মিলান কুন্ডেরা’র গল্প: ক্ষমাপ্রার্থী
বিমুগ্ধ হয় ও, একইসঙ্গে কিছুটা বিক্ষিপ্তচিত্তও: ওর কাছে মনে হয় ওদের প্রলোভনের জায়গাটা যেন আর উরু, নিতম্ব কিংবা স্তনে নেই, বরং শরীরের কেন্দ্রের ছোট বৃত্তাকার ছিদ্রটাতে কেন্দ্রীভূত।
ইংরেজি অনুবাদ থেকে ভাষান্তর: ফারুক মঈনউদ্দীন
একসময়ের সোভিয়েত ইউনিয়নপন্থী সমাজতন্ত্রের ভিন্নমতাবলম্বী চেক লেখক মিলান কুন্ডেরা (১৯২৯-২০২৩) অনেক পুরস্কার পেলেও সাহিত্যের সবচেয়ে মর্যাদাবান নোবেল পুরস্কারটি চুরানব্বই বছর পর্যন্ত বেঁচে থাকা অবধি তাঁর ভাগ্যে জোটেনি। যদিও জীবনের শেষ প্রায় দুই দশক ধরে প্রতিবছর সম্ভাব্য প্রাপকদের তালিকায় তাঁর নাম উচ্চারিত হতো। নোবেল যেহেতু মরণোত্তর দেওয়া হয় না-- তলস্তয়, আন্তন চেখভ, জেমস জয়েস, মার্ক টোয়েন, এমিল জোলা, ভার্জিনিয়া উলফ, বোর্হেস, কাফকা, কোর্তাসারদের নামের তালিকায় যুক্ত হলো মিলান কুন্ডেরার নামটাও। কিন্তু একথা কেউ অস্বীকার করবে না, এই অপ্রাপ্তি তাঁদের কীর্তির বিশালতাকে কোনোভাবেই খাটো বা ম্লান করেনি। একজন স্কুল শিক্ষক ও সংগীত শিক্ষকের একমাত্র সন্তান কুন্ডেরা প্রাগের পারফর্মিং আর্টস ফিল্ম একাডেমিতে সাহিত্যের শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন ১৯৫৩ সালে। জানা যায়, এই কাজটি তিনি নিয়েছিলেন বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দেওয়া এড়াবার জন্য। এসময় তিনি কেবলই কবিতা লিখতেন। পঞ্চাশের দশকে তাঁর তিনটি কাব্যগ্রন্থও প্রকাশিত হয়। তাঁর অনিচ্ছায় এগুলোর কোনো অনুবাদ তখন প্রকাশ পায়নি।
ষাটের দশকের শেষে পূর্ব ইওরোপে সোভিয়েত দখলদারিত্বের ধারাবাহিকতায় চেকোশ্লোভাকিয়ায় বুদ্ধিজীবী ও সকল সৃষ্টিশীল মতাদর্শ দমনের শুরু হয়। এসময় কুন্ডেরা তাঁর লেখা প্রকাশের সুযোগ থেকে বঞ্চিত হয়ে পড়েছিলেন। যদিও এর মধ্যে একটা সাহিত্য সাপ্তাহিককে দেওয়া সাক্ষাৎকারে স্তালিনের গুণকীর্তন করেছিলেন তিনি। কিন্তু এতেও শেষরক্ষা হয়নি। রাজনৈতিক বিরুদ্ধবাদী বলে ১৯৭২ সালে তাঁর চাকরিটি কেড়ে নেওয়া হয়। এমনকি ট্যাক্সি চালিয়ে জীবন নির্বাহের সুযোগও দেওয়া হয় না তাঁকে। এসময় অর্থ উপার্জনের জন্য পত্রিকার পাতায় বেনামে রাশিফল লিখতে বাধ্য হয়েছিলেন তিনি। তারপরও তাঁর ওপর গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল, আড়িপাতা হতো ফোনে, এমনকি একবার তাঁর বাড়িতে ঢুকে তাঁর পাণ্ডুলিপির ছবি তুলে নিয়ে যাওয়া হয়। এসময় চেকোশ্লাভাকিয়াতে চলছিল রাজনৈতিক চরম বিশৃঙ্খলা, বিরোধীদের ফাঁসি, গ্রামাঞ্চলে সমবায় পদ্ধতিতে চাষাবাদ, রাষ্ট্রায়ত্ব করে ফেলা হচ্ছিল ব্যক্তিগত সম্পত্তি।
১৯৭৯ সালে তাঁর চেক নাগরিকত্ব কেড়ে নেওয়া হলে প্যারিসে নির্বাসিত জীবন যাপন করতে থাকেন কুন্ডেরা। একপর্যায়ে ফরাসি ভাষায় লেখা শুরু করেছিলেন। এখানে তিনি প্রায় লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন, কাউকে কোনো সাক্ষাৎকার দিতেন না, নিজের কোনো জীবনী লেখার অনুমতি দেননি কাউকে, তাঁর গল্প নিয়ে সিনেমা তৈরি কিংবা নাটকের মঞ্চায়ন করা কঠোরভাবে নিষেধ করা ছিল। ছবি তোলাতেও অনীহা ছিল তাঁর, এমনকি তাঁকে প্রকাশ্যে কোথাও উদ্ধৃত করতেও নিষেধ করেছিলেন পরিচিত ও বন্ধুদের। জীবনীকারদের উপহাস করতেন পরজীবী বলে। প্যারিসে থাকাকালীন সময়ে (১৯৯০ সালে) কোনো এক অজ্ঞাত কারণে তাঁর সকল পাণ্ডুলিপি, অপ্রকাশিত লেখা, সকল নাটক, সব নোটবুক এবং চিঠিপত্র বিনষ্ট করে ফেলেন তিনি। ফলে অমূল্য কিছু সম্পদ হারায় বিশ্বসাহিত্য। তাঁর লেখার অনুবাদের ব্যাপারেও বেশ খুঁতখুঁতে ছিলেন তিনি। ‘ক্ষমাপ্রার্থী’ নামের এই গল্পটিও দুটো ভাষায় অনূদিত হয়ে মূল থেকে কতখানি বিচ্যুত হয়েছে সেটা জানি না। কুন্ডেরা জানতে পারলে ভর্ৎসনা করতেন নিশ্চিত।
গল্পটি ফরাসি থেকে ইংরেজিতে অনূদিত হয়ে দ্য নিউ ইয়র্কার ম্যাগাজিনে ছাপা হয়েছিল ৪ মে, ২০১৫ সংখ্যায়। অনুবাদ করেছেন: লিন্ডা আশার। লিন্ডা এই পত্রিকার ফিকশন সম্পাদক এবং একজন লব্ধপ্রতিষ্ঠ অনুবাদক। অনুবাদকর্মে অবদানের জন্য একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করেছেন তিনি।--অনুবাদক
