২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম : ২২ বছর পর

আমি ভেবে পেলাম না এতো দায়িত্বহীন হয় কি করে মানুষ! মনে হচ্ছে ওই মহিলাকে একা ফেলে এসে ড্রাইভারটা খুব মজা পাচ্ছে। ইরেস্পন্সিবল পাবলিক।

চট্টগ্রাম : ২২ বছর পর

আলোকচিত্র

দিলরুবা আহমেদ দিলরুবা আহমেদ

Published : 03 Jan 2024, 07:25 PM

Updated : 03 Jan 2024, 07:25 PM

এক.

২২ বছর পর, ২০২২ সালের নভেম্বরের ১০ তারিখের সন্ধ্যা বেলায় যখন আমি চট্টগ্রাম শহরে পা রাখলাম তখনও কিন্তু জানি না কতটা চমক আর অবাক হওয়া আমার জন্য অপেক্ষা করে রয়েছে। আমি ভেবেছিলাম আমি আমার সেই চিরচেনা সুপরিচিত পুরাতন শহরে বহু দেশ মহাদেশ ঘুরে অবশেষে এসে পৌঁছালাম, কিন্তু ব্যাপারটা সেরকম হলো না মোটেই, একেবারেই না। আমাকে অবাক করে দিয়ে নতুন এক শহরের রূপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে চট্টগ্রাম, এ যেন অচেনা অদেখা এক শহর অথচ বলছে, এটাই চট্রগ্রাম।

আমি এদিক তাকাই, ওদিক তাকাই, সবদিকে মাথা ঘোরাই, কোথাও নেই ফেলে আসা আমার সেই শৈশবের শহর, পুরাতন রাস্তা, গাছ-গাছালি, পাহাড়, বা সেই সবুজাভ আংগিনা। ফেলে এসেছিলাম তাই যেন কেও নিয়ে গেছে তুলে। অন্য রকম কোথাও আমি। কোলাহলে কোনো সুর মনে হয়নি চেনা, বেসুরো আমি, বেহুশ আমার শব্দাবলী, হতবিহ্ববল স্মৃতির পাতাগুলো, এরকমই ছিল আমার তিনদিনের চট্টগ্রামের অবস্থান কালটি।

আবার এও মনে হয়েছে হয়তোবা এটাই ভালো হয়েছে, ওমন বদলে যাওয়ার রূপের কারণে কোনো আবেগ ছুলো না আমাকে। কিছুই কাঁদালো না আমাকে । না হলে তো এই শহরকে জড়িয়ে ধরে আমার অনেক কাঁদতে মন চাইতো । আমার বড়ো হয়ে ওঠার রূপবতী সময়টা, ঝিকিমিকিময় আলোকিত কৈশোর, দুরন্ত ২০, অনন্ত সুন্দর ২৩, সব তো এই শহরকেই ঘিরে।

তবে বুঝলাম ২২ বছরে যা বদলেছে দিকে দিকে ধীরে ধীরে, এক ঝটকায় তা দেখে ফেলার মধ্যে আসলে কোনো সৌন্দর্য নেই, রয়েছে এক বাস্তব রূঢতা, বাক রুদ্ধতা। মেনে না নিতে পারার বিমুখতাও। আর আছে এই সবের কোনো কিছুই যেন এই আমার নয়, এই ভাবনাটার সীমাহীন নিঠুরতা। আমিও যে আজ আর সেই আমি নেই এইটুকু মেনে না নিতে পারার সত্যটাও তো কম বড় সত্য নয়। তারপরও জানি এই শহর নিয়ে আমি বুনতে পারি ৩০০কোটি পৃষ্ঠারও বেশি একটি রূপকথার গল্প। তারপরও রয়ে যাবে আমার কাছে প্রচুর শব্দগুচ্ছ পাহাড়ের অলিগলি বেয়ে নামতে, ঝর্ণা ধারায় ঝরতে, কর্ণফুলীর বাঁকে বাঁকে ভাসতে।

আমি সত্যিই এবার গিয়েছিলাম তিনটি দিনের জন্য চট্টগ্রাম শহরে।

এবং আমরা এই চট্টগ্রাম যাত্রাটি করেছিলাম ডবল ডেকার বাসে করে।

আমরা মানে আমি আর আমার আম্মা।

বাসের একদম সামনের দুইটা সিট বুক করালাম। দেখে দেখে যাবো। ছোটবেলায় কত গিয়েছি ঢাকা-চট্টগ্রাম রুটে। সেই সব দৃশ্য অনেক বছর পর আবার দেখে দেখে যাবো। গ্রাম দেখবো। সবুজ ধান ক্ষেত দেখবো। কলসি কাকে চলমান নারীদের দেখবো, যাদেরকে আমি আজকাল আমেরিকাতে বসে মনে মনে ভাবি শুধুমাত্র দেখা পাবো শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্মে, তাদেরও স্বচক্ষে দেখবো । ধাবমান বাসের জানালা দিয়ে গরু মহিষের পাল দেখবো। আরো মনে হলো, ইশ শুমশুমটা সাথে থাকলে দলে দলে জটলা পাকিয়ে থাকা গরু মহিষ ওকে দেখাতে পারতাম। দুঃখ হলো মেয়েটাকে কেন ডালাস রেখে এলাম! আমাদের ডালাসে (টেক্সাস, আমেরিকা ) একটা জায়গা আছে ফোর্থ ওয়ার্থে যেখানে সকাল ১১:৩০ মিনিটের  দিকে দলে দলে মহিষ পার হয় রাস্তা দিয়ে আর তাই দেখতে জনগণ লাইন দিয়ে দাড়ায়ে থাকেন। কেটেল ড্রাইভ দেখাই যেন ব্যাপক একটা বিনোদন, সেরকমই ভাবা হয় ওখানে মানে আমেরিকায়। যেহেতু অতি উন্নত দেশে যত্রতত্র এদের দেখা যায় না, তাই মহিষের পাল দেখার জন্য গোপাল গোলাপী গেরিসন জেমস নিকিতা বাইনহার বিনি কনি কমিসহ আরো অনেক বহু দেশের থেকে আসা আপামর জনতারও সমাবেশ ওই সময়ে ঐখানে কম হয় না। খোদ আমেরিকানরা তো থাকেই। আমার শুমপাখিটা কি যে একটা বিরাট মিস করলো সাথে না থেকে এবারের দেশে আসায়! সে অন লাইনে একটা বাছুর-কে স্কুলে থাকতে ফলো করতো বহুদিন। বাছুরটার নাম ছিল - বাকলি। বাছুরটার পেইজে যত খবর সে পেত তা আবার এসে আমাকে জানাতো। এখন কলেজ শেষ করেছে, তাই তার বাচ্চা বয়সের ভালো লাগাগুলো বদলে গেছে। ফলো করা বাতিল।

