২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফ স্যার, আমরা অপেক্ষায় আছি

drabidaanjuman_huda

Published : 19 Jun 2013, 02:07 PM

Updated : 23 Jun 2022, 04:06 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়ার সুযোগ পাওয়ার পরপরই আমার বাবা আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন খোন্দকার আশরাফ হোসেন স্যারের সঙ্গে। কলাভবনে টিচার্স লাউঞ্জে বসে থাকা বাবরি চুলের দীর্ঘকায় মানুষটির আকর্ষণীয় বাচনভঙ্গির কথা ততদিনে আমি বহুবার শুনে ফেলেছি একই বিভাগ থেকে পাশ করে যাওয়া আমার বড় আপুদের কাছ থেকে। সেদিন স্যারের সামনে বসে মুগ্ধ হয়ে স্যারের কথা শুনেছিলাম আর ভেবেছিলাম, কবে তার ক্লাস পাব! পেলাম ২য় বর্ষে উঠে। সেমিস্টারের যাঁতাকল সত্ত্বেও romantic poetry কোর্সটি স্যার পড়ালেন চমৎকার! ক্লাসে মনে হয় এমন কেউ ছিল না যে স্যারের লেকচার মুগ্ধ হয়ে শোনেনি। তবে বেশিরভাগ ছাত্রছাত্রী যখন স্যারের কাছে কিটস পড়ে মুগ্ধ হয়েছিল, আমার কেন জানি না, স্যারের পড়ানো কবিতাগুলোর মধ্যে Coleridge-এর "The Rime of the Ancient Mariner"-ই বেশি ভালো লাগত। পড়াবার সময় স্যারের কথাগুলো জাদুকরের মতো শোনাত! স্যারের ভরাট কণ্ঠে শোনা কবিতাটির কয়েকটি পঙক্তি "Water, water, everywhere, And all the boards did shrink;/Water, water, everywhere, Nor any drop to drink." এখনও যেন কানে বাজে। কেবল পাঠ্যবইভিত্তিক পড়াশোনায় যে স্যার বিশ্বাসী ছিলেন না, তার প্রমাণ আমরা বারবার পেয়েছি।

স্যার ইংরেজি সাহিত্যের যা-ই পড়াতেন, তার সঙ্গে বাংলা সাহিত্যের কোনো না কোনো সামঞ্জস্য দেখিয়ে আমাদের পড়বার ও জানবার আগ্রহ বহুগুণ বাড়িয়ে দিতেন। ঠিক এ রকম সময়ে যখন স্যারের ক্লাস পেয়ে আমরা নতুনরা মুগ্ধ, তখনই স্যারের আগ্রহ ও পৃষ্ঠপোষকতায় এবং তাঁর অসংখ্য অনুগামী ছাত্রছাত্রীর চেষ্টায় স্যারেরই দেওয়া "আকাশে মেলি ডানা, মাটিতে শেকড়" মূলমন্ত্র সঙ্গে নিয়ে গোড়াপত্তন হল ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের সংস্কৃতি সংসদ 'কৃষ্ণচূড়া'র। কিছুদিনের মধ্যেই সংগঠনটির প্রথম অনুষ্ঠান হল। সে অনুষ্ঠান নিয়ে স্যারের আগ্রহ আমাদের সম্মিলিত আগ্রহকে যেন ছাপিয়ে গিয়েছিল! আস্তে আস্তে সেই ছোট্ট সংগঠন ডালপালা ছড়াল, একটু একটু করে এগিয়ে যেতে লাগল, স্যার সবসময় সংগঠনটির সঙ্গে ছিলেন ছায়া হয়ে। প্রতিটি অনুষ্ঠানেরই অন্যতম আকর্ষণ ছিল স্যারের কণ্ঠে আবৃত্তি।

