নড়াইলে সুলতান মেলা শুরু
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শিল্পীর জন্মস্থান নড়াইলে আট দিন ব্যাপী সুলতান মেলা শুরু হয়েছে।
সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে আয়োজিত মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার কবির মো. আশরাফ আলম।
প্রধান অতিথির ভাষণে তিনি বলেন,“সুলতান ছিলেন একজন খাঁটি দেশ প্রেমিক শিল্পী। তিনি কখনো জন্ম মাটি ছেড়ে অন্যত্র যেতে চাননি। তার তুলিতে সবসময় পেশীবহুল, সুস্থ্য সবল মানুষের ছবি ফুটে উঠতো। তাঁর অনন্য কীর্তির জন্য এ দেশের মানুষ গর্বিত। জাতি তাঁকে সব সময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল কাইউম সরদার সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সরকারি ভিক্টোরিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহম্মদ মোল্লা, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, শরীফ আতিয়ার রহমান, অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার, পৌর চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, গ্রামীণফোন কর্মকর্তা শেখ সায়েদ হাসান প্রমূখ।
প্রতিদিন সুলতান মেলায় থাকছে নানান গ্রামীণ খেলাধুলা, ভলিবল, কুস্তি প্রতিযোগিতা, লাঠিখেলা, সেমিনার, জারিগানের আসর, সার্কাস প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা। এছাড়াও প্রদান করা হবে সুলতান পদক।
এবারে সুলতান পদক পাচ্ছেন চারুশিল্পী মাহমুদুল হক।
