২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইকবাল করিম হাসনুর শ্যামা উপাখ্যান

ইকবাল করিম হাসনুর শ্যামা উপাখ্যান

চিত্রকর্ম:

ইকবাল করিম হাসনু ইকবাল করিম হাসনু

Published : 17 Feb 2023, 11:49 AM

Updated : 17 Feb 2023, 11:49 AM

শ্যামা উপাখ্যান

১.

বনভোজনের কোলাহল ছেড়ে

সে এগিয়ে যায় জলের শব্দ শুনে

সেগুনের ছায়ায় দাঁড়িয়ে দেখে

ষোলো ঝাঁপ তুলে ছুটছে উদ্দাম জলরাশি

শোঁ শোঁ গর্জনে যে তন্ময়

পঞ্চান্নটি বসন্তের পূর্বের কৈশোরে

মৃদুশব্দে চকিতে পেছনে ফিরে তাকিয়ে দেখে

হরিণচোখে দাঁড়িয়ে শ্যামাঙ্গিনী

বলে, “যখন আমি নীল হয়েছিলাম দংশনে

ছিলি কোথায় পালিয়ে?”

আলিঙ্গনে সে তার অধরে অধর চেপে

যখন বয়ে দেয় ক্ষমাশ্রুর বন্যা

মুক্তোছড়ানো হাসির রোল তুলে শ্যামা

কান মলে দিয়ে তখন বলে,

“কী করে তুই নিলি আমার সমস্ত ব্যথা শুষে?”

সবুজ বনরাজির মাথায় অকস্মাৎ

থমকে যাওয়া মেঘদল

দুজনের চোখ বেয়ে ভাঙে শেকড়-পাথর

শিলাধোয়া কর্ণফুলির জল।

২.

শ্যামাঙ্গিনী বললো, তুমি কবিতা

পড়ে পাঠাও, শুনব

আমি অবাক মেনে শুধোলাম তাকে

হঠাৎ কবিতা কেন?

সে বললো, আমি কখনও কবিতা

শুনিনি

জীবনে ফুরসত পেলাম কই

কেটে গেছে বছরের পর বছর

সুুপ্ত আকাঙ্ক্ষাগুলোর টুঁটি চেপে ধরে।

আমি বললাম, যাব কি তাহলে

জলের ধারে

পাথরে যেখানে ঢেউয়ের কান্না

আছড়ে পড়ে?

হঠাৎ দেখি তার মায়াবি চোখে

জল টলমল

দোলনাকে শূন্যে ভাসিয়ে দিয়ে যে

হতো কিশোরী উচ্ছল

পক্বকেশের বন্ধুর ঠোঁট ছুঁয়ে সে বলে

হৃদয়ে কেন জোয়ার এনেছিস বল?

৩.

যদি বলি জল ছুঁয়ে দেখ

অমনি সে পা ডুবিয়ে উচ্ছল

যদি বলি রেশমি চুল দোলাও

অমনি সে আঙুল চালিয়ে উদাস

আমার দিকে তাকাতে যদি বলি

দুষ্টুমিভরা চোখে রোদের ঝিলিমিলি

শ্যামার কোনোকিছুতেই নেই মানা

আমার আবদারে তার যত সুখযন্ত্রণা !!

৪.

তোমাকে হাতছানি দেয়

সেগুন শিরীষ আমলকি

বকুল শিউলি আর ভাঁটফুল

উচ্ছল প্রাণে তোমার পায়ে বাজে মাদল

আমি দেখি হাসির ছটা

হরিণী চোখে রোদের ঝিলিক

প্রিয়কে দেখাবে বলে

নিমেষে বাড়িয়ে হাত

তুলে নাও রক্তজবা ফুল

আকাশপানে নিলীমায় ছুড়ে দাও

তোমার অপলক দৃষ্টি

গলাগ্রীবার মসৃণত্বকে

আমার অঙুলিস্পর্শ বুলিয়ে পরশ

সোহগে যেন ঢাকে তোমাকে