নগরীতে বসন্ত উৎসব
বছর ঘুরে আবার এলো বসন্তকাল। প্রকৃতির পরিবর্তন যেন সেই আগমনী বার্তাটিই জানিয়ে দিচ্ছে। আর তাইতো প্রকৃতির সঙ্গে সঙ্গে ব্যস্ত নগরবাসীর জীবনেও লেগেছে আনন্দের ছোঁয়া।
ষড়ঋতুর এদেশে ‘ঋতুরাজ’ বসন্তকে বরণ করে নিতে নগরবাসী আজ জড়ো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের বকুলতলায়। জাতীয় বসন্ত উদযাপন পরিষদের আয়োজনে সকাল থেকেই শুরু হয়েছে ‘এসো মিলি প্রাণের উৎসব শীর্ষক’ বসন্ত উৎসব ১৪১৩।
চারুকলা ইন্সটিটিউট ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) আয়োজন করেছে দুইদিন ব্যাপী বসন্ত উৎসবের। মঙ্গলবার সকাল ১১টায় শুরু হবে এ অনুষ্ঠান। এছাড়া কলাভবনের বটতলায় ‘সমগীত সংস্কৃতি প্রাঙ্গন’ সকাল ১০টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগ নাটমন্ডল মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় আয়োজন করেছে ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’ শীর্ষক সঙ্গীতানুষ্ঠান।
