আজফার হোসেন: সশস্ত্র, সুনিপুন একলব্য
এই গ্রন্থের প্রত্যেকটি লেখাকেই আজফার হোসেন সময় ও সাহিত্যের সামগ্রিক প্রেক্ষাপটে বিচার করেছেন। তার যুক্তিবোধ প্রখর, বিশ্লেষণক্ষমতা তুখোড়। গ্রন্থভুক্ত কোনো কোনো লেখকের দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতার তিনি সমালোচনা করেছেন, কিন্তু তা করেছেন যুক্তি ও প্রমাণের অলঙ্ঘ্য ভিত্তিতে।
চিন্তাশীল গদ্যের অভাব বাংলাদেশে সবসময়ই প্রকট ছিল। এখনও আছে। কিন্তু এই সংকটের মধ্যেও অল্প যে-কজন আলোটিকে টিমটিম করে জ্বালিয়ে রেখেছেন আজফার হোসেন তাদের অন্যতম এবং অনন্যও। এমন সব বিষয়কে তিনি আলোচনার বিষয় করে তুলতে পারেন যা আমাদের কাছে অভাবনীয় ও অকল্পনীয়। যেমন ধরা যাক, তার দর্শনাখ্যান বইটির বিষয়বস্তু। এতে আছে ভাষা, নৈঃশব্দ্য, স্থান, মানচিত্র, সাবান, আখ্যান, গন্ধ ও বিন্দু--মোট আটটি বিষয়। এই বিষয়গুলো আজফার ভাই, দর্শন, ভ্রমণ, গল্প ও চিন্তাশীলতার মিশেলে এতটাই উপভোগ্য করে তুলেছেন যে দর্শনভীত পাঠকদের মধ্যেও ভয়ে পিছিয়ে যাওয়ার কোনো অনুভূতি তো হবেই না, বরং পাঠক যাতে লেখাটিকে ট্রাম্পলিনের মতো খেলার বস্তু হিসেবে ব্যবহার করতে পারেন-- এমনই তার আয়োজন। বয়ানের আকর্ষণীয় কৌশল ও ভাষার চুম্বকীয় টানে পাঠককে তিনি বইটির দয়িতা করে ফেলতে পারেন। কখনো কখনো হয়তো অতিকথনের ভার একটু আধটু উঁকি দিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত আজফার হোসেন তার বিশ্লেষণী গুণ দিয়ে সেটাকেও হালাল করে তোলেন।
আজফার হোসেনের সাহিত্যবিচারের একটা প্রধান বৈশিষ্ট্য এই যে তিনি রাজনীতি, ইতিহাস, সাহিত্যের ঔপনিবেশিকতা, পশ্চিমের ইউরোকেন্দ্রিকতা, নিম্নবর্গীয় ইতিহাসচেতনা এবং মার্কসবাদকে অবিচ্ছিন্ন ও পরস্পর সম্পূরক ভেবে তার সাহিত্যচিন্তা ও বিশ্লেষণকে তুলে ধরেন। ফলে তার যে-কোনো আলোচনা এমন এক পূর্ণাঙ্গতা নিয়ে হাজির হয় যা আমাদের কম লেখকদের ক্ষেত্রেই দেখা যায়। দর্শনাখ্যান যদিও অনেকটা বৈঠকী ঢঙ্গে তার নির্বাচিত বিষয় নিয়ে কথা বলেছেন, কিন্তু উপরোক্ত বিষয়ের আলোকে আজফার কথাগুলো এমনভাবে বলছেন, যেন পাণ্ডিত্য, এমনকি পরিভাষাগুলোকেও আলোচনার ফাইফরমাশ খাটা গৃহকর্মীর বেশি মনে হবে না। কিন্তু পাঠ: শব্দ ও নৈঃশব্দ্যের রাজনীতির ক্ষেত্রে আমরা তেমনটা বলতে পারবো না। না-পারার কারণ প্রথমটি বৈঠকী হলেও, পরেরটি দরবারী, ফলে সেখানে তিনি অনেকটাই সশস্ত্র, সুনিপুন ও একলব্য।
