২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতাকে বুলিসর্বস্ব না করে প্রাত্যহিক জীবনের অংশ করতে হবে: নূরুল আলম আতিক

২০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা শাখায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে নূরুল আলম আতিকের ‌’পেয়ারার সুবাস’। মস্কো সফরে যাওয়ার আগে তিনি কথা বলেছেন ধ্রুব সাদিকের সাথে।

ধ্রুব সাদিক ধ্রুব সাদিক

Published : 20 Apr 2023, 12:08 AM

Updated : 20 Apr 2023, 12:21 AM

বাংলাদেশের অগ্রগণ্য চলচ্চিত্র নির্মাতাদের একজন নূরুল আলম আতিক। শিল্পমানে ও নির্মাণের দক্ষতায় তিনি বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে একেবারে আলাদা। ‘কিত্তনখোলা’ চলচ্চিত্রের জন্য ২০০৩ সালে তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি ছয় বার বিভিন্ন বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারও জয় করেছেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে ‘ডুবসাঁতার’, ‘চতুর্থ মাত্রা’, ‘সাইকেলের ডানা’, ‘বিকল পাখির গান’, ‘অবাক সন্দেশ, ‘ডালিম কুমার’ প্রভৃতি। এছাড়া, আতিকের নির্মিত ‘পেয়ারার সুবাস’ ও ‘মানুষের বাগান’ শিরোনামে দু'টি চলচ্চিত্র রয়েছে মুক্তির অপেক্ষায়। সম্প্রতি কবি-প্রাবন্ধিক ধ্রুব সাদিকের সাথে একান্ত আলাপচারিতায় লাল মোরগের ঝুঁটি চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হওয়াসহ নানান বিষয়ে তিনি কথা বলেছেন।

ধ্রুব সাদিক: আতিক ভাই, সাত বছরের কষ্টসহিষ্ণু অবস্থার পর লাল মোরগের ঝুঁটি মুক্তি পাওয়া এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র এবং চিত্রনাট্যসহ ছয়টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হওয়া...

নূরুল আলম আতিক: প্রত্যেকটা চলচ্চিত্র নির্মাণ করে শেষপর্যন্ত দর্শকের কাছে নিয়ে আসাটাই এক ধরনের চ্যালেঞ্জ। আমাদের জাতীয় জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রটি এত বছর মুক্তি না পাওয়ার পিছনে আরেকটা বাড়তি ভোগান্তি পোহাতে হয়েছিলো। অর্থায়নের কারণে মূলত এতটা লম্বা সময় ধরে চলচ্চিত্রটিতে লেগে থাকতে হয়েছিলো। তবে পাঁচ বছরের দীর্ঘ বিরতি দিয়ে আবার দ্বিতীয় ধাপে শ্যুটিং শুরু করা এবং লাল মোরগের ঝুঁটির কলাকুশলীদের চলচ্চিত্রটিকে ধারণ করে রাখাটা আমার কাছে ছিল আশ্চর্যজনক ঘটনা। কোনো কিছু প্রত্যাশা না করে চলচ্চিত্রটিকে ভালোবেসে সকলেই দীর্ঘ একটা সময় ধরে কাজ করেছেন। ফলে চলচ্চিত্রটির পুরস্কৃত হওয়াটা এক অর্থে সকলেরই পুরস্কৃত হওয়া।

ধ্রুব সাদিক: ‘কিত্তনখোলা’র চিত্রনাট্যের জন্য ২০০৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। ২০২৩ সালে এসে আবারও চিত্রনাট্যের জন্য ভূষিত হলেন।

