রবীন্দ্র জন্মজয়ন্তীতে দুদিনব্যাপী কর্মসূচি পালন করবে সংস্কৃতি মন্ত্রণালয়
রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। রাজধানী ও রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত স্থানগুলোতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শিক্ষামন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষা ও সংস্কৃতি উপদেষ্টা আইয়ুব কাদরী। তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও রবীন্দ্র জন্মজয়ন্তী পালনের বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদ মঙ্গলবার ওসমানী মিলনায়তনে সরকারি পর্যায়ে আয়োজিত রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে স্মারক বক্তা থাকবেন অধ্যাপক আনিসুজ্জামান।
বিকেলে শিল্পকলা একাডেমিতে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া বুধবার বাংলা একাডেমীতে চলবে দ্বিতীয় দিনের অনুষ্ঠানমালা।
রবীন্দ্র জয়ন্তীতে প্রতি বছর পোস্টার প্রকাশ এবং রাজধানীর সড়কদ্বীপগুলোকে সাজানো হলেও এবার তা করা কেন-সাংবাদিকরা এমন প্রশ্ন করলে সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপদেষ্টাকে জানান, পোস্টার ছাপানো হয়েছে। তবে এখনো লাগানো হয়নি।
এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে উপদেষ্টা সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বলেন, মাত্র একদিন বাকি আছে, কিন্তু এখনো পোস্টার লাগানো যায়নি। রবীন্দ্র জয়ন্তী থেকে শিক্ষা নিয়ে সামনের নজরুল জয়ন্তীর পোস্টার আগেভাগেই লাগানোর চেষ্টা করুন।
