২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলভিয়া প্লাথ: এক ট্র্যাজিক জীবন, রহস্যময় মৃত্যু

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই হতাশা প্লাথকে জীবনযুদ্ধে হারিয়ে দিতে থাকে। বিষাদগ্রস্ততা তাঁর জন্য হয়ে উঠেছিলো এক ভয়াবহ মানসিক ব্যাধি।

রওনক আফরোজ রওনক আফরোজ

Published : 27 Apr 2024, 12:10 AM

Updated : 26 Apr 2024, 11:31 PM

There’s a stake in your fat black heart  

And the villagers never liked you.

They are dancing and stamping on you.  

They always knew it was you.

Daddy, daddy, you bastard, I’m through.

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             আত্মহত্যার চারমাসআগআত্মহত্যার আত্মহত্যার চার মাস আগে সিলভিয়ার লেখা “ড্যাডি” কি সুইসাইড নোট, পিতার জন্য এলিজি, না স্রেফ অন্য অনেক লেখার মতো একটি স্বীকারোক্তিমূলক কবিতা সেটা নিয়ে অদ্যবধি বিতর্ক চলমান। এটাই সিলভিয়া প্লাথ! যার মাত্র তিরিশ বছরের জীবন মহাকালের বুকে অনন্ত প্রশ্ন, বিভ্রান্তি ও বিস্ময় জাগিয়ে রেখেছে।

ড্যাডি নামের এই কবিতায় প্রতিটি লাইনে সিলভিয়া তার পিতার সম্বন্ধে যে শব্দগুলো ব্যবহার করেছেন সেখানে প্রচন্ড ক্ষোভ ঘৃণা ক্রোধ হতাশা দেখা যায়। স্বামী টেড থেকে আলাদা হয়ে যাওয়ার একমাস পরে “ড্যাডি” লেখা হয়েছে। এতে কি প্রতীকিভাবে টেডের প্রতিও সিলভিয়ার ঘৃণা ও ক্রোধ প্রকাশ করা হয়েছে? সেটাও  নিশ্চিত করে বল যায় না।

একটা মেয়ে মনে এত ঘৃণা বয়ে বেড়ায় কী করে? এত ঘৃণাই বা কেন? এই ঘৃণার আগুনের তাপ সহ্য করতে না পেরেই কি সিলভিয়া আত্মহত্যা করেছিল? এমন অসংখ্য উত্তরহীন প্রশ্ন সত্যের আধোখোলা দরজায় আজও উঁকি দিয়ে যাচ্ছে।

সিলভিয়া তার  স্বীকারোক্তিমূলক কবিতা  Electra on Azalea Path এ পিতার মৃত্যুর জন্য  নিজেকে অনেকটাই দায়ী  করেছেন। পিতার জীবিতাবস্থায় তার সাথে  সিলভিয়ার কোন আত্মিক সম্পর্ক গড়ে ওঠেনি। তিনি পিতাকে খুব সামান্যই জেনেছিলেন কিন্তু  পিতার প্রতি তার সহজাত ভালবাসাকে তিনি পিতার মৃত্যুর জন্য দায়ী করেছেন। “It was my love that did us both to death” পিতার সমাধি দর্শন করার পর সিলভিয়া মৃত্যুর বাস্তবতাকে অনুধাবন করতে পারেন। এই বোধ তাকে প্রচন্ড ব্যথিত করে, একধরণের অপরাধবোধে আক্রান্ত করে। মনোবিজ্ঞনের মতে, অস্থায়ী অপরাধবোধ যেকোনো কাছের মানুষের মৃত্যুশোকের অন্যতম উপসর্গ হলেও সিলভিয়ার এমন অনুভুতি একটু বিস্ময়কর বটে। মৃত্যু নিয়ে সিলভিয়ার একপ্রকার অবসেশন ছিল বলে তাঁর বিভিন্ন লেখা ও ডায়রি থেকে জানা যায়। বস্টন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালিন বন্ধু, কবি এ্যান সেক্সটন ও সিলভিয়া সম্ভাব্য আত্মহত্যা নিয়ে প্রচুর খোলামেলা আলোচনা করতেন। উল্লেখ্য, সিলভিয়ার মৃত্যুর ১৫ বছর পরে এ্যানও আত্মহত্যা করেন।