নূরুল আলম আতিক: অনেক ভালো চলচ্চিত্রের মধ্যে ‘লাল মোরগের ঝুঁটি’র চিত্রনাট্য পুরস্কৃত হওয়াটা নিঃসন্দেহে আনন্দের। উল্লেখ করতে চাই, চলচ্চিত্রে যখন পদার্পণ করি তখন অন্যদের লেখা নিয়েও কাজ করেছিলাম। পরবর্তী সময়ে, নিজের সুবিধার জন্য চিত্রনাট্য লেখা শুরু করি। নির্মাণ প্রক্রিয়ার মধ্যে নিয়মিত না থাকলেও লম্বা একটা সময় ধরে আমাকে নিয়মিত চিত্রনাট্য লিখতে হয়। ফলে চেষ্টা থাকে এমনভাবে লেখার যাতে সেই মুহূর্তটা ইমেজের মাধ্যমে মানুষ কানেক্ট করতে পারে। আর যে কথাটা আমি বহুভাবে বলতে চেয়েছি সেটা হলো, চলচ্চিত্রটি মুক্তির কিছুদিন আগে আমাদের ছেড়ে অনন্তলোকে আবাস নেয় অনন্ত মুনীর, আমি আমার পুরস্কারটি মুনীরকে উৎসর্গ করেছি৷

ধ্রুব সাদিক: মুক্তিযুদ্ধের যে আখ্যানটি আপনি চলচ্চিত্রের মাধ্যমে প্রতিবিম্বিত করেছেন, এই আখ্যানটি প্রতিবিম্বনের পিছনে কোন কারণগুলি আপনাকে তাড়িত করেছিলো?

নূরুল আলম আতিক: প্রচলিত অর্থে স্বাধীনতা যুদ্ধকে ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রে আমরা শুধু বিজয়ের ঘটনাই দেখে আসছি। যদিও স্বাধীনতা যুদ্ধে নিম্নবর্গের মানুষজনই বেশিসংখ্যক অংশগ্রহণ করেছেন, কিন্তু যুদ্ধে তাদের উপস্থিতি, তাদের ভূমিকা, তাদেরকে হিরো করে তোলার বিষয়টি এতদিন ধরে অনুপস্থিত ছিল। এই প্রেক্ষিতে আমার মধ্যে এক ধরনের মানসিক আক্ষেপ কাজ করতো। ফলে একটা দূরবর্তী আকাঙ্ক্ষা ছিল, যে, কোনোকিছু প্রত্যাশা না করে যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলো, সেই সব মানুষকে শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতার পঞ্চাশ বছরে চলচ্চিত্রটি মানুষের সামনে হাজির করবো। সেই ইচ্ছা থেকে পদ্ম এবং বুদ্ধ প্রমুখ চরিত্রকে তাদের প্রতিনিধিত্বকারী হিসেবে চলচ্চিত্রে হাজির করার চেষ্টা করেছি। এটুকুই।

ধ্রুব সাদিক: বুদ্ধ এমনকি জ্ঞাতও থাকে না যে যুদ্ধটা আসলে কার মধ্যে এবং কেন হচ্ছে। মানুষ হত্যাকারীদের সে হায়েনা, জানোয়ার তো বলেই, তার আর্তনাদ 'মানুয়া আর মানুয়া নেই রে' আমাদের মরম ভেদ করে যায়। বিস্তারে যাবেন...

নূরুল আলম আতিক: বুদ্ধ মেথর। সে প্রতিদিনকার নির্যাতন, হত্যাযজ্ঞ দেখে, আর তাকেই মৃতদেহ সরানোর কাজ করতে হয়। সেই জায়গা থেকে তার মধ্যে এক ধরনের বিরূপ মানসিক প্রতিক্রিয়া কাজ করে। রাজাকার, আলবদররা পাকিস্তানিদের হত্যাযজ্ঞের সহযোগী, এ ব্যাপারে নতুন করে বলার আর কিছু নেই। কিন্তু বাংলাদেশের সকল মানুষের পক্ষে অস্ত্র হাতে যুদ্ধ করা সম্ভব না হলেও কোনো-না-কোনো ভাবে দেশের বেশির ভাগ মানুষই স্বাধীনতা যুদ্ধে অবদান রাখতে চেষ্টা করেছে। এই যে পদ্ম বা বুদ্ধ, তাদের যে বিশাল ভূমিকা ছিল, ‘লাল মোরগের ঝুঁটি’র মাধ্যমে এই মানুষদের অবদানকেই এক ধরনের শ্রদ্ধা জানানো। ফলে ‘লাল মোরগের ঝুঁটি’তে প্রচলিত অর্থে নায়ক-নায়িকার বদলে সেই সময় এবং সময়ের সাধারণ মানুষদের ক্রিয়া-প্রতিক্রিয়াই উপস্থাপিত হয়েছে।

ধ্রুব সাদিক: ‘লাল মোরগের ঝুঁটি’তে দেখা যায় যুদ্ধের কালেও হিন্দু-মুসলিম সম্প্রীতি অটুট ছিল। দেশে এই সম্প্রীতি কতটা এগোলো বা পেছালো?