দর্শনাখ্যান-এর তুলনায় পাঠ: শব্দও নৈঃশব্দ্যের রাজনীতি অপেক্ষাকৃত গুরুভার, কিন্তু মননশীল পাঠকদের জন্য তা সুস্বাদু ব্যঞ্জনের এক মুখরোচক আয়োজন। লালন, বিদ্যাসাগর, মধুসূদন, মীর মোশাররফ হোসেন, রবীন্দ্রনাথ, রোকেয়া, মুহম্মদ শহীদুল্লাহ , রবীন্দ্রনাথ, সুকুমার রায়, বিভূতিভূষণ, জীবনানন্দ, নজরুল, অমিয় চক্রবর্তী, মানিক ও বুদ্ধদেব বসুকে নিয়ে মোট ২৩ টি প্রবন্ধ এতে গ্রন্থিত হয়েছে। কাউকে কাউকে নিয়ে আছে একাধিক প্রবন্ধ। আজফার হোসেনের প্রবন্ধ মানেই নতুন কোনো উন্মোচন, তা সে যে-কোনো বিষয়েই হোক না কেন-- এমনই তার দেখা ও লেখার চূড়ান্ত পরিণতি। আমরা সবসময়ই হাহাকার করি এই বলে যে বাংলা সমালোচনা সাহিত্য এক ঊষর ভূমি। বাংলাদেশের প্রবন্ধ সাহিত্যের সামগ্রিক বাস্তবতার চিত্র অবশ্যই এরকম। তবে, ব্যতিক্রম হিসেবে যারা উজান স্রোতের যাত্রী, তাদের সম্পর্কে উল্লেখ না-করার মধ্যে একটা সূক্ষ্ণ অবহেলাও কি নেই। এটাকে উল্লেখ না করলে বাস্তবের পূর্ণাঙ্গ চিত্রটা আমরা হারিয়ে ফেলবো। হাহাকার করা সহজ কারণ ওটার জন্য অনুসন্ধানী হতে হয় না, তার জন্য প্রতিভা বা মেধারও প্রয়োজন নেই। কিন্তু উজানের বিরুদ্ধে যারা থাকে তাদেরকে চিহ্নিত করার মধ্যেই সত্যিকারের শক্তি নিহিত। বিপরীত স্রোতটিকে চিহ্নিত করা মানেই খনির বিপুল মাটির ঢেলা দু’হাতে সরিয়ে মূল্যবান হীরের উপস্থিতিকে নিশ্চিত করা। হয়তো তা পরিমাণে কম। কিন্তু কোন দেশে আর কোন ভাষার সাহিত্যে বিরল ও মূল্যবান হীরে জহরত ভূরি ভূরি মেলে? এই গ্রন্থের প্রত্যেকটি লেখাকেই আজফার হোসেন সময় ও সাহিত্যের সামগ্রিক প্রেক্ষাপটে বিচার করেছেন। তার যুক্তিবোধ প্রখর, বিশ্লেষণক্ষমতা তুখোড়। গ্রন্থভুক্ত কোনো কোনো লেখকের দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতার তিনি সমালোচনা করেছেন, কিন্তু তা করেছেন যুক্তি ও প্রমাণের অলঙ্ঘ্য ভিত্তিতে। প্রাচ্য ও পাশ্চাত্য সাহিত্যের বিস্তৃত প্রেক্ষাপটে আমাদের গুরুত্বপূর্ণ লেখকদের ভাবুকতা ও সাহিত্যিক অর্জনকে তিনি পুনর্বিচারের মাধ্যমে এদের প্রাসঙ্গিকতাকে যেমন তুলে ধরেছেন, তেমনি বুদ্ধদেব বসুর সাহিত্য সমালোচনার কিছু সীমাবদ্ধতাকে অত্যন্ত যুক্তিপূর্ণ ও প্রমাণসাপেক্ষে প্রশ্নবিদ্ধ করেছেন। আজফার হোসেন তাত্ত্বিক ধারণায় যেমন সমৃদ্ধ, তেমনি দেশি ও বিদেশি সাহিত্যে ঋদ্ধ এক মননশীল ব্যক্তিত্ব। এইসব গুণের বাইরে তার ভাষিক স্বচ্ছতা ও কান্তিময়তা পাঠকের চোখ এড়িয়ে যাবার নয়। আজফার হোসেন আমাদের অগ্রগণ্য সাহিত্য সমালোচক-- একথা বিশ্বাস করার জন্য আমি আপাতত এই দুটো বই পাঠকদেরকে পড়তে অনুরোধ করবো। যদিও তিনি বহুপ্রজ লেখক। তার চেয়েও বেশি তিনি কথক। তার বহু রচনা এখনও অগ্রন্থিত অবস্থায় আছে। তার বহু স্বর এখনও বর্ণাবদ্ধ নয়। বিদেশি লেখক, দার্শনিক ও সাহিত্যতাত্ত্বিকদের নিয়ে তার অসংখ্য রচনা ছড়িয়ে ছিটিয়ে আছে। আছে অসংখ্য বিদেশি কবিতার অনুবাদ। এসবই গ্রন্থবদ্ধ হলে আজফার হোসেনের বিস্তার ও বিপুলতা আমাদের কাছে আরও স্পষ্ট হয়ে উঠবে।
