রেজাউদ্দিন স্টালিনের কবিতা
আজ ২২ নভেম্বর শুক্রবার কবি রেজাউদ্দিন স্টালিনের ৫১তম জন্মদিন, তাকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা । তার জন্মদিন উপলক্ষ্যে প্রকাশিত হলো তার নতুন কবিতা।
ফেলানী বৃত্তান্ত
ফেলানী ফেলনা নয় ফেলানী মেঘের বোন নদীর হৃদয়,
সারা বাংলাদেশ আজ ফেলানীর পিতৃ পরিচয়।
যখন গোধুলি নামে পথগুলো প্রতীক্ষায় থিত,
ফেলানী ফেরে না ঘরে ঘাসজমি আতঙ্কিত-ভীত।
ডেকে ডেকে ক্লান্ত তার পাড়াগাঁর সাথীরা নিরব,
আকাশের তারা ছাড়া কে দেখেছে কাঁটাতারে ফেলানীর শব?
পথে পথে মিনতর গোলক ধাঁধায় ঘোরে অসুরের দাস,
পিতা ফেরে বুকে নিয়ে বজ্রে ঢাকা আত্মজার লাশ।
ফেলানী ফেলনা নয় সারাদেশে আজ তার লক্ষ সহোদর,
বোনের রক্ত ছুঁয়ে আক্রোশে কামড়ে ধরে নিজের উদর।
সীমান্তের বৃক্ষ-নদী-রাত্রি বলে ফেলানী নির্দোষ,
কান্নাভারানত বুকে ক্ষুব্ধ বাংলাদেশ দেখে কবোন্ধ আপোস।
