২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমেন্দ্র গুহর অপ্রকাশিত একগুচ্ছ কবিতা

vumendra_guha

Published : 21 Dec 2015, 08:49 PM

Updated : 23 Jun 2022, 04:04 PM

সদ্যপ্রয়াত ভূমেন্দ্র গুহ ব্যাপক পরিচিতি পেয়েছিলেন জীবনানন্দ দাশের পাণ্ডুলিপির পাঠোদ্ধারকারী হিসেবে। সন্দেহ নেই যে এই পরিচিতি তার যোগ্যতার গুণেই অর্জন করেছিলেন। কিন্তু ভূমেন্দ্র গুহকে কেবল এই পরিচয়ে সীমিত করে দেখলে আমরা তার অন্য বহুবিধ যোগ্যতার প্রতি অবহেলার অভিযোগে অপরাধী হয়ে থাকবো। তিনি ছিলেন 'ময়ুখ' সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক যেটি জীবনানন্দ বিষয়ে বিশেষ সংখ্যা বের করে এই কবির অলোকসামান্য প্রতিভা সম্পর্কে আমাদেরকে সচেতন করে তুলেছিলেন। কিন্তু এই দুই পরিচয় সহোদরের মতো যে-জরায়ু থেকে নির্গত হয়েছে তার জনপ্রিয় নাম কবিতা। তিনি ছিলেন মূলত কবি। কিন্তু অন্যসব পরিচয় তার কবি-পরিচয়টিকে আচ্ছাদিত করে রেখেছিল আমৃত্যু, মূলত প্রচারবিমুখতার কারণে, কবি-পরিচয়ের ইঁদুর-দৌড়ে কখনোই অংশগ্রহণ না করার কারণেও। ফলে জীবদ্দশায়ই তার বিপুল পরিমাণ কবিতা থেকে গেছে অপ্রকাশিত অবস্থায়। অতিসম্প্রতি, মাত্রই মৃত্যুর কয়েকদিন আগে বেরিয়েছিল তার কবিতা সমগ্র দুই খন্ডে কবি রাহুল পুরকায়স্থ'র সম্পাদনায়। রাহুলের সৌজন্যেই আমাদের হাতে এসেছে–এ পর্যন্ত পত্রিকায় অপ্রকাশিত–ভূমেন্দ্র গুহর এই কবিতাগুলো। বি.স.

ম্যাপ

একটা ম্যাপ আঁকা যাক, যার লাইনগুলির ভাগের মাত্রা হবে
এক-এক এবং শুরুর- বিন্দুগুলি সত্যিকার যা, তাই। প্রথম
শ্রেণির এবং দ্বিতীয় শ্রেণির রাস্তাগুলি, ট্র্যাফিক আলোগুলি
রাস্তাগুলির সাদা-হলদে জেব্রা-দাগগুলি–তাদের আকার-
প্রকার একটা শীর্ষ বিন্দুর দিকে যাচ্ছে, যেখানে সব-কিছুই
হয়ে উঠছে সত্যিকার একটা রাস্তা, ঘোড়া'র-গাড়ির গোরুর-
গাড়ির চলায়-চলায় ভারি, সে-সব খাদের দিকে, পৃথিবীর
দিকে, সমতলের দিকে চলেছে, যেখানে তাদের সূক্ষ্ন খুরের
আঘাতে মানুষের বেড়িয়ে বেড়াবার সব ক্রমান্বয়ী চাতাল
গ'ড়ে উঠছে।

সেই চাতালে যে-সবুজ মাঠটি আছে, তা অক্ষরের; জনৈক
অক্ষর-মানব কাস্তে হাতে বেরিয়েছে সেই চাতালগুলির
আগাছা সাফ করতে যারা আড়াল করছিল এক জন মাএর
মুখ, যা শুশ্রষা করছিল তার সন্তানকে, অথবা সেই ঠেলা-
গাড়িটিকে, যা কারুর শিশু-সন্তানকে নিয়ে বিকেলে বেড়াতে
বেড়িয়েছে। এবং সে-মানব সুগন্ধের ঝরনা খুলে দিয়েছে
ফুলের, এবং তোমার মুখের উপর হাওয়ার রেশমি চুল
বুলিয়ে নিয়েছে। হাওয়ার সমুদ্রকে সশব্দে বইতে দিয়েছে
তার পর; ভোর হতে-না-হতে যারা কুয়ো খুঁড়তে লেগেছে
তাদের দড়ি-দড়া-বালতির ভেঙে-ভেঙে-যাওয়া ক্যাঁচ-কোঁচ
শব্দ ভেসে এসেছে– জল উঠেছে; সকালের আকাশের
হাওয়ার ভিতরে পানসি উড়ে গেছে, তাতে কোলাহল-মুখর
তরুণীরা, হাসির ফেনায় ভেসেছে।