নূরুল আলম আতিক: এই সম্প্রীতি থেকে আমরা প্রতিদিনই সরে যাচ্ছি। বাঙালি জাতীয়তাবাদের আকাঙ্ক্ষা থেকে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হয়। কিন্তু স্বাধীন বাংলাদেশে আমরা ধীরে ধীরে বাঙালি জাতীয়তাবাদ থেকে সরে গিয়ে হিন্দু এবং মুসলিম ধর্মীয় জাতীয়তাবাদের দিকে এগিয়ে যাচ্ছি। এর কারণেই ধর্মের নামে যত অধর্মের কাণ্ড-কারখানাগুলো বেড়ে যাচ্ছে৷ আমরা যে অর্থে স্বাধীনতা যুদ্ধের চেতনার কথা বলি, বাঙালি জাতীয়তাবাদের জায়গা থেকে গণমানুষের আকাঙ্ক্ষাও দূরবর্তী জায়গায় চলে যাচ্ছে। কোনো সিরিয়াস ইস্যুতেও আমাদের মধ্যে একাত্মবোধ কাজ করে না, এটাই হচ্ছে দুঃখজনক ঘটনা।

ধ্রুব সাদিক: রাজাকার, আলবদরদের অপমান, অত্যাচার সহ্য করতে না পারা সুবোলকে দেখা যায় পিতামাতাকে ভারতে দেশান্তরিত হওয়ার জন্য চাপ দিতে। পরবর্তী সময়ে নিজেদের স্বাধিকার প্রতিষ্ঠায় সে নিজেই যুদ্ধে অংশগ্রহণ করে। স্বাধীনতা অর্জনের পঞ্চাশ বছর পরও তো দেশের সকল মানুষের নাগরিক বোধ কিংবা অধিকার সেই অর্থে প্রতিষ্ঠা হলো বলে মনে হয় না...

নূরুল আলম আতিক: সেই সম্প্রীতি থেকে সরে আসার জন্যই তো এই প্রসঙ্গগুলা শিল্পসাহিত্যে উঠে আসছে। আবার কিছু কিছু বিষয় একাত্তরের প্রেক্ষাপটে হয়তো একরকম ছিল কিন্তু জাতীয়তাবাদের নাম করে আজকের এই সময়ের দূরত্বে পঞ্চাশ বছর পর আবার অন্যরকম। যেমন সকল বিহারির বাঙালিদের প্রতি একইরকম আচরণ না-করা। সেই দৃষ্টিকোণ থেকে জাতি বা গোত্রগত জায়গা থেকে তাদেরকে দোষারোপ করাটা অসমীচীন। অনেকের থেকে শুনেছি যে বিহারিরা তো শুধু বাঙালি নিধনের কাজই করেনি, অনেক বোধবুদ্ধিসম্পন্ন বিহারি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বাধীনতার পক্ষে কাজ করেছে।

ধ্রুব সাদিক: আপাতদৃষ্টিতে সামান্য মনে হলেও ‘লাল মোরগের ঝুঁটি’তে দেখা গেছে রেডিওর মতো কিছু জড়বস্তুকে স্বাধীনতা যুদ্ধে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করতে, আতিক ভাই।