নাভি নিয়ে ধ্যানস্থ আলাঁ
তখন জুন মাস, মেঘের ভেতর থেকে উঠে আসছিল ভোরের সূর্য, প্যারিসের এক রাস্তা ধরে ধীরপায়ে হেঁটে যাচ্ছিল আলাঁ। তরুণীদের লক্ষ করে ও: নিচু করে পরা ট্রাউজার আর খুব ছোট টি শার্টের মাঝ বরাবর নগ্ন নাভি দেখিয়ে রেখেছে সবাই। বিমুগ্ধ হয় ও, একইসঙ্গে কিছুটা বিক্ষিপ্তচিত্তও: ওর কাছে মনে হয় ওদের প্রলোভনের জায়গাটা যেন আর উরু, নিতম্ব কিংবা স্তনে নেই, বরং শরীরের কেন্দ্রের ছোট বৃত্তাকার ছিদ্রটাতে কেন্দ্রীভূত।
ওকে ভাবতে হয়: একটা মানুষ (কিংবা একটা যুগ) যদি উরুকে মেয়েমানুষের প্রলোভনশক্তির কেন্দ্র বলে ভাবে, তাহলে যৌনাবেদনের ঝোঁকের বিশেষত্ব কীভাবে বর্ণনা করে তার সংজ্ঞা দেবে সে? তাৎক্ষণিক একটা জবাবও তৈরি করে ফেলে ও: উরুর দৈর্ঘ্য হচ্ছে দীর্ঘ আকর্ষণীয় রাস্তার রূপক (সেজন্য উরু লম্বা হতে হয়), যা যৌনরস প্রাপ্তির কৃতিত্ব অর্জন করার দিকে ধাবিত করে। ও আপন মনে বলে, বস্তুত এমনকি মৈথুনের মধ্যেও উরুর দৈর্ঘ্য মেয়েমানুষকে অগম্যতার রোমান্টিক জাদুতে অলঙ্কৃত করতে পারে।
একটা মানুষ (কিংবা একটা যুগ) যদি নিতম্বকে মেয়েমানুষের প্রলোভনশক্তির কেন্দ্র বলে ভাবে, তাহলে যৌনাবেদনের ঝোঁকের বিশেষত্ব কীভাবে বর্ণনা করে সেটার সংজ্ঞা দেওয়া যায়? এবারও তাৎক্ষণিক একটা জবাব তৈরি করে সে: নারীর পবিত্রকরণ, যিশুকে কুমারী মেরির স্তন্যপান করানোর অর্থ নারীর মহৎ কর্মের সামনে পুরুষের নতজানু হওয়া।
কিন্তু যে মানুষটা ভাবে, মেয়েমানুষের প্রলোভনশক্তি কেন্দ্রীভূত থাকে তার শরীরের মধ্যস্থল, অর্থাৎ নাভির মধ্যে, সেই মানুষের (কিংবা একটা যুগের) যৌনতার সংজ্ঞা কীভাবে দেওয়া যায়?
স্বচ্ছন্দে রাস্তায় চলতে চলতে তাই সে প্রায়ই নাভির কথা ভাবত, বারবার এই ভাবনা মাথায় এলেও বিচলিত ছিল না ও এবং এমনকি এরকম ভাবনায় আশ্চর্যরকমভাবে সেঁটে থাকত ও, কারণ নাভি ওর ভেতর একটা দূরবর্তী স্মৃতি জাগিয়ে তোলে: ওর মায়ের সঙ্গে শেষবার দেখা হওয়ার স্মৃতি।
তখন ওর বয়স ছিল দশ বছর। বাবার সঙ্গে বাগান আর সুইমিংপুলসহ ভাড়া নেওয়া এক ভিলায় ছুটি কাটাতে গিয়েছিল ও। কয়েক বছরের অনুপস্থিতির পর ওদের সঙ্গে দেখা করতে এসেছিলেন ওর মা। ওঁরা, মানে ওর মা আর তাঁর সাবেক স্বামী, ভিলার মধ্যে কিছুক্ষণ একাকী সময় কাটান। সেকারণে ভিলার চারদিকে একটা দমবন্ধ করা পরিবেশ। কতক্ষণ ছিলেন তিনি? সম্ভবত ঘন্টা দুয়েকের বেশি নয়, সেই সময়টাতে একা একা সুইমিং পুলটা উপভোগ করার চেষ্টা করছিল আলাঁ। ও যখন উঠে আসে, ঠিক তখনই বিদায় নেওয়ার জন্য থামেন তিনি। একা। বাবার সঙ্গে কী কথা হয়েছে, জানে না আলাঁ। ওর কেবল মনে আছে, একটা গার্ডেন চেয়ারে বসে ছিলেন তিনি, আর ও ভেজা সুইমিং পোশাক পরা অবস্থায় ওঁর মুখোমুখি দাঁড়িয়ে। ওরা কি কথা বলেছিল সেটা মনে নেই, তবে একটা মুহূর্ত স্মৃতিতে স্থায়ী হয়ে আছে ওর, স্পষ্ট খোদাই করা একটা সুনির্দিষ্ট মুহূর্ত: চেয়ারে বসে ছেলের নাভির দিকে তন্ময় হয়ে তাকিয়ে ছিলেন তিনি। ওর পেটের ওপর তাঁর সেই দৃষ্টি এখনও অনুভব করে ও। অবোধ্য একটা দৃষ্টি: ওর মনে হয়েছিল একটা অব্যক্ত করুণা আর অবজ্ঞার মিলিত ভাব প্রকাশ করার জন্য মায়ের ঠোঁট একটা হাসির চেহারা নিয়েছিল (সমবেদনা আর অবজ্ঞার হাসি); তার পর চেয়ার থেকে না উঠেই ওর দিকে ঝুঁকে তর্জনী দিয়ে ওর নাভিটা ছুঁয়ে দিয়েছিলেন তিনি। তার পরপরই উঠে দাঁড়ান, ওকে একটা চুমু দিয়ে (সত্যিই কি ওকে চুমু দিয়েছিলেন? হয়তো, তবে নিশ্চিত ছিল না ও) চলে গিয়েছিলেন তিনি। তাঁকে আর কখনোই দেখেনি ও।
গাড়ি থেকে নেমে আসা নারী
নদীর ধারের রাস্তা দিয়ে একটা গাড়ি এগিয়ে আসে। সকালের হিমেল হাওয়া শহরের উপকণ্ঠের শেষপ্রান্ত আর উন্মুক্ত গ্রামের মধ্যবর্তী আকর্ষণহীন ভূখণ্ডটিকে আরো নিঃসহায় করে তোলে, চোখে পড়ে দুচারটা বিক্ষিপ্ত বাড়ি, কোনো পথচারীর দেখা মেলে না। গাড়িটি রাস্তার পাশে থেমে যায়, সেটি থেকে বেরিয়ে আসেন এক নারী- বেশ সুন্দরী এক যুবতী। অবাক করার মতো ব্যাপার: এমন হেলাফেলা করে গাড়ির দরজা বন্ধ করেন তিনি, বোঝা যায় দরজাটা লক হয়নি। এই অবহেলার অর্থ কী? চোরেদের বিষয়টা কি আজকাল এমনই অসম্ভব হয়ে গিয়েছে? মহিলাটি কি এতই বিভ্রান্ত?
