২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবিতার সার্বভৌমত্বের প্রশ্নে জোসেফ ব্রদস্কির গুরুত্ব

জাহেদ সরওয়ার

Published : 19 Apr 2013, 11:09 PM

Updated : 02 Sep 2022, 08:37 PM

কবি বা কবিতার সঙ্গে তথাকথিত আদর্শ রাষ্ট্রের বিরোধ প্রায় চিন্তার সমবয়সী। কারণ কবি নিজে সার্বভৌম, ইশ্বরের মতোই। ফলে রাষ্ট্রের সার্বভৌমত্বের কাছে সহজেই সে আক্রমণের লক্ষ্য। এ কারণেই সেই প্লাতন 'রিপাবলিক' কিতাবে কবিকে তাদের আদর্শ রাষ্ট্র থেকে নির্বাসিত করেন। এই কারণেই নাজিম হেকমতকে নিক্ষেপ করা হয় মলের ভাণ্ডে। নেরুদাকে মেনে নিতে হয় গৃহবন্দিত্ব। শুধু ব্রদস্কি নয়, সোভিয়েত রাশিয়া থেকে নির্বাসিত হন ইভান বুনিন, সলঝিনিৎসিন, আনা আখমাতোভাসহ আরও অনেককে।

এ রকম শত উদাহারণে প্রোজ্জ্বল কবিতার ইতিহাস। কারণ ইশ্বর যেন ভুল করে একটা চোখ উপহার দিয়েছিল কবিকে। কেন দিয়েছিল তা কবি জানেন না। এমনকি কবি ইশ্বরের একনায়কতন্ত্রও পছন্দ করেন না।

ব্রদস্কি তাঁর প্রবন্ধ 'লেস দ্যান ওয়ান' এ লিখেছেন, কৈশোরের আগেই লেনিন সম্পর্কে তার মনোভাব ছিল বিরূপ। এর কারণ তাঁর রাজনৈতিক দর্শন অথবা চর্চার জন্য নয়, কারণ সাত বছর বয়সে আমি ঐসব বিষয় সম্পর্কে কিছুই বুঝতাম না। বরং পাঠ্যবইয়ে, প্রতিটি ক্লাসের দেওয়ালে, স্ট্যাম্পে, টাকায় এবং প্রায় সবকিছুতেই লেনিনকে যেভাবে সর্বশক্তিমান হিসাবে তুলে ধরা হত, তাতে তাঁর প্রতি আমার মনোভাব ক্রমশ বিরূপ হয়ে যায়।

শাসনব্যবস্থা একটা সিস্টেম। হয়তো একটা সিস্টেমের মধ্যে দিয়ে না গেলে তা স্থায়িত্বও পায় না। ফলে জনস্রোতকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। কিন্তু অদ্ভুতভাবে দেখা যায়, সৃৃজনশীলতা বিশেষ করে কবিতাকে কোনো সিস্টেমে আটকে রাখা যায় না। কারণ প্রত্যেক মানুষের জীবনই আলাদা রাজ্য। আর কবিদের জীবন নৈরাজ্য। রাষ্ট্র যেসব সিস্টেমের ভেতর দিয়ে সফল হয়ে ওঠে, তা প্রায়ই অমানবিক। সভ্যতার ইতিহাসে মানবিক রাষ্ট্র বিরল। রাজ্য যারা শাসন করেন তারাও ব্যক্তি। তারা সমষ্টির মুখোশ পরে থাকে কেবল। এই গণমানুষকে নিয়ন্ত্রণ করে সুস্থ সমাজব্যবস্থার স্বপ্নের চেয়েও গভীরে ও দূরে কবিহৃদয়ের যাত্রা।

Image
joseph-brodsky.jpg


যখন কবির লেখায় ফুটে ওঠে ক্ষমতাসীনদের দাম্ভিক হাস্যকর চিত্র, তখন তা রূপ নেয় শত্রুতায়। তখন রাষ্ট্রের ছদ্মবেশে সেই ক্ষমতাসীনরা কবিকে হত্যা করার জন্য, নিদেনপক্ষে কলম স্তব্ধ করে দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে।

তখন সবে লেখা শুরু করেছেন ব্রদস্কি। নিজের লেখার চাইতেও বেশি অনুবাদ করছেন বিভিন্ন ভাষার কবিদের। নিজের গরজেই শিখেছিলেন বহুভাষা। ইহুদির সন্তান বলে সাবমেরিন আকাদেমিতে ভর্তি হতে না পারা ব্রদস্কি কবিতা লিখতে শুরু করেন ১৯৫০-এর শেষের দিকে। বিভিন্ন ভাষা থেকে তিনি অনুবাদ করেন চেশোয়াভ মিউশ, ডান, মারবেলের কবিতা। কাফকা, প্রুস্ত, ফকনারের গদ্য।