সিলভিয়া জীবনকে খুব ভালোবেসেছিলেন, তাঁর উচ্চাশাও ছিল অনেক। তিনি বলেছিলেন, “কখনো পারব কি এই যে এত বই সব পড়ে শেষ করতে? ইচ্ছে হয় খুব একার মধ্যে বহু হয়ে থাকার। জীবন কাটাব যখন যেখানে খুশি। সাধ হয় সবকিছুতে পটু হতে।  সাধ্য নাই।  বাঁচতে ইচ্ছে করে সব রং, আলো, ছায়া, রস, সুরভি নিয়ে।  যত রকম মানসিক আর শারীরিক অস্তিত্ব সম্ভব; সবটুকু নিয়ে যেন উচ্চকিত বাঁচি।” যন্ত্রণাক্লিষ্ট জীবনের মধ্যে থেকেও বাঁচতে চাওয়ার এমন প্রবল আকুতি কী বিষাদের অন্ধকারে ঢেকে গিয়েছিল? বিষন্নতা নামের মানসিক রোগই কি তার আত্মহত্যার কারণ?

সিলভিয়া অত্যন্ত প্রতিভাময়ী ছিলেন। খুব অল্প বয়সেই তাঁর মধ্যে লেখনী প্রতিভার উন্মেষ ঘটে। মাত্র আট বছর বয়সে সিলভিয়ার কবিতা প্রকাশিত হয়েছিলো বোস্টন হেরল্ড পত্রিকার শিশু শাখায়। শিল্পের প্রতি আগ্রহও ছিলো বরাবরই। মাত্র পনেরো বছর বয়সে ১৯৪৭ সালে জিতেছিলেন চিত্রশিল্পের জন্য দ্য স্কলাস্টিক আর্ট অ্যান্ড রাইটিং অ্যাওয়ার্ড। জন্ম থেকে শিল্প ও সাহিত্যে ঈশ্বরের আশীর্বাদপুষ্ট ছিলেন তিনি, যদিও তাঁর শৈল্পিক মন জীবনে আশার চেয়ে, আনন্দের চেয়ে হতাশা, বিষাদ আর যন্ত্রণা খুঁজে পেতেন বেশি। বলা হয়, এই যন্ত্রণাই তাঁর লেখনীর শক্তি জুগিয়েছে। স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে ভর্তি হওয়ার আগেই তিনি কেবল ছোটগল্পই লিখেছিলেন পঞ্চাশটিরও বেশি। এইসব গল্পগুলো ছাপা হয়েছিলো সেসময়ের বিভিন্ন ভাসমান পত্রিকায়।  তিনি কলেজে সাময়িকী  সম্পাদনা করেছেন  এবং ১৯৫৫ সালে  সম্মান শেষে তিনি Two Lovers And A Beachcomber By The Real Sea-এর জন্য গ্লাসকক পুরস্কার লাভ করেন । পরে ক্যামব্রিজে পড়ার সময় তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকাশনার জন্য লিখতেন। এসময় হানিম্যান তার প্রথম সংকলন  The Colossus and Other Poem প্রকাশ করে।  ১৯৬০ সালের  দিকে যুক্তরাজ্যের  ইয়াঙ্গার পোয়েটস  প্রতিযোগিতায়  সংক্ষিপ্ত তালিকায় তিনি বেশ  ক’বার স্থান করে নেন এবং হার্পারে দি স্পেকটেটর এবং টাইমস লিটারারি সাপ্লিমেন্ট তার লেখা প্রকাশ করে। এ সময়ে প্রধান মার্কিন ও ব্রিটিশ সাময়িকীগুলো সিলভিয়ার The Colossus এর সব কবিতা প্রকাশ করেছিল।  সিলভিয়া The Colossus and Other Poem এবং Ariel কাব্যসংকলনে স্বীকারোক্তিমূলক কাব্যধারা চর্চার কারণে বিশেষভাবে আলোচিত হন।  তিনি ১৯৮২ সালে  The Collected Poems এর জন্য কবিতায় মরণোত্তর পুলিৎজার পুরস্কার পান। এছাড়া মৃত্যুর অল্প কিছুদিন  আগে  The Bell Jar নামে তাঁর একটি  আধা-আত্মজীবনীমূলক  উপন্যাস  প্রকাশিত হয়েছিল। বলাই বাহুল্য, মাত্র ৩০ বছরের জীবনে এই বিশাল সৃষ্টি বিস্ময়কর বটে। যার জীবনে এত সৃষ্টি, প্রাপ্তি ও সম্ভাবনা; ঝকঝকে একটি হাসি ও অসামান্য দুটি চোখের অধিকারী যে নারী, তিনি কেন মৃত্যুর কাছে বারবার ফিরে যেতে চেয়েছেন!

