২৯ এপ্রিল বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে তিনদিনব্যাপী নৃত্য উৎসব
২৯ এপ্রিল বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে বিশেষ নৃত্য উৎসব। তিন দিন ব্যাপি এই উৎসবের আয়োজন করেছে যৌথ ভাবে বাংলাদেশের চীনা দূতাবাস ও অরেন্ডা কমিউনিকেশন।
২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এই নৃত্য উৎসব চলবে শাহবাগের পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে। প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উৎসব চলবে।
এতে দেশের প্রখ্যাত নৃত্য শিল্পীরা অংশ নিবেন। এখন পর্যন্ত যারা নৃত্য পরিবেশন করবেন বলে নিশ্চিত করেছেন তাদের মধ্যে দ্বৈত নৃত্য পরিবেশন করবেন নাদিয়া-লিখন এবং রিয়া-সোহেল। এছাড়া একক নৃত্য পরিবেশন করবেন জিনিয়া সিদ্দিক, চিত্র নায়িকা শাবনূরের ছোট বোন মৌ, ইলা, মনি, এস রহমান।
উৎসবের তিনদিন তিনটি নৃত্যনাট্য পরিবেশিত হবে। প্রথম দিন বুলবুল ললিত কলা একাডেমীর (বাফা) পরিবেশন করবে ‘সূর্যমুখীর নদী’, দ্বিতীয় দিন বাংলাদেশ ব্যালে গ্রুপ পরিবেশন করবে ‘কুসুমের স্বপ্ন’ ও শেষ দিন অ্যামিস ওয়ার্কশপের নৃত্যনাট্য পরিবেশন করবেন ‘সোনাই মাধব’। এছাড়া চীনের একটি নৃত্যদলও এই উৎসবে অংশ নিবে।
নৃত্যে বিশেষ অবদান রাখার জন্য উৎসবের শেষ দিন দুজন বিশিষ্ঠ নৃত্য শিল্পীকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
এই উৎসবের মুল স্পন্সর স্বদেশ প্রপার্টিজ। এছাড়া টিভি পার্টনার বৈশাখী, রেডিও পার্টনার রেডিও ফুর্তি, ফ্যাশন পার্টনার নকশা ও কো স্পন্সর মিঠাই।
নৃত্য উৎসব উপলক্ষে ২৫ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উৎসব উদযাপন কমিটির আহবায়ক নৃত্য শিল্পী-চিত্র নায়িকা অঞ্জনা, চীনা দূতাবাসের দ্বিতীয় সচিব (সংস্কৃতি) জিয়ং জিফা, অরেন্ডা কমিউনিকেশনের সিইও ফারজানা খান ইলা ও নব নৃত্যের প্রতিষ্ঠাতা সভাপতি আমীরুল ইসলাম মনি, স্বদেশ প্রপার্টিজের সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার খালিদ হাসান ও মিডিয়া ম্যানেজার আব্দুল্লাহ ফারুক।
