বইমেলায় ঘটনার ঘনঘটা
বইমেলা মানে নীতির ভীতি। অথবা নীতির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো। এবং এসব মিলে--মিশে শেষপর্যন্ত যা দাঁড়ায় তা হলো বইমেলা মানে নীতিমালার ভীতি নিয়ে ম্যালা ঝামেলা!
বাংলা একাডেমী নামটা নিয়েই আপত্তি আছে কারো কারো। বাংলা সংরক্ষণের গুরুদায়িত্ব যাদের সেই তাদের নামটাই পুরো বাংলা নয়; বাংলা-ইংরেজির মিশেল। তাছাড়া সরকারি বই কেনা--টেনা নিয়েও তারা নানারকম গোলমাল ঘটায় সাধারণত।
সে যাই হোক, মোটামুটি গ্রহণযোগ্য একটা অভিধান উপহার দিয়ে আমাদের শুদ্ধতা চর্চার ক্ষেত্রে মোটামুটি একটা অবদান রেখেছে তারা। এর বাইরে তাদের অন্য দৃশ্যমান অবদান, প্রতি বছর বইমেলা আয়োজন। এবং বইমেলা আয়োজন করতে গিয়ে প্রতি বছর নীতির একটা জিগির ওঠে। আরও অনেক কিছু আছে, কিন্তু সব ছাপিয়ে আলোচনার তুঙ্গে থাকে এক প্রকাশকের বই মেলায় অন্য কাউকে বিক্রি করতে না দেয়ার নীতি।
প্রতি বছর মেলা শুরুর আগে খুব শোনা যায়, এবার একাডেমী খুব কঠোর হবে, কালো তালিকা করে এসব ‘কালো’ প্রকাশকদের একেবারে শেষ করে দেওয়া হবে; কিন্তু শেষপর্যন্ত মেলা শেষ হয়, কিন্তু সেই প্রকাশকরা আর শেষ হন না। একজনের বই অন্যজন নিয়ে বিক্রি করে নাকের ডগা দিয়ে। বাংলা একাডেমী শেষপর্যন্ত শুধু হাত কচলেই যায়। এবারও এমন চড়া গলাতেই বলা হচ্ছিল।
কিন্তু বাংলা একাডেমীর কারণে নয়, হুমকিটা এবার গুরুত্ব দেয়া হচ্ছিল বাংলাদেশে এখন যা হওয়ার নয় তা--ও কিছু কিছু হয়ে যাচ্ছে বলে। কাজেই এখানেও হতে পারে। বাংলা একাডেমীর এতদিনের গর্জন এবার বোধহয় বর্ষনে রূপ পাবে। কীসের কী! কালও দেখা গেল দেদার পাইকারি দরে বই কিনে অপ্রকাশকরা বিক্রি করছেন। চোখের সামনে। কোনোরকম লুকোছাপা ছাড়াই। কিছু ভীতি তবু ছিল। যদি একাডেমীর দল সরেজমিন ধরাধরিতে সত্যিই আসে। কিন্তু তারা আর আসে না। ফলে ভীতি দূর। ভয় কেটে গেলে মানুষ তা নিয়ে হাসি-তামাশা করতে ভালোবাসে। এখন বইমেলায় এই নীতি নিয়ে হাসি-তামাশাই চলছে।
কেউ কেউ এই পুরো ঘটনাটাতে বিরক্ত। ধানমণ্ডি থেকে আসা সনেট যেমন হাসতে হাসতে বললেন,‘দুর। পত্রিকাগুলো পড়ে মনে হয় বইমেলা মানেই হচ্ছে এই নীতি নিয়ে ঝুট--ঝামেলা। হওয়ার হলে এতদিনে কিছু একটা হয়ে যেতো। তা সেটা যখন হচ্ছে না তখন খামোখা এসব নিয়ে কথা বলার মানে হয় না। সবার মনে হয় বরং মেলার উৎসবের দিকেই মন দেওয়া উচিত।’
সেই উৎসবের একটা ছোট্ট মঞ্চ তৈরি হয়ে গেলো সময় প্রকাশনের সামনে। উদ্যোক্তা টোকন ঠাকুর, প্রশ্রয়দাতা আনিসুল হক। টোকন ঠাকুর একজন বাউলকে ধরে এনে আনিসুল হকের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, তৃণমুল পর্যায়ের অচীন বাউল। আনিসুল হকের মন চাইল তার গানটা এখনই শুনবেন! বইমেলার উপস্থিত জনপ্রিয়তম লেখকের দাবি বলে কথা। শুরু হয়ে গেল গান। আর গান শুরু হলে স্রোতা--দর্শক জমবে না এটা হয় না। আর স্রোতা--দর্শক যেখানে টিভি ক্যামেরাও সেখানে। মোটামুটি জমজমাট আয়োজন। গোলমাল ভেবে কিছু পুলিশ ‘ এখানে কী হচ্ছে’ ভঙ্গিতে পরিস্থিতি পর্যবেক্ষণেও চলে এসেছিল। কিন্তু গান হচ্ছে এবং গানটা সম্ভবত নীতিমালায় নিষিদ্ধ নয় কাজেই তারাও স্রোতা। শুনতে শুনতে একজন বলছিলেন, ‘‘এখানেই আসলে বইমেলার মজাটা। রাস্তায় যদি এমন ইচ্ছে হয় কোনো বাউলের গান শুনতে তাহলেই আমরা দাঁড়িয়ে যেতে পারি না। বইমেলায় পারি।’