যে-যে জায়গায় যে-যে বাড়ি-ঘর ছিল, সে-সে জায়গায়
সে-সব বাড়ি-ঘর হোক; টিন'এর চালগুলি রৌদ্রে ঝকমক
করুক; ঘরের পাশের নদীদের জল হাওয়া হাত বুলিয়ে শান্ত
করুক; প্রতিটি বাড়ির উঠোনে ঢের গাঁদা- ফুল ফুটে থাকুক;
প্রতিটি বাড়ির কর্তা চা-সিগারেট খেতে-খেতে খবরের-
কাগজ পড়ুক; প্রতিটি বাড়ির তরুণী মা জানালার থেকে
তাকিয়ে থেকে নজর রাখুক তাদের দুষ্টু শিশুরা যেন খেলতে-
খেলতে বড়ো রাস্তায় গিয়ে না পড়ে, বিশেষত তার পাশেই
মিলিটারি'দের যে-গোরস্থানটা আছে, তার ভিতরে।

কথা

কথা বলবে, মনে হচ্ছে; বলতে গিয়ে ভাবছ, বলবে কী না–
তার চেয়ে বড়ো কোনও খুলে-যাওয়া কোনওখানে নেই;
ঠোঁট কাঁপছে, যে-নীরব বর্ণমালা স্বপ্নের ভিতরে এসে চমকে যেতে পারত
কখনও,
তারা এসে দগ্ধাচ্ছে তোমাকে ওই প্রচ্ছন্ন চামড়ার তলদেশে।
অপ্রকৃতিস্থ কথা বলা আঙুলের সাদা নখে আসময় লুকিয়ে রেখেছ।
উপেক্ষা করতে পারা! স্বার্থপর সুখে বাঁজা হতে তুমি পেরেছ যে-হেতু!
বড়ো-রাস্তা থেকে নেমে আলপথে পা রাখতে যে-লবঙ্গ-গাছটি পড়েছে
অথবা জলের ফেনা গাছটির পাএ লেগে ভেঙে গেছে এক-একটি অক্ষরে
–তুমি তা-ই। না হলে আর কী তুমি করতলে ধারণ করেছ!

সন্ধ্যা ঝুঁকে নেমে আসছে। যে-আলোর গোল আভা ঘিরে ফেলছে এসে
তা তোমার স্তনবৃন্ত, কেঁপে যাচ্ছে, নিভে আসছে ম্রিয়মাণ ফাটলের কাছে;
দেশে ফিরে যাওয়া আর কখনও হবে না জেনে কথাগুলি ভিজছে শিশিরে,
গোড়ালির সন্নিকটে সনির্বন্ধ শাড়ির পাড়, ঝুল-বারান্দার থেকে দুঃস্থ হৃদয়
ঝুঁকে প'ড়ে দেখছে সেই নামটিকে– নির্দন্ত নিঃসাড়, তবু ঢের বৃথা নিরর্থক
ঝুঁকি
জাল পাতা আছে, তবু পাখিরা কেমন ক'রে ফসকে যাচ্ছে জালের শঠতা।

তেপায়ার 'পরে ঠিক ক্যামেরা বসানো আছে: সঙ্কেতিক স্বরে
যাহাকে সৌন্দর্য বলে, আসে; আর অবিলম্বে চ'লে যেতে থাকে।
সামনে শূন্য স্থান কাল প'ড়ে থাকে– বিদ্ধ হতে থাকা।
তবু তো কিছুটা বীজ– অর্থমৃত– জ'মে আছে অণ্ডকোষের থলেতে
তারা ন'ড়ে-চ'ড়ে ওঠে, বিভাজিত হতে চায়; তুমি চাও না যে,
পোখরান'এ অন্ধকারে তারা সব ফেটে যাক!– হয়তো তোমার
পিছনে যে-দরজা আছে,
দরজার পিছনে যত স্বন মুখ গুঁজে আছে,
তাদের উপর
যে-শব্দ আঘাত করবে, তাকে তুমি রুখে দিচ্ছ
মন-কেমন-করা সব তুচ্ছ কথা দিয়ে?
পৃথিবী হোঁচট খেয়ে উলটে যাচ্ছে।
তুমি কথা বলতে গিয়ে তোতলাচ্ছ;
অপর মানুষ–
তোতলাচ্ছে সে-ও; তবুও তোমার ঠোঁটে ঠোঁট রেখে সাপটে রয়েছে–
ধুলো মাটি মায়া ও অলীক বর্ণ, সূর্য ও দাঁড়ের মাঝি, ঢের সময়ের
মৃত মানুষের সব অবরুদ্ধ অশ্রুপাত ঘাম রক্ত বীর্য-পাত হিসেবে না এলে ?