Image

আলোকচিত্র

অসমবয়সী, অভিবাসী পিতামাতার ঘরে সিলভিয়ার জন্ম ও বেড়ে ওঠা। অধ্যাপক বাবা ছিলেন অত্যন্ত কড়া ধাঁচের। শাসন, নিয়ম, নিয়ন্ত্রণ ও অবহেলার কাঠিন্যে তিনি বেড়ে উঠেছেন। সেই সময়ের প্রেক্ষাপটে  এমন পরিবেশে  বেড়ে ওঠা খুব অপ্রচলিত, অস্বাভাবিক ছিল না কিন্তু  ‘ড্যাডি’ কবিতায় সিলভিয়ার দুঃস্বপ্ন জর্জরিত মনের কষ্ট ও ক্রোধ স্পষ্ট। তাহলে কি তার ওপর অস্বাভাবিক কোনো অত্যাচার হয়েছিল? তিনি লিখেছিলেন, “তার জন্মের পর প্রথম ৯ বছর যেন ওই স্বচ্ছ কাচের বোতলবন্দী জাহাজের মত সুন্দর ধরাছোঁয়ার বাইরে, বস্তাপচা, নজরকাড়া সাদা উড়ন্ত মিথ”। তিনি কি PTSD (Post Traumatic Stress Disorder) তে ভুগছিলেন?

গভীরভাবে বিষন্নতায় আক্রান্ত মানুষ অন্যান্য উপসর্গের সাথে সাধারণতঃ একধরণের উদাসীনতা, উৎসাহহীনতা, মানসিক ও শারিরীক শক্তিহীনতায় ভোগে। যেকোন ট্র্যাজেডিকে আত্মীকরণ, সাধারনীকরণ এদের চিন্তার জগতকে দখল করে রাখে। সিলভিয়ার ওপর গ্রিক উপকথার ট্র্যাজেডির ব্যাপক প্রভাব প্রতিফলিত হয়েছিল? তার প্রথম বই The Colossus এ অরেস্টেইয়া, ইলেক্ট্রা চরিত্রদ্বয় আছে। ‘ Äriel’ কবিতায় নাইকি, সেরবেরাস ছাড়াও তিনি মেডুসা, গরগানস্‌ এবং ড্রায়াডস্‌কে প্রার্থনায় ডেকেছেন।

সিলভিয়া ঈশ্বরে বিশ্বাস করতে পারেননি। তিনি সূর্যপুজারী ছিলেন বলে জানা যায়। সূর্য ও উষ্ণস্নানে তিনি আধ্যাত্মিক ও শারিরীক আনন্দ পেতেন। এছাড়া, তিনি অতীন্দ্রিয়বাদ ও আত্মায় বিশ্বাসী ছিলেন এবং স্বামী টেড হিউজের সাথে এর চর্চা করে আনন্দ পেতেন। সিলভিয়াবিশেষজ্ঞ ক্যাথলিন কনার লিখেছেন, সম্ভাব্য কবিতা ও গল্পের বিষয়ের তালিকা তৈরি করে দেয়া ছাড়াও স্বামী টেড সিলভিয়াকে বিভিন্ন মেডিটেশন পদ্ধতির ওপর পরামর্শ দিতেন এবং হিপনোটিজম চর্চা করতেন। তাদের নিজস্ব তৈরি উইজা (Ouija) বোর্ড প্ল্যানশেটের জন্য ব্যবহার করে প্যান (Pan) নামের আত্মার কাছে পরবর্তী লেখা সংক্রান্ত পরামর্শ  চাওয়া ছাড়াও সন্তানদের নাম, রেসের ঘোড়ার নাম্বার ইত্যাদি সাহায্য চাওয়ার বিষয়টি সিলভিয়াকে খুব উৎসাহিত করতো। এই বিষয়ের আলোকে লেখাগুলির মধ্যে Ouija এবং Dialogue Over a Ouija Board কবিতা দুটি উল্লেখযোগ্য।

