২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশি আর রণতুর্য নিয়ে বাংলায় এল বিদ্রোহী সুন্দর

ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের শৃঙ্খলে বন্দি ভারতবর্ষে দ্রোহের রণতূর্য বাজিয়ে তার আগমন, মানবতার মহান মন্ত্রে তার দীক্ষা, আর শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় নিরন্তর পথচলা-এই হলেন কাজী নজরুল ইসলাম।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 03:01 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর উপাধি পেয়েছেন জাতীয় কবির, কিন্তু তারও বহু আগে নিপীড়িত মানুষের জয়গান আর শোষকের কারাপ্রকোষ্ঠ ভাঙার দুঃসাহস দেখিয়ে পরিচিত হয়েছেন বিদ্রোহী কবি হিসাবে। বিশ্বাসের সহজ সত্য উচ্চারণে তিনি ছিলেন নির্ভীক, সাহিত্যকে তিনি পরিণত করেছিলেন শোষণ মুক্তির হাতিয়ারে।

ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার সদম্ভ বিদ্রোহের আহ্বান অনুরণন তুলেছিল তখনকার বাঙালি তথা ভারতীয় সমাজ। অত্যাচারী শাসকগোষ্ঠীর মসনদও কেঁপে উঠলো নতুন এই জাগরণে। চির তরুণ এই দ্রোহ আর মানবতার কবি কাজী নজরুল ইসলাম এর ১০৮তম জন্মবার্ষিকী শুক্রবার। ১৮৯৯ সালের ২৪ মে (১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তার জন্ম।

নজরুলের লেখনীর আঘাতে কেঁপে উঠেছিল অত্যাচারী শাসকদের মসনদ। ভগবান বুকে পদচিহ্ন এঁকে দেওয়ার প্রচণ্ড সাহস বুকে নিয়ে তিনি উচ্চারণ করলেন, ‘বিদ্রোহী রণক্লান্ত/আমি সেই দিন হব শান্ত/যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না/অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না।’

রবীন্দ্রবলয়ের মধ্যে থেকেও বিদ্রোহী চেতনায় তিনি ছাড়িয়ে গেছেন রবীন্দ্রনাথকেও। ‘কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল কর রে লোপাট..’ এমন সাহসী উচ্চারণ কেবল সম্ভব ছিল তার মতো বিদ্রোহীর পক্ষেই সম্ভব। তার ব্যতিক্রমধর্মী কবিতা আর গান খুলে দেয় ত্রিশের দশকে বাংলা সাহিত্যে আধুনিক কবিতা ও গান সৃষ্টির পথ। গানের জগতের বুলবুল হিসেবে খ্যাত নজরুল সৃষ্টি করেন বাংলা গানের সম্পূর্ণ নতুন একটি ধারা-বাংলা গজল। নতুন নতুন শব্দ আর ছন্দের ব্যবহার করে ভেঙে দিয়েছিলেন পুরনো সব রীতিনীতি। তিনি এক নতুন ধারার স্রষ্টা।

নজরুলের ডাক নাম দুখু মিয়া। বাস্ত অর্থেই দুঃখভরা তার জীবন। ১৯০৮ সালে কৈশোরে পা দেওয়ার আগেই হারান বাবাকে। বাবা কাজী ফকির আহমেদ ছিলেন মসজিদের ইমাম এবং মাজারের সেবক। তার মৃত্যুর পর জীবিকার তাগিদে বাবার পথ ধরেন নজরুল। পাশাপাশি গ্রামের মক্তবে পড়াশোনা করে নিম্ন মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন।

এরপরই লেটোর দলে যোগ দেওয়ার মাধ্যমে তার কবি জীবনের শুরু। সেখানে যে তিনি শুধু পালাগানই রচনা করেছেন তা নয়, অভিনয়ের খাতাতেও নাম লেখান। তাৎক্ষণিকভাবে গান ও কবিতা লেখার হাতেখড়িটাও হয় তার সেখানেই।

লেটোর জন্য কাজ করার সময়ই তিনি রচনা করেন বেশ পুরান নির্ভর কয়েকটি নাটক।

১৯১০ সালে লেটোর দল ছেড়ে দিয়ে নজরুল আবার ভর্তি হন বর্ধমান জেলার রাণীগঞ্জ সিয়ারসোল রাজ স্কুলে। সেখান থেকে চলে যান মাথরুন হাই ইংলিশ স্কুলে। পড়াশোনা করতে থাকেন ওই স্কুলের প্রধানশিক্ষক ও কবি কুমুদ রঞ্জন মল্লিকের তত্ত্বাবধানে। কিন্তু আর্থিক কারণে ষষ্ঠ শ্রেণীর পর পড়াশোনায় ইস্তফা দিয়ে তিনি প্রথমে কবিয়াল দলে ও পরে এক খ্রিস্টান রেলওয়ে গার্ডের খানসামা পদে এবং শেষে আসানসোলে চা রুটির দোকানে কাজ নেন।

এ সময়ই তার পরিচয় হয় ময়মনসিংহের এক দারোগার সঙ্গে। ১৯১৪ সালে তিনি সেই দারোগার সঙ্গে চলে আসেন ময়মনসিংহে। আবারও পড়াশোনা শুরু করেন ত্রিশালের দরিরামপুর স্কুলে। সেখানে তিনি অন্যান্য বিষয়ের পাশাপাশি বাংলা, সংস্কৃত, আরবি, ফার্সি সাহিত্য ও উচ্চাঙ্গ সঙ্গীতের ওপর পাঠ নিতে শুরু করেন। দশম শ্রেণীতে পড়ার সময় তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে পুরোপুরি ইস্তফা দিয়ে যোগ দেন ভারতীয় সেনাবাহিনীতে। সেটা ১৯১৭ সালের ঘটনা। চারদিকে বাজছে প্রথম মহাযুদ্ধের দামামা। ৪৯ বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে তিনি চলে যান করাচি। যুদ্ধের মধ্যেই তিনি শুরু করেন তার আনুষ্ঠানিক সাহিত্যচর্চা।