বাইরের জ্বলন্ত গ্রহ তোমার ভিতরে এসে ঠান্ডা হচ্ছে শীত এসে পড়ছে
যে-হেতু
খুলে যাচ্ছে রমণীর বিগত দেহের মতো মোহময় হাওয়ার আঘাতে,
দরজাগুলি খুলে যাচ্ছে পর-পর; সময় এখন
যতটা শোকের, তার ঢের বেশি আর্তির; কোমরের হাড়গুলি ক্ষ'য়ে গেছে, তবু
বড়ো-রাস্তার থেকে আলপথে নেমে গেলে,
পথ চ'লে যেতে পারে লবঙ্গ-গাছটির ধার ঘেঁষে।

বিকেলে

যে-কোনও শীতের দিনের বিকেলের মতো
গ্রাম-দেশের যে-কোনও মাঠের কিনারে
তেরছা কাত হয়ে প'ড়ে আছি আমরা সবাই,
বুঝি যে, এই বঙ্কিমতা আমাদের বিরক্তি

বেলাশেষের মলিন রোদে ভেসে যাচ্ছে প্রান্তর
ঝম-ঝম বৃষ্টি হলে যেমন ঘরের কোণের পুকুরটি
জল ধ'রে ফেলে, জল গিলে ফেলে, ভ'রে ওঠে
সূর্যের আলো'কে মাঠের উপর ধ'রে ফেলা যাচ্ছে না

আর, এই সব নিস্তরঙ্গ আলো, নৌকো নেই:
আমাদের অপরিপূরণ– তৃষ্ণা–অস্পৃষ্ট–বন্যা
বয়ে গেল আমাদের হাতের-গণ্ডূষের থেকেই;
হাত গণ্ডূষ হল, আলোর জল ধ'রা গেল না।

কূপিত বছরে

এই এক ভীষণ কূপিত বছরে ফুটেছে এই সব ফুল।
চন্দন কাঠ ধুলো-মোড়া পথের পাশে, ঝোপে-ঝাড়ে।
এবং, এখন, যখন সব দরকার-অদরকারের সীমা-রেখা ঝাপসা,
নিজের মুখের উপর যে শান্ত অসম্ভাব্যতাটুকু ছিল, ডেকে আনো,
এ-সব খর-সঙ্কুল পথ-রেখা ধ'রে যখন হেঁটে যাচ্ছ
যা তুমি জানতে সবাইকে তা দিতে চেয়েছ
তোমার আগের হাঁটার ভঙ্গিটুকু– পদক্ষেপটুকু– পর্যন্ত।

অন্তর্ভ্রমণ

পাহাড়টা অপরিচিতই ছিল, খুবই অপরিচিত, সেখান থেকে নামতে
শুরু করলুম যে-পথ ধ'রে, হাঁটতে লাগলুম… হাঁটতে লাগলুম
তত ক্ষণ হাঁটলুম যত ক্ষণে এসে না পৌঁছলুম সে-রকম একটা
জায়গায়, যা আমরা আগে দেখি নি কখনও। থামলুম।
ঠিক হল না, কয়েক পা হেঁটে গেলুম সামনে, আবার থামলুম।
দেখলুম, দাঁড়িয়ে আছি যে-মৃত্তিকায়, তা-ও আমরা দেখি নি আগে।
কয়েকটা পাৎবাদাম'এর মতো ফল কুড়িয়ে নিলুম, সেই সাদা
প্রায়-মরন্ত নিভু-নিভু আলোয়– পরস্পরকে দেখছিলুম আমরা,
এবং গুনে নিচ্ছিলুম অন্ধকার হতে ক'ঘন্টা লাগবে আর।
আমরা জানতুম যে, আমাদের তা ধীরে-ধীরে মানিয়ে নিতে হবে
একটা হোঁচট-খেতে-থাকা পৃথিবীতে। এই পথটা নিয়ে আমরা
নিশ্চিত ছিলুম যে, আবার ফিরে যেতে পারার যথাযোগ্যতা
তা আমাদের দিয়ে দিতে পারে, অথবা ভান করার প্রতিভা–
পাহাড় যতটা অনুমতি দেয়– তার চেয়ে বেশি প্রজ্ঞান নিয়ে
ফিরছি আমরা। আমরা নিচে নেমে যাওয়ার ধান্দা করছিলুম
এবং রাস্তাটাও আমাদের নিয়ে যাচ্ছিল– ঠিকই নিয়ে যাচ্ছিল–
যে-জায়গাটায়, তা শহরের উপকন্ঠ–শহরতলি বলা যায়।