ব্রদস্কি কবিতা লেখার পাশাপাশি নানান ধরনের কাজ করতে থাকেন। কবিতা লেখার জন্য পেশা গুরুত্বপূর্ণ নয়। কবি যে কোনো পেশার হতে পারেন বা এটা এভাবে বলা যায়, যে কোনো পেশার লোকই কবিতা লেখা শুরু করতে পারেন। আর এই নানামুখী কর্মতৎপরতার কারণেই তো কবিতা বিচিত্রগামী হয়ে ওঠে।

ব্রদস্কি বুঝেছিলেন কবিতা রাজনীতির চাইতে বেশি কিছু। তিনি প্রাথমিকভাবে প্রভাবিত হয়েছিলেন মেটাফিজিক্যাল কবিদের দ্বারা। তার কবিতা সামিজডাট সংস্করণগুলোতে প্রকাশিত হতে থাকে ও তা পাঠকআদৃত হতে থাকে। সোভিয়েতে তখন কবিতার বন্ধ্যাত্ব প্রায় চরমে। গঠনমূলক রাষ্ট্রীয় কবিতার যুগ। ইন্ডাস্ট্রিয়াল কবিতার যুগ। যতই স্বতন্ত্র কবি ও স্বাধীন চিন্তক হিসাবে গ্রহণযোগ্যতা বাড়তে থাকে ব্রদস্কির ততই তিনি রাষ্ট্রীয় গোয়েন্দাদের নজরে আসতে থাকেন। 'সামাজিক পরজীবী' নামের হাস্যকর অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়।

ব্রদস্কির গ্রেপ্তার ও তার বিচারপ্রহসন ও বিচারকের সঙ্গে তার সংলাপ বিনিময় মনে করাতে পারে প্লাতনীয় সক্রাতেসের সংলাপকেই। কবিতার ইতিহাসে এই সংলাপ গুরুত্বপূর্ণ কবিতার সার্বভৌমত্বের প্রশ্নে। প্রমাণিত হল- কবিতা আসলে কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব মানে না, মানতে পারে না। কারণ একজন কবি তার নিজস্ব সার্বভৌমত্বের অধিকারি, তিনি তার রাষ্ট্রবাসনার জনক। এখানেই রাষ্ট্রের সঙ্গে তার শত্রুতা।

কাঠগড়ায় দাঁড়ানো ব্রদস্কির কাছে রাষ্ট্র জানতে চায়, 'আপনার পেশা কী?'
তিনি বলেন, 'কবিতা।'
হয়তো তার এই সাহসই নিজের বিরুদ্ধে রাষ্ট্রকে আরও বেশি লেলিয়ে দেয় পরবর্তী প্রশ্নের জন্য।
'কবিতা বিষয়ে আপনি কোন্ প্রতিষ্ঠানে শিক্ষা নিয়েছেন।' রাষ্ট্র বলে।
ব্রদস্কির বলেন, 'কোনো বিদ্যালয়ের শিক্ষা থেকে কবিতা আসে বলে আমি মনে করি না।'
রাষ্ট্র তার জাল আরও প্রসারিত করবার সুযোগ পায়, 'তাহলে কবিতা কোথা থেকে আসে?'
এর জবাবে ব্রদস্কি বলেন, 'মনে হয় ইশ্বরের কাছ থেকে।'
এই বাক্যটাই নির্মাণ করে ব্রদস্কির ভবিষ্যৎ। ব্রদস্কি এই বাক্যটির মাধ্যমে বিরোধিতা করেন শুধু রাষ্ট্র বা রাষ্ট্রের ছদ্মবেশে থাকা ব্যক্তির নয়, একটা সিস্টেমের। তিনি একটা সিম্বল হিসেবে বাক্যটিকে প্রয়োগ করেন। ততক্ষণে বিচারকও জেনে গেছেন কী আছে ব্রদস্কির কপালে। তবুও অবিচল ধৈর্য্য ধরে বিচারক তাকে আবার প্রশ্ন করেন, 'কারা কবি হিসাবে আপনাকে স্বীকৃতি দিয়েছে?'
তৎকালীন সাংবাদিক ফ্রিদা ভিগদোরোভার বরাদ দিয়ে বলা যায় ব্রদস্কির উত্তর ছিল এ রকম, 'কেউ না (অত্যন্ত নিরাসক্তভাবে)।