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই হতাশা প্লাথকে জীবনযুদ্ধে হারিয়ে দিতে থাকে। বিষাদগ্রস্ততা তাঁর জন্য হয়ে উঠেছিলো এক ভয়াবহ মানসিক ব্যাধি। চোরাবালির মতো এটা কবিকে গ্রাস করতে শুরু করে তরুণী বয়স থেকেই। তারই ফলস্বরূপ জীবনের শুরুতেই স্মিথ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এই কবি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। সে সময় তিনি ৬ মাস, মতান্তরে ৮ মাস মানসিক হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন কিন্ত বিষন্নতা থেকে পুরোপুরি সেরে ওঠেননি। এরপরও তিনি মৃত্যুর আগ পর্যন্ত বেশ কয়েকবার জীবনের ইতি টানতে উদ্যোগী হয়ে ব্যর্থ হন।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সংক্ষিপ্ত ও উদ্দাম প্রেমের পরে সিলভিয়া ১৯৫৬ সালে তৎকালিন বিখ্যাত ইংরেজ কবি টেড হিউজেসকে বিয়ে করেন। সিলভিয়া অনুভূতিপ্রবণ ছিলেন বিধায় সমালোচনা নিতে পারতেন না। তিনি হঠাৎ রেগে যেতেন। তার মুড ছিল অনিশ্চিত ও অত্যন্ত বায়বীয়, অন্যদিকে তিনি ছিলেন পারফেকশনিস্ট, উচ্চাভিলাষী এবং কর্তৃত্ববাদী। তারমধ্যে পরিত্যক্ত হওয়ার একটা ভয় কাজ করতো যেটা তাকে কিছুটা সন্দেহবাতিক ও হিংসুক করে তোলে। কথিত আছে, তার মা দ্বিতীয়বার বিয়ে করবেন না--এই মর্মে তিনি তাকে দিয়ে কাগজে সই করিয়ে নিয়েছিলেন। তার অন্যতম জীবনীকার ও কবি এ্যান স্টিভেনসনের লেখা Bitter Fame: A Life of Sylvia Plath থেকে জানা যায় বাইরে থেকে বোঝা না গেলেও তার আত্মবিশ্বাস ও আত্মনিয়ন্ত্রণ ভঙ্গুর ছিল। অনেক গবেষক মনে করেন তার Bipolar Disorder এবং Borderline Personality Traitও ছিল;  আরও অন্যান্য উপসর্গ ছাড়াও অনিয়ন্ত্রিত আবেগ, আত্মনিপীড়ন ও আত্মহত্যা প্রচেষ্টা এদের জীবনে খুব গুরুত্বপূর্ণ স্থান দখল করে থাকে।

বিয়ের প্রথম দিকে সিলভিয়া দৃশ্যতঃ টেডের সাথে মানসিক দিক দিয়ে সার্বিকভাবে মিশে গিয়েছিলেন এবং ভেবেছিলেন তার আর আলাদা কোনো জীবন নাই। তারা একে অন্যকে লেখালেখিতে সাহায্য ও উৎসাহিত করতেন। সিলভিয়া টেডের কবিতা টাইপ করে প্রতিযোগিতায় পাঠাতেন। নিজের স্বভাবের নেতিবাচক দিক অনুধাবন করে তিনি একবার বলেছিলেন, “ও ছাড়া (টেড) আর কেউ কীভাবে আমাকে সহ্য করতে পারবে?”

