২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কবি ও কথাকার আবুবকর সিদ্দিক: যেভাবে মনে রাখি

আমাদের দুর্ভাগ্য যে এই মহান শক্তিমান লেখককে সঠিকভাবে মূল্যায়ন করতে পারিনি, তাকে তাঁর প্রাপ্য সম্মানটুকু দিতে পারিনি।

মোস্তফা তারিকুল আহসান মোস্তফা তারিকুল আহসান

Published : 31 Dec 2023, 11:08 AM

Updated : 31 Dec 2023, 11:08 AM

বাংলা ভাষার অন্যতম প্রধান কবি ও কথাসাহিত্যিক আবুবকর সিদ্দিক(১৯৩৪-২০২৩) আমাদের মাঝে আর নেই। পঞ্চাশ দশকের শেষ সূর্য নিভে গেল । দীর্ঘদিন অসুস্থ ছিলেন। অনেক অভিমান আর অনাদর বুকে নিয়ে তিনি গেলেন। সেই অনাদর রাষ্ট্র থেকে। কবি, কথাসাহিত্যিক, গীতিকার, গদ্যকার, মুক্তিযোদ্ধা আবুবকর সিদ্দিক জীবিত অবস্থায় শুধুমাত্র বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন। পাননি একুশে পদক কিংবা স্বাধীনতা পদক। তাঁর চেয়ে যারা ন্যূন বা অনুজ লেখক, মানহীন লেখক এসব সবোর্চ্চ রাষ্ট্রীয় সম্মান পেয়েছেন। তিনি মারা যাবার পর কোনো পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়নি। একজন মহান শক্তিমান ধ্রুপদী লেখককে আমরা এইভাবে অবহেলা করলাম। ভাবতে অবাক লাগে। অবর্ণনীয় কষ্টকর জীবন বাহিত করেছেন। তিনি অবশ্য কারো কাছে কিছু আশা করেছিলেন বলে আমাদের মনে হয় না। অথচ যারা বাংলা সাহিত্যের বা বাংলাদেশের সৃজনশীল সাহিত্য সম্পর্কে সামান্য খোঁজ-খবর রাখেন তার স্বীকার করবেন কীরকম শক্তি ছিলো তাঁর লেখায়। সেই শক্তি শুধু কবিতায় নয়: তা পরিব্যাপ্ত হয়েছে সাহিত্যের অনেকগুলো শাখায়।

ধবল দুধের স্বরগ্রাম (১৯৬৯) কাব্য দিয়ে শুরু। তবে কবিতা লেখা ও ছাপা শুরু হয়েছিলো দেশভাগের আগে, ১৯৪৬ এ। তখন তিনি হুগলি-বর্ধমানে থাকতেন। ১৯৪৮ এ দেশে ফিরলেন। নিজের জন্মভূমি বাগেরহাটের বৈটপুরে। তখনকার সব প্রথম শ্রেণির পত্রিকায় নিয়মিত লিখেছেন। ইত্তেফাক, সৈনিক, অগত্যা, দ্যূতি পত্রিকাগুলো কবির মনোগঠন তৈরি করে। তবে পড়াশোনা আর অভিজ্ঞতার স্মারক নিয়ে মাঠে নামেন। শ্রেষ্ঠ কবিতার ভূমিকায় লিখেছেন, ‘কী দীর্ঘ জটিল বিচিত্র সমারোহমুখর আমার সেই ফেলে আসা কবিতার পথ। সারাজীবনই আমি ভ্রাম্যমান। সেই সঙ্গে কবিতাও, কী বিষয়ে কী ভাবে।’ তারপর অবিরাম রচনা করেছেন শ্লোক, জীবনের গভীর আততি মেখে,শব্দের কোরকে, মনন ও বোধের শাণিত প্রবাহে। ধবল দুধের স্বরগ্রাম থেকে একে একে বের হয়েছে, বিনিদ্র কালের ভেলা, হে লোকসভ্যতা, হেমন্তের সোনালতা, মানুষ তোমার বিক্ষত দিন, নিজস্ব এই মাতৃভাষায়, কালো কালো মেহনতি পাখি, কংকালে অলংকার দিয়ো, শ্যামল যাযাবর, মানবহাড়ের হিম ও বিদ্যুৎ, মনীষাকে ডেকে ডেকে ও আমার যত রক্তফোঁটা। প্রতিটি কাব্যে তিনি নিজের শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগিয়েছেন, নিজের জাত চিনিয়েছেন। বাম আদর্শে আজীবন প্রগতিশীল কবি রোমান্টিক ধারার কবিতা লিখলেও তার মুল চেতনা অসমসমাজব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার। তিনি লিখেছেন, ‘ফতোয়ার দোররা চামড়া কেটে কেটে নুনরক্ত ছেটায়/ উন্মাদ নেকড়েরা টুঁটি কামড়ে টুকরো টুকরো করে। পাঁজরের মধ্যে বারুদশলাকা চুল্লী জ্বালে, আমি নিভি নাই।’ মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর রচিত গণসঙ্গীত মুক্তিকামি মানুষের অন্যতম প্রেরণার উৎস ছিলো। সে কারণে পাক হানাদার বাহিনি তার ওপর নিষ্ঠুর প্রতিশোধ নেয়। তবু কবি থামেননি। নিভে যায়নি তার বুকের ভেতরে দীপ্র আগুন।