নাগরিকতা, পোশাকি সভ্যতায় পারা যায় না এমন অনেক কিছুই ফেব্র“য়ারির এক মাস পারা যায়। এবং যায় বলেই এই সময়টা আমাদের জীবনে আলাদা। অন্য রংয়ের। অন্য রকমের।
সাংবাদিক থেকে লেখক। এই রুপান্তরটা বাংলাদেশের বাস্তবতায় এখন খুব স্বাভাবিক। হুমায়ূন আহমেদের প্রজন্ম বাদ দিলে বর্তমান প্রজন্মের সিংহভাগ জনপ্রিয় লেখকই এই ঘরানার ধারক। আনিসুল হক সে--ই দলেই পড়েন। তা কাল হঠাৎ তার মনে হলো লেখক থেকে আবার সাংবাদিক হবেন। তিনি কাগজ--কলম নিয়ে বেরিয়ে পড়লেন। বইমেলা নিয়ে নিজের কাগজে লিখবেন। এই স্টলে--ওই স্টলে যাচ্ছেন। খোঁজ--খবর নিচ্ছেন। কার কী বই বেরোল, কোনটার কেমন কাটতি, কোনটায় বাজেট ঘাটতি। তবে সবচেয়ে বেশি কৌতূহল, প্রকাশকরা কেন লেখকদের সমগ্র বের করেন। চাহিদা কেমন? তা প্রকাশকরা তো সবসময়ই প্রকাশক। বইয়ের জন্য যে লেখকের পেছনে ঘুরতে হয় তিনিই সামনে। দাবি পেশের একটা মোক্ষম সময়। একজন প্রকাশক খুব উৎসাহভরে বললেন,‘‘আপনারও একটা সমগ্র করে ফেলি। করে ফেলব নাকি! হাতে সময় আছে এখনও।’’ আনিসুল হক খুব উৎসাহী নন। এমনিতেই তার বইয়ের সংখ্যা এবারের মেলায় সম্ভবত সর্বোচ্চ। লুটিয়ে থাকা প্রকাশকদের লোভনীয় আবদারেও আনিসুল হক যখন খুব লোভাতুর নন, তখন আরেক জায়গায় হয়ত প্রকাশকের সামনে নতজানু ভঙ্গিতে নতুন লেখক দাঁড়িয়ে। পাণ্ডুলিপি তৈরি, অসাধারণ হয়েছে বলে তার বিশ্বাস, এই বিশ্বাসটা ছড়িয়ে দিতে লেখাটাকে বই বানানো চাই; কোনো সহৃদয় প্রকাশক কি আছেন!
তারপর তাদের কারো চেষ্টা একসময় সফল হয়, স্বপ্ন সত্য হয়ে বেরিয়ে যায় বই। এবার এসব লেখকের কাজটা ছিল আরও কঠিন। রাজনৈতিক অস্থিরতাজনিত অনিশ্চয়তা, তারপর কাগজের অগ্নিমুল্য। তবু কিন্তু বইয়ের প্রকাশ থেমে নেই। কালকের দিনেও বাংলা একাডেমির হিসাব অনুযায়ী বই এসেছে ৫৬টি। এর মধ্যে নাম না জানা লেখকদের স্বপ্নপুরণ হওয়া বইয়ের সংখ্যাই বেশি। যেমন নিশাত নূর নামে একজনের একই দিনে দু--দুটো উপন্যাস বের করেছে ধারনী সাহিত্য সংসদ। বই--দুটোর নামেও ধারাবাহিকতা আছে। একটির নাম, ‘‘অনেক মেঘের শেষ’’ আরেকটি ‘‘শেষ চিঠির পর’’। মোহাম্মদ জয়নুল নামে একজনের এসেছে তিন--তিনটি কবিতার বই। গতিধারা প্রকাশনী প্রকাশিত বইগুলোর নামও বেশি বাহারি ---‘‘মাধুরীর মনিহার’’ ‘‘হে তারুণ্য সবুজ অরন্য’’ এবং ‘‘ঝমকো ঝরার ঝুমুর।’’
আবার অজয় দাশগুপ্তের ‘‘অর্থের নীতি অর্থের নৈতিকতা’’ নামের অর্থনীতি বিষয়ক ভারী প্রবন্ধ--গ্রন্থও আছে। এই বইটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। বেশ কিছু অনুবাদগ্রন্থও আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কবীর চৌধুরী অনূদিত নাগীব মাহফুজের আখেনাতেন : সত্যে বসবাসকারী।
আরেকটা খবর। পাঠসূত্র নামের একটি নতুন প্রকাশনী নতুন কিছু চিন্তা নিয়ে মেলায় এসেছে। প্রথম দিন তাদের একটা বইয়ের মোড়ক উন্মোচন করেছিলেন লেখক স্বয়ং। কেউ কেউ মনে করেছিলেন, অতিথির গাড়ি হয়তো জ্যামে আটকে গেছে। কিংবা হয়তো তার শরীর খারাপ। কাল জানা গেলো এসব কিছুই নয়। তাদের নতুনত্ব এটাই যে লেখক নিজেই নিজের বইয়ের মোড়ক উন্মোচন করবেন। তারপর প্রকাশক লেখককে তার প্রাপ্য লেখক সংখ্যা থেকে কয়েকটি তাকে উপহার হিসেবে দেবেন। ব্যস! এটুকুই। ভালো--মন্দ যা--ই হোক একটা অভূতপুর্ব ধারনা। প্রশ্ন শুধু একটাই। নিজের বইয়ের মোড়ক নিজে উন্মোচন করে লেখক স্বস্তি না অস্বস্তি বোধ করেন!
