ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পবিত্র ঈদ উল ফিতরের পর বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার জন্য প্রস্তুত সারাদেশ। রোববার দেবীর বোধনের মধ্য দিয়ে এই উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। ৯ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সার্বজনীন এ উৎসব।
শুক্রবার রাজধানীর শাঁখারী বাজার, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, ঢাকেশ্বরী মন্দির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ বিভিন্ন এলাকার মণ্ডপগুলো ঘুরে দেখা গেল, শিল্পীরা দুর্গা দেবীর প্রতিমায় রঙ-তুলির শেষ আঁচর বুলাচ্ছেন। কেউ দেবী প্রতিমার রূপের সঙ্গে মিল রেখে পোশাক-অলঙ্কার পরাচ্ছেন; কেউ আবার ব্যস্ত প্যান্ডেল সাজাতে। ব্যস্ততার ফাঁকে ফাঁকে আড্ডা, গল্পে জমে উঠছে দুর্গোৎসবের আনন্দ মঞ্চ।
চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলাতেও পূজা উদযাপনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিরা।
পুরান ঢাকার শাঁখারী বাজার থেকে তাঁতী বাজার পর্যন্ত গলিটিতে প্রতিবারের মতো এবারও বেশ কিছু পূজা মণ্ডপ হয়েছে।
সেখানেই একটি মণ্ডপে সুব্রত আচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, "আমাদের প্রস্তুতি মোটামুটি শেষ। আজ সন্ধ্যার মধ্যেই বাইরের প্যাণ্ডেল তৈরির কাজ শেষ হয়ে যাবে।"
লক্ষ্মীবাজার এলাকার শ্যামা প্রসাদ রায় চৌধুরী লেনের নরসিংহ জিউ মন্দিরেও পূজার প্রস্তুতি শেষ হয়েছে। সেখানে গিয়ে দেখা গেল পোশাকে অলঙ্কারে সাজানো হচ্ছে দুর্গা প্রতিমা।
ঢাকেশ্বরী মন্দির, জগন্নাথ হল ও রমনা কালী মন্দিরেও পূজা উদযাপনের প্রস্তুতি মোটামুটি শেষ।
রমনা কালী মন্দির পূজা কমিটির প্রচার সম্পাদক অরুণ সরকার রানা বলেন, "পূজার সমস্ত প্রস্তুতি শেষ হয়েছে। এখন শুধু দেবীকে খাটে তোলা বাকি।"
এছাড়া ইডেন কলেজ, বনানী খেলার মাঠ, পুরান ঢাকার শ্রী শ্রী রাম সীতা মন্দির, ঠাঁটারি বাজার শিব মন্দির, ভগবতী মন্দির, প্রণব মঠ, নথব্র"ক হল জমিদার বাড়ী, বনগ্রাম তরুণ সংসদ, উত্তর ও দক্ষিণ মেসুন্দি, নরেন্দ্র বসাক লেন, মহাজনপুর লেন, হেমন্ত দাস রোড মদন মোহন মন্দির, রূপচাঁন দাস লেন ও শ্রী শ্রী যমুনা মাঈ আশ্রম, সিদ্ধেশ্বরী কালী মন্দিরেও এবার দুর্গা দেবীর পূজা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কিউএইচ/জেকে/১৬৩০ ঘ.
bdnews24