২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তানভীর মোকাম্মেলের দুটি সনেট

ঘিরেছে আঁধার চারিদিকে আজ মানুষ চেনা বড় দায় কে আসল পুজারী কে ভণ্ড আর কে যে সঠিক গান গায়

তানভীর মোকাম্মেল তানভীর মোকাম্মেল

Published : 20 Dec 2023, 03:17 PM

Updated : 20 Dec 2023, 03:17 PM

বেহুলা বাংলা: সনেট এক

এই বর দাও যেন অমলিন গাইতে পারি তোমার সুযোগ্য গান

শিখিনি কোনো কাজ আর কীভাবে রাখব বল বিধুরা বেহুলার সম্মান

বিশ্বজগত জুড়ে আলোকবর্ষ ধরে কতজনে কত না সৃষ্টি করে

অনিকেত দিনগুলো আমার কেবল কাটে এক মোহিনী মূর্তি গড়ে

জলজ এ বাংলায় পেয়েছি সম্পদ সপ্তসিন্দুক কী তার প্রতিদান দিই

অভাগা আমি রূপালী নদী আর ফসলী মাঠ থেকে শুধু নিয়েছি আর নিই

কতবার এল আষাঢ়-শ্রাবণ ব্যর্থ ফিরল স্মৃতিময় কত বিরহী চৈত্র মাস

আমার পুজো তো হোল না সারা আজো আজীবন শুধু অধিবাস;

তবুও আকাঙ্ক্ষা মেটেনি এখনও ছাড়িনি আজো উজান স্রোতের হাল

জানি শেষ নেই আকাশের ঘড়ি বেজে চলে অনন্ত মহাকাল

ভালবেসে বেহুলা ছোঁও যদি কখনও কত কিছুই না পারি

জানি দুস্তর এই জীবননদী যতবার খুশী স্বচ্ছন্দে দেব পাড়ি

তোমার স্বরূপে যে বেহুলা বারবার বাংলারই রূপ দেখি

সংশপ্তক লড়াইয়ে তোমার একলব্য আমি বাঁচার মন্ত্র শিখি।

বেহুলা বাংলা: সনেট দুই

আমার মুখে আলোকছটা দাঁড়িয়ে তুমি; আলো জ্বলে পশ্চাতে

দেখতে পাই না তোমার স্বরূপ অবয়ব শুধু দেখি সিলুয়েটে

এভাবেই চলে যাচ্ছিল আমার বিরহী সব বেদনার্ত দিন

পাই না দেখা তোমায় বল কেমনে শুধবো আমার যত ঋণ

ঘিরেছে আঁধার চারিদিকে আজ মানুষ চেনা বড় দায়

কে আসল পুজারী কে ভণ্ড আর কে যে সঠিক গান গায়

এ আঁধারে খুঁজি তোমায় বেহুলা পাঁজরের হাড় জ্বেলে

সব কিছু জানি হবে ধন্য কখনও তোমার দেখা পেলে;

তারপর এক মাহেন্দ্রক্ষণে নেভে পেছনের কালিডোস্পিক বাতি

কেটে যায় সব কৃষ্ণ আঁধার ডাকে পাখীরা আমি আনন্দে মাতি

অবাক চেয়ে দেখি আমি ওই ছায়ালক্ষী অন্নপূর্ণা রূপ

বেহুলা তোমার নিরাভরণতায় গান্ধারী আমি হয়ে পড়ি নিশ্চুপ

অন্ধকারে এখন আমি তোমার মুখে জ্যোতির্ময়ী এক আলো

ওই তো আমার সোনার বাংলা হৃদমাঝারে হাজার আশা জ্বালো ।