শুধু বিশেষ উপলক্ষেই নয়, বিভাগের করিডরে আশরাফ স্যারের নিত্যদিনের উপস্থিতিও যেন একটা অন্যরকম কিছু ছিল! প্রায় ছয়ফুট লম্বা প্রবল ব্যক্তিত্বসম্পন্ন মানুষটি করিডোর দিয়ে হেঁটে যেতে যেতে যখন সহাস্যে প্রিয় ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতেন তখন তাঁকে খুব আপন মনে হত। যে কোনো উপলক্ষে স্যারের উৎসাহ আমাদের উৎসাহে নতুন প্রাণ পেত। অনেক সমস্যাতে স্যার সাহায্য করতেন অকুণ্ঠচিত্তে। মনে আছে, একটি অনুষ্ঠানের জন্য আমরা যখন রিহার্সেল করার জায়গা খুঁজছিলাম, স্যার আমাদের তার বাংলোতে জায়গা করে দিলেন, টানা দুদিন সেখানে আমরা রিহার্সেল করলাম। ছোটখাটো ব্যাপারেও স্যার আমাদের মতামতকে গুরুত্ব দিতেন। সেবার রিহার্সেল করার সময় স্যারের বাসার একটি হারমোনিয়াম দিয়ে বারবার জিজ্ঞেস করছিলেন যে সেটি ঠিক আছে কি না! সবসময় আমাদের মনে একটা বদ্ধমূল ধারণা ছিল যে যে কোনো সমস্যা নিয়ে স্যারের কাছে গেলে স্যার কোনো না কোনোভাবে হাত বাড়িয়ে দেবেন।


আশরাফ স্যারের প্রতি আমাদের আরেকটি অন্যরকম ভালোলাগা কাজ করত। যখন আমরা অনুভব করতাম বাংলা ভাষার একজন অসামান্য প্রতিভাবান কবি আমাদের শিক্ষক। স্যারের কণ্ঠে তাঁরই রচিত অসাধারণ কিছু কবিতার আবৃত্তি শোনার সৌভাগ্য আমার হয়েছে, কখনও ক্লাসে, কখনও কোনো অনুষ্ঠানে, প্রায়ই ইচ্ছে হত স্যারের কণ্ঠেই স্যারের কবিতা শোনার। তৃতীয় বর্ষের মাঝামাঝিতে এসে যখন অধীর আগ্রহে অপেক্ষা করছি, কবে চতুর্থ বর্ষে উঠে স্যারের ক্লাস পাব; ঠিক সে সময় স্যারের ত্রিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার খবর পেলাম। কেন জানি না স্বার্থপরের মতো মনে হয়েছিল, এটা হতে পারে না; স্যার আমাদের ক্লাস নেবেন না, ক্লাসের ফাঁকে ফাঁকে নিজের কোনো কবিতা আবৃত্তি করে নিজেই হেসে 'আত্মবিজ্ঞাপন করছি, কিছু মনে করো না' বলে ক্লাসগুলোকে হাসির ফোয়ারায় প্রাণবন্ত করে তুলবেন না, হাসিমুখে আমাদের যে কোনো উদ্যোগে উৎসাহ দেবেন না, তা তো হতে পারে না। স্যার আমাদের আশ্বস্ত করেছিলেন যে তিনি মাঝেমধ্যে আমাদের কাছে আসবেন। স্যার কি সেই কথা ভুলে গিয়েছিলেন? ত্রিশাল যাওয়ার কথা ছিল তাঁর, কোথায় গেলেন তিনি! না, হাসিখুশি প্রাণবন্ত সজ্জন মানুষটি হঠাৎ এভাবে চলে যেতে পারেন না।