Image

আলোকচিত্র

মৃত্যুর বেশ কিছুদিন আগে থেকেই সিলভিয়ার দাম্পত্যজীবন টলটলায়মান হয়ে ওঠে। টেড পরকীয়ায় জড়িয়ে পড়লে এ অবস্থা চরম আকার ধারণ করে। এটা নিশ্চিত করে বলা যায় না যে তার জীবনসঙ্গী তাঁর মানসিক যুদ্ধটা সহজ করতে তেমন সাহায্যকারী হিসাবে ভূমিকা নিয়েছিলেন কি না। বিয়ের পরেও প্লাথের মানসিক হতাশার কোনো কিনারা হয়নি। সিলভিয়া লিখেছিল, “টেড ছিল একজন গায়ক, গল্প বলিয়ে, সিংহ ও বিশ্বপরিব্রাজক যার কণ্ঠস্বর ছিল ঈশ্বরের বজ্রপাতের মতো।“ মতান্তরে টেড সিলভিয়াকে মানসিক অত্যাচার করতেন। বিয়ের ৬ বছর পরে, ১৯৬২ সালের আগস্ট মাসে তারা আলাদা হয়ে যান। কবি হিউজেসের পরবর্তীতে দেওয়া সাক্ষাৎকার অনুযায়ী সে সময় নাকি হিউজেস আর প্লাথ তাঁদের সম্পর্ককে আরেকবার সুযোগ দেওয়ার কথা ভাবছিলেন। হিউজেস নিয়মিত প্লাথ আর সন্তানদের সাথে দেখা করতে যেতেন, কিন্তু প্লাথের হতাশাগ্রস্ত মন বারবার সিদ্ধান্ত পরিবর্তন করে। তিনি অস্থিরচিত্ত ছিলেন এবং প্রায়শঃই বাস্তবতা ও কল্পলোকে বিচরণ করতেন যা তাকে একজন কালজয়ী কবি হতে সাহায্য করে বটে কিন্ত শান্তি দেয় না। ১৯৬২ সালের অক্টোবর মাসের শুরু থেকে সিলভিয়ার মধ্যে সৃষ্টির প্লাবন বয়ে যায়। তার বিখ্যাত কবিতার অধিকাংশ, তার মৃত্যুর পরে প্রকাশিত কবিতা সংকলন Ariel এর ২৬টি কবিতা এসময়ে লেখা। দুইমাস পরে, ডিসেম্বরে কোর্ট গ্রীন থেকে দুই সন্তানসহ তিনি লন্ডনে ফিরে ভাড়া বাসায় বসবাস শুরু করেন।

১৯৬৩ সালের শুরুতে তিনি তার প্রাইমারি ডাক্তার ও বন্ধুকে প্রগাঢ় বিষন্নতা্র কথা জানান, যা কিনা বেশকিছুদিন  ধরে চলছিল। নিদ্রাহীনতা, অরুচি, ওজন কমে যাওয়া, সার্বক্ষনিক অস্থিরতায় তিনি জীবনকে আর টেনে নিতে পারছিলেন না, আত্মহত্যার ইচ্ছা তাকে তাড়া করছিল। ডাক্তার তাকে ওষুধ দেন, অসুস্থতার ভয়াবহতা অনুমান করে প্রতিদিন তাকে দেখতে আসেন এবং হাসপাতালে ভর্তি হতে রাজি করাতে না পেরে বাড়িতে নার্স রাখার ব্যবস্থা করেন। ১১ ই ফেব্রুয়ারি, বিষাক্ত গ্যাস দিয়ে আত্মহত্যার আগে তাঁর স্নেহপূর্ণ মন নিশ্চিত করেছিলো দুই শিশু সন্তানের নিরাপত্তা। রান্নাঘরের দরজায় কাপড় গুঁজে দিয়েছিলেন যেন বন্ধ দরজা দিয়েও কোনোভাবে গ্যাস তাঁর সন্তানদের কাছে না পৌঁছায়।

সিলভিয়ার মৃত্যু নিয়ে রহস্যের ধোঁয়াজাল তাঁর জীবনের চেয়ে কিছু কম নয়। শুধু বিষাক্ত গ্যাসই কি জীবন নিয়েছিলো তার? এই মৃত্যু কি প্রতিহত করা যেত না?

