ভিয়েতনাম-এ কয়েকদিন
এমনকি এই ইঁদুরের লেজ সরবরাহ করার জন্য শহরের বাইরে বেশ কয়েকটি প্রাইভেট ফার্মও দাঁড়িয়ে যায়, যাদের কাজ ছিল ইঁদুরের বাম্পার ফলন বাড়ানো।
‘তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম ’ – ১৯৬০ আর ১৯৭০-র দশকে কোলকাতা থেকে ঢাকার রাজপথ কল্লোলিত হয়েছিল এই স্লোগানে। একসময়ে বাংলার বামপন্থী রাজনীতিতে এই স্লোগান খুব উচ্চারিত হতো। তখনকার বইপত্রেও এর উল্লেখ পাওয়া যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে ভিয়েতনামের মানুষের ক্ষোভকে সমর্থন জানানোর জন্যই চালু হয়েছিল এই স্লোগান। সত্তর দশকের প্রথমে সায়গনে (এখন হো চি মিন সিটি) তখন ভিয়েত-কং (আমেরিকানদের দেয়া নাম, ভিয়েতনামী কমিউনিস্টদের ব্যঙ্গ করে বলা) গেরিলা বাহিনী প্রবল ক্ষমতাধর আমেরিকার সেনাদের বিরুদ্ধে জঙ্গল থেকে যুদ্ধ করছিল। সুদূর বাংলা সেই উন্মাদনায় উত্তাল। 'হো চি মিন তোমায় জানাই লাল সেলাম'- লেখা লাল পোস্টার আজও এদেশের মিলিটারি মিউজিয়ামে সযত্নে রক্ষিত আছে। ভিয়েতনামীরা বিদেশি শক্তিকে আদৌ ভয় পায় না। অনাদিকাল থেকে বাইরের শত্রুদের সাথে লড়াই করে আসছে। প্রথমে চীনের রাজাদের সঙ্গে। তারপর ফরাসিদের বিরুদ্ধে। শেষে আমেরিকার সঙ্গে। নিজেদের সম্পর্কে তাদের অশেষ আস্থা।ফরাসি ইন্দোচীন (Indo China), যা ভৌগোলিকভাবে দক্ষিণ-পূর্ব এশিয়া নামে অধিক পরিচিত। এখানে ভারতীয় ও চীনা সভ্যতার প্রভাব মিশ্রভাবে আছে। এই অঞ্চল ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়া দেশ নিয়ে গঠিত। মালয়েশিয়া আর থাইল্যান্ড - এই দুটো দেশ অঞ্চলে থাকলেও খুব বেশি পারস্পরিকভাবে যুক্ত ছিল না ইতিহাসে এই তিন দেশের মতো। ফরাসি নেপোলিয়ন দ্য থার্ড ১৮৫৭ সালে মনে করলেন এই জায়গাটা তাদের দখল করা দরকার।
কারণ এই পাশে মায়ানমার পর্যন্ত ব্রিটিশদের দখলে ছিল বহুদিন ধরেই। ১৮৫০ সালের পরে, ফরাসি পুঁজিবাদের উত্থানের ফলাফল ছিল এই আগ্রাসন, যা শিল্প বিপ্লব-পরবর্তী বিপুল পরিমাণে উৎপাদিত ফরাসি পণ্যদ্রব্যের জন্য বিদেশী বাজারের প্রয়োজনীয়তা থেকেই মূলত করা হয়েছিল। ১৯৫৪ সালে ফরাসিদের পরাজয়ের পর, ইন্দোচীন উত্তর ভিয়েতনাম, দক্ষিণ ভিয়েতনাম, লাওস এবং কম্বোডিয়ায় বিভক্ত হয়। ইন্দোচীনের রাজধানী হিসেবে তৎকালীন ফরাসি সরকার ভিয়েতনামের হ্যানয় শহরকে নির্বাচন করে। ফরাসিদের পরিকল্পনা ছিল যে তারা হ্যানয়কে বানাবে প্যারিসের আদলে। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে ১৮৯৭ সালে পল ডুমারকে ইন্দোচীনের গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়। পল ডুমার হ্যানয় শহরকে আধুনিক বানাতে ফরাসি পদ্ধতিতে অতি উন্নত স্থাপনা নির্মাণ শুরু করেন। কিন্তু ভিয়েতনামের লোকদের তখন আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সম্পর্কে কোনো ধারণা-ই ছিল না। তারা তাদের পয়ঃনিষ্কাশনের সব ময়লা সরাসরি নদীতে নিয়ে ফেলতো। মাটির নিচ দিয়ে বিশাল পাইপে করে বর্জ্য নিষ্কাশন করার যে পদ্ধতি, পল ডুমার সেটা প্রয়োগ করার চেষ্টা করেন। পল ডুমার যখন গভর্নর পদ ছেড়ে দেন তখন মাটির নিচে প্রায় সতেরো কিলোমিটার জায়গায় পাইপ লাগানো শেষ হয়েছিল এবং বলা হয়, এটাই ছিল ভিয়েতনামের প্রথম ও পরিপূর্ণ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা।এই মাটির নিচের পয়ঃনিষ্কাশন পদ্ধতি শুরু করার ফলে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে ইঁদুরের প্রবল উৎপাত হিসেবে বাধ সাধে। এর আগেও ভিয়েতনামে ইঁদুর একদমই ছিল না তা নয়, তবে খুব অল্প। নিয়ম মেনে কিছুদিন পরপর প্রতিকারও করা হতো তবে হ্যানয় শহরে এই মাটি খুঁড়ে উন্নয়নের ফলে ইঁদুরের সংখ্যা বেড়ে কয়েকগুণ হয়ে যায়।