ধরে নেওয়া চলে কাব্যশক্তিই তাঁর মূল প্রেরণা তবে তার গদ্যও নতুন মাত্রা নিয়েছে। যে শব্দযোজনা তিনি করেছেন তাঁর গদ্যে উপযুক্ত বোধ ও মননকে অন্বিত করে তা ঈর্ষার কারণ হতে পারে যেকোনো গদ্যকারের। সৃজনশীল রচনার বাইরে তাঁর এই গদ্য কথাসাহিত্যের মতো আকর্ষণীয়। ‘সাতদিনের সুলতান’ নামে তাঁর একটি রচনার কথা এই মুহূর্তে মনে পড়ছে। সুলতানকে তিনি যেভাবে বর্ণনা করেছেন তা আর কারো পক্ষে সম্ভব নয়। এরকম আরো অনেক গদ্য রচনা তাঁর রয়েছে।

অসমান্য সব গল্প লিখেছেন আবুবকর সিদ্দিক। কোলকাতার লেখকগোষ্ঠির সাথে নিবিড় সখ্য থাকার কারণে এবং দীর্ঘদিন বাবার চাকরিসূত্রে পশ্চিমবঙ্গে বাস করার সুবাদে তিনি বাংলা সাহিত্যের ধ্রুপদী ধারায় নিজেকে স্নাত করে নিয়েছিলেন। বাম আদর্শে বিশ্বাসী কবি আবুবকর সিদ্দিক কথাসাহিত্যের জগতে অপেক্ষাকৃত পরে প্রবেশ করলেও তিনি শুরু থেকে শীর্ষ পর্যায়ের গল্প লেখা শুরু করেন। অনুমান করা যায় তিনি প্রস্তুতি নিয়েছিলেন ভালভাবে; এর সাথে যোগ হয়েছিলো তাঁর অমেয় সৃজনশক্তির ধারাবাহিক অন্বয়। দুই বাংলার জনপদ ও জনজীবনের বিস্তৃত অভিজ্ঞতা নিয়ে তিনি শুরু করেন, তবে বেছে নেন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ। বাংলাদেশের খুলনা ও রাজশাহী অঞ্চলের সাধারণ মানুষ ও তাদের জীবনের যে ভাষ্যরূপ তিনি দিয়েছেন, যে উত্তীর্ণ ভাষাভঙ্গিতে লিখেছেন তার তুলনা নেই। তার সমসাময়িক বা অগ্রজ কোনো লেখক নেই তার সমতুল্য। নিজস্ব পথ তৈরি করতে, মৌলিক গল্পরেখা তৈরি করতে ‘অবিনাশী আয়োজন’ ও প্রস্তুতি নিয়েছেন। অভিজ্ঞতা, পরিশ্রম, মেধা, মনন ও পঠন-পাঠনের ব্যাপক প্রতিফলনে তাঁর গল্প হয়ে উঠেছে শাণিত, উজ্জ্বল। এবং তা একই সঙ্গে কাঠামো ও ভাষাবোধের অপূর্ব নিদর্শন। বলতে দ্বিধা নেই, তাঁর এই ব্যাপক ও কষ্টকর আয়োজনের প্রকৃত স্বীকৃতি তিনি পাননি। অনালোচিত থেকে গেছেন ছোট এই বাংলাদেশের পরিসরেও। যেখানে প্রকৃত লেখকের সংখ্যা অঙ্গুলীমেয়।

