২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারদিনব্যাপী নজরুল মেলা শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার পাবলিক লাইব্রেরীতে উদ্বোধন হলো চারদিনব্যাপী নজরুল মেলা। নজরুল একাডেমীর আয়োজনে এ মেলার প্রথম দিনে প্রবন্ধ পাঠ, নজরুল পদক প্রদান ছাড়াও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2007, 12:54 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

প্রধান অতিথি হিসেবে  অনুষ্ঠান উদ্বোধন করেন বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ। তার বক্তব্যের পর নজরুল সঙ্গীতে বিশেষ অবদান রাখার জন্য নজরুল পদক তুলে দেওয়া হয় বিশিষ্ট শিল্পী খালিদ হোসেনের হাতে। আর নজরুল গবেষনার জন্য পদক দেওয়া হয় আসাদুল হককে।

এরপর ‘রাষ্ট্রীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন ম. মীজানুর রহমান। প্রবন্ধে তিনি বর্তমান প্রেক্ষাপটে জাতীয় কবির আদর্শকে মানুষের মাঝে আরো গভীরভাবে ছড়িয়ে দিতে নানা করণীয়র কথা বলেন। কবিকে যথাযথ মূল্যায়ন প্রসঙ্গে তিনি কিছু দাবি তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, সিনেমা হল বা টেলিভিশনে অনুষ্ঠান শুরুর আগে জাতীয় কবির প্রতিকৃতি দেখানো  ও বাণী শোনানো বাধ্যতামূলক করা, স্কুল পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটি ক্লাসে নজরুলের রচনা পাঠ বাধ্যতামূলক করা, জাতীয় কবির জন্মদিন ও মৃত্যুদিনকে সরকারি ছুটির দিন হিসাবে ঘোষণা দেওয়া ইত্যাদি।

প্রবন্ধ পাঠ শেষে এর ওপর আলোচনা করেন আব্দুল মান্নান সৈয়দ, আবুল কাসেম ফজলুল হক ও কবির নাতনী খিলখিল কাজী। বক্তারা নজরুল ইসলামের কাজকে জাতির সামনে আরো ভালো ভাবে তুলে ধরতে বিভিন্ন দাবিদাওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন।

সঙ্গীতে নজরুল পদকপ্রাপ্ত খালিদ হোসেন তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “এই সম্মান আমার জন্য অনেক বড় কিছু। আমি খুবই সম্মানিত বোধ করছি।” এরপর তিনি নজরুল সঙ্গীত চর্চায় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে  বলেন, নজরুলের অনেক গানই ইচ্ছেমতো অনেকেই সুরারোপ করেছে। তিনি সঠিক সুরের গানের সিডি প্রকাশিত হওয়া জরুরি বলে মনে করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নজরুল একাডেমীর শিল্পীরা নজরুল সঙ্গীত পরিবেশন করেন।