নূরুল আলম আতিক: তখন রেডিও আসলে মুক্তিযোদ্ধাসহ দেশের মুক্তিকামী মানুষদের জন্য একটা বড় প্রেরণার বিষয় ছিল। কিছু রেগুলার ফুটেজ যেগুলো আমরা চলচ্চিত্রে হাজির করতে পারিনি, সেই সব ফুটেজ আমরা ক্যাম্পেইনে ব্যবহার করেছি। চলচ্চিত্রটিতে যেহেতু তথাকথিত নায়ক-নায়িকা নেই, সময়টাই উপজীব্য, আহমেদ রুবেল তথা সাহেব আলীকে দেখা যায় স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র শুনতে। সেই সূত্রে রেডিওর ভূমিকা বারবার এসেছে। পাকিস্তানি মিলিটারি এলাকায় আসার পরে চেনাজানা মানুষের মধ্যে যে পরিবর্তন ঘটে সেসব দেখে এবং ধরণীমোহন তথা অশোক ব্যাপারীকে পুড়িয়ে মারার দৃশ্য চাক্ষুষ হওয়ার পর তার যে মানসিক বিপর্যয় ঘটে, সেখানেও রেডিওর এক ধরনের সম্পৃক্ততা থাকে। অবরুদ্ধ বাংলাদেশে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে বড় ভূমিকাটা আছে, সেটাকেও ট্রিবিউট করার একটা ব্যাপার ছিল।

ধ্রুব সাদিক: শুধু ২৬শে মার্চ বা ১৬ ডিসেম্বর কিংবা দান-অনুদানের ফিল্মের মধ্যে আবদ্ধ করে না রেখে রাজনৈতিক দল ও মত নির্বিশেষে রাষ্ট্রের সকল মানুষের স্বাধীনতা যুদ্ধকে বোধ করা এবং যুদ্ধের দায় পালন করার একটা গভীর ব্যাপার তো আছেই। এই প্রেক্ষিতে কি বলবেন?

নূরুল আলম আতিক: জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জনটিকে আমাদের প্রতিদিনের চিন্তায়, চেতনায় ধারণ করলে, অনুভব করলে, অনুধাবন করার চেষ্টা করলে যুদ্ধে আমাদের অগ্রজদের যে ত্যাগ, তাকে যথাযথভাবে সম্মান জানানো হবে। মূল কথা হলো স্বাধীনতা যুদ্ধকে বুলিসর্বস্ব না করে আমাদের প্রাত্যহিক ব্যাপারে পরিণত করতে পারলে দেশের মানুষকে এর মধ্যে সম্পৃক্ত করা যাবে। শুধু তাই নয়, এতে দেশের নাগরিকদের মধ্যে গভীর দেশপ্রেমের উন্মেষও ঘটবে। কিন্তু পরিতাপের ব্যাপার হলো, আমাদের এমন একটি ব্যবস্থাপনা দেখে অভ্যস্ত হয়ে যেতে হয়েছে যেখানে যুদ্ধটির চেতনা যেন নির্দিষ্ট কোনো রাজনৈতিক পক্ষের ধারণ করার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফলে, এরই মধ্যে, বলা যায়, নিভৃতেই একটি বড় ঘটনা ঘটে গেছে: স্বাধীনতা যুদ্ধ প্রসঙ্গে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়ে গেছে।

ধ্রুব সাদিক: এই দূরত্বের পিছনে কোন বিষয় ও বস্তুগুলো দায়ী বলে আপনি মনে করেন?

নূরুল আলম আতিক: চলচ্চিত্রের মানুষ হিসেবে আমি আমার জায়গা থেকে বলতে পারি, বিগত সময়ে ফরমায়েশি প্রয়োজনে যুদ্ধের উপর নির্মিত চলচ্চিত্র এর জন্য অনেকাংশে দায়ী। কারণ সেসব দেখে দর্শকদের মধ্যে শুধু নেতিবাচক প্রতিক্রিয়ারই সঞ্চার হয়নি, মানুষ মহান যুদ্ধটির উপর নির্মিত চলচ্চিত্রের উপরই বীতশ্রদ্ধ হয়েছে। আসলে দেশের জনগণকে সম্পৃক্ততা করার বদলে যদি দূরত্ব রচনা করা হয়, মানুষ বীতশ্রদ্ধ হয়ই। এছাড়া, আর যে-সব কারণে এই দূরত্ব ঘটেছে তা ভেবে বের করে কাজ করতে না পারলে এই দূরত্ব শুধু বৃদ্ধিই পাবে।

