২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিয়ানা আগামেস-এর কবিতা: ‘আমার শরীর: সুখী জায়গা’ ও অন্যান্য

রাজু আলাউদ্দিন রাজু আলাউদ্দিন

Published : 18 Mar 2020, 10:20 PM

Updated : 03 Oct 2022, 02:00 PM


জন্ম ১৯৭৯ সালে কলম্বিয়ায়। মা কলম্বিয়ার হলেও তার বাবা ছিলেন বেনেসুয়েলার। কলম্বিয়ার কার্তাহেনা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ভাষাতত্ত্ব ও সাহিত্যে গ্রাজুয়েশন করেছেন। সামাজিক ও আন্তর্সাংস্কৃতিক মধ্যস্থতা বিষয়ে পড়াশুনা করেছেন ইতালির রোমে। স্পানঞার মাদ্রিদে Universidad Nacional de Educación a Distancia (Uned) থেকে মাস্টার্স করেছেন।
ইতিমধ্যে তার কবিতাগ্রন্থ বেরিয়েছে একটি: El tiempo me deslíe como un caramelo (2016)। ২০১২ সাল থেকে কলোম্বিয়ার বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত সাহিত্যিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। গত বছর রোমে বিখ্যাত ইতালিয় লেখক আলেসান্দ্রো বারিক্কোর সাথে সঞ্চালন করেছেন "Rime e Ritmo: de Dante a Leopardi" শীর্ষক একটি কবিতার অনুষ্ঠান। বিভিন্ন সাহিত্য সাময়িকী ও ব্লগে তার অগ্রন্থিত প্রবন্ধ, সাক্ষাৎকার এবং কবিতা ছড়িয়ে ছিটিয়ে আছে। বর্তমানে তিনি শিক্ষকতার সূত্রে ইতালিতে অবস্থান করছেন। বাংলা ভাষায় এই প্রথম দিয়ানা আগামেসের কবিতা অনূদিত হলো। কবিতাগুলো মূল থেকে অনুবাদ করেছেন স্প্যানিশ সাহিত্যবিশেষজ্ঞ রাজু আলাউদ্দিন।– বি স

আমি অথর্ব হওয়া পর্যন্ত
(Hasta descomponerme)

বলে যাবো
চেঁচাবো
খাবো
ভালোবাসবো
আমি অথর্ব হওয়া পর্যন্ত

গাইবো
লিখবো
কাঁদবো
পালাবো
আমি অথর্ব হওয়া পর্যন্ত

অনুভব
ফিসফিস
গোঙানো
হাসি
মৃত্যু
আমি অথর্ব হওয়া পর্যন্ত


আমার শরীর: সুখী জায়গা

(Mi cuerpo: un lugar feliz)

দাদীমা তার নিজের দেহের সখা
স্বেচ্ছায় তিনি মেনে নিয়েছেন কুচকানো চামড়াকে
দ্বিধাহীন তিনি বুনে যান তার চামড়ার আখ্যান
রহস্যময় সত্তার মতো জেগে ওঠে সে যে
স্মৃতির শক্তিতে

যখন বলেন তার দু উরুর মাঝে
আছে শান্তির নীড়
তখন কোনো স্মৃতিকাতরা কিংবা বিষাদ জাগে না

২২টি পোষাক
(22 vestidos)
স্মৃতিগুলো সব ঠিকঠাক করে
তুলে রাখ নতুন জামার মতো

পৃথিবীর স্মৃতিপটে চিরতরে
দাদীমা সেলাই করে চলে

সে
মানে আমার দাদীমা
মাংশ তার ঝুলে পড়ছে
তার দুই গোলাপি স্তন
তার ২২টি পোষাক
তার অপেক্ষায়
অঙ্গুষ্ঠান এক ঢাল
একের পর এক
সুঁইয়ে ফোড় তুলে
দাদীমার ক্লান্ত স্বর
সেলাই করে যাই।

ভাঙা থালাবাসন
(Los platos rotos)

ঠিকঠাক করছি ভেঙে যাওয়া বাসনকোসন
পড়ে যাওয়া টুকরোগুলোর গান

ঠিকঠাক করি দাদীমার পেয়ালা পিরিচ
আমার স্মৃতিতে ফোড় তুলে রাখি দাদীর কফির ঘ্রাণ

আমার শরীরে দৌঁড়ে বেড়াই
খুঁজে ফিরি তার ব্যবহৃত স্যান্ডেল

স্মৃতির অঙ্গু্ষ্ঠান আমাকে রক্ষা করে
পবিত্র ঢালের মতো।


পকেটবিহীন পোষাক এক যন্ত্রনা

(Los trajes sin bolsillos son una calamidad)

¡Qué pronto prende
y qué pronto se apaga
una luciérnaga!

Kiora

শরীরে জগতটাকে লুকিয়ে রাখা সম্ভব নয়
আর এই ব্যাপারটা দাদীমাকে বিষম জ্বালায়
তাকায় সে চাঁদের আয়নায়
সোকেসের দিকে
স্মৃতির বংশলতিকায় নেয় আশ্রয়
সময়ের সুতোয় ঝুলে আছে অপেক্ষার ধুসর পোষাক
সোকেসে তাকিয়ে দেখে
অদৃশ্য বিন্যাসে বিরক্ত
এক স্বামী সাবানের খালি পাত্র রেখেছে ওখানে
শতবর্ষী চিরুনিতে চুলের ইশারা আর
চুমুগুলো আটকে আছে আলোর ভাজে

সে
তার সবকিছু শরীরে আগলে রাখতে চায
স্পর্শ করতে চায সোনার মুদ্রার মতো
কিন্তু
স্মৃতি এক ক্লান্ত মোমবাতি
দাদীমা সবকিছু শরীরে আগলে রাখতে চায়
পকেটবিহীন পোষাক এক যন্ত্রনা

মুক্তির উৎসব
(La fiesta de la liberación)

দাদাকে হারাবার জঘন্য বিষয় নিয়ে
দাদীমা কথা বললো
খাটের নিচে লুকিয়ে থাকা
বিড়ালগুলোকে অভিশাপ দিলো

জাগরণ শেষে
শুরু হলো উৎসব

আবেগী প্রত্নতত্ত্ব
(Arqueologia sentimental)

কে বলে প্রজাপতি?
এ যে এক ডাইনোসর
গিলে খায় আমার ভেতর

একাকী কথা বলা

পৃথিবীর সামনে
রাস্তায়
পাথরেরা লুকোচুরি খেলে

আয়নার সামনে
আমাকে দেয়া আমার নিজের ভুলগুলি
বলবো আমাকে তুমি
যেন ভুলে যাও

তোমার সামনে
পানি ঢেলে যাও ডেইজি ফুলের গাছে
ভাববো কেবল অমরতা প্রয়োজন
বিস্মৃতি নয় মোটে

আনুগত্য
(Fidelidad)

মেয়েটির কাছে স্বর্গ মুখ্য নয়
ছেলেটির কাছে নরক মুখ্য নয়
বিশুদ্ধি ছাড়াই
প্রেম দ্রবীভূত হয়
এক সে অনিশ্চয়তা
একখানি প্রত্যাশা।

দেরি
(Impuntual)

তোমার জীবনের অস্তবেলায়
আসতে দেখবো তোমাকে
আমাকে পেছনে থেকে
আলিঙ্গনে বাঁধবে আমাকে
আর আমি স্মৃতির মতোন
চুইয়ে পড়ে যাবো।