কর্পোরাল থেকে হাবিলদার পদে উন্নীত নজরুল সেই সময়ে প্রচুর পড়াশোনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ফার্সী কবি হাফিজ, রুমি, ওমর খৈয়াম কোনোকিছুই বাদ দেননি। ফার্সী কবিতা শিখেছিলেন নিজ রেজিমেন্টেরই এক পাঞ্জাবি মৌলভীর কাছ থেকে।

১৯১৯ সালের মে মাসে তার ‘বাউণ্ডুলের আত্মকাহিনী’ প্রকাশিত হয়। কবিতা ‘মুক্তি’ প্রকাশিত হয় বাংলা মুসলমান সাহিত্য পত্রিকায় ১৯১৯ সালের জুলাই মাসে। ১৯২০ সালে তিনি সেনাবাহিনীর চাকরি ছেড়ে দেন নজরুল। তারপর কলকাতায় শুরু হয় তার সাংবাদিক জীবন। সে সময় বিভিন্ন লেখা পত্রিকায় প্রকাশিত হলে সাহিত্যানুরাগীদের মনোযোগের কেন্দ্রে চলে আসেন তিনি। ১৯২০ সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘বাঁধনহারা’। এরপর প্রকাশিত কাব্যসংকলন ‘বোধন’, ‘শাত-ইল-আরব’, ‘খেয়া পারের তরণী’ তাকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যায়।

সাহিত্যিক পরিমণ্ডলে কাজ করার সুবাদে ধীরে ধীরে তার যাতায়াত শুরু হয় কলকাতার লেখক, কবি আর বুদ্ধিজীবীদের আড্ডাখানায়। ১৯২১ সালের অক্টোবরে মুহম্মদ শহীদুল্লাহকে সঙ্গে করে নজরুল শান্তিনিকেতনে যান রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে। প্রথম দেখাতেই বিশ্বকবির সঙ্গে আন্তরিক সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি।

১৯২১ সালের ১৮ জুন নজরুল বিয়ে করেন কুমিল্লার দৌলতপুরের বিখ্যাত প্রকাশক আলী আকবর খানের নাতনি নার্গিসকে।

সে সময় ব্রিটিশবিরোধী অসহযোগ আন্দোলনে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন নজরুল ইসলাম। অন্যান্য সাহিত্য চর্চার পাশাপাশি পরাধীনতার বিরুদ্ধে গান ও কবিতা রচনা শুরু করেন। ১৯২২ সালে প্রকাশিত হয় তার বিখ্যাত কবিতা ‘বিদ্রোহী’।

১৯২২ সালের ১২ আগস্ট নজরুল প্রকাশ করেন ‘ধুমকেতু’ নামের একটি পত্রিকা। কিন্তু ব্রিটিশ শাসকগোষ্ঠীকে তীব্র কটাক্ষ করে ‘আনন্দময়ীর আগমনে’ কবিতা ছাপার পর পত্রিকাটির সেই সংখ্যা নিষিদ্ধ করা হয়। সে বছরই তার ‘যুগবাণী’ বাজেয়াপ্ত হয় এবং তিনি গ্রেপ্তার হন। পরে আরও কয়েকবার বিভিন্ন প্রকাশনার জন্য তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

১৯২১ সালে কুমিল্লায় বেড়াতে গেলে নজরুলের সঙ্গে সাক্ষাৎ হয় প্রমীলা দেবীর। তারপর থেকেই তাদের নিয়মিত যোগাযোগ একসময়ে প্রেমের সম্পর্কে গড়ায়। ১৯২৪ সালের ২৫ এপ্রিল তারা বিয়ে করেন।

চারদিকে তখন কলের গানের জয়-জয়কার। নজরুল তখন দুহাতে গান লিখতে শুরু করেন। কাজ করতেন রেডিও ও রেকর্ড কোম্পানিতে। ১৯২৮ সালে হিজ মাস্টার্স ভয়েসে গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক নিযুক্ত হন। তার লেখা ও সুর করা গান প্রচারিত হতে থাকে রেডিওতে এবং প্রকাশিত হতে থাকে রেকর্ড আকারে। ১৯৩৪ সালে যুক্ত হন চলচ্চিত্রের সঙ্গে।

চল্লিশের দশকের শুরু থেকে জটিল বিভিন্ন রোগে আক্রান্ত হতে শুরু করেন এই বিদ্রোহী কবি। একপর্যায়ে বাকশক্তি হারান তিনি। বন্ধ হয়ে যায় তার লেখনী।

বাংলাদেশ স্বাধীনের পর ১৯৭২ সালের ২৪ মে অসুস্থ কবি ও তার পরিবারকে নিয়ে আসা হয় ঢাকায়। বাংলা সাহিত্যে তার অবদানস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর বিশেষ সমাবর্তনের মাধ্যমে তাকে সম্মানসূচক ‘ডিলিট’ উপাধিতে ভূষিত করে। ১৯৭৬ সালে তাকে ‘একুশে পদক’ দেওয়া হয়। সে বছরই ২৯ আগস্ট তৎকালীন পিজি হাসপাতালে মারা যান মানবতা ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলাম।

জাতীয় মর্যাদায় কবিকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের উত্তরপাশে।