টোবাগোয় জাজ ফেস্টিভালে এলটন জনকে নিষিদ্ধ করার দাবি
এপ্রিল মাসের শেষের দিকে ক্যারিবিয়ান দ্বীপ টোবাগোয় শুরু হতে যাচ্ছে প্লাইমাউথ জ্যাজ ফেস্টিভাল। বিশ্বের আরো অনেক নামীদামী শিল্পীর পাশাপাশি এ উৎসবে যোগ দিতে যাচ্ছেন বিশ্বখ্যাত গায়ক এলটন জন। বিপত্তিটা বেধেছে সে জায়গাতেই। ক্যারিবিয়ান দ্বীপের কয়েকজন খৃস্টান নেতা সোমবার দাবি তুলেছেন, জ্যাজ ফেস্টিভালে এলটন জনকে নিষিদ্ধ ঘোষনা করা হোক। জনের অপরাধ তিনি একজন সমকামী। এবং তার সমকামিতা সেখানকার যুব সমাজের উপর খারাপ প্রভাব ফেলতে পারে।
২০০৫ সালের দিকে এলটন জন তার পার্টনার ডেভিড ফার্নিশকে বিয়ে করেন। এ নিয়ে সে সময় সারা বিশ্বেই ব্যাপক তোলপাড় হয়। এই উদাহরণকে সামনে রেখে খৃস্টান চার্চের একটা দল ‘টোবাগো হাউজ অফ অ্যাসেম্বলি’ এর কাছে আবেদন জানিয়েছেন তাকে নিষিদ্ধ করার। কিন্তু তাদের এ আবেদনে হালে পানি পাচ্ছে না হাউজ অফ অ্যাসেম্বলির কাছে।
টেরেন্স বায়েন্স নামের একজন যাজক রয়টার্সের কাছে মত প্রকাশ করেন যে, জনের আগমন অবশ্যই এখানকার সমাজের উপর একটা খারাপ প্রভাব ফেলবে।
কিন্তু জ্যাজ ফেস্টিভালের আয়োজক সিএল কমিউনিকেশন্স এলটন জনের উপস্থিতি সহযোগেই ফেস্টিভাল চালিয়ে যেতে বদ্ধপরিকর। তারা নিষিদ্ধের দাবিকে কানেই তুলছেন না। আয়োজকদের এক কর্মকর্তা এন্থনি মহারাজ জানান, “বিশ্বের সেরা গায়কদের একজন হলেন এলটন জন। তিনি যদি এখানে গাইতে আসেন সেটাই হবে টোবাগোর জন্য এক সৌভাগ্যের বিষয়।”
সেই সঙ্গে তিনি আরো যোগ করেন, “এলটনের ব্যান্ড সারা বিশ্বের অনেক দেশেই গান গেয়েছে। আর সে এখানে আসছে গান গাইতে, তার জীবন দর্শন প্রচার করতে নয়।”
উল্লেখ্য রোববার ছিলো জনের ৬০তম জন্ম বার্ষিকী। সেদিন তিনি ম্যাডিসন স্কোয়ারে ৩০টির মতো গান গেয়ে শোনান। সেখানে উপস্থিত ছিলেন বিশ্বের অনেক গন্যমান্য ব্যক্তিত্ব।