না, তাঁকে বিভ্রান্ত বলে মনে হচ্ছে না, উল্টো তাঁর চেহারায় দেখা যাচ্ছে একটা প্রতিজ্ঞা। এই নারী জানেন, কী চাইছেন তিনি। তিনি যেন একটা খাঁটি ইচ্ছাশক্তি। রাস্তা ধরে নদীর ওপর উঁচু সরু সেতুর দিকে একশ গজের মতো হেঁটে যান তিনি, সেতুটাতে গাড়ি চলাচল নিষিদ্ধ। সেটাতে উঠে অন্য পাড়ের দিকে এগোতে থাকেন। কেউ তাঁর জন্য অপেক্ষা করছে এমনভাবে নয়, কেউ যে তাঁকে আশা করছেন না সেটা নিশ্চিত হওয়ার জন্য কয়েকবার চারদিকে তাকান তিনি। তারপর সেতুর মাঝামাঝি গিয়ে থামেন। প্রথম দৃষ্টিতে মনে হয় ইতস্তত করছেন তিনি, কিন্তু না, এটা দ্বিধা কিংবা সংকল্পের ঝিমিয়ে পড়া নয়, এটা বরং তাঁর সংকল্পকে আরো ধারালো করা, ইচ্ছাশক্তিকে আরো ইস্পাতের মতো শক্ত করা। তাঁর ইচ্ছে? আরো যথার্থভাবে বলতে গেলে: ঘৃণা। হ্যাঁ, তাঁর থেমে যাওয়াকে দ্বিধার মতো দেখালেও, সেটা ছিল পাশে থাকার জন্য, তাঁকে সমর্থন করা এবং একমুহূর্তের জন্য তাঁকে ছেড়ে না যাওয়ার জন্য নিজের বিতৃষ্ণার প্রতি তাঁর আবেদন।
রেলিংয়ের ওপর একটা পা তুলে দিয়ে শূন্যে ঝাঁপ দেন তিনি। পতনের শেষে কঠিন জলের ওপর নিষ্ঠুরভাবে নিজেকে ছুড়ে দিয়ে ঠান্ডায় অবশ হয়ে পড়েন যেন। কয়েকটা দীর্ঘ মুহূর্তের পর মুখটা তোলেন, একজন ভালো সাঁতারু বলে সকল স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া উত্তাল হয়ে তাঁর মরণেচ্ছার বিপরীতে ধাবিত হচ্ছিল। মাথাটা জলের নিচে আবার ডুবিয়ে দিয়ে শ্বাসপ্রশ্বাস বন্ধ করে দেওয়ার জন্য নিঃশ্বাসের সঙ্গে জল টেনে নিতে বাধ্য করেন নিজের ফুসফুসকে। আচমকা একটা চিৎকার কানে আসে তাঁর। চিৎকারটা আসে অন্য পাড় থেকে। কেউ একজন দেখে ফেলেছে। তিনি বুঝতে পারেন মৃত্যুটা সহজ হবে না, আর তার প্রধান শত্রু হবে ভালো সাঁতারু হিসেবে তাঁর অদম্য রিফ্লেক্স নয়, তিনি আশা করেননি এমন এক লোক। তাঁকে যুদ্ধ করতে হবে, নিজের মৃত্যুকে উদ্ধার করার যুদ্ধ।
তিনি খুন করেন
চিৎকারের উৎসের দিকে ভালো করে তাকিয়ে দেখেন তিনি। কেউ একজন নদীতে ঝাঁপিয়ে পড়েছে। তিনি ভেবে নেন: কোনটা জলদি হবে, জলের নিচে তাঁর থেকে যাওয়ার সিদ্ধান্ত, পানি গিলে ফেলে নিজেকে ডুবিয়ে ফেলা? নাকি তাঁর দিকে এগিয়ে আসা মূর্তিটা? অর্ধেক ডুবন্ত অবস্থায় ফুসফুসে পানি ঢুকে তিনি যখন দুর্বল হয়ে পড়বেন, তাঁর রক্ষাকর্তার জন্য তিনি কী বেশ সহজ শিকার হয়ে পড়বেন না? লোকটা তাঁকে তীরের দিকে টেনে নিয়ে যাবে, মাটিতে শুইয়ে দেবে, চাপ দিয়ে ফুসফুস থেকে বের করে আনবে জল, মুখে মুখ লাগিয়ে ফুঁ দেবে, উদ্ধারকারী দল আর পুলিশকে ডাকবে। বেঁচে যাবে ও, আর হাসির পাত্র হয়ে থাকবে সারাজীবন।
‘থামুন, থামুন,’ লোকটা চিৎকার করে ওঠে।
সবকিছু বদলে গেল। শক্তি জড়ো করার জন্য পানির নিচে ডুব দেওয়ার বদলে মাথা তুলে গভীরভাবে শ্বাস নেন তিনি। লোকটি ইতিমধ্যে তাঁর সামনে চলে এসেছে। লোকটা তরুণ, বয়স বিশ বছরের নিচে, পত্রিকায় ছবি ছাপিয়ে বিখ্যাত হতে চায় সে। ও বার বার বলছিল, ‘থামুন! থামুন!’ এর মধ্যে তাঁর দিকে একটা হাত বাড়িয়ে দিয়েছে তরুণ, এড়িয়ে না গিয়ে হাতটা আঁকড়ে ধরেন তিনি, ওটাকে শক্ত করে ধরে টেনে (এবং তরুণকে) নদীর গভীর তলদেশের দিকে নিয়ে যেতে থাকেন। ছেলেটা আবার চিৎকার করে, ‘থামুন!’ যেন এই একটা শব্দই বলতে পারে ও। আর বলতে পারবে না সে। তিনি ওর বাহু ধরে নদীর তলার দিকে টানতে থাকেন, তারপর নিজের পুরো শরীরটা ছেলেটার পিঠের ওপর তুলে দেন যাতে ওর মাথাটা জলের নিচে থাকে। ছেলেটা লড়াই করতে থাকে, শরীর আছড়ায়, এর মধ্যে নিঃশ্বাসের সঙ্গে পানি গিলেছে অনেক, মহিলাকে আঘাত করার চেষ্টা করে ও, কিন্তু শক্ত হয়ে ওর ওপর শুয়ে থাকেন তিনি, নিঃশ্বাস নেওয়ার জন্য মাথা তুলতে পারে না ও। কয়েকটা দীর্ঘ, অনেক লম্বা মুহূর্তের পর ছেলেটার নড়াচড়া বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ ওকে সেভাবে ধরে রাখেন তিনি, যেন মনে হচ্ছিল ক্লান্ত হয়ে কাঁপতে কাঁপতে ওর ওপর শুয়ে বিশ্রাম নিচ্ছেন তিনি। তারপর যখন সন্তুষ্ট হলেন যে তাঁর নিচের মানুষটি আর নড়বে না, ওকে ছেড়ে দিয়ে নদীর যে পাড় থেকে এসেছিলেন, সেদিকে ফিরে যান, যাতে এই মাত্র যা ঘটলো, তার ছায়ামাত্র নিজের ভেতর ধরে রাখতে না হয়।
কিন্তু কী হচ্ছে এসব? তিনি কি তাঁর সিদ্ধান্ত ভুলে গেছেন? তাঁর মৃত্যুকে ছিনতাইয়ের চেষ্টা করার মানুষটি যেহেতু আর বেঁচে নেই, নিজেকে ডুবিয়ে মারলেন না কেন? এখন কেন মুক্ত তিনি, তাহলে কি মরতে চান না আর?
অপ্রত্যাশিতভাবে পুনরুদ্ধার হওয়া জীবন ছিল এক ধরনের আঘাত, যা ভেঙে দিয়েছে তাঁর সংকল্পটা, মৃত্যুর জন্য নিজের শক্তিকে সংহত করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন তিনি।
তাঁর বাড়ি ফিরে আসা
তিনি বুঝতে পারেন একটু একটু করে পানির গভীরতা কমে আসছে, নদীর তলদেশ স্পর্শ করে তাঁর পা, এখন দাঁড়াতে পারছেন, কাদার মধ্যে জুতোজোড়া হারিয়ে গেছে, সেগুলো খোঁজার মতো শক্তি নেই আর। খালি পায়ে জল ছেড়ে উঠে আসেন তিনি, তারপর রাস্তার দিকে যাওয়ার পাড় বেয়ে উঠতে থাকেন।
পুনরুদ্ধার হওয়া পৃথিবীর একটা অতিথিবিমুখ চেহারা আছে, ভাবতে ভাবতে আচমকা উদ্বেগ গ্রাস করে তাঁকে: গাড়ির চাবিটা নেই! কোথায় গেল ওটা? তাঁর স্কার্টের কোনো পকেট নেই।
মৃত্যুর দিকে যেতে যেতে পথে কী ফেলে গেল সেটা নিয়ে ভাবনা করে না কেউ। গাড়িটা যখন ফেলে রেখে গিয়েছিলেন, তখন তো ভবিষ্যতের কোনো অস্তিত্ব ছিল না। লুকোনো কিছু ছিল না তাঁর। অথচ এখন আচমকা সবকিছু লুকোতে হচ্ছে। কোনো চিহ্ন রাখা যাবে না। ক্রমাগত বেড়েই চলে তাঁর উদ্বেগ: গাড়ির চাবিটা কোথায়? কীভাবে বাড়ি ফিরবেন তিনি?
গাড়ির কাছে পৌঁছে দরজায় টান দিলে তাঁকে অবাক করে দিয়ে খুলে যায় ওটা। চাবিটা ড্যাশবোর্ডের ওপর পড়ে ছিল যেন তাঁরই অপেক্ষায়। স্টিয়ারিংয়ে বসে নগ্ন পা পেডালের ওপর রাখেন তিনি। তখনও কাঁপছিলেন, এখনকার কাঁপুনিটা ঠান্ডার কারণেও। তাঁর শার্ট, জলে ভেজা স্কার্টের সবদিক থেকে নদীর নোংরা পানি ঝরছিল। চাবি ঘুরিয়ে গাড়ি চালু করে চলতে শুরু করেন তিনি।
যে লোকটি তাঁকে জীবন দিতে চেষ্টা করেছিল সে জলে ডুবে মারা গেছে, আর যে ব্যক্তিটিকে মেরে ফেলার চেষ্টা করছিলেন তিনি, সে তাঁর পেটের মধ্যে এখনও বেঁচে আছে। আত্মহননের চিন্তাটা চিরদিনের জন্য বাতিল হয়ে যায়। দ্বিতীয়বার আর চেষ্টা করা হবে না। তরুণটি মৃত, আর ভ্রূণটি জীবিত, যা ঘটেছে সেটা আবিষ্কার করা থেকে যে কোনো কাউকে দূরে রাখার জন্য যা যা করতে হয়, তিনি করবেন। এখন কাঁপছেন তিনি, তাঁর ইচ্ছাশক্তি ফিরে আসে আবার, নিকট ভবিষ্যৎ ছাড়া আর কিছু ভাবছেন না এখন: কেউ না দেখে এভাবে গাড়ি থেকে বের হবেন কীভাবে? জলভেজা কাপড়ে দারোয়ানের চোখ এড়িয়ে কীভাবে পার হবেন দরজা?
কাঁধের ওপর একটা জোরালো ঘুষি খায় আলাঁ। ‘দেখে হাঁটো, ইডিয়ট!’
ফিরে তাকিয়ে ফুটপাত ধরে দ্রুত বলিষ্ঠ পায়ে ওর পাশ কাটিয়ে হেঁটে যাওয়া একটা মেয়েকে দেখতে পায় ও।
মেয়েটিকে উদ্দেশ্য করে চিৎকার করে (দুর্বল গলায়) ও বলে, ‘স্যরি।’
ফিরে না তাকিয়ে মেয়েটি (কড়া গলায়) জবাব দেয়, ‘গাধার বাচ্চা!’
