কমেডি ফেস্টিভাল এবার টরেন্টোয়
প্রতিবছর জুলাই মাসে কানাডার মন্ট্রিলে বসে হাসির আসর ‘জাস্ট ফর লাফস’। এখানে যা কিছু হয় সবকিছুর মূল উদ্দেশ্য মানুষ হাসানো। এখানে এসে কেউ গোমড়া মুখ করে থাকতে পারে না। হাসতে তাকে হবেই। কথাটা শুনে যারা হেসেই উড়িয়ে দিলেন তাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে এই হাসির আসরটি মন্ট্রিলে বসছে ১৯৮৩ সাল থেকে। বিশ্বের নানান দেশের আনাচে কানাচে এই ধরনের আরো অনুষ্ঠান হয়ে থাকতে পারে কিন্তু মন্ট্রিলের এই আসরটিই সবচেয়ে বড় হাসির আসর। মাসব্যাপী এই আসরে কমিকস পাঠ ও প্রদর্শন থেকে শুরু করে জোকস পাঠ সবই হবে। আর ১৯৯৬ সাল থেকে সেখানে শুরু হয়েছে কমেডি ছবির প্রদর্শনী।
‘জাস্ট ফর লাফস’ এবার আসছে কানাডার অন্য এক শহরে। কুইবেক প্রদেশের টরেন্টোতে। ছয়টি গালা শো সহ কয়েকটি ফ্রি আউটডোর শো অনুষ্ঠিত হবে টরেন্টোর ইয়ং দান্তে চত্বরে। পুরো অনুষ্ঠানসূচি এখনো ঘোষণা করা হয়নি। তিন দিনব্যাপী এ উৎসবের তারিখ নির্ধারিত হয়েছে জুলাইয়ের ২৬ থেকে ২৮ তারিখ।
উৎসবকে সফল করার জন্য অন্তারিও পর্যটন মন্ত্রনালয় বাজেট ধরেছে ৩ লাখ ৪৪ হাজার আমেরিকান ডলার। সেই সঙ্গে কর্তৃপক্ষ বলছে এই উৎসব মন্ট্রিলের উৎসবের কার্বন কপি হবে না।
অন্যদিকে বুধবারে আরেক ঘোষণায় বলা হয়, ‘জাস্ট ফর লাফ’ অনুষ্ঠানে ‘ডিল অর নো ডিল’ অনুষ্ঠানের উপস্থাপক হোয়ি মেন্ডেল আবার ফিরে যাচ্ছেন। সেখানে তিনি ১৮ এবং ১৯ জুলাইয়ের দুটি গালা শোয়ের উপস্থাপনা করবেন।
