২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আখতারুজ্জামান ইলিয়াস অনুবাদের সমস্যা

ইংরেজি ভাষায় রচিত অনলাইন Literary Encyclopaedia-য় প্রকাশিত “আখতারুজ্জামান ইলিয়াস” বিষয়ক ভুক্তির সংক্ষিপ্ত অনুবাদ। ভুক্তিটি রচনা করেছেন অনুবাদক ও প্রাবন্ধিক পারভীন কে ইলিয়াস।

আখতারুজ্জামান ইলিয়াস অনুবাদের সমস্যা

আলোকচিত্র

পারভীন কে  ইলিয়াস পারভীন কে ইলিয়াস

Published : 04 Jan 2024, 12:36 AM

Updated : 05 Jan 2024, 12:19 PM

আখতারুজ্জামান ইলিয়াসের লেখা অনুবাদ করতে গিয়ে অনুবাদককে যে প্রায়শই দারুন দুর্ভোগে পড়তে হয় তার কারণ ইলিয়াসের লেখা গল্প ও উপন্যাস দেশজ সংস্কৃতি, কৃষ্টি ও ইতিহাসে এত গভীরভাবে প্রোথিত যে তাদের ভিন্ন একটি ভাষার পাঠকের কাছে যথাযথ ভাবে তুলে ধরা অত্যন্ত দুরুহ।  তার শিল্প-কর্ম যে অনুবাদ-বান্ধব নয় তা একদিকে যেমন অনুবাদকের হতাশার কারণ তেমনি অন্যদিকে এতে তাঁর কাজের প্রামাণিকতাও প্রকাশ পায়।  তাঁর গল্পে আঞ্চলিক ভাষার ব্যবহার একটি অবিচ্ছেদ্য অনুষঙ্গ। এইসব আঞ্চলিক ভাষার মাধ্যমে তিনি সমাজের নিম্নবর্গের মানুষের চরিত্রের সঙ্গে একীভূত হয়ে তাদের নির্মাণ করেন, তাদের অনুভব, মন ও মনন, তাদের অভিজ্ঞতা বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলেন। তাঁর অনেক ছোটোগল্প এবং উপন্যাস চিলেকোঠার সেপাই-এ তিনি পুরানো ঢাকার সাধারণ মানুষের কথা, রসবোধ, কথার সৌন্দর্য এবং প্রাণোচ্ছলতা যে দক্ষতার সঙ্গে নির্মাণ করেন তা বলতে গেলে অপ্রতিদ্বন্দ্বী। তিনি নিজেও দীর্ঘকাল পুরানো ঢাকায় বাস করেছেন এবং সেখানকার সাধারণ মানুষের জীবনযাত্রা গভীর মমত্ববোধে সাহিত্যকর্মে পুনর্নির্মাণ করেছেন। সপ্তদশ শতকের মুঘল আমলে ঢাকা ছিল বাংলার রাজধানী। চারশো বছরের পুরনো এই শহরে বসতি স্থাপন করেছে নানা দেশ ও অঞ্চল থেকে আগত মানুষজন। তাদের বিচিত্র সংস্কৃতির মিথস্ক্রিয়া এখানে একটি বিশেষ সংস্কৃতি গঠনে সহায়ক হয়েছে যাকে বলা হয় কুট্টি  সংস্কৃতি । পুরনো ঢাকার মৌখিক ভাষা বিশেষভাবে পরিচিত এর প্রত্যুৎপন্নমতিত্ব, অপ্রতিরোধ্য তাৎক্ষণিক বুদ্ধিদীপ্ত সওয়াল-জবাব, এর সূক্ষ্ম শ্লেষ ও রসবোধ এবং কুটাভাসের জন্য। এইসব বৈশিষ্ট্যই আখতারুজ্জামান ইলিয়াস তার গল্প উপন্যাসে দারুণ দক্ষতার সঙ্গে ব্যবহার করেছেন; আর এদেরই রূপান্তর করা অনুবাদকের জন্য হয়ে দাঁড়ায় একরকম অসম্ভব ব্যাপার।