বিখ্যাত ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুরখেইমের মতে,একজন ব্যক্তি যত বেশি সামাজিকভাবে সংহত এবং সংযুক্ত , তার আত্মহত্যা করার সম্ভাবনা তত কম। সামাজিক সংহতি কমে যাওয়ায় মানুষের আত্মহত্যার প্রবণতা বেড়ে যায়।

সামাজিক কারণগুলির বিভিন্ন প্রভাব এবং কীভাবে এগুলো আত্মহত্যার দিকে নিয়ে যেতে পারে সেটা ব্যাখ্যা করার জন্য ডুরখেইম আত্মহত্যার যে কয়েকটি তাত্ত্বিক বিভক্তি করেছিলেন তার অন্যতম হচ্ছে, Anomic (সামাজিক বিচ্ছিন্নতা, অসংহতি  ও নিয়ন্ত্রণহীনতা),: গুরুতর সামাজিক, রাজনৈতিক অথবা অর্থনৈতিক (ব্যক্তিগতও হতে পারে) পরিবর্তনের সময় দৈনন্দিন জীবনে দ্রুত এবং চরম পরিবর্তন ঘটে। সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়ার অনুভূতি, দুর্বল সামাজিক কাঠামো, নির্দিষ্ট  দিকনির্দেশনার অভাব, সামাজিক মূল্যবোধের দ্বন্দ্ব দেখা দিলে একজন ব্যক্তি এতটাই বিভ্রান্ত এবং সংযোগ বিচ্ছিন্ন বোধ করতে পারে যে তারা আত্মহত্যার পথ বেছে নেয়, Fatalistic (কঠোর সামাজিক বিধিনিষেধজনিত): একজন ব্যক্তি নিপীড়নমূলক অবস্থা সহ্য করার পরিবর্তে মৃত্যু বেছে নিতে পারে, যেমন বন্দীদের মধ্যে, কৃতদাসদের মধ্যে আত্মহত্যার ঘটনা এবং Egoistic (আত্মপ্রেম,অহংবোধজনিত): সাধারণত মানুষ কাজ, পরিবার এবং অন্যান্য সামাজিক বন্ধন দ্বারা সমাজে একীভূত হয়। যখন এই বন্ধনগুলি অবসরগ্রহণ, পরিবার এবং বন্ধুদের হারানোর মাধ্যমে দুর্বল হয়ে যায় তখন অথবা সামাজিকভাবে প্রত্যাখ্যাত নিঃসঙ্গ মানুষ অহংবোধমূলক আত্মহত্যা করতে পারে। 

নিজের অস্থির আবেগকে সিলভিয়া এভাবে ব্যক্ত করেছেন, “আমার জীবন যেন দুইপ্রকার বৈদ্যুতিক প্রবাহের যাদুতে চলে; উচ্ছ্বসিত ইতিবাচক ও হতাশাপূর্ণ নেতিবাচক”। তিনি আরও বলেছেন,” বিষন্নতা যেন এক মাংশল প্যাঁচা, আমার বুকে বসে আছে।“ ১৯৬৩ সালে প্রকাশিত হয় তাঁর একমাত্র উপন্যাস The Bell Jar। এটা ছিলো মূলত তাঁর নিজের জীবনের ওপর ভিত্তি করেই লেখা একটা উপন্যাস, যা এক অনুভূতিপ্রবণ মেয়ের মানসিক ভাঙা-গড়ার কাহিনী। তাঁর স্ববিরোধী স্বভাব থেকে উদ্ভুত বিভ্রম, দ্বিধা, অস্বস্তি গভীর বিষন্নতার সাথে যোগ হয়ে তাঁকে সবসময় উদ্বেগে অস্থির রেখেছিল যেখান থেকে মৃত্যু ছাড়া মুক্তির অন্য কোনো পথ তিনি খুঁজে পাননি, এমনকি সন্তানের মায়াও তাকে আটকাতে পারেনি।