ক্ষমাপ্রার্থীরা
দুদিন পর নিজের স্টুডিও অ্যাপার্টমেন্টে বসে আলাঁ অনুভব করে যে কাঁধের ব্যাথাটা এখনো আছে, ওর নিশ্চিত মনে হয়, তরুণীটি ইচ্ছে করেই ধাক্কা দিয়েছিল ওকে। কঠিন গলায় মেয়েটির ‘ইডিয়ট’ গালিটা ভুলতে পারেনা ও, মিনতির সুরে নিজের ‘স্যরি’ বলা এবং জবাবে ‘গাধার বাচ্চা’ বলাটা আবারো শুনতে পায় যেন। আরো একবার কোনো কারণ ছাড়াই ক্ষমা চাইল সে! সবসময় ক্ষমা ভিক্ষার এই ফালতু রিফ্লেক্সটা কেন যে হয়? এই ঘটনার স্মৃতিটা ওকে ছেড়ে যাবে না বুঝতে পেরে ওর মনে হয় কারো সঙ্গে কথা বলা উচিত। গার্লফ্রেন্ড ম্যাডলিনকে ফোন করে ও। প্যারিসে ছিল না ম্যাডলিন, ওর সেলফোনটাও বন্ধ। চার্লসের নম্বরে ফোন টেপে ও। ক্ষমা চাওয়ার আগেই বন্ধুর গলা শুনতে পায় ও, বলে, ‘রাগ কোরো না। আমার মেজাজ খুব খারাপ। তোমার সঙ্গে কথা বলতে চাই।’
‘খুব ভালো সময়ে ফোন করেছ। আমিও বিশ্রী মেজাজে আছি। তবে তোমার মন খারাপ কেন?’
‘কারণ, আমি নিজের ওপরই রেগে আছি। আমার কেন সবসময় নিজেকে অপরাধী মনে হবে?’
‘সেটা এমন মারাত্মক কিছু নয়।’
‘নিজেকে অপরাধী মনে করা কিংবা না করা--আমার মনে হয় এটাই মূল বিষয়। জীবন হচ্ছে সবার বিরুদ্ধে সবার সংগ্রাম। এই সত্য সবার জানা। কিন্তু সেই সংগ্রাম কীভাবে একটা সমাজে কাজ করে, যে সমাজ কম বেশি সভ্য। মানুষ দেখামাত্র আক্রমণ করতে পারে না। তাই, তার বদলে তারা একে অন্যের বিরুদ্ধে শাস্তিযোগ্য অপরাধের লজ্জা আরোপ করে। যে অন্যকে কোনোভাবে অপরাধী প্রমাণ করতে সক্ষম হয়, জিতে যায় সে। আর, যে তার অপরাধ স্বীকার করে, সে হারে। ধরো, তুমি একটা চিন্তায় ডুবে গিয়ে রাস্তা ধরে হেঁটে যাচ্ছ। এসময় ডানে বামে না তাকিয়ে সোজা সামনে হেঁটে আসে একটা মেয়ে, যেন পৃথিবীতে সে-ই একমাত্র বাসিন্দা। তারপর তোমাদের দুজনের ধাক্কা লাগে। আর, সেখানেই আসল ঘটনা, সত্যিকার মুহূর্তটি: কে কাকে বকাবকি করবে, আর মাফ চাইবে কে? এটা একটা চিরকালীন অবস্থা: আসলে দুজনই ধাক্কা দেওয়া এবং ধাক্কা খাওয়া। তার পরও কিছু মানুষ আছে, যারা চট করে স্বেচ্ছায় নিজেকেই ধাক্কা দেওয়া ব্যক্তিটি বলে ধরে নিয়ে নিজেকে দোষী ভাববে। আর অন্যেরা সবসময়ই নিজেকে ধাক্কা খাওয়া বলে মনে করে নিজেকে সঠিক বলে ধরে নেবে এবং ক্ষমা চাওয়া লোকটির ওপর দোষ চাপিয়ে দিয়ে শাস্তির ব্যবস্থা করবে। এরকম পরিস্থিতিতে তুমি কী করবে, ক্ষমা চাইবে নাকি অন্যের ওপর দোষ চাপাবে?’
‘নিজেকে দোষী ধরে নিয়ে ক্ষমা চেয়ে নেব আমি।’
‘আহ্, আমার বেচারা বন্ধুটি, তুমিও তাহলে ক্ষমাপ্রার্থীদের দলে। ক্ষমা চেয়ে অন্যজনকে শান্ত করবে বলে আশা কর তুমি।”
‘ঠিক তা-ই।’
‘তাহলে তুমি ভুল করছ। যে ক্ষমা চাইল, নিজেকে অপরাধী বলে ঘোষণা করল সে। যদি নিজেকে দোষী বলে স্বীকার কর, তাহলে আমৃত্যু প্রকাশ্যে তোমাকে অপমান ও দোষারোপ করার জন্য অন্যকে উৎসাহ দিচ্ছ তুমি। এটাই প্রথমে ক্ষমা চাওয়ার পরিনতি।’
‘সেটা ঠিক। ক্ষমা চাওয়া উচিৎ নয়। তার পরও এমন একটা দুনিয়া চাই আমি, যেখানে কোনো ব্যতিক্রম ছাড়া অর্থহীনভাবে অকারণে প্রয়োজনাতিরিক্ত ক্ষমাপ্রার্থী হবে সবাই, ক্ষমাপ্রার্থনা দিয়ে ভারাক্রান্ত করে তুলবে নিজেদের।
আলাঁ ম্যাডলিনকে আবার ফোন করার জন্য সেলফোন তুলে নেয়। ফোন বেজেই চলে। এরকম সময় যা করে থাকে ও, দেয়ালে ঝোলানো ছবির ওপর মনোযোগ সরিয়ে নেয়। ওর এক কামরার ঘরে এটা ছাড়া আর কোনো ছবি ছিল না: এক যুবতী নারীর ছবি--ওর মা।
আলাঁর জন্মের কয়েক মাস পর স্বামীকে ছেড়ে চলে গিয়েছিলেন তিনি। ভদ্রলোক নিজস্ব বিচক্ষণ আচরনের কারণে স্ত্রী সম্পর্কে কখনোই খারাপ কিছু বলেননি। কৌশলী ও ভদ্র একজন মানুষ ছিলেন তিনি। ছেড়ে যাওয়া বাচ্চাটা বুঝতে পারত না, এরকম সতর্ক ও ভদ্র একজন মানুষকে কোনো মহিলা কীভাবে ছেড়ে যায়। আরো কম বুঝতে পারত, কীভাবে নিজের ছেলেকে ছেড়ে যেতে পেরেছিলেন তিনি। ছেলেটিও (যেহেতু সচেতন ছিল সে) ছোটবেলা থেকেই (গর্ভে আসার পর থেকে না হলেও) ছিল বিচক্ষণ ও ভদ্র।
ওর বাবাকে জিজ্ঞেস করেছিল ও, ‘কোথায় থাকেন তিনি?’