বাংলার বিভিন্ন জনপদ নিবিড় পর্যবেক্ষণ করে আবুবকর সিদ্দিকের মানসে যে দ্যোতনার জন্ম হয়েছে তা দিয়েই তাঁর গল্পের ভুবন তৈরি হয়েছে। তাঁর গল্পভুবন এত বিস্তৃত যে তাঁকে কখনো পৌনপুনিকতার নির্বেদে ডুবে যেতে হয়নি কিংবা সস্তা রোমান্টিক দাম্পত্য পরকীয়া অথবা অধুনা নাগরিকতার বমন নিয়ে তাঁকে গল্প লিখতে হয়নি। অর্থাৎ তাঁর অভিজ্ঞান অফুরান- সেই বিস্তৃত-বিস্তীর্ণ অভিজ্ঞানের আলো তাঁকে পথ দেখায়- বাংলার মানুষের সীমাহীন মানবিক সমস্যা তাঁকে আক্রান্ত করে। অভিজ্ঞতার সারাৎসার নদীর পলিমাটির মতো ধীরে ধীরে তাঁর মস্তিস্কের কোষে কোষে সঞ্চারিত হতে থাকে। সেখান থেকে তিনি সুবিধে মতো দৃশ্যকে আলাদা করেন, প্রয়োজনীয় চরিত্র বেছে নেন, উপযুক্ত ভাষা সরবরাহ করেন- সব মিলিয়ে নিজস্ব এক প্রকরণগত মননক্রিয়ার মধ্য দিয়ে তাঁর গল্প এগুতে থাকে। মানবিক বিপর্যস্ত বোধকে বাণীবদ্ধ করতে গিয়ে অপূর্ব রস সঞ্চার করতে কুন্ঠাবোধ করেন না, শালীন-অশালীন সেখানে তুচ্ছ হয়ে দাঁড়ায়- জীবন হয়ে দাঁড়ায় একমাত্র আরাধ্য। উত্তরবঙ্গে দীর্ঘদিন শিক্ষকতা করার সময় এ অঞ্চলের জনপদ বিশেষ করে চাঁপাই নবাবগঞ্জ অঞ্চলের জনপদ ও জনমানুষের কাছাকাছি আসেন তিনি। তারও আগে তাঁর অভিজ্ঞতা পোক্ত হয় দক্ষিণবঙ্গের বৈচিত্র্যময় জীবন যাত্রা নিয়ে।

