২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধুমেলা চলবে ৫ এপ্রিল পর্যন্ত

“মৌচাষে আয় বাড়ে, মধু খেলে রোগ সারে।” স্লোগানকে সামনে রেখে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে চলছে মধুমেলা। মেলাটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ এপিকালচার এসোসিয়েসন এবং বাংলাদেশ এসোসিয়েশন ফর সোস্যাল এডভান্সম্যান্ট (বাসা)। ৫ এপ্রিল পর্যন্ত এই মেলা চলবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2007, 06:00 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

মধু মেলায় মোট স্টলের সংখ্যা ২৩ টি। মেলাতে সুন্দরবনের মধুসহ বিভিন্ন ঋতুর এবং বিচিত্র ফুলের কাঁচা মধু পাওয়া যাচ্ছে। এর মধ্যে শোধিত ও অশোধিত উভয়প্রকার মধুই আছে।

মধু মেলার উদ্দেশ্য সম্পর্কে বাসার প্রজেক্ট ম্যানেজার মোঃ আহসান উল্লাহ ভুঁইয়া বলেন,“মধুর উপকারিতা সর্ম্পকে সাধারণ মানুষকে সচেতন করা, মৌ চাষে উদ্বুদ্ধ করা আমাদের প্রাথমিক লক্ষ্য। এছাড়া আমাদের দেশে যে বোতলজাত বিশুদ্ধ মধু পাওয়া যাচ্ছে তার প্রচারণাটাও জরুরী বলে মনে করছি আমরা।”

বাসা এবং এপিকালচার মৌ চাষ ছাড়াও মৌ চাষিদের বিনামূল্যে প্রয়োজনীয় কারিগরি সহায়তা এবং প্রশিক্ষনের ব্যবস্থা করে থাকে।

মেলার আসা পাকিস্তানি নাগরিক মাজিদ ভাট এর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। একসঙ্গে একশ কেজি মধু কিনেছেন তিনি। বললেন, “পাকিস্তানে প্রাকৃতিক মধু দুর্লভ। এ জন্য বাংলাদেশ থেকে মধু নিয়ে যাচ্ছি। ভবিষ্যতে বানিজ্যিকভাবে এখান থেকে মধু রপ্তানি করার ইচ্ছে রয়েছে।”

সবার জন্য উন্মুক্ত এ মেলা শুরু হয়েছে ২৭ মার্চ। ৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বেলা ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা চলবে।