ছুটির দিনে বইমেলা যেন জনারণ্য
‘বইমেলায় এবার প্রতিদিনই প্রচুর ভিড়, মানুষের লাইন একদিকে শাহবাগ তো অন্যদিকে কার্জন হল’ এই ধরনের খবর তো অনেক বাসি। তারপরও শুক্রবার বাসি খবরই আবার নতুন করে বলতে হচ্ছে। খবরটি হলো, মেলায় ‘জনসংখ্যার বিস্ফোরণ’ হয়েছে। কাজেই যারা মেলায় যাননি তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন।
বইমেলা মানে মানুষ স্টলে স্টলে ঘুরে ফিরে একটু বই দেখবে আর কিনবে। কিন্তু শুক্রবারের বইমেলা সম্পর্কে যে কারো ধারণাই ভেঙ্গে দিতে বাধ্য। এক স্টল থেকে অন্য স্টলে যাওয়াই অনেকটা যুদ্ধ জয়ের ব্যাপার, বই কেনা তো পরের ব্যাপার।
মুহম্মদ জাফর ইকবাল তথ্যকেন্দ্রের সামনে মানুষের এক গোল বৃত্তের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে অটোগ্রাফ দিচ্ছিলেন সেই অনেক্ষণ থেকে। জনপ্রিয় লেখক তিনি, অটোগ্রাফ দিতেই পারেন। এবং অটোগ্রাফ দিয়ে তিনি অভ্যস্তও। সেই তিনিই অটোগ্রাফ দিতে দিতে একপর্যায়ে তারই চরিত্র ‘সফদার আলী’র আচরণ করতে লাগলেন। অটোগ্রাফ শিকারীদের হাত থেকে বাঁচতে বের করলেন অদ্ভুত এক পন্থা। সোজা বসে পড়লেন মাটিতে যাতে দূর থেকে তাকে দেখে আবার নব উদ্যমে কেউ বই বাড়িয়ে দিতে না পারে।
মাটিতে বসার পর তিনি ভেবেছিলেন এটা বুঝি অটোগ্রাফ শিকারীদের হাত থেকে বাঁচার জন্য খুবই নিরাপদ এবং কার্যকর একটা পন্থা। কিছুক্ষণের ভেতরই বুঝলেন এতক্ষণ দাঁড়িয়ে ছিলেন ভালো ছিলেন, এবার আর বসা থেকে উঠতে পারবেন না, তার খুদে ভক্তদের ঠেলায় এবার তাকে শুয়ে শুয়ে অটোগ্রাফ দিতে হবে। সেটা অবশ্য তাকে করতে হয়নি।
এবারের মেলায় শুক্রবারই প্রথম এলেন হুমায়ূন আহমেদ। সঙ্গে ছিলো তার ছেলে নূহাশ হুমায়ূন। এমনিতেই তিল ধারণের জায়গা নেই মেলায়। তার উপর তাদের আগমনে অন্যপ্রকাশের স্টল এবং তার পার্শ্ববর্তী এলাকা হয়ে উঠে উন্মত্ত লোকজনের বিচরণক্ষেত্র। ধাক্কাধাক্কি আর হৈ হুল্লোড়ে দমবন্ধ হয়ে যাওয়ার জোগাড়।
অন্যপ্রকাশের স্টলে বসেই হুমায়ূন আহমেদ মোড়ক উন্মোচন করেন তার ছেলে নূহাশ হুমায়ূনের বই দঊয়ঁধঃরড়হ ঋরযধ’। এটি হুমায়ূন আহমেদেরই সায়েন্স ফিকশন ‘ফিহা সমীকরণ’ এর ইংরেজি সংস্করণ। মোড়ক উন্মোচনে ছেলেও পিছিয়ে নেই। নূহাশ তার বাবার নতুন বই ‘মধ্যাহ্ন’ এর মোড়ক উন্মোচন করে।
এ ছাড়াও নতুন বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে ২০টি। এর ভেতর মুহম্মদ জাফর ইকবাল নজরুল মঞ্চে মোড়ক উন্মোচন করেন আনোয়ারুল হকের গল্পের বই ‘অনুভবে তুমি আছো’। আরও কিছু বইয়ের মোড়ক উন্মোচনের কথা থাকলেও অতিরিক্ত ভিড়ের কারণে সেগুলো বাতিল করা হয়।