‘সম্ভবত আমেরিকা।’
‘সম্ভবত বলতে কী বোঝাতে চাইছেন আপনি?’
‘ওর ঠিকানা জানি না আমি।’
‘কিন্তু ওঁর দায়িত্ব ছিল আপনাকে ঠিকানা দেওয়া।’
‘আমার প্রতি ওর কোনো দায়িত্ব নেই।’
‘কিন্তু আমার প্রতি? তিনি কি আমার কোনো খবর জানতে চান না? তিনি কি জানতে চান না আমি কী করছি কিংবা ওঁর সম্পর্কে কী ভাবি আমি?’
একদিন বাবা মেজাজ হারিয়ে ফেলেন।
‘তুমি যেহেতু পীড়াপীড়ি করছ, তোমাকে বলব আমি: তোমার জন্ম হোক, সেটা চাননি তোমার মা। তুমি যে এখানে আছো, যে ইজি চেয়ারে বসে আরাম পাচ্ছ, সেটাতে গা ছেড়ে বসে থাকতে পারছ, তা কখনোই চায়নি সে। তোমাকে নিয়ে কখনোই ভাবেনি ও। এখন বুঝতে পরছ তো?’
মারমুখী মানুষ ছিলেন না ওর বাবা। চাপা স্বভাব সত্ত্বেও একটা প্রাণকে পৃথিবীতে আসতে বাধা দেওয়ার চেষ্টা করা মহিলাটির প্রতি নিজের গভীর মতানৈক্যে বিষয়টা গোপন করার কোনো চেষ্টা করেননি তিনি।
ভাড়া নেওয়া অবকাশ কেন্দ্রের সুইমিং পুলের পাশে মায়ের সঙ্গে আলাঁর শেষ দেখা হওয়ার ঘটনাটা ইতিমধ্যে বর্ণনা করেছি আমি। ওর বয়স তখন দশ বছর। ষোল বছর বয়সে ওর বাবা মারা যান। অন্ত্যেষ্টিক্রিয়ার অল্প কয়েকদিন পরে পারিবারিক অ্যালবাম থেকে মায়ের একটা ছবি খুলে নেয় সে, তারপর ফ্রেমে বাঁধিয়ে ঘরের দেয়ালে ঝুলিয়ে দেয়। সেই বাসায় বাবার কোনো ছবি ছিল না কেন? আমি জানি না। এটা কি অযৌক্তিক? অবশ্যই। অন্যায়? নিঃসন্দেহে। কিন্ত এটাই সত্যি। বাসার দেয়ালে একটিমাত্র ছবি টানানো আছে, সেটা ওর মায়ের। যার সঙ্গে কখনো কখনো কথা বলত ও।
কীভাবে একজন ক্ষমাপ্রার্থীর জন্ম হয়
‘গর্ভপাত করাওনি কেন তুমি? তিনি কি বাধা দিয়েছিলেন তোমাকে?’
ছবিটা থেকে একটা কণ্ঠ ভেসে আসে: ‘সেটা কখনোই জানা হবে না তোমার। আমার সম্পর্কে যা কিছু কল্পনা কর তুমি, সেসব কেবলই রূপকথার গল্প। তবে তোমার এসব গল্প পছন্দ করি আমি। এমনকি নদীতে এক তরুণকে যে ডুবিয়ে মারার মতো খুনী মনে কর আমাকে, সেসবও পছন্দ করেছি। চালিয়ে যাও আলাঁ। এখন একটা গল্প বল আমাকে। কল্পনা কর। আমি শুনছি।’
আলাঁ কল্পনায় দেখতে পায়, বাবা ওর মায়ের শরীরের ওপর। তাদের মিলনের আগে মা ওর বাবাকে সতর্ক করে দেন: ‘পিল খাইনি আমি, সাবধান!’ তিনি আবার নিশ্চিত করেন মাকে। অবিশ্বাস না করে মিলিত হন মা। তারপর তিনি যখন দেখলেন লোকটার চেহারায় চরম মুহূর্তের সকল লক্ষণ ঘনিয়ে এসে বাড়ছে, তখন চিৎকার করে ওঠেন, ‘সাবধান!’ তারপর ‘না! না! আমি নিতে চাই না! নিতে চাই না!’ কিন্তু লোকটার মুখ লাল থেকে গাঢ় লাল হয়ে ওঠে, বিশ্রী রকমের লাল। তাঁকে আটকে ফেলা ভারি শরীরটাকে ঠেলে সরাতে চান মা, যুদ্ধ করতে চান, কিন্তু বাবা তাঁকে আরো শক্তভাবে ঢেকে রাখেন নিজের শরীর দিয়ে। তখন আচমকা বুঝতে পারেন তিনি, আবেগে অন্ধ হয়ে নয়, এটা ইচ্ছাকৃত, ঠান্ডা মাথায় পূর্বপরিকল্পিত ইচ্ছা, আর তাঁর জন্য এটা ছিল ইচ্ছার চেয়ে বেশি কিছু, ঘৃণা, একটা ভয়ঙ্কর ঘৃণা, কারণ, ততক্ষণে যুদ্ধে হেরে গেছেন তিনি।
ওদের মিলনদৃশ্যের কল্পনা এবারই প্রথম করেনি আলাঁ, এই মৈথুন সম্মোহিত করেছিল ওকে। সেকারণে ওর ধারণা হয়েছিল যে প্রতিটি মানুষ তার গর্ভস্থ হওয়ার মুহূর্তের অবিকল প্রতিরূপ। আয়নার সামনে দাঁড়িয়ে পরীক্ষা করে দেখেছিল ও, ওর চেহারার হুবহু দ্বৈত কারো চিহ্ন কিংবা তার জন্ম হওয়ার পেছনের কোনো ঘৃণার যুগপৎ অস্তিত্ব আছে কি না: চরম মুহূর্তে মানুষটি এবং মহিলাটির ঘৃণা, ভদ্র ও শারীরিকভাবে শক্তিশালীর সঙ্গে সাহসী ও শারীরিকভাবে দুর্বলের ঘৃণা।