স্যারকে নিয়ে লেখা একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে স্যার আমার আব্বুকে হাসতে হাসতে বলেছিলেন যে আমি তারও মেয়ে, সেই আশরাফ স্যার বাবা দিবসে এভাবে চলে গেলেন না ফেরার দেশে! কিছুতেই বিশ্বাস হতে চায় না। স্যারের আকস্মিক মৃত্যুতে শোক জানিয়ে বিভাগের দেয়ালে টাঙানো কালো ব্যানারটি দেখলে হঠাৎ কেমন থমকে যেতে হয়, স্যারের রুমের বন্ধ দরজার সামনে রাখা পুষ্পস্তবকটি বড্ড বেমানান লাগে। এই তো সেদিনও যিনি খুব করে ছিলেন, আজ একটুও নেই! মৃত্যুর পর তাঁর নিষ্প্রাণ শরীর, কীভাবে সে দৃশ্য চোখ মেলে দেখি! স্যার শয্যাশায়ী– এই দৃশটিও যে ভাবা যায় না! আশরাফ স্যার বললেই সদাপ্রফুল্ল মানুষটির চেহারাই চোখের সামনে ভেসে ওঠে। শুনছি স্যারের চিকিৎসা সুষ্ঠুভাবে হয়নি। যারা দায়ী তারা আসলে কিছু হারায়নি, যতটা আমরা হারিয়েছি। আমরা আর ফিরে পাব না একজন অসামান্য শিক্ষককে, একজন অসাধারণ আশরাফ স্যারকে।

ঠিক এই মুহূর্তে এক বছর আগেকার সেদিনের কথা মনে পড়ছে, যেদিন স্যারের বাসায় আমরা কয়েকজন একটি অনুষ্ঠানের জন্য রিহার্সেল করছিলাম। বাইরে তুমুল বৃষ্টি, আমরা স্যারের ড্রয়িংরুমে বসে গাইছি 'আজি ঝরঝর মুখর বাদর দিনে', স্যার বাইরে বারান্দায় তার ইজিচেয়ারে বসে বৃষ্টি দেখছেন। হঠাৎ একবার কিছুক্ষণের জন্য তাকিয়ে রইলেন দেয়ালে ঝোলানো তাঁর সদ্য পরলোকগতা স্ত্রীর ছবির দিকে। কেমন যেন মায়া লেগেছিল স্যারের জন্য সেদিন, মনে হয়েছিল মানুষটা খুব একা। জানি না কোথায় চলে গেলেন আমাদের সবার ভীষণ প্রিয় স্যার। যিনি এত প্রবলভাবে ছিলেন, তিনি কখনও পুরোপুরি চলে যেতে পারেন না। আমরা স্যারের অভাব ভীষণভাবে বোধ করব। যারা স্যারের সঙ্গে কিটস-শেলি-কোলরিজ পড়তে পারবে না, তারা যেমন অনেককিছু থেকে বঞ্চিত হবে, তেমনি আমরা যারা কিছুটা হলেও স্যারের সান্নিধ্যে আসতে পেরেছিলাম, তারা তাঁর না থাকাটাকে মানতে পারব না; বরং স্যারের ফেরার পথ খুঁজে বেড়াব তীব্র প্রতীক্ষায়। আমরা জানি, স্যার কখনও আমাদের ছেড়ে থাকতে পারবেন না। আমাদের স্যারের নেওয়া প্রতিটি ক্লাসের স্মৃতিতে, 'কৃষ্ণচূড়া'র প্রতিটি উদ্যোগে, ইংরেজি বিভাগের প্রতিটি পরতে পরতে এই অসামান্য প্রতিভাবান উজ্জ্বল মানুষটি বেঁচে থাকবেন চিরকাল। স্যার বলে গেছেন "আবার আসতে পেলে আটঘাট বেঁধে আসব।"

স্যার, আপনি অবশ্যই আসবেন। আপনার কথামতো আমরা প্রার্থনায় নম্র হয়ে আপনাকে খুঁজব, আপনিই তো বলেছেন, তাহলে আপনাকে পাওয়া যাবে। তবে কেন নয়? আপনার কবিতাই বলে দেয়, আপনি যেভাবে ছিলেন, সেভাবেই আছেন, আজীবন থাকবেন। স্যার, আমরা অপেক্ষায় আছি।