স্বাধীনতা দিবস উপলক্ষে মুুক্তিযুদ্ধ জাদুঘরের সপ্তাহব্যাপী অনুষ্ঠান ও বইমেলা
‘সাক্ষী বাংলার রক্ত ভেজা মাটি/ সাক্ষী আকাশের চন্দ্রতারা/ ভুলি নাই কোন শহীদের স্মৃতি/ ভুলবনা কিছুই আমরা।’ এ শ্লোগানকে সামনে রেখে মুক্তিযুদ্ধ জাদুঘর স্বাধীনতার মাসে আয়োজন করেছে নানা অনুষ্ঠান ও মুক্তযুদ্ধ বিষয়ক বইয়ের মেলা।
সেগুনবাগিচায় অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের একাদশ প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠান ও বই মেলা শুরু হয়েছে ২২ মার্চ।
সপ্তাহব্যাপী স্বাধীনতা উৎসব উপলক্ষে চলছে স্মারক বক্তৃতা, আবৃত্তি, একাত্তরের প্রত্যক্ষদর্শীদের বিবরন পাঠ, সংগীতানুষ্ঠান, নৃত্য পরিবেশনা, শিশু কিশোরদের আনন্দ আয়োজন, যাত্রপালা, পথনাটক এবং চিত্রাংকন প্রতিযোগিতা সহ নানা অনুষ্ঠান।
বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি আয়োজিত বই মেলা চলছে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। এ বই মেলায় স্থান পেয়েছে শুধু মুক্তিযুদ্ধ বিষয়ক বই। এ পর্যন্ত মুক্তিযুদ্ধের উপর বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত প্রায় সকল বইয়েরই দেখা মিলবে এই মেলায়। ৮৮ টি প্রকাশনা প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার বই রয়েছে এখানে।
বই মেলার সমন্বয়ক রফিকুল ইসলাম জানান ,“বই মেলায় বেশ ভালোই সাড়া পাচ্ছি। এতে প্রতিদিনই বিভিন্ন পেশা ও বয়সের লোক আসছে যা খুবই ইতিবাচক।”
ভিকারুন্নিসা নূন স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী অনু বড়ূয়া বইমেলায় এসেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু বই কিনতে। এবারের একুশের বইমেলা থেকেও কয়েকটি কিনেছিলেন। কিন্তু এই মেলায় মুক্তিযুদ্ধের সব বই একবারে সামনে থাকায় সেখান থেকে বাছাই করে বই কিনতে তার সুবিধা হচ্ছে বলে জানান। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি জানান, “মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের গর্বের প্রতীক। আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি তারা মুক্তিযুদ্ধটাকে জানার ও বোঝার চেষ্টা করছি বই পড়ে। একসাথে মুক্তিযুদ্ধের সব বইকে সামনে আনার এই উদ্যোগের জন্য মুক্তযুদ্ধ জাদুঘরকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়।”
মেলাতে আগত দর্শনার্থীরা তাদের সেরা পছন্দের বই হিসেবে শহীদ জননী জাহানারা ইমামের ‘একাত্তরে দিনগুলি’র কথা বলেন।
মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গনে এই মেলা চলবে ২৮ মার্চ পর্যন্ত।
