২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের কলকাকলিতে মুখর মেলা প্রাঙ্গণ

‘আজ মেলা আমাদের দখলে’ হাসতে হাসতে বলছিল নীলা। ওর সঙ্গে ছিল মিলা ও প্রভা। নারায়নগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে এসেছে ওরা। পরনে স্কুল ড্রেস। কথাটা না বললেও টের পাওয়া যেতো। মেলার যে কোন দিকে তাকালেই চোখে পরে স্কুল ড্রেস পরা বালকবালিকাদের, না তাকালেও টের পাওয়া যায় তাদের সরব উপস্থিতি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2007, 06:42 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

বইমেলায় মাঝে মাঝেই স্কুল --  কলেজের ইউনিফর্ম পরা ছেলেমেয়েদের দেখা যায়। কৌতুহলভরা দৃষ্টি নিয়ে তারা ঘুরে বেড়ায় বিভিন্ন স্টলে, বইপত্র নেড়েচেড়ে দেখে, কেনেও অনেকে। রবিবার মেলায় আক্ষরিকভাবে ছিল তাদের রাজত্ব। তার দাপট এমনই যে এইদিন অন্য দর্শনার্থীদের হঠাৎ করে মনে হতেই পারে যে তারা ভুল করে বইমেলার বদলে কোন স্কুল বা কলেজের ক্যাম্পাসে ঢুকে পরেছেন কিনা। নারায়নগঞ্জ সরকারি মহিলা কলেজ, আইডিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, হলিক্রস কলেজসহ বেশ কটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসে রবিবারের মেলাকে কলকাকলি মুখরিত করে তুলেছিল এইসব উচ্ছল শিক্ষার্থী।

এক নারায়নগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকেই এসেছিল ১৬৭ জন ছাত্র -  ছাত্রী, তাদের সঙ্গে ছিলেন ৭ জন শিক্ষক। শৃঙ্খলা মেনে মেলায় ঢুকেছে বটে, কিন্তু ঢোকার পর আর লাইন মেনে চলা যায়নি। হেথা হোথা ছড়িয়ে পরেছে যে যার মতো, মনের আনন্দে ঘুরে বেরিয়েছে।

এ দলেরই সদস্য নীলা, মিলা ও প্রভা পড়ে একাদশ শ্রেণীতে, ঘুরছিল একজোটে, মহা উল্লসিত। কলকলিয়ে বলে উঠল, “আজকে মেলা আমাদের। যেদিকে তাকান দেখবেন আমরাই।” তিনজনই দাবি করলো কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এভাবে মেলা দর্শনের উদ্যোগ এটাই প্রথম। সুতরাং মেলা কর্তৃপক্ষের উচিত তাদের একটা পুরষ্কার দেয়া। শুধু মেলা দর্শনই নয়, বইও কিনেছেন তারা। হ ুমায়ূন আহমেদ এর ‘আজ হিমুর বিয়ে’ এবং মুহম্মদ জাফর ইকবালের ‘জলমানব’ বই দুটি শোভা পাচ্ছে তাদের হাতে।

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মেলায় বই এসেছে ৬১টি। এর মধ্যে রয়েছে বদরুদ্দীন উমরের দক্ষিন এশিয়ায় মার্কিন সাম্রাজ্যবাদ। বের করেছে সাহিত্য প্রকাশ। যতীন সরকারের ‘পাকিস্তানের জন্ম মৃত্যু দর্শন’ প্রকাশ করেছে জাতীয় সাহিত্য প্রকাশ। মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত হয়েছে সিদ্দিকা কবীরের ‘খাবার দাবারের কড়চা’। লুৎফর রহমানের ছড়ার বই ‘হ্যালো এটা বাবার অফিস’ বের করেছে অবসর। রিজিয়া রহমানের ‘কাছেই সাগর’ এর প্রকাশক ঐতিহ্য। বইপত্র প্রকাশ করেছে শাহরিয়ার কবীরের ‘জঙ্গি মৌলবাদ ও বিপন্ন মানবাধিকার’।

রবিবার এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মোড়ক উন্মোচন করা হয়েছে ৪টি বইয়ের। এর মধ্যে রয়েছে বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের ‘শিল্পীর চোখ’, বের করেছে তরফদার প্রকাশনী। মোড়ক উন্মোচন করেছেন শিল্পী হাশেম খান। তার সঙ্গে ছিলেন মুনতাসীর মামুন।