ফরাসি ঔপনিবেশিক সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল এই সমস্যা সমাধানের জন্য। হঠাৎ ইঁদুরের সংখ্যা বেড়ে যাওয়ার পিছনে মূল কারণ ছিল ওই মাটির নিচের পাইপ। ওই পাইপগুলোয় প্রচুর ময়লা থাকায় ইঁদুরদের আশ্রয়স্থল হয়ে ওঠে এবং তারা ওগুলো খেয়েই মোটাতাজা হতে থাকে। দ্রুত প্রজননের জন্য ইঁদুর বাড়তে থাকে বিপুলভাবে, এমনকি একসময় এমন অবস্থা হয় যে ময়লার থেকে ইঁদুরের সংখ্যা বেশি হয়ে যায়। টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টেলস কার্টুনের ওস্তাদ (সেনসেই) ইঁদুর স্প্লিন্টার এর মতো এরাও বেশ চালাকচতুর ছিল। এই পাইপগুলো সরাসরি সংযুক্ত ছিল ফরাসি কর্মকর্তাদের বাসায়। এদের বাসায় তখনকার দিনের উন্নত বাথরুম ব্যবস্থা থাকলেও ওখান থেকেই ঘরের ভেতর চলে আসতো ইঁদুরগুলো। ওই কর্মকর্তারা ও তাদের পরিবারবর্গ সারাক্ষণ একধরনের আতংকে থাকতো। ইঁদুরের ভয় এতটাই বাজে হয়ে গিয়েছিল যে ঔপনিবেশিক সরকারী কর্মকর্তারা ইস্তফা দিয়ে ফ্রান্সে ফেরত যেতে থাকে। ইঁদুরের জন্য প্রধান যেই সমস্যা শুরু হয় তা হলো খাদ্য সংকট ও মহামারী। এছাড়াও জিনিসপত্র নষ্ট হয়ে যাওয়া শুরু করে। হ্যানয়ে ফরাসিদের একটি মেডিক্যাল কলেজে এও প্রমাণিত হয় যে মাটির নিচের পাইপগুলো থেকে আসা ইঁদুরগুলোই "বুবানিক প্লেগ"-এর ভাইরাস প্রবেশ করাচ্ছে। এত সমস্যার পর ফরাসি সরকার ইঁদুর প্রতিরোধের জন্য পরিচ্ছন্নতা-কর্মীদের ইঁদুর মারার নির্দেশ দেন। কিন্তু ইঁদুরের সংখ্যা অনেক বেশি থাকায় তারা পেরে উঠছিল না। এরপর নতুন ব্যবস্থা হিসেবে স্থানীয় ভিয়েতনামীদের বলা হয় একটি ইঁদুর মারতে পারলে এক সেন্ট করে দেয়া হবে। ভিয়েতনামীরা এই ঘোষণা শুনে অতি উৎসাহে বিপুল বিক্রমে ইঁদুর মারতে নামে। সরকারের শর্ত ছিল, মরা ইঁদুরের লেজ কেটে পারিশ্রমিক 'এক সেন্ট' কড়ায় গণ্ডায় বুঝে নিবে জনগণেরা। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তারা ইঁদুর না মেরে শুধু জীবিত ইঁদুরদের লেজ কেটেই নিয়ে আসছে। লেজ কেটে ওই ইঁদুরদের সেই ময়লার ভাগাড়ে ছেড়ে আসতো যেন তাদের বংশবৃদ্ধি অব্যাহত থাকে। এমনকি এই ইঁদুরের লেজ সরবরাহ করার জন্য শহরের বাইরে বেশ কয়েকটি প্রাইভেট ফার্মও দাঁড়িয়ে যায়, যাদের কাজ ছিল ইঁদুরের বাম্পার ফলন বাড়ানো। চিকন বুদ্ধিতে আমরাই সেরা না, এটা প্রমাণ করে। ইন্দোচীনের রাজধানী হ্যানয়বাসীরা হেরে যেতে থাকে ইঁদুরের মত এক ছোট প্রাণীর কাছে, অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় তাদের। প্রকৃতির নিয়মে ইঁদুররা চলে না যাওয়া পর্যন্ত এই ক্ষতি অব্যাহত থাকে। ইতিহাসের পাতায় লেখা হয় এক অদ্ভুত যুদ্ধ, The Great Hanoi Rat Massacre...যেই যুদ্ধে মানুষ হেরে গেছিল ইঁদুরের কাছে!
(চলবে)