সুন্দরবন ও সুন্দরবন সংলগ্ন বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা অঞ্চলের সাধারণ ব্রাত্য মানুষ, মধ্যবিত্ত, বামপন্থী-চরমপন্থী, মহাজন-মৃৎসুদ্দী-দালাল, লুম্পেন,ভূ-রাজনৈতিক, উঠতি ধনপতি এবং সুন্দরবনকে সঙ্গী করে বেড়ে ওঠা মানুষ এমনকি স্বয়ং বড়ে মিয়া (বাঘ) নিয়ে স্বাচ্ছন্দে গল্প লিখে চলেন তিনি। বৃহত্তর খুলনা অঞ্চলে জন্ম সুবাদে এ অঞ্চলের উপভাষা তাঁর নখদর্পনে সেটা নতুন করে বলার নেই, তবে, চাঁপাই নবাবগঞ্জ বা রাজশাহীর ভাষায় তাঁর দক্ষতা ঈর্ষণীয়। আঞ্চলিক ভাষায় গল্প তৈরি করতে গিয়ে তিনি আলাদা ডিকশন তৈরি করে ফেলেছেন। সেই হিসেবে ঐ দুই অঞ্চলের ভাষা ও আঞ্চলিক সংস্কৃতি তাঁর গল্পের অন্যতম উপাদান। এ থেকে তাঁর গল্পকে আলাদা করা কঠিন। দুর্ভিক্ষ, মারী, অনাটন, সামন্তবাদী অত্যাচার এসব তাঁর গল্পের মুখ্য প্রসঙ্গ সেটা আগেই বলেছি, তবে এর বাইরে তথাকথিত সভ্যভব্য ব্যক্তি ও তাদের ক্যারিকেচার নিয়ে শিষ্ট বাংলায়ও তিনি যে গল্প লিখেছেন তাও নেহায়েত কম নয় (কুয়ো থেকে বেরিয়ে, আমি কমিউনিস্ট)। দাম্পত্য তাঁর গল্পে এসেছে, তবে তাঁর ঝোঁক সেদিকে বেশি নয়। বাদা বা সুন্দরবন প্রসঙ্গে তিনিই সম্ভবত একমাত্র পরিপক্ক গল্পকার। নিজে বাম রাজনীতিতে বিশ্বাসী হয়ে এবং ঐ দলীয় মানুষের সঙ্গে সম্পর্কিত হয়ে বামপন্থী রাজনীতির খোল নলচে বের করে এনেছেন গল্পে।

দারিদ্র্যকে গল্পের কেন্দ্রবিন্দুতে রেখেছেন অনেক বার এবং কখনো মনে হবে দারিদ্র্য নিয়ে তিনি আলাদা দর্শন আমাদের সামনে বয়ান করতে চান। ‘মঙ্গাকালের প্রণয়মঙ্গল’, ‘ভোগবৈরাগ্য’, ‘মরে বাঁচার স্বাধীনতা’ এইসব গল্পে দারিদ্র্যকে আালাদা মাত্রায় নিয়ে যাবার প্রচেষ্টা রয়েছে। যে বাস্তব পটভূমি থেকে তিনি দরিদ্র সমাজের ছবি আমাদের সামনে উপস্থাপন করেন তাঁকে আপাতভাবে অবাস্তব মনে হবে। মনে হবে তিনি বাড়াবাড়ি করেছেন। কিন্তু স্বাধীনতার পর পরই যে সীমাহীন দারিদ্র্যের মধ্যে এদেশের মানুষ নিপতিত হয়েছিল তাঁর বর্ণনা অবাস্তব নয়। অনিয়মতান্ত্রিক শাসনের ফলশ্রুতি হিসেবে এই ভয়াবহ দারিদ্র্য বা দুর্ভিক্ষ আমাদের স্বপ্নভঙ্গের অতিশয় বাস্তব উদাহরণ।

খরাদহ, জলরাক্ষস, একাত্তরের হৃদয়ভস্ম-এর মতো অসাধরণ উপন্যাস লিখেছেন আবুবকর সিদ্দিক। তাঁর সময়ের বাংলাদেশের সামাজিক অর্থনীতিক ও সাংস্কৃতিক বাস্তবতার বয়ান পাওয়া যায় এসব উপন্যাসে। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সামূহিক বাস্তবতাকে তিনি বিষয়বস্তু হিসেবে নিয়েছেন এবং তার অভিজ্ঞতা ও নিজস্ব মনোপ্রতিন্যাস প্রতিটি উপন্যাসকে ক্লাসিক সাহিত্যের পর্যায়ে উন্নীত করেছে।

আমাদের দুর্ভাগ্য যে এই মহান শক্তিমান লেখককে সঠিকভাবে মূল্যায়ন করতে পারিনি, তাকে তাঁর প্রাপ্য সম্মানটুকু দিতে পারিনি। এ দেশে প্রকৃত গুণি লেখকের কদর না করার সংস্কৃতি রয়েছে, কোথাকার তরবারি কোথায় রাখতে হয় আমরা শিখিনি, কবি ও কথাশিল্পি আবুবকর সিদ্দিকের বেলায় আমরা আবার তার প্রমাণ দিলাম।