ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রতি বছরের মতো এবারও দৃক গ্যালারি আয়োজন করছে আন্তর্জাতিক ছবিমেলা। আগামী ৩০ জানুয়ারি শুরু হতে যাওয়া মাসব্যাপী এ মেলার প্রস্তুতি চূড়ান্ত।
এবারের ছবিমেলার বিষয়বস্তু হচ্ছে- স্বাধীনতা। ৩২টি দেশের ৬২টি প্রদর্শনী হবে এবার মেলায়।
ছবিমেলা উপলক্ষে শনিবার দৃক গ্যালারিতে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
ছবি মেলা ৩০ জানুয়ারি শুরু হয়ে ২০ ফেব্র"য়ারি পর্যন্ত চলবে। গ্যালারির ভাষ্যে, এটি এশিয়ার সর্ববৃহৎ আলোকচিত্র উৎসব।
সভায় মেলার পরিচালক শহীদুল আলম বলেন, "প্রতিবারের মতো আমাদের এবারের আয়োজনে যোগ দিচ্ছেন বিশ্বের সেরা আলোকচিত্রীরা। 'স্বাধীনতা' বা 'ফ্রিডম' শিরোনামের এই ছবিগুলো নানা মেয়াদে প্রদর্শিত হবে জাতীয় যাদুঘর, শিল্পকলা একাডেমি, বেঙ্গল গ্যালারি, দৃক গ্যালারি, রুশ সাংস্কৃতিক কেন্দ্রসহ অনেকগুলো গ্যালারিতে।"
প্রতিবারের মতো এবারও গাড়িতে ভ্রাম্যমাণ দুটি প্রদর্শনী থাকছে বলে শহিদুল আলম জানান। ১০টি ভ্যানে ঢাকাবাসীর জন্য ছবিগুলো প্রদর্শিত হবে।
মেলার পরিচালক আরও জানান, কারওয়ান বাজার আন্ডারপাস, শাঁখারী বাজার এবং চারুকলার ছবির হাটেও মেলার ছবি প্রদর্শিত হবে।
দৃক গ্যালারির কিউরেটোরিয়াল পরিচালক রেজাউর রহমান জানান গতবছরের মেলায় ২৩টি দেশের আলোকচিত্রীরা অংশ নিয়েছিলেন। আর এবার ৩২টি দেশের এক হাজারের বেশি ছবি প্রদর্শিত হবে।
মেলা চলাকালীন প্রতিদিন আলোকচিত্র বিষয়ক কর্মশালাও হবে বলে জানান তিনি।
ছবিমেলায় অংশ নেবেন দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, ভারত, পাকিস্তান, নেপাল, ফ্রান্স, যুক্তরাজ্য, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, লেবানন, চীন, জার্মানি, ইন্দোনেশিয়া, ইসরাইল, ইরাক, জাপান, মালি, মেক্সিকো, রাশিয়া, নাইজেরিয়া, নরওয়ে, ফিলিস্তিন, ফিলিপাইন, নেদারল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, সৌদি আরব, সুইডেন এবং বাংলাদেশের আলোকচিত্রীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ আয়োজনের অন্যতম মিডিয়া পার্টনার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এসকে/১৮৫৭ঘ.
bdnews24