ও উপলব্ধি করে, দুই তরফের ঘৃণার একমাত্র ফসল হতে পারে একটি ক্ষমাপ্রার্থী মানুষ। সে ছিল ওর বাবার মতো ভদ্র ও বুদ্ধিমান, ওর মা ওকে দেখেছিল একজন অনুপ্রবেশকারী হিসেবে। এক নিষ্ঠুর যুক্তিতে একজন একাধারে ভদ্র ও অনুপ্রবেশকারী সারাজীবন ক্ষমাপ্রার্থনা করার জন্য নিন্দিত থাকে। দেয়ালে ঝোলানো মুখটার দিকে তাকায় ও, আরো একবার সেই পরাজিত মহিলাকে দেখে, জল ঝরতে থাকা পোশাকে গাড়িতে উঠে দারোয়ানের নজর এড়িয়ে নগ্নপায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে বাসায় ফিরে আসেন তিনি, সেখানেই থাকবেন অনুপ্রবেশকারীটি তাঁর শরীর থেকে বের না হয়ে যাওয়া পর্যন্ত। কয়েক মাস পর এখানেই ফেলে রেখে যাবেন দুজনকেই।
ইভের বৃক্ষ
নিজের স্টুডিও অ্যাপার্টমেন্টের মেঝেতে দেয়ালে হেলান দিয়ে বসে ছিল আলাঁ, মনে হয় হালকা তন্দ্রার ঘোরে মাথাটা ঝুঁকে আছে নিচের দিকে। একটা নারীকণ্ঠ জাগিয়ে তোলে ওকে।
‘এযাবত আমাকে যা বলেছ, তার সবকিছুই ভালো লেগেছে আমার। যা আবিষ্কার করেছ তুমি, তার সবই পছন্দ করেছি, নতুন কিছু যোগ করার মতো নেই আর, হয়তো কেবল নাভির বিষয়টা ছাড়া। তোমার ধারণা, নাভিবিহীন কোনো নারী একজন দেবদূতী। আমার কাছে তিনি হচ্ছেন প্রথম নারী, ইভ। কারো পেট থেকে জন্ম নেননি তিনি, তাঁর আসা একটা খেয়ালের বশে, স্রষ্টার খেয়ালে। গর্ভের সন্তানের নাভির সঙ্গে জননীর ফুলের সংযোগ যে নাড়ি, প্রথমবারের মতো সেটি এসেছে একজন নাভিবিহীন নারীর যোনিদ্বার থেকে। আমাকে যদি বাইবেল বিশ্বাস করতে হয়, অন্যান্য নাড়িও বিশ্বাস করতে হবে: একটা ছোট ছেলে বা মেয়ের প্রত্যেকের সঙ্গে যুক্ত আছে ওটা। পুরুষের শরীরের সঙ্গে এরকম সংযোগের কোনো ধারাবাহিকতা নেই, সম্পূর্ণ অর্থহীন, অথচ প্রতিটি নারীর জননেন্দ্রিয় থেকে আরেকটা নাড়ি বের হয়ে আসে, যার অন্য প্রান্তে থাকে একটা ছেলে বা মেয়ে। লক্ষ লক্ষবার ঘটে এরকম, তার সবগুলোই পরিনত হয় এক প্রকাণ্ড বৃক্ষে। মানুষের শরীরের অসীমতা থেকে জন্ম নেওয়া এক বৃক্ষ, যার শাখা-প্রশাখা আকাশ ছুয়ে গেছে। কল্পনা কর! সেই দৈত্যাকার বৃক্ষের শিকড় পোঁতা এক ক্ষুদ্র নারীর যোনিদ্বারে, প্রথম নারী, বেচারি নাভিবিহীন ইভ।’
‘আমি যখন গর্ভবতী হই, নিজেকে দেখতাম সেই গাছের অংশ হিসেবে, তার একটা নাড়ি থেকে ঝুলে আছি, তুমি জন্মাওনি তখনও, তোমাকে কল্পনা করতাম আমার শরীর থেকে বের হওয়া নাড়ির সঙ্গে আটকে ভেসে আছ শূন্যের ওপর। তার পর থেকে স্বপ্ন দেখতাম, নিচে একজন খুনি নাভিবিহীন নারীটির গলা কেটে ফেলছে। কল্পনা করতাম মেয়েটির শরীরে মৃত্যুযন্ত্রণার আক্ষেপ, পচন ধরছে, যতদিন পর্যন্ত না তার শরীর থেকে বেড়ে ওঠা বৃক্ষটি আচমকা শিকড়হীন হয়ে ভিত্তি হারিয়ে পতন শুরু করে। দেখতাম, গাছটির ছড়িয়ে পড়া অপরিমেয় শাখা-প্রশাখা বিপুল বৃষ্টিধারার মতো নেমে আসে। আমাকে বোঝার চেষ্টা কর, আমি যা স্বপ্ন দেখছিলাম, সেটা মানব ইতিহাসের সমাপ্তি কিংবা ভবিষ্যতের বিলুপ্তি নয়।’
‘না, আমি যা চাইছিলাম সেটা হচ্ছে, অতীত ও ভবিষ্যৎ, শুরু থেকে শেষ পর্যন্ত, তার সকল স্মৃতিময় অস্তিত্বের সম্পূর্ণ বিস্তার নিয়ে নিরো ও নেপোলিয়ন, বুদ্ধ ও যিশুসহ মানবজাতির পরিপূর্ণ অন্তর্ধান। একজন নাভিবিহীন নারীর মধ্যে পোঁতা গাছটির সম্পূর্ণ বিনাশ চেয়েছিলাম আমি, যে নারী জানত না কী করছে সে, কিংবা তাকে বিন্দুমাত্র আনন্দের আস্বাদ দিতে অক্ষম তার দুর্বিসহ মৈথুনের জন্য কী বিভীষিকার মাশুল গুনতে হবে আমাদের।’
তারপর নিরব হয়ে যায় মায়ের কণ্ঠ, আলাঁ দেয়ালে হেলান দিয়ে তন্দ্রায় ঢলে পড়ে আবার।
মটরবাইকের সংলাপ
পরদিন সকাল প্রায় এগারটার দিকে লুক্সেমবর্গ গার্ডেনের কাছের জাদুঘরের সামনে আলাঁর দেখা করার কথা ছিল ওর বন্ধু র্যামন আর ক্যালিবানের সঙ্গে। ঘর থেকে বের হওয়ার আগে মায়ের ছবির কাছ থেকে বিদায় নেওয়ার জন্য পেছন ফেরে। তারপর রাস্তায় নেমে এসে অ্যাপার্টমেন্টের কাছে পার্ক করে রাখা মটরবাইকের দিকে এগিয়ে যায়।