তবে বাতুলতা ছিলো না ভিন মহাদেশে বেড়ে ওঠা কোনো বাচ্চার কাছে একটি আস্ত বাছুরকে অনেক দিন ধরে ফলো করে যাওয়াটা। ওরা জন্মেছে প্রযুক্তির মিছিলময় সময়ে, মিছে নয় তাই তাদের ভালোলাগার প্রকাশের ভিন্ন ধরণের অঙ্গনটুকুও।

এটুকু ভাবতে না ভাবতেই মনে হলো ইমতিয়াজ পাশে থাকলে জানতে চাইতো বা বলতো, তুমি কি বাস থামিয়ে নেমে যাবে ওদের বলতে," মিট উইথ মাই ডটার, সে বহু বছর ধরে তোমাদের ইন্টারনেটে দেখে দেখে আসছে।" মনে পরাতে নিজেই হাসলাম। ওরা বাপ-মেয়ে এখন আমেরিকাতে, নিজ নিজ কর্মক্ষেত্রে ব্যস্ত। আমি আমার মায়ের সাথে কিছুটা দিন থাকবো বলে দেশে এসেছি। যতবারই দেশে আসি ঢাকা পর্যন্তই দৌড়। ঢাক ডোল সব ঢাকাতে বাজিয়েই ফিরে যাই। যেহেতু নিত্য আসা হয় ঢাকায় তাই এর পরিবর্তন চোখে সয়ে গেছে। কিন্তু চট্রগ্রাম যেন ২২ বছরের অতর্কিত এক হামলা। বিতর্কিত এক অনুভূতি। বিতর্কিত হবার মতনই এক অনুভূতির সমাবেশ যেন আমার চারদিকে। তার্কিক যুক্তি চিন্তার উর্ধে এই অনুভব।

এদিকে মাইলকে মাইলকে পথ পেরিয়ে এলাম বাসে চড়ে অথচ মনে কেন হচ্ছে না যে গ্রাম দেখছি তাও বুঝলাম না। কোথায় মাটির ঘর, কোথায় গরু ঘর গোয়ালঘর, কোথায় সেই পথের দুই ধারের সেই জমিন আসমান জুড়ানো সবুজ ধান ক্ষেত, সব তো দেখলাম দোতলা তিনতলা বিল্ডিং। শিল্পকারখানা। উন্নতি হচ্ছে। জীবন যাত্রার মান বাড়ছে কিন্তু এ তো আমার সেই দেখা চেনা দৃশ্যপট নয়। ছাগল আমি গাধা আমি চারিদিকে খুঁজতে লাগলাম ফেলে আসা কোনো এক মেঠো পথ, সড়কের সুড়কির প্রলেপে তা আজ লুকিয়েছে কোনো এক অবগুন্ঠিত নারীর মতন। আমি খুব বিরক্ত হয়ে আম্মার দিকে তাকিয়ে জিজ্ঞেস করতেই আম্মা বললেন, তুমি যখন ঘুমিয়ে ছিলে তখন সব পেরিয়ে গেছে। আমি অবশ্যই একথা বিশ্বাস করলাম না। কারণ আমার ধারণা মতে আমি ঘুমাই নি। আমি চোখ বড় বড় করা চেয়ে বসে ছিলাম গ্রাম দেখবো বলে। আম্মা শুনে হাসলেন। বললেন, ঘুমে তুমি চোখই খোলা রাখতে পারছিলে না আর বলো কি হাঁসের মতন চোখ বড় বড় করে চেয়ে ছিলে। এরপর অবশ্য আমি বেশ কিছুক্ষণ ভেবেছি মুরগির চোখ বড় না হাঁসের চোখ। আম্মাকে জিজ্ঞেস করিনি, তাহলে আম্মা সাথে সাথে বলতেন, বিদেশে থেকে থেকে তো এই হয়েছো, আস্ত হাঁস মুরগি দেখতে কেমন হয় সেটাই ভুলে গেছো, দোকান থেকে তো সব কাটা কাটা পিস্ করা পরিষ্কার মুরগি কিনে আনো রাঁধবার জন্য। যাই  হোক সেই তর্কে গেলাম না। তর্ক-ও বাতিল। তর্কে স্বর্গ বহুদূর। আমরা যাচ্ছি স্বর্গ ছুঁতে, স্বপ্ন ছুত।

কুমিল্লা দিয়ে যাওয়ার সময় পথে পথে অর্ধেক রিক্সা অর্ধেক টেক্সি জাতীয় বাহন দেখলাম গল্পের সেই অর্ধেক ঘোড়া আর অর্ধেক মানুষের মতন। কোন একটা সায়েন্স ফিকশন মুভিতে মনে হয় দেখেছিলাম এরকম কিছু। নার্নিয়া নাম ছিল সম্ভবত। সেই গল্প সামনে চলে আসলো কিন্তু দেখা অতীত থেকে তেমন কিছু এলো না ফিরে।

বাস থামলো খাবারের জন্য কুমিল্লার এক রেস্টুরেন্টে। কুমিল্লার সন্দেশ দেখে কিনলাম, পেরা কিনলাম, ছোট বেলায় কত প্রিয় ছিল। এখন একদম বাজে। এটাও বদলে গেছে। আম্মা বললেন, তোমার মুখের রুচি বদলে গেছে। রুই আর কি যেন কি মাছের অর্ডার দিলেন আম্মা। বললেন খুবই  ভালো খেতে, আমি অবশ্য সে রকম কিছু দেখলাম না। সব কিছুই প্রচুর অনহাইজেনিক অস্বাস্থ্যকর মনে হতে লাগলো। আম্মা নিজেই আমার মনের কথা পড়ে ফেলে বললেন, তোমাদের দেশের মতন এখানে পাবে কোথায়!

