বরিশাল বিভাগীয় নৃত্য উৎসব বুধবার
‘‘মিলেছি মিলনে ছন্দে আনন্দে” এই শ্লোগান সামনে রেখে বুধবার অনুষ্ঠিত হবে বরিশাল বিভাগীয় নৃত্য উৎসব।
বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার দেশব্যাপী তৃতীয় জাতীয় নৃত্য উৎসবের অংশ হিসেবে ঢাকা-ফরিদপুর অঞ্চলের পর এবার বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বুধবার সন্ধ্যায় এ উৎসব অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার বরিশাল বিভাগীয় শাখার সাংগঠনিক সম্পাদক ইভান শাহ রিয়ার সোহাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উৎসবে বিভাগের পিরোজপুর, পটুয়াখালী, ঝালকাঠী ও ভোলা জেলা থেকে একটি করে দল অংশ নেবে।
পাশাপাশি বরিশালের স্থানীয় একাধিক নৃত্য সংগঠন ছাড়াও বাবুগঞ্জ, আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার দলীয় নৃত্য শিল্পীরা অংশ নেবেন উৎসবে।
তবে বরগুনা জেলার কোনো অংশগ্রহণ করবে না বলে নৃত্য উৎসব উদযাপন পরিষদের যুগ্ম সমন্বয়কারী মুরাদুজ্জামান খান জানান।