ইংরাজি সাহিত্যের অন্যতম নক্ষত্র ভার্জিনিয়া উলফ পানিতে ডুবে আত্মহত্যা করেছিলেন। মৃত্যুর আগে তিনি অত্যন্ত প্রেমময় একটি চিঠি তার স্বামীকে লেখেন, যেখানে তিনি তার মানসিক ব্যাধির ভয়াবহ উপসর্গগুলোর আসন্নতা আঁচ করে ভীত হয়ে  সেগুলো এড়াতে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন বলে জানান। সহজ ও করুণ, কিন্ত সিলভিয়া প্ল্যাথ? সাহিত্য-সমালোচক কিথ স্যাগারের কাছে হাতে লেখা এক নোটে (২০১১ সালে উদ্ধারকৃত) টেড দাবী করেন যে, ডীপ্রেশনের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় সিলভিয়ার মৃত্যু হয়েছে। এই দাবী অমূলক না হলেও প্রতিষ্ঠিত না। অন্যদিকে মৃত্যুর আগে লেখা শেষ চিঠি পাওয়া যায়নি কোনদিন। কী লেখা ছিলো সেই চিঠিতে? প্লাথ কী বলে গিয়েছিলেন সেই চিঠিতে? সাম্প্রতিক সময়ে সিলভিয়ার অন্যতম জীবনীকার কার্ল রলীসন সিলভিয়ার মৃত্যুর পরে টেডের কিছু কবিতা পরীক্ষা করে বলেছেন, সেপারেশনে থাকার সময় সিলভিয়ার জীবনে স্বল্প সময়ের জন্য অন্যপুরুষ এসেছিল এবং তার প্রত্যাখ্যান সিলভিয়া্র মৃত্যুকে ত্বরান্বিত করে। যদিও এই ধারণার পক্ষে সরাসরি কোনো প্রমাণ মেলেনি।

গবেষক ও মনোবিদদের মতে, সিলভিয়ার মধ্যে সামান্য হলেও নার্সিসিজম ছিল। Borderline Personality trait, Narcissism যাদের থাকে তারা কিছুতেই প্রত্যাখান মেনে নিতে পারে না, একটা ভয় সর্বক্ষণ তাদের তাড়া করে ফেরে এবং ঘনিষ্ঠ সম্পর্কের ওপরে তার প্রভাব পড়ে। এছাড়া, উপরোল্লিখিত Post Traumatic Stress Disorder এবং জৈবিকভাবে প্রাপ্ত ডিপ্রেশন ও ম্যানিয়ার সংমিশ্রণ তাকে খুব দ্রুত তার সহ্যসীমার প্রান্তে নিয়ে গিয়েছিল। পরিস্থিতিটা ভয়াবহ হলেও অপরিচিত না। অধিকাংশ সেলিব্রিটির আত্মহত্যার পেছনে এমন সব কারণ পাওয়া যায়। তবে, সিলভিয়া মৃত্যুর আগে তার সন্তানদের সুরক্ষার জন্য যে ব্যবস্থা করে গিয়েছিল সেটা অবশ্যই বিস্ময়কর। বিস্ময়কর মৃত্যুর আগে অসংখ্য লেখা, অনেক অসমাপ্ত লেখা সমাপ্ত করে যাওয়া। এক আবেগের ধারায় কী অভাবনীয় বৈপরীত্য!

১৯৬৩ সালের ফেব্রুয়ারি ৫, সিলভিয়া শেষ কবিতা Balloons লিখেছিলেন তার সন্তানদের নিয়ে এবং লিখেছিলেন গভীরভাবে বিচলিতকর Edge,

The woman is perfected.   

Her dead Body wears the smile of accomplishment,   

The illusion of a Greek necessity

Flows in the scrolls of her toga,   

Her bare

Feet seem to be saying:

We have come so far, it is over.

 

Each dead child coiled, a white serpent,   

One at each little

 

Pitcher of milk, now empty.   

She has folded

 

Them back into her body as petals   

Of a rose close when the garden

Stiffens and odors bleed

From the sweet, deep throats of the night flower.

 

The moon has nothing to be sad about,   

Staring from her hood of bone.

 

She is used to this sort of thing.

Her blacks crackle and drag.

সিলভিয়া প্লাথের অপার সম্ভাবনাময় জীবন ও আকস্মিক মৃত্যু নিয়ে বিতর্ক অত সহজে শেষ হবার নয়।