বুঝা যাচ্ছে আমার আম্মার ভাষ্য মতে আমেরিকা এখন আমার দেশ। বাংলাদেশ ওনার দেশ। আমি বিদেশী। পরদেশি।

ডিসলাইক। খুবই ডিসলাইক। আম্মার ভাষ্য বিবরণীতে আমি খুবই জোরেসোরে ডিসলাইক সিল ঠুকে দিলাম। আম্মার এরকম বলার জন্য আমার বাস থেকে নেমে পথে বসে থেকে পথ অনশন বা ধর্মঘট করা উচিত। কিন্তু মুখে কিছু বললাম না। করলামও না। মা বলে কথা। তাঁকে বলতে দাও। সে সরগম থাকলে জীবনে লাইফ থাকে। সে বিষন্ন মানে জীবন বর্ষণময়।

এখন আম্মা বেয়ারাটিকে ভালোই ধমকাচ্ছেন। বলেই যাচ্ছেন, এতো অপরিষ্কার এতো অপরিছন্ন এরকম হলে চলে কিভাবে এই রেস্টুরেন্ট !! বললেনও কয়েকবার, আপনাদের সবার চাকরি চলে যাওয়া দরকার। কাজ বন্ধ করে বাড়ি চলে যান।

ছোকরা ধরনের উলকো ঝুলকো টাইপের বেয়ারাটি এবার বললো, খালাম্মা, আমাকে আপনি দয়া করে "তুমি" করে বলেন, বলেন যে তোমাদের সবার চাকরি চলে যাওয়া দরকার। আম্মা এবার আরো বিরক্ত হয়ে তাকাতেই সে বললো, ঠিক আছে বলেন যে, তোদের সবার চাকরি চলে যাওয়া দরকার। আমি আম্মার দিকে চেয়েই বুঝলাম আম্মার হাসি পেয়ে যাচ্ছে। ছেলেটি তা বুঝেই আম্মাকে আরো উস্কে দিতে বললো, বড় লোকেরা আসলেই তুই করে বলেন, আমরা কিছু মনে করি না।

আমি ভাবলাম, কি বুকের পাটা-রে, বাপ রে। সগর্বে পাটাতনে সিদ্ধ হতে হতে সে আরো জানালো, এখন হাত ধুতে বাথরুমে গিয়ে যাকে দেখবেন সে আমার বৌ, খুবই পরিষ্কার সে।

আম্মা এবার রীতিমতো ভ্রু -কুঁচকে তাকালেন ছেলেটির দিকে।

তুমি এতো অল্প বয়সে বিয়ে করেছো? তোমাকে দেখে তো মনে হয় না। ছেলেটি সাথে সাথে শুধরালো, না সরি, বাথরুমের ওকে করবো বিয়ে, কোনো একদিন। সে রাজি হচ্ছে না। আম্মাও নির্বিকার ভাবে বলে দিলেন, ঠিকই আছে। আমি হেসে অন্য দিকে মুখ ঘুরালাম।

খাওয়া শেষে আম্মা এবার চললেন বাথরুমের দিকে, যেন সরেজমিনে তদন্ত করে দেখে আসতে গেলেন। ছেলেটি খুব দ্রুত টেবিল পরিষ্কার করতে লাগলো, তারপর ছুটে গিয়ে বিল নিয়ে আসলো। আমার কেন যেন মনে হলো আম্মা আসার আগেই সে টিপসটা নিয়ে নিতে চাইছে। জানে না সে আম্মা আমার থেকেও অনেক ভালো বকশিশ দিয়ে বেড়ায়।

আম্মা বাথরুমে থেকে ফিরে বললেন, খুবই  ভালো একটা মেয়ে আছে সেখানে, সে সব কিছু পরিষ্কার করেই যাচ্ছে। আরো যোগ করলেন, এতো পরিষ্কার রেস্টরুম যে আমেরিকারগুলাকেও হার মানাবে। আম্মা কেন যে এরকম (অসম!) প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন জানি না। তবে আম্মার মুখে এতো প্রশংসা যখন, তখন অবশ্যই আমার রেস্ট রুমে যাওয়া উচিত। যদিওবা আমি যথেষ্ট হা এতো প্রশংসা শুনে এবং হা হা করে হাসতেও ইচ্ছে হচ্ছে। কিন্তু চুপচাপ আছি। রেস্টরুমে যে সুইপার কাম বুয়া কাম উলক ঝুলকোর উড বি ওয়াইফ রয়েছেন তাকে দেখবার জন্যই যেন আমি সুদূর আমেরিকা থেকে এসেছি এবং এটা তাকে জানাতে এগুলাম মাতৃ আজ্ঞা পালনার্থে। আম্মা বললেন, তাকে একটু বকশিশ দিয়ো। আম্মা তাকে কিছু টাকা দিতে চাইছে তাই আমাকে পাঠাচ্ছেন, এটাই আসল কথা। গেলাম এবং পরিষ্কারের আগামাথা দেখে না দেখেই  দিলাম ৩০০ টাকা। ফিরে এসে তা আঙ্গুল তুলে ইশারায় বলতেই আম্মা বললেন ১০০ টাকা দিলেই হতো। না বুঝে বিদেশ থেকে এসে এরকম উল্টা পাল্টা দিলে এদের অভ্যাস খারাপ হয়ে যাবে। আমি বললাম ৩০০ টাকা তো মাত্র তিন ডলার। আম্মা সাথে সাথে এবার বললেন, তোমাদের দেশের হিসাব এখানে দেবে না।  তোমার কাছে ডলার আছে জানলে লোকজন তোমাকে বেঁধে রেখে দেবে, খুব সাবধানে চলাফেরা করতে হয়। বোঝ তো না কিছুই। জানোনা এখন ডলারের ক্রাইসিস চলছে! আমি ভাব করলাম যেন ভয় পেয়েছি, ভয় পেয়ে এদিক ওদিক চাইলাম কিন্তু গুন্ডা পান্ডা জাতীয় কাউকে পেলাম না। বললাম, তুমি থাকতে আমাকে কে বেঁধে নেবে, তুমি-ই তো ফুলন দেবী বা সুলতানা রাজিয়া। আম্মা খুব বিরক্ত হয়ে তাকাচ্ছেন দেখে তাড়াতাড়ি বললাম, না না সরি, ভুল বললাম, তুমি তো মহারানী ভিক্টোরিয়া। আম্মা হেসে দিলেন। সম্ভবত খুশি হয়েছেন। কে না ভালোবাসে ইংল্যান্ডের রাজ প্রাসাদের রানী হতে! জাস্ট কিড্ডিং।

আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়ালাম।

উলকঝুলকোটা কোত্থেকে যেন ছুটে এসে এবার আম্মার পাশে দাড়ালো। আম্মা দেখলাম তাকে এক হাজার টাকা বকশিশ দিলেন। সেও বললো না আর আমিও বললাম না যে ইতিমধ্যেই সে আমার থেকে টিপস নিয়েছে। আমার এক বাংলাদেশবিদ্বেষী প্রবাসী আত্মীয় আছেন যিনি কিনা এই দৃশ্য দেখলেই বলতেন, এই হচ্ছে বাঙালির চরিত্র, গাছেরটাও খাবে, তলারটাও, কোন বাছ বিচার সততা নেই। যদিওবা সাধারণ মানুষের থেকে এর থেকে বেশি এতো কি অসাধারণত্ব আশা করা উচিত, তা আমার বোঝার বাহিরে!!

আম্মা বললেন, বুঝলে না ছেলেটা ভাবছে আমি খানদানী মানুষ, বউকেও দেখালো, কম দেই কিভাবে। আমিও ‘তাইতো’ জাতীয় ভাব করলাম মাথা দুলিয়ে, তারপরে বলতেও গেলাম যে, "ওকে, ফাইন, আমার কোনো মাথা ব্যথা নেই দশ ডলার নিয়ে, কে মাথা ঘামায়, যাকে যা খুশি দাও !” কিন্তু ওই-ই রে ওটা তো বলা যাবে না, আম্মার ভাষ্য অনুযায়ী করা যেন রেখে দেবে বেঁধে !! ঊপস! তাই চুপ থাকলাম।

আমার আম্মার চাল-চলন বলন-ধরন সবসময়ই খুব রাজকীয় ধরনের। যেখানেই যায়, যে তার দরজা খুলে, গাড়ি পার্ক করার জায়গা করে দেয়, সবাইকেই সে বকশিস দিয়ে বেড়ায়। এরকমই সে। আমার কথা বিশ্বাস না হলে আপনারা যে কোনো শপিং সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা দারোয়ানকে জিজ্ঞেস করতে পারেন। তারা বলবে, ওই যে চিনি না বিদেশ থেকে আসা ম্যাডাম-টার বা আপাটার আম্মা সবসময় আমাদের বকশিস দেন। দিয়ে আবার বলেন, খুশি হয়েছেন তো! আমি জানি না আমার আম্মার কি দায় সবার খুশির খবর নেওয়ার !! কিন্তু হৃদয়বতী এই মহিলাটি খুশি মুখে তা নেন। দুঃখী এবং দরিদ্র শ্রেণির সে বিশেষ একজন সহমর্মী।

ভাবছি একদিন কাউকে শিখিয়ে দেব বলতে, না ম্যাডাম খালাম্মা, খুশি হয়নি। দেখি আম্মা তখন কি করে!

"ম্যাডাম খালাম্মা" নিয়েও একটি কাহিনী আছে। কাহিনীটাও আম্মার থেকে শোনা। কাহিনীটা এই রকম, কোনো এক দোকানি, সবে নতুন নতুন বুড়িয়ে যাওয়া কাউকে, খালাম্মা ডেকেছে, তারপরে ওই আর কি তুমুল কিছু হট্টগোল। সম্ভবত এরপর থেকে বাংলাদেশের বুদ্ধিমান কিছু দোকানদার রপ্ত করে নিয়েছে যে আগের মতন আপা ভাবি খালা বলে কাস্টমারদের না ডেকে ম্যাডাম ডাকা শ্রেয়। এক সময় যাদের আপা ডাকতো তারা সবাই এখন খালাম্মা ডাকার বয়সী। তাই খুব নিরাপদ একটা পথ বের করে নিয়েছে ম্যাডাম বা ম্যাডাম আন্টি ডেকে। সাবাস। এতে বাহাসটা বাধে না, বচসা শুরু হয়না।