উল্টো তিনি প্রশ্ন করে বসেন বিচারককে, 'কে আমাকে এই মানবজাতির ভেতর অন্তর্ভুক্ত করেছে?'
এরপর ব্রদস্কিকে পাঠানো হয় পাগলাগারদে। পরে সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত জেলখানা ক্রেস্টিতে। জেলে তিনি নথিভুক্ত ছিলেন 'লেস দ্যান ওয়ান' ক্যাটাগরিতে। পরে 'লেস দ্যান ওয়ান'ই হয়ে উঠেছিল তার প্রবন্ধ সংকলনের নাম। ব্রদস্কিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নড়েচড়ে ওঠে পৃথিবীর কবিরা। জাঁ-পল সার্ত্র ও আন্না আখমাতোভার নেতৃত্বে গড়ে ওঠা প্রতিবাদের ভিত্তিতে সাজা মওকুফ করা হয়। এরপর ব্রদস্কিকে বাধ্য করা হয় নির্বাসনে।

পোয়াতি ইলিশমাছ ও স্যামনমাছের সঙ্গে কবিদের অদ্ভুত মিল বারবার আলোচিত হয়ে আসছে। এই মাছদ্বয় তাদের সন্তান প্রসবের সময় অপেক্ষাকৃত কম ঢেউয়ের নদীর দিকে চলে আসে। হয়তো সন্তানের নিরাপত্তার কথা ভেবেই। কবিকেও তো বুকে কবিতার সৃষ্টির ডিম নিয়ে পেরোতে হয় কত উজান, জোয়ার। সত্যিকার অর্থে পলায়নবাদিতা কবিদের জন্য দোষের কিছু না। কারণ তিনি পল্টনের যোদ্ধা নন, গেরিলা যোদ্ধা। তার আক্রমণ চোরাগুপ্তা।
যাহোক, উপরোক্ত সংলাপ একজন কবির সঙ্গে একটা রাষ্ট্রের সংলাপ থেকে বেরিয়ে আসে অনেক কিছু।
চিরতরে তাকে ফেলে যেতে হয় প্রিয়তমা স্ত্রী ও সন্তানকে, মাতৃভুমি ও মাতৃভাষাকে। সেই ক্ষরণকে কাজে লাগান তিনি কবিতায় :
আর বাতিটা জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে বুঝতে পারি
ওখানে তোমাকে নিঃসঙ্গ ফেলে এসেছি
আঁধারে, স্বপ্নের ভেতর, যেখানে শান্তভাবে তুমি
প্রতীক্ষা করতে আমি ফিরে না আসা পর্যন্ত।
(ইন লাভ)

অথবা

বেড়ে ওঠো, টেলিম্যাকাস, আত্মজ আমার
ইশ্বর জানেন আর কখনও দেখা হবে কি না
হয়তো এখন তুমি সেই শিশুটি নেই
একদিন যার সামনে আমি লাঙল-দেওয়া বলদটার কাঁধে
জোয়াল চাপিয়েছিলাম।
(টু টেলিমেকাস ফ্রম অদিসিয়াস)

এভাবে কবি চিরনির্বাসিত। তার কবিতায় একাকার করতে থাকেন তার যাবতীয় স্মৃতি, ইতিহাস আর ঐতিহ্য।
স্তালিনের রাশিয়া গ্রহণ করতে পারে নাই পাস্তারনাকের উপন্যাস, আখমাতোভার কবিতা, বুনিনের গদ্য। তারা যে ব্রদস্কিকে গ্রহণ করবেন তা আশা করা যায় না।

১৯৫৬ সালে ২০তম পার্টি কংগ্রেসে নিকিতা ক্রুশ্চেভ তার বক্তব্যে শিল্পপ্রশ্নে উদারতার প্রসঙ্গ তুললেও সোভিয়েত রাশিয়ার চিন্তার জগতে অন্যভাবনার হাওয়া বইতে থাকে। কিন্তু পরে ক্ষমতার কাঠামোর ভেতর ব্যক্তি-স্বাধীনতাকে অবদমিত করে রাখার রাষ্ট্রীয় আগ্রাসনের বিরুদ্ধে তিনি দাঁড়াতে পারেননি। আখমাতোভা, পাস্তারনাক, ব্রদস্কি তাদের লেখার ভেতর যে আধ্যাত্বিকতার জগতে ব্যক্তির অবস্থানকে খুঁজে বেড়ান তা স্বভাবতই বস্তুবাদবিরোধী। যে কোনো ক্ষমতাকাঠামো দমিয়ে রাখতে চায় চিন্তার স্বাধীনতাকে। ব্রদস্কির নির্বাসনও এই কারণে।

এই ক্ষতবিক্ষত কাটা বিছানো রাস্তাই তো তার রাজ্যে পৌঁছানোর একমাত্র পথ। ব্রদস্কিকে আরও অনেকদিন মনে রাখবে কবিতার ইতিহাস, কবিতার সার্বভৌমত্বের প্রশ্নে।

Image
Flag Counter