২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চর ভদ্রাসন

সুব্রত অগাস্টিন গোমেজ

Published : 19 Aug 2011, 11:58 AM

Updated : 05 Sep 2022, 07:01 PM

চারিদিকে চর ভদ্রাসন
নীল নবঘন রাত নামে
আশৈশব যে-নিদিধ্যাসন
ব'সে আছে জীবনের বামে
তারই নিরানব্বই নামে
আমাদের প্রিয়সম্ভাষণ

অতর্কিতে কতগুলি শব
শুয়ে গেছে গাদাগাদি ভ্যানে
মিসা ফেলে এসেছে বিশপ
আমাদের একাট্টা নির্জ্ঞানে
অবলোকিতেশ্বরের ধ্যানে
নিশ্চল চ্যানেলগুলি সব

কারো হুকুমের ইন্তাজার
দরিয়ায় নীরব বারুদ
বেলার বালিতে দশ-হাজার
খোলা-চোখ জন্ডিস-হলুদ
হেরো দ্যাখো তারেক মাসুদ
ইমাম নিজের জানাজার

আমাদের সামনে শুঁড়িপথ
সঙ্গোপন অসুখ-বিসুখ
ঘড়ি-ঘড়ি বোঁচা-নাকে খৎ
আমরা জানি জীবনে কী সুখ
চ'লে যাক যতই মিশুক
আমরা থাকি অমর ইল্লৎ

কেঁপে যায় চর ভদ্রাসন
ধীরে ভাঙে দরিয়ার ঘুম
যোগাযোগ-মন্ত্রীর ভাষণ
গিলে ফ্যালে হঠাৎ-সিমুম
আমাদের আত্মার মরহুম
শুরু করে অশনি-শাসন

১৮/০৮/২০১১

লেখকের আর্টস প্রোফাইল: সুব্রত অগাস্টিন গোমেজ
ইমেইল: augustine.gomes@gmail.com
—
ফেসবুক লিংক । আর্টস :: Arts


Free counters