চট্টগ্রামে শুরু হয়েছে লোক উৎসব
বাংলা নববর্ষ শুরু হতে এখনও বাকি ১০ দিন। এরই মাঝে উৎসবের রং ছড়িয়েছে চট্টগ্রাম ডিসি হিল প্রাঙ্গনে। চার দিনব্যাপী লোক উৎসব ও পুরাতনি মেলার মাধ্যমে বৃহস্পতিবার বিকাল থেকে সেখানে শুরু হয়েছে লোক উৎসব।
বিকাল ৫টায় মাটির পিদীম জ্বালিয়ে মেলা উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল। এ সময় তিনি বলেন, আমাদের দেশের রাজনীতিতে নিজস্ব সংস্কৃতির অনুপস্থিতির কারণেই এখন এর সংকটাপন্ন অবস্থা। এ দিকটায় মনোযোগ দেওয়ার সময় এসেছে।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও মেলার সভাপতি মাহবুবুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক ও অধ্যক্ষ হাসিনা জাকারিয়া।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে কক্সবাজারের রামুর শব্দায়ন আবৃত্তি একাডেমীর শিল্পীরা পরিবেশন করেন লোক সংগীত।
চার দিনব্যাপী এই উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পুঁথি প্রদর্শনী, পিঠা উৎসব, কারূপণ্য প্রদর্শনী চলবে।
মেলার দ্বিতীয় দিন শুক্রবার সকাল দশটায় শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া বিকালে থাকবে প্রমা অবন্তী ও তার দলের পরিবেশনায় নবান্ন ও বারাবাধুনীর নাচ। পরে লালন সঙ্গীত পরিবেশন করবেন আবদুর রব ফকির, আকলিমা বেগম ও কুষ্টিয়া থেকে আসা শিল্পীরা।
উৎসব চলবে রোববার পর্যন্ত।