সময়

বসন্ত এই এসে পড়ল ব'লে, কিন্তু তার আগেই
কথাটা ব'লে ফেলতে চেয়েছিলুম আমি–কথাটা
বলারই ছিল, মনে হয়। মনে হয়, এখনই সেই সময়
কথাটা ব'লে ফেলার, যদি সময় কখনওই থেকেই থাকে;
পাড়াগাঁর যাত্রা-পার্টির একটা পুরোনো পালার
দু'টো অঙ্কের ঠিক মাঝখানটায় অভিনেতা যখন
গ্রীন-রুমের আয়নায় দাঁড়িয়ে পোশাক পালটান–
সেইখানটায়, সেই অপ্রতিনিধিত্বের অবর্তমানের মুহূর্তে
কথাটা বলা যায়– ব'লে ফেলা যায়। তার সময়।

এখন শীতের উপকণ্ঠে ছোটো একটা পাহাড়, তার সূর্য
যখন বরফ গ'লে গেছে চূড়ায়, ঝলমলিয়ে তুলেছে
রোদে এই তামাটে মাটি–পায়ের নিচে গরম হয়ে উঠতে-
উঠতে ভাঁপালো, ঘাস নেতিয়ে পড়েছে, গাএ জড়াজড়ি,
তা হলেও ঠান্ডা জলে-ভেজা মাটির উপরে পরস্পর দু'টো ঋতু-
যাচ্ছে-যাচ্ছে ব'লে কী রকম গড়িমসি করছে; আসছে-আসছে
ব'লে কী রকম আড়ামোড়া ভাঙছে তো ভাঙছেই–
–অনিশ্চয়–সম্ভাবনা– তার ভিতরেই শিব'এর ও তাঁর
গাজনের ভাঙ– কথাটা তো এই, ব'লে ফেলা যায়।

উচ্চারণ

কাছাকাছি কোনও নীহারিকা-পুঞ্জ নেই আমাদের:
যা আছে তা-ও এত দূরে যে, মাইল দিয়ে মাপলে–
মাইলরা অর্থহীন। তোমার আমার মধ্যিখানে কত মাইল ?

উচ্চারণের ভিতরে, বলতে গেলে, সব কিছুই রূপালঙ্কার–
ঠিক যেমন আমরা মাইল মাপি, এবং বুঝি মাইল অর্থহীন।
কিন্তু আমরা জানি দূরত্ব কী: জানি যে, দূরত্ব কী রকম:
যে-কোনও মাপার-ফিতের বাইরের জিনিস। দূরত্ব আছে।

প্রয়োজন

এবং আমরা জানি যে, হাত বাড়িয়ে-যে ধরব তেমন
কোনও কিছু নেই; তবুও তো ধ'রে আছি, এবং একই
রকম ভাবে আমরাও ধরা প'ড়ে আছি; আঁকশির মতন
ক'রে-যে ধ'রে আছি, ভাবছি, আমাদের কোনও হাত নেই;
যে-সব জিনিস, মনে হয়, ধরতে পারি তেমন কোনও
বিশ্বাসনীয় বস্তু নেই, হাত নেই: অতএব, ধরা নেই।

চ'লে যায়, এই সব চ'লে যাওয়ার ভিতরে কোনও কিছু
হারিয়ে যায়: পৃথিবীটা তবুও হাত ফসকে চ'লে যাক,
তা মেনে নেওয়া শক্ত। যদি যায়, কী এমন লোকসান
হয়ে যাবে আমাদের, আমরা সমূহ লোকসানি হয়ে যাব ?
কী তাদের বানিয়েছিল ? প্রয়োজন বলে দেয়, হারানোটা
বাস্তব, যখন আমরা বলি না যে, প্রয়োজনের কী প্রয়োজন।