দুপাশে পা রেখে বাইকে বসার পর একটা অস্পষ্ট অনুভুতি হয় ওর, কেউ একজন ওর পিঠের ওপর ঝুঁকে বসেছে যেন। মনে হয় ওকে আলতো ছুঁয়ে আছে ম্যাডলিন। এই বিভ্রমে অভিভূত হয় ও, মনে হয় এটাই মেয়েটির জন্য ওর ভালোবাসার প্রকাশ। ইঞ্জিন চালু করে ও।
এসময় পেছন থেকে একটা কণ্ঠ শুনতে পায় ও: ‘আরো কিছু বলতে চাই আমি।’
না, ম্যাডলিন নয়, ওর মায়ের কণ্ঠ চিনতে পারে এবার।
রাস্তার গাড়ি এগোচ্ছে ধীরগতিতে, ও শুনতে পায়: ‘আমি নিশ্চিত হতে চাই তোমার আর আমার মাঝে যাতে কোনো অস্পষ্টতা না থাকে, পরস্পরকে যাতে পুরোপুরি বুঝতে পারি আমরা-।’
ওকে ব্রেক করতে হয় এসময়। এক পথচারী গাড়ির ভিড়ের মধ্যে ঢুকে রাস্তা পেরিয়ে ওর দিকে হুমকির ভঙ্গিতে ফিরে তাকায়।
‘অকপটে বলব, আমি সবসময়ই বুঝতে পেরেছি, যে নিজে চায়নি, তাকে পৃথিবীতে পাঠানো একটা জঘন্য কাজ।’
আলাঁ বলে, ‘আমি জানি।’
‘তোমার চারপাশে তাকিয়ে দেখ। যতজনকে দেখছ, তাদের কেউ নিজের ইচ্ছেয় এখানে আসেনি। আবশ্যই এইমাত্র তোমাকে যা বললাম, সেটা চরম বস্তাপচা সত্য। এতই মামুলি আর এতই মৌলিক যে আমরা সেটা দেখা বা শোনা বন্ধ করে দিয়েছি।’
কয়েক মিনিট দুপাশ থেকে ওকে চাপতে থাকা একটা ট্রাক আর একটা কারের মাঝের লেন দিয়ে চালায় ও।
‘মানবাধিকার নিয়ে সবাই বকবক করে। কী তামাশা! তোমার অস্তিত্ব কোনো অধিকারের ওপর দাঁড়িয়ে নেই। এই মানবাধিকারের রক্ষকেরা এমনকি নিজের ইচ্ছেয় জীবন শেষ করে দেওয়াটাকেও অনুমোদন করে না।
চৌরাস্তার বাতি লাল হলো। থামে ও। রাস্তার দুপাশ থেকে পথচারীরা বিপরীত ফুটপাতের দিকে চলতে শুরু করে।
মা বলে চলে: ‘ওদের দিকে তাকাও! দেখ! যাদের দেখতে পাচ্ছ, অন্ততপক্ষে তাদের অর্ধেকই কুৎসিত। কদাকার হওয়াটাও কি মানবাধিকারের একটা শর্ত? তুমি কি জানো সারাজীবন ধরে নিজের কদর্যতা বয়ে বেড়ানো কেমন? যেখানে নেই এক মুহূর্তের স্বস্তি? কিংবা তোমার লিঙ্গ? তুমি কখনোই ঠিক করনি সেটা। তোমার চোখের রং? কিংবা পৃথিবীতে তোমার বয়স? তোমার দেশ? তোমার মা? এসবের কিছুতেই কিছু আসে যায় না। একজন মানুষের অধিকার তৈরি হয় কিছু অর্থহীন বিষয় নিয়ে, যার জন্য কোনো সংঘাত কিংবা মহান ঘোষণার দরকার পড়ে না!’
আবার চলতে শুরু করে ও, ওর মায়ের কণ্ঠ মৃদু হয়ে আসে। ‘তুমি আজ এই পৃথিবীতে, কারণ আমি ছিলাম দুর্বল। সেটা আমারই দোষ। আমাকে ক্ষমা করো।’
চুপ করে ছিল আলাঁ, তারপর শান্ত কণ্ঠে বলে: ‘কীসের জন্য নিজেকে অপরাধী ভাবছ তুমি? আমার জন্ম হওয়াটাকে বাধা দেওয়ার মতো শক্তি ছিল না বলে? না কি আমার জীবনের সঙ্গে মানিয়ে নিতে পারনি বলে? সেটা যেভাবে হয়েছে সত্যিকার অর্থে তেমন খারাপ কিছু নয়?
কিছুক্ষণ চুপ করে থেকে তিনি জবাব দেন, ‘হয়তো তোমার কথাই ঠিক। তাহলে আমি দ্বিগুণ অপরাধী।’
আলাঁ বলে, ‘আমারই ক্ষমা চাওয়া উচিত। তোমার জীবনে গরুর একতাল গোবরের মতো পড়েছিলাম আমি। আমিই আমেরিকা পালিয়ে যেতে বাধ্য করেছি তোমাকে।’
‘তোমার ক্ষমা চাওয়াটা ছাড়ো তো! আমার জীবন সম্পর্কে কী জানো তুমি, আমার হাবা বাচ্চাটা! তোমাকে হাবা বলতে পারি আমি? হ্যাঁ, পারি, রাগ কোরো না, আমার মতে তুমি একটা বোকা! তুমি জানো, তোমার এই বোকাটেপনা কোথা থেকে এসেছে? তোমার ভালোমানুষী থেকে! হাস্যকর ভালোমানুষী!
লুক্সেমবর্গ গার্ডেনে পৌঁছে যায় ও, বাইকটা পার্ক করে।
ও বলে, ‘প্রতিবাদ কোরো না, ক্ষমা চাইতে দাও আমাকে। আমি একজন ক্ষমাপ্রার্থী। সেভাবেই আমাকে তৈরি করেছ তুমি, মানে তুমি এবং তিনি। আর তাই একজন ক্ষমাপ্রার্থী হিসেবে আমি খুশি। তুমি আর আমি যখন পরস্পরের কাছে ক্ষমা চাই, ভালো লাগে আমার। পরস্পরের কাছে ক্ষমা চাওয়া খুব চমৎকার একটা ব্যাপার নয়?’
তারপর জাদুঘরের দিকে হাঁটতে থাকে ওরা।