রেস্টুরেন্ট থেকে বের হতেই পানের দোকান। আম্মার জন্য পান কিনলাম। আম্মা পান তেমন খান না। কিন্তু কেউ এগিয়ে দিলে খুব খুশি হয়ে খান। আমার বোনের বর খুবই হৃদয়বান মানুষ। যে কোন সময় ডাক্তারী সেরে বাসায় ফেরার সময়, আম্মা যদি ওনাদের বাসায় থাকেন, হাতে করে কয়েক খিলি বানানো পান নিয়ে আসেন। মিষ্টি পান। আম্মা খুব খুশি তাতে। বেশি কিছু চায় না মায়েরা, চায় শুধু কেউ একটু নজর করুক তার কি পছন্দ না পছন্দ এই সবের। আম্মা যখন ডালাসে ছিলেন নিত্য দিন আমি ওনার জন্য ইন্ডিয়ান বা বাংলাদেশী দোকান থেকে পান কিনতাম। তারপর উনি দেশে চলে গেলে ওই দোকানে পা দিলেই পান দেখলেই আমার খুব পেনপেনানি ধরনের পরান পুড়তো। তখনই ঠিক করে রাখতাম পরের বার এসেই আম্মা যখন বলবেন, আরে আমি তো পান খাই না, থাকে সাথে চিল্লায়ে চিল্লিয়ে বললো, এবার একবারও পানের দোকানে যাবো না, কোনো পান কিনবো না। কিন্তু আম্মা ডালাসে আসার আগেই পান সুপারি কিনে তার রুমে পানির জগ আর গ্লাসের পাশে রেখে দেই।

পাশের দোকান থেকে চিপস কিনতে চাইলাম। তারা আমাকে কেবল বিদেশী চিপস-ই দেখিয়ে গেলো। শেষে বললাম, বাংলাদেশী সবুজ রঙের পেকেট, সেই চিপস দেন। দিলো। এটি ডালাসের বাংলাদেশী দোকানেও পাওয়া যায়। আমার মেয়ে খায়। ওর কথা মনে পরাতেই হয়তো কিনলাম। কিন্তু, বাপরে এতো বাজে। ভালগুলো কি আমেরিকাতে পাঠিয়ে দিয়ে সোটা ডেম্প পচা সব কুমিল্লাতে পাঠায়? আমি ফেলতে চেয়ে ডাস্টবিন খুঁজছি দেখে আম্মা বললো, খাবার জিনিস ফেলতে আছে নাকি! ওই ফকিরের বাচ্চাগুলাকে দিয়ে  দাও। আমি ভাবছিলাম ওরা খাবে কি, নাকি আবার আমাকেই ধমকে ফিরত দিয়ে দেয় কিনা কে জানে। কিন্তু দেখলাম বাচ্চাগুলো খুব খুশি, আনন্দের সাথে খাচ্ছে। আমি বুঝলাম যেহেতু ওরা ভালোটা খায়নি তাই এটাতেই খুশি হচ্ছে। আম্মার দিকে তাকাতেই বললেন, দিচ্ছিলে তো ফেলে! আম্মা সব সময়ই ভাব করেন যেন আমি বিদেশে থাকি তাই এই দেশের কিছুই বুঝি না। এখানে আমার "যথারীতি " শব্দটাও ব্যবহার করা উচিত। তাহলে বাক্যটা হবে, আম্মা যথারীতি ভাব করছেন আমি বিদেশে থাকি তাই এই দেশের কিছুই বুঝি না। উনিই  আমাকে গাইড করে নিয়ে যাচ্ছেন। আমি আম্মার নাদান বাচ্চা আনারদানা। কি বিরক্তিকর। কিন্তু কি আর করা। ওকে ফাইন, যা বলে সবই ঠিক আছে, ঠিক বলছে।

লেটস গো, উঠে পড়লাম বাসে।

২০ মিনিটের বেশি বাস যে দাঁড়াবে না কন্টাক্টর তা আগেই বলেছিলেন। সবাইকে ডাকছে ফিরে যেতে। কয়েকজন নামাজে দাঁড়ায়েছে, নামাজ শেষ না করে আসবে না জানাচ্ছে। ড্রাইভার ক্যা ক্যা করতে করতে গুনে টুনে না দেখেই এক সময় গাড়ি ছেড়ে দিলো। তারপরই জানা গেলো একজন তখনও নামাজে। বাসে নাই। তাকে ফোন করা হলো। আমরা যে আবার তাকে ফিরে পেতে বাস ঘুরাবো না তাও জানালো হলো। তবে এরপর বাস দাড়ায়ে আছে রাস্তার পাশে, সেই লোক আরেকটা বাসে করে আমাদের কাছে চলে আসবেন। দারুন আয়োজন। কয়েকজন বললো, হেলিকপ্টার আসতাছে। কয়েকজন বললো, দাঁড়ানোই উচিত হয়নি। যাই হোক খুব দ্রুত সময়ে সে এসে আমাদের ধরলো। কোনো পক্ষকেই এই নিয়ে কোনো সরি বলতে দেখলাম না। আমেরিকা হলে মালিক পক্ষের বহু সরি বয়ে যেত, হয়তোবা টিকেটের টাকাই ফেরত দিয়ে দিতো। কিন্তু সে রকম কোনো উচ্চবাচ্চ্য নেই। সবই সয়। সবই চলে। বাস চলছে।