ধ্রুব সাদিক: ‘লাল মোরগের ঝুঁটি’ শুরু হয় মোরগের ডাকে, যে ডাককে আমরা নতুন সূর্যের উদয় হওয়া বুঝি৷ শেষ দৃশ্যেও মোরগের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যায়৷ দেশের আপামর মানুষের জন্য যে নতুন সূর্যোদয়ের বার্তাটা, এই ব্যাপারে যদি বলতেন।

নূরুল আলম আতিক: অন্তর্গত জায়গা থেকে সেই সূর্যোদয়টা এখনো অমীমাংসিত বা সেই মুক্তির আকাঙ্ক্ষা আমাদের মধ্যে এখনো রয়ে গেছে। অন্তর্গত মুক্তিটা ঘটেনি তথা সেই মুক্তির আকাঙ্ক্ষা এখনো আমাদের মধ্যে ক্রিয়াশীল বলে আজও আমাদের হিন্দু-মুসলিম সম্প্রীতির কথা বলতে হয়। এই উন্মেষটা ঘটানোর জন্য শুধু রাজনৈতিক দলকেই যে পদক্ষেপ গ্রহণ করতে হবে, ব্যাপারটা এখানে সীমাবদ্ধ নয়। আমাদের চলচ্চিত্রের নিজস্ব ভাষা নির্মাণ করতে হবে। আমাদের সংস্কৃতির মূলে যেতে হবে। এছাড়া, সংকুচিত হয়ে যাওয়া সাংস্কৃতিক অংশগ্রহণমূলক কর্মকাণ্ডগুলো না বাড়ালে সামাজিকভাবে ব্যাপারটির বিকাশ ঘটবে না। এই প্রেক্ষিতে বলতে হয়, ‘লাল মোরগের ঝুঁটি’ ছোট্ট একটা উদাহরণ মাত্র। আমাদের অসংখ্য চলচ্চিত্রের প্রয়োজন যে-সব চলচ্চিত্র মানুষের মধ্যে চিন্তা ও বোধের উন্মেষ ঘটাবে। তাতে করে আমাদের রাষ্ট্র ও সমাজ-সংসারের সার্বিক চেহারাটাও স্পষ্ট হবে।

ধ্রুব সাদিক: এই প্রেক্ষিতে আপনার পরবর্তী চলচ্চিত্রকারদের জন্য আপনার বার্তাটা জানতে চাই।

নূরুল আলম আতিক: একেকটা সময়ের দর্শকদের মধ্যে চলচ্চিত্রের প্রতি প্রত্যাশা এবং চাওয়া থাকে একেকরকম। এখন যে কোনোভাবে শুধু গল্পটা হাজির করলেই হয়ে যায় না, আরও নানান ব্যাপার জড়িত থাকে। যুদ্ধের বিবিধ এবং বিচিত্র সব প্রেক্ষাপট এখনো আমাদের অগোচরে আছে আর সেসব ঘটনা বিস্তারিতভাবে বিশ্লেষণ, পুনর্বিশ্লেষণ করার প্রভূত জায়গা রয়ে গেছে। তবে উল্লেখ করতে হয়, পঞ্চাশ বছর আগের একটা টাইমফ্রেমকে নতুনভাবে দেখাতে যে পর্যাপ্ত অর্থকড়ি, জ্ঞান, বুদ্ধি এবং দক্ষতা থাকা দরকার, তার প্রকট ঘাটতি আমাদের মধ্যে। আমি আশাবাদী প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যুদ্ধের উপর নতুন নতুন ভাষ্য তৈরি হবে, নতুন মানুষ নতুন রীতি পদ্ধতিতে নানান দৃষ্টিকোণ থেকে তাদের সময়ের অডিয়েন্সের জন্য চলচ্চিত্র নির্মাণ করবে।

ধ্রুব সাদিক: মস্কো চলচ্চিত্র উৎসবে নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’। পেয়ারার সুবাস কবে মুক্তি পেতে পারে?

নূরুল আলম আতিক: ২০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা শাখায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে আমাদের চলচ্চিত্র ‌’পেয়ারার সুবাস’। উৎসব চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। পেয়ারার সুবাসের মূল চরিত্র তারিক আনাম খানসহ আমি উৎসবে উপস্থিত থাকবো। ‘পেয়ারার সুবাস’ আমরা এই বছরই দেখতে পারবো বলে আশা রাখি।