শুধু পুরনো ঢাকার আঞ্চলিক ভাষাই নয়, ইলিয়াস তার দুটি উপন্যাস চিলেকোঠার সেপাই ও খোয়াবনামায় বাংলাদেশের উত্তরের জেলা বগুড়ার পূর্বাঞ্চলের জনগোষ্ঠীর মুখের ভাষাও খুব সার্থকভাবে ব্যবহার করে সেখানকার মানুষদের খুব জীবন্ত করে এঁকেছেন। এতদঞ্চলের  ভাষার এমন চমৎকার ব্যবহার বৃহত্তর বাংলা সাহিত্যেও খুব একটা দেখা যায় না। এতে নিজের পৈত্রিক মাটির প্রতি তাঁর অঙ্গীকার যেমন প্রমাণিত হয়, তেমনি তা তাঁর শৈল্পিক সৎসাহসেরও পরিচয় বহন করে। খোয়াবনামায় ইলিয়াস বেশ কিছু পুঁথির গান, ছড়া কবিতা ইত্যাদি ব্যবহার করেছেন যা তাঁর নিজেরই রচনা এবং যা কাহিনিকে যথার্থভাবেই আমাদের শেকড়-সাহিত্যের সঙ্গে গভীর বন্ধনে যুক্ত করে। 

রচনাশৈলীর বিচারেও ইলিয়াস অপ্রতিরোধ্য। তাঁর অনেক বাক্যই দীর্ঘ ও জটিল এবং পরস্পর সম্পর্কিত উৎপ্রেক্ষায় পূর্ণ। ডিটেলস এর ব্যবহার খুব বেশি এবং তা ঘনঘন মূল বক্তব্যকে উপমা উৎপ্রেক্ষায় আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে। কিন্তু এই সব ডিটেলস চিত্রকল্প সৃষ্টিতে, বক্তব্য স্পষ্ট কিংবা বিস্তৃত করতে ব্যবহৃত হয়। ডিটেলসের বেড়াজালে নিজের উপস্থিতি তিনি আড়াল করতে পারেন। শিল্পীর নিরাসক্তি সৃষ্টিতে এইসব ডিটেলস খুবই কার্যকর ভূমিকা রাখে। ইলিয়াসের ভাষা  কাব্যিক ও গীতল বটে, তবে তাতে আবেগ- প্রবণতার চিহ্ন নেই, কঠিন বাস্তবতায় প্রোথিত বলে তাঁর গদ্যে আবেগ খুব কড়াকড়িভাবে নিয়ন্ত্রিত। সুন্দর ও অসুন্দর একই সঙ্গে অবস্থান করে তাঁর জন্য ব্যক্তি ও সমাজের একটি বিশ্বাসযোগ্য চিত্র সৃষ্টিতে সাহায্য করে। চরিত্রের বিশ্বাসযোগ্যতা ও বাস্তবতা সৃষ্টিতে  ইলিয়াস তাঁর চরিত্রের মুখে যে খিস্তিখেউড়  জুড়ে দেন তা অনুবাদে যথার্থভাবে রূপান্তর করা প্রায় অসম্ভব। জীবনের স্বতঃসিদ্ধ সামগ্রিক চিত্র উপস্থাপন করতে গিয়ে এর একান্ত গোপন ও কুৎসিত দিকগুলি তাঁকে অবলীলায় ব্যবহার করতে হয় এবং এতে সুন্দর ও কুৎসিত পাশাপাশি অবস্থান নেয়। 

সব ধরনের অভিজ্ঞতা কল্পনায় ধারণ করে তাদের শিল্পরূপ নির্মাণ করার ক্ষমতা ইলিয়াসের অপরিসীম। ব্যক্তিগত জীবনেও ইলিয়াস ছিলেন একজন আবেগী মানুষ; তিনি যেকোনও স্তরের মানুষের সঙ্গে স্বচ্ছন্দে মিশতে এবং কথা বলতে পছন্দ করতেন এবং তার সংস্পর্শে এসে অচেনা লোকও মুহূর্তে সহজ ছন্দে  কথা বলতেন। তার লেখার বিশ্বাসযোগ্য উপকরণ সংগ্রহে এই বৈশিষ্ট্য তাঁকে খুব সাহায্য করেছে। উপন্যাস খোয়াবনামা যেহেতু দেশভাগের কাহিনীর প্রেক্ষিতে লেখা, সেজন্য ইলিয়াসকে যেমন ইতিহাস পড়তে হয়েছে তেমনি ঘনঘন কাহিনীর পটভূমিতে গিয়ে সেখানকার মানুষের সঙ্গে  মেলামেশা, স্থানের  বোধ অর্জন ইত্যাদি নিষ্ঠার সঙ্গে করতে হয়েছে। এভাবে দীর্ঘদিনের প্রচেষ্টায় রচিত হয় যে শিল্পকর্ম, অনুবাদের মাধ্যমে অন্য একটি ভাষায় তার রূপান্তর ঘটানো এক রকম অসম্ভব ব্যাপার।