Image

আলোকচিত্র

আমার ঘুম ঘুম পাচ্ছিলো। চোখ টেনে টেনে আমি গ্রাম দেখার চেষ্টা করছি। আমি দেখতে চাইছি মুহুরীগঞ্জ, এটি ফেনীতে পরেছে। হাতের ডান দিকে পরবে। আমার বাবার আদি বাস। রাস্তার বাম দিকে থাকবে রেল স্টেশন ও একটি বাজার। সে বাজারে খুবই মজার মুড়ির মোলা পাওয়া যায়। তাই কি! এই অদ্ভুত ধারণাটা আমার এলো কোত্থেকে? এই বাজারে কবে কখন ঢুকেছি সেই স্মৃতিটাই প্রচন্ড রকমের অস্পষ্ট। পুরো জীবনে খুব ছোট বেলাতে একবারই সম্ভবত গিয়েছিলাম। তারপরও মনে হচ্ছে খুব মজার একটা মুড়ির মোলা আছে ওখানে। আসলেই মনে হচ্ছে, আসা হয়েছিল এই বাজারে বহু শত বছর আগে যেন। রেল স্টেশনে নেমে বাজার মাড়িয়ে এই রাস্তা পার হয়ে ডান দিকে কিছু দূর গেলে আমাদের বাড়ি। বাড়িতে ঢুকার মুখে একটা পুকুর আছে, তার পাশে কবরস্থান, দাদাদাদির কবর। কতদিন জেয়ারত করা হয়নি। বলা উচিত কত বছর! গুণতে চাইলাম না। হঠাৎ একটা বাজার চোখে পড়লো, মাঝ দিয়ে বের হয়ে এসেছে একটা চিকন রাস্তা। হঠাৎই মনে হলো, এটাই কি সেই পথ!! বাস সাই সাই করে চলে এলো পিছে ফেলে সেই পথ। আবার কিছুটা যেতেই আরেকটা বাজার, এটাই হবে, তাই তো মনে হচ্ছে। শুনেছিলাম একটা বড়ো পেট্রল পাম্প হয়েছে এখানে। চোখে যেন তাই পড়লো। ছবি তোলার আগেই চোখের আড়াল হয়ে গেলো। ডান দিকে চাইলাম। ওই দূরে আছে কোথাও আমার দাদার বাড়ি। আদি নিবাস। এখান থেকে উঠে আমার আব্বু কত দূর গিয়েছেন। সেই চলার পথে আমরা এসেছি, রিলে রেসে চট্টগ্রাম ঢাকা হয়ে আমার মেয়ে ফুল হয়ে ফুটেছে আমেরিকাতে গিয়ে। কত লম্বা এই শিকড়। শিকড় থেকে বহু দূরে গিয়েও আমরা ফুটতে থাকি, এটাই জীবন।

আমি ঘুমিয়ে পড়লাম।

বাকি পথটুকু আমি ঘুমিয়ে কাটালাম। চট্টগ্রাম যাবো বলে আজ ঘুম থেকে উঠেছি অনেক ভোরে। সকাল আটটায় বাস ছাড়ার কথা ছিল। ছেড়েছে ১০টায়। বলেছে গাড়িতে কি যেন কি এক সমস্যা হয়েছে। আরেকজন যাত্রী বললো, ওই সব কিছু না আসলে যাত্রী কম বলে ছাড়ছে না। আমি কিছু বললাম না, এরকম প্লেনেও করে। বিশেষ করে এশিয়ার দিকের দেশগুলোতে যাত্রী না থাকলে হঠাৎ করে বলে ৩ ঘন্টা লেইট, ৪ ঘন্টা লেইট, এর মধ্যে অন্য দিক থেকে আরেকটা কানেকটিং ফ্লাইট চলে এলে যাত্রী বেড়ে যায় তারপর বোর্ডিং হয়। প্লেইন যখন এমন করে, তখন এতো বাস! কে কেয়ার কর। সব ফাঁকিবাজ। আটটার বাস ১০টায়  ছাড়লো তারপর এতদূর আসা গেছে। আমার বান্ধবী হাবিবা ফোন করলো আমেরিকা মিনেসোটা থেকে, জানতে আমি কোথায়, বললাম -চট্টগ্রামের পথে। প্রথম কথাই, হোয়াই নট প্লেন। আমি বাসে করে গ্রাম দেখে দেখে যেতে চেয়েছি। ও বললো, সেই গ্রাম আর কই পাবি!

 বললামও, পাচ্ছি না, নেই। সব শহর হয়ে গেছে।

 ঘুম ভাঙলো হুলুস্থুল হৈ চৈ নিয়ে। বাস দাড়ায়ে আছে। কে যেন একজন বাস থেকে নেমে এই এলাকার বাসস্টেশনের বাথরুমে গেছে আর ফিরছে না। প্রায় ১৫ মিনিট হয়ে গেছে। ড্রাইভার যাত্রীর জন্য আর একটুও অপেক্ষা করতে রাজি নয়, উপেক্ষা করে দিলো বাস চালায়ে। বাসের অন্য যাত্রীদেরও ফেলে যাওয়া যাত্রীকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। জানলাম সে একজন মহিলা। একজন মহিলার সাথে এরকম করাটা কিরকম যেন, ভারী অন্যায়। ফিরবে কি করে এই মহিলাটি? একা নিশ্চয়ই। সঙ্গী সাথী থাকলে তো বাস থামাতে বলতো।

এদিকে ৫টা বাজতে না বাজতেই চারদিকে অন্ধকার নেমেছে।

এরকম অবস্থায় একজন মহিলাকে একা ছেড়ে আসার মানে কি? ড্রাইভারকে জিজ্ঞেস করতেই বললো, চট্টগ্রামে তো এসেই গেছি প্রায়, দশ মিনিটও আর লাগবে না, সে একাই আসতে পারবে।

আমি ভেবে পেলাম না এতো দায়িত্বহীন হয় কি করে মানুষ! মনে হচ্ছে ওই মহিলাকে একা  ফেলে এসে ড্রাইভারটা খুব মজা পাচ্ছে। ইরেস্পন্সিবল পাবলিক।

বাসের বাকি লোকজনও ড্রাইভারের পক্ষে। মহিলাটি দেখলাম একটু পরেই ফোন করেছে, প্রচুর বাক্য বান চলছে দুই পক্ষের মাঝে। মহিলার জিনিসপত্রও বাসে রয়ে গেছে, তা নিয়েও সমস্যা দেখা দিলো। তবে বাস চট্টগ্রামে পৌঁছাতেই দেখলাম সেই মহিলা আমাদের আগেই ওখানে পৌঁছে গেছেন। এতো দ্রুত পৌঁছার রহস্যটা বুঝলাম না। ড্রাইভারের কলার চেপে ধারার জন্যই যেন এগিয়ে এলো। আমি মনে মনে বললাম, এগিয়ে যাও বীর বাঙালী রমণী। ধরণী কাঁপায়ে এগিয়ে যাও। যেখানে অন্যায় সেখানেই হোক প্রতিবাদ।

