different way.

সবই বোঝেন তবু হবু গল্পকারের গল্পটি এগোচ্ছে না। একটি সাংঘাতিক গল্প লিখবেন বলে তিনি কদিন থেকে তড়পাচ্ছেন। তিনি একইসাথে বাংলা ও ইংরেজি সাহিত্যে এমএ করেছেন। মাথায় গোলাকৃতি টাক। কেবল তিনদিকে ভারতের কাঁটাতারের বেড়ার মতো কগাছা চুল পুরো মাথাটিকে পাহারা দিয়ে চলেছে। চোখে পুরু লেন্স। পেশায় একজন অবসরপ্রাপ্ত ব্যুরোক্রেট। রুম ভরতি অজস্র চোখ জুড়ানো এন্টিক-অলংকার। টেবিল ভরতি ক্ষুধাবর্ধক খাদ্য-সামগ্রী। তিনি গল্পটি লিখবেন ভেবে স্ত্রী তাকে একাকী রেখে গেছেন এই সোনার চাবিওলা ঘরে।
অথচ গল্পটি এগোচ্ছে না।

আঙুলের ফাঁকে পাঁচ হাজার টাকা দামের ব্রান্ডের কলম। কাগজ একেবারে বকের পাখা। মুখে মাঝে মাঝে তুলে নিচ্ছেন একটি দুটো কালো টসটসে আঙুর। এসির সুশীতল বাতাস ও কক্ষের নীরবতা একধরনের মগ্নতা তৈরি করছে তাতে– কোন সন্দেহ নেই।
কিন্তু যে কাজটির জন্য হবু গল্পকারের ভেতর এত হাহাকার সেই ধামাকা গল্পটিই আর হচ্ছে না। সহজ , সাবলীল ও নির্বিকার গল্পের পাখাটি ওর নেই।
তিনি চেষ্টা করছেন !

Image
Flag Counter