বসন্ত-সমাগমে

শীত-কালের না মনে পড়া কাঁথা-খানির কথা মনে রাখি
হলুদ রঙের শুকনো ঘাস-খড়ের কথা– তারা শীত বুনে
তুলেছিল। যে-সকল শক্ত ধাতু-শরীরের ফুর্তির সময়
এই এল ব'লে, তারা সব গুলিয়ে দেবে, পুড়িয়ে দেবে।
অতএব, আমি মনে-রাখার মতন ফাল্গুন-চৈত্রের কথা ভাবি,
কাসুন্দির গন্ধের কথা, দীর্ঘ সবুজ শন-ঘাসের গন্ধের কথা,
এবং ভাবি টই-টম্বুর কচুরিপানার কথা, বেগুনি ফুলে-ফুলে
ভিড়ে ছয়লাপ, বিশেষত সূর্য যখন ডুবু-ডুবু, সন্ধে হয়ে
আসছে, খাল-বিলেরা শ্বাসরুদ্ধ হয়ে পড়েছে প্রায়, তখন
জলের নিচের গভীর ভিতর দিকে আলো জ্ব'লে উঠছে।

পরিত্যক্ত

একাকী পরিত্যক্ত হয়ে প'ড়ে আছি, কখনও-কখনও মনে হয়
আমাদের; এবং আমাদের আশ-পাশের আর পাঁচ-সাত জনের
জীবনের মাত্রই কোণাটুকু ছুঁতে পারি, মনে হয়। তা চেয়েও বেশি,
আমরা বলি, আমাদের এই পৃথিবীটা ঠিক কী রকম হতে পারে,
কী ক'রেই-বা এ-রকম হয়ে পড়ল, এবং কেন; যে-সব কথা
বলি, তারা সত্য ব'লেই আমরা বলি। আমাদের প্রজ্ঞান কী ধ্রুব

তা হলেও কিছু-কিছু কথা-জিনিস থাকে, তারা আমাদের বাধা
দেয় না; কোনও-কোনও জিনিস থাকে যারা দরকার মনে করে না
জানতে; আমরা এখানে-ওখানে আছি, আমাদের কাজ-কর্ম
নিয়ে বেশ আছি, তারা আপাত-সবাইকে ঝেঁটিয়ে পাঠিয়ে দেয়
দূরে, তা আমরা যা কিছু বলি করি অথবা করতে চাই না কেন:
যেন আমরা সে-সব জিনিসের হিসেবের বাইরের জিনিস।

কিছু এসে যায় না। বাইরের জিনিসগুলি সব কাছাকাছি আসে।
আকাঙক্ষার ঐকান্তিকতায় তাদের প্রায় একই কণ্ঠস্বর, যা গান গায়
এবং সেই গেয়ে ওঠায় যা কিছু চাওয়া হয়েছিল, সব নম্র হয়ে পড়ে।

আজ রাতে

আজ রাতে এই শারীরিক পৃথিবীটার কোনও মানে নেই
এবং আর-কোনও পৃথিবীও নেই। 'গুরু, পার ক'রে দে' আছে
এবং গীটার বাজাচ্ছে। 'গুরু, পার ক'রে দে' একটা অধস্তন প্রাণী

অথবা, হতে পারে তার গীটারটাই একটা নিঘিন্নে অধস্তন প্রাণী
অথবা, হয়তো তারা দু' জনেই অধস্তন প্রাণী– একই ধরনের
অধস্তন প্রাণী-দম্পতি। 'গুরু পার ক'রে দে' পুরুষ প্রাণী… নির্বোধ।

শব্দটা কে বার করছে। গীটারটা আর-একটা নিচু জাতের প্রাণী
পুরুষটির টুং-টাং-টুং-টাঙের নিচে। সে শুধু সাড়া দিয়ে যায়।
দু'টো নিচু জাতের প্রাণী– এক ধরনের, আর পরে আর অধস্তন

নয়। তা হলেও হুবহু এক ধরনের নয়। এখন জিনিসটা এ-রকমই।
এ-রকম জন্তু-জানোয়ার ঢের আছে, তাদের সব সময়ে দেখা যায় না।
এমন লঘু পাএ নড়ে চড়ে হাঁটে, তাদের পায়ের শব্দ যেন কিছু-না।

আজ এই বিকেলবেলা হাওয়া সে-রকম, এবং সমুদ্রও সে-রকম–
এবং আর একটু পরে 'গুরু, পার ক'রে দে' ঘুমুতে চ'লে গেল।
আর একটা বিশাল চিতা-বাঘ দৌড়ে চ'লে গেলে সামান্য শব্দ হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এ প্রকাশিত ভূমেন্দ্র গুহ সম্পর্কিত সংবাদ:
কবি-গবেষক ভূমেন্দ্র গুহর মৃত্যু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর আর্টস বিভাগে প্রকাশিত ভূমেন্দ্র গুহর কবিতা:
ভাঙা আয়না