মালপত্রের জন্য আমরা বাসের থেকে নেমে একপাশে সরে দাঁড়ালাম।

আরেকজন মহিলা, বেশ বয়স্ক, দেখলাম সমানে উনি চিল্লাচ্ছেন তার দুইটা কাপড়ের তৈরী পোটলা জাতীয় ব্যাগ ছিল সেগুলো কোথায় জানতে? মনে পড়লো বাস ছাড়ার আগে কন্টাক্টর সাহেব জনে জনে প্রচুর জিজ্ঞেসবাদ করেছে ব্যাগ দুটো কার জানতে। আশ্চর্য মহিলাটি তো তখন কিছুই বলেননি! মালিক না পেয়ে ওগুলো ঢাকাতেই ফেলে রেখে এসেছে কন্টাক্টর। কন্টাক্টর জানতে চাইছে, আপনি কি তখন ঘুমিয়ে পড়েছিলেন! মহিলাটি এতে আরো ক্ষিপ্ত হয়ে মাতাম করতে লাগলন যেন কোটি টাকা হারিয়েছে এই মাত্র। পরে বুঝলাম, কন্টাক্টর বলেছে, ল্যাগেজ। ভদ্রমহিলা বলছেন, একবারও তো থলিয়া বলে নি কন্টাক্টর। হায়! একই ভাষার ভেতরে যথার্থ বোধগম্য শব্দ প্রয়োগের ব্যর্থতায় কতো রকম ভাবে কতজন ধরা খায়।  তার কাপড়ের থলি জাতীয় পোটলা দুইটিতে এমন কি ছিল তা অবশ্য জানা গেলো না যদিওবা আমার খুব জানতে ইচ্ছে করছিলো। এই এক সমস্যা, সবার সব কিছুই আমার জানতে ইচ্ছে করে দেশে পা দেওয়া মাত্রই। ওই দেশে মানে আমেরিকায় সবাই ব্যস্ত যার যার প্রাইভেসি নিয়ে। অতি প্রাইভেসি সচেতন একটা দেশ। অযাচিত ভাবে কারও দিকে চেয়ে থাকলেও খবর আছে। ডিসলাইক এবং ডিসলাইক ওই প্রাইভেসি থিওরি। আমার এখন খুবই বলতে ইচ্ছে করছে, চোখ বড় বড়ো করে সবার দিকে চেয়ে চেয়ে দেখতে আমার এখন খুবই ভালো লাগছে। হাড়ির ইতিহাসও জানতে ইচ্ছে করছে।

এদেশে সবার হাঁড়ির খবর সবাই জানে, জানতে চায়, জান বাজি রেখে হলেও পাতিলের নিচ পর্যন্ত একদম তলানি পর্যন্ত এগুবে। যাবেই যাবে। এতেই মজাই মজা। আমারও খুব মন চাইছে ঠেলে ঠুলে ওই দলে ঢুকতে পারার জন্য। গুনগুনাতে মন চাইলো,"আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া।"

আমি চেয়ে আছি দেখে বা আমার চাহনিতে হয়তোবা এমন কোনো প্রশ্রয় ছিল যা দেখেই কিনা জানি না কন্টাক্টরটি ছুটে এসে আমাকে বলতে লাগল, দেখলেন তো আপা কি একটা অবস্থা আমার! আমি কি জনে জনে জানতে চাইনি ব্যাগ কার!!

আম্মা সাথে সাথে বলে দিলেন, তুমি সরো, আমার মেয়ে তোমার কথার উত্তর দিতে পারবে না। কন্টাক্টরটি বললো, উনি কি বোবা। শুনে আমার হাসি পেয়ে গেলো, আমার সবার আচরণই ভালো লাগছে। সব এবং যে কোনো ধরণের অদ্ভুত বা কিমাকার আচরণও জানি না কেন ভালোই ভালো লাগছে। পরক্ষণেই বুঝলাম আম্মা একে চড়ও বসাতে পারেন। খুব রেগে গেছেন উনি। তার মেয়েকে বোবা বলা, যেমন তেমন কথা না।

আমাদের সাথে একজন বডিগার্ড আনা হয়েছে ঢাকা থেকে, পুরা সময়টা উনি চুপচাপ একদম পিছনের সিটে বসে ছিলেন। উনি এবার এগিয়ে এসে বললেন, ইনি বাংলা বুঝেন না। বিদেশে থাকেন। যান এবার।

আমি তো এবার আরো হা। সবাই যে যার মতন করে কাহিনী সাজাচ্ছে।

কানে এলো এক  ম্যাডাম খালাম্মা আমাদের পাশ কেটে যেতে যেতে কাকে যেন বলছেন ,‘অনরা ক্যান আছন, গম আছন নি। তোয়ারার লাই আর পেট পুড়ের, তাই আজ আঁই আইছি'। পুরো জার্নিতে উনি হেভি ডিসকো হয়ে ছিলেন, এখন রীতিমতো পর্দানশীল। ভাষাও ভিন্ন। বুঝতে পারছিলাম উনি খালাম্মা গোত্রের কিন্তু ওনার সাজ সজ্জাতে আমি বিব্রত, বুঝতে পারিনি ওনাকে কি বলে ডাকা উচিত। কিছু না ডেকেই কি কি যেন কথাও বলেছিলাম।

তবে ওনার কারণে অনেক পুরাতন কিছু চেনা শব্দগুচ্ছ এসে বাজলো কানে।

'গম' শব্দটা অনেক চেনা। আমার প্রথম শেখা চট্টগ্রামের ভাষার একটি শব্দ।

আমরা সেই একটা অতীতের সময়ের ছোট ছোট বান্ধবীরা সাথে ব্যাগে গম রাখতাম, তুলে তুলে দেখাতাম, বুঝাতে ভালো আছি, এটাই ছিল সপ্তম শ্রেণিতে পড়া কিছু বান্ধবীর কীর্তি। তখন মনে হতো এটাই মজা। আজ আর জানি না ওই বাচ্চামেয়েগুলো এতে কি এতো আনন্দ খুঁজে পেয়েছিল!! প্রবাস জীবনে প্রবেশের পর চোখে গম দেখেছি বলেও তো মনে পড়ছে না। এবার ফিরে গিয়ে খুঁজবো। আসলে ভাবছি খুঁজবো কিন্তু জানি ফিরে গিয়ে আর খোঁজা হবে না। দেশে এলে এরকম অনেক কিছুই মনে হয়, পরে যা আর মনেও থাকে না।

আমরা এবার এগুলাম গাড়ির দিকে। বাসায় যেতে হবে। সেই পাঁচলাইশ কাতালগঞ্জ।

রাত নেমে গেছে পুরাই। কিন্তু চারদিকে ভালোই সরগরম। ফুটপাত বেশরম রকমের চিৎপাত ধরনের। তাই নিচের দিকে মাটির দিকেই চেয়ে সাবধানে হাটা ধরলাম।

কিন্তু মাটিতে পা দিয়েই একদম একা হয়ে দাঁড়িয়ে রইলাম যেন পথে। মনে হলো এই পথ বুঝি আমার চেনা জানা অতীত থেকেই আমাকে অতর্কিতে এসে 'কুলুখ' বা 'কুককি ' অথবা 'হাই' বলে আবার যেন হঠাৎ লুকিয়ে গেলো কোথাও।

আমার এই শহরে আমি এলাম বহু বছর পর।

আনমনেই বলে উঠলাম, তোমাকে আলিঙ্গন হেই প্রিয় শহর আমার।

নিজের কাছাকাছি আসার জন্য এরকম হঠাৎ পাওয়া কিছু মুহূর্তই বুঝি একজন মানুষ হঠাৎ করে পায়। এই চারদিকের অন্ধকারের মাঝে আমি জানি, অনেক হীরক আছে আলো হয়ে আহবান করতে, স্মৃতি হয়ে জ্বলতে। সে আলোয় চললাম আমাদের নিজেদের বাড়িটার দিকে। আসলেই “রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে।”

এই শহরে আজ থেকে বহু বছর আগে একদিন আমি জন্মেছিলাম।

 কারা যেন তারপরও বলেছিলো, আমি এই শহরের না। পথে আসতে আসতে তাই খুঁজেছি সেই মুহুরীগঞ্জের সরু মেঠো পথ যা কিনা আমাকে নিয়ে যাবে পূর্বপুরুষের ভিটে মাটিতে। পাইনি তা-ও। তোমার দেশ কোথায় জানতে চাইলে আজকাল আমি বিভ্রান্ত হই। কারণ মুহুরীগঞ্জের মতন চট্টগ্রামের এই বাড়িতেও আমার কেউ এখন আর থাকে না। ঢাকাবাসী সবাই এখন।  সম্ভবত আমি এখন সকল আঞ্চলিকতার উর্ধে। আমি কি এখন পুরা বাংলাদেশের!! পুরা বাঙলাদেশটাই আমার অঞ্চল।

 চঞ্চল মন অবিচল হয়ে বলে দেয় তাও ঠিক ভাবনা নয়। আমি ভাবলেও মানবে না কেউ।

থাকি তো অন্য মহাদেশে, আমেরিকাবাসি। অভিবাসী। প্রবাসী। কেবলই আমেরিকান ভাববো কি নিজেকে? বাংলাদেশী আমেরিকান!! আমি এখন বিশ্ববাসী!! আমি কি এখন নিজেকে বিশ্ব নাগরিক ভাববো! পাগল তুমি তাও নও।

আমারই অজান্তে আমার সব প্রিয় শহর থেকে ছিটকে গিয়ে আমি বহু দূরের একজন কেউ। তাই যেখানে যেখানে গিয়েছি থেকেছি, সবকিছুই আমার, এ ভাবনাটাই সঠিক আমার কাছে আমার জন্য। আমি-ই তুলে নিলাম আমার সব আবাসের সবটুকু নিজের করে। আমি বহু দূর থেকে হাসি মুখেই চেয়ে থাকি হে প্রিয় শহরের তোমাদের সকলের দিকে।

আপন মনেই বললাম, হে প্রিয়তম শহর, অতি নীরবেই আমি তোমাকে দেখে আবার চলেও যাবো। বহুদিন পর আমার হঠাৎ খুব ডুকরে কাঁদতে মন চাইলো। কিন্তু আমি কাঁদলাম না। ইমতিয়াজ (আমার বর ) আপ্রাণ চেষ্টারত যেন আমি কখনোই এই জীবনে কেঁদে না উঠি। আমি ওকে হারতে দিলাম না। এই শহরে মাশাআল্লাহ একজন হাসি খুশি সুখী মানুষের পদার্পন হলো। কিন্তু তার দুই চোখে পরম বিস্ময়। এই শহর অনেক পরিপাটি, সুবেশা। বর্ধিত কলেবরে সে সেজেছে অথচ তার এই রূপ আমার সেই বড় চেনা শহরকে অনেকটাই যেন অচেনা অপরিচিত করে দিয়েছে।

কি জানি কেন হঠাৎই মনে এলো রবিঠাকুরের "হঠাৎ দেখা " কবিতাটি থেকে কয়েকটি পংক্তি -

“মনে হল, কালো রঙে একটা গভীর দূরত্ব

ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে,

যে দূরত্ব সর্ষে খেতের শেষ সীমানায়

শালবনের নীলাঞ্জনে।

থমকে গেল আমার সমস্ত মনটা;

চেনা চট্টগ্রামকে ( লোককে) দেখলেম অচেনার গাম্ভীর্যে।”