২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলায় দুর্গন্ধ

হুমায়ুন আহমেদের একটি নাটকের দৃশ্যে দেখা যায় হুমায়ূন ফরীদিকে তার পাগলামিপুর্ন আচরণের জন্য ঘরে তালা দিয়ে রাখা হয়েছে। বেশ কিছুক্ষণ পরে তার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার দরকার হলো। কিন্তু ঘর তালাবদ্ধ থাকায় সেটি সম্ভব হচ্ছে না। তখন অনেক কষ্ট করে নিজেকে যেভাবে সামলানোর নিঁখুত অভিনয় করেছিলেন ফরিদী হুবহু সেরকম ভঙ্গি ফুটে উঠতে দেখা গেল বাংলা একাডেমীর কোণে মসজিদ প্রাঙ্গণে লাইনে দাড়ানো এক ভদ্রলোকের অবয়বে। তাকে কেউ তালা দিয়ে আটকে রাখেনি কিন্তু তিনি শৃঙ্খলিত হয়ে পরেছেন মেলা কর্তৃপক্ষের শৌচাগার অব্যবস্থপনার শিকলে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2007, 06:45 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

মসজিদের নিয়মিত বাথরুম দিয়েই পুরো মেলার মানুষের চাপ সামলানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমী। বিপুল মানুষের চাপে যে মেলা নুব্জ্যপ্রায় তার শৌচাগারের অবস্থা এক কথায় শোচনীয়। মেলা প্রাঙ্গনে ঢোকার লাইনের খবর সবাই জানেন। তার সংখ্যা, বিস্তৃতি নিয়ে মিডিয়াতে প্রতিদিনই উচ্ছাস দেখা যায়। কিন্তু ভিতরের প্রায় নিভৃত কোণে স্পর্শকাতর সমস্যার চাপে জর্জরিত নিরব লাইনটির কথা ভুক্তভোগী ছাড়া কেউ জানেন না। চরম দুর্গন্ধের কারণে ওই এলাকার স্টলগুলোতে ক্রেতারা বেশিক্ষন থাকতে পারেন না। 

বাইরে এই বিপুল মানুষের চাপ নিয়ে ভিতরে বসে একটা ব্যক্তিগত কাজ করা কতটা অস্বস্তিকর ও অশ্লীল সেটা নিজেদের জন্য পৃথক শৌচাগারের ব্যবস্থা থাকায় কর্তৃপক্ষের কেউই হয়তো বুঝতে পারেন না।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মিরপুর থেকে আসা ফয়সাল আমান, “ কথায় বলে -- ভদ্রলোক চেনা যায় বাথরুমের অবস্থা দেখে। এরা যে কীরকম ভদ্রলোক সেটা তো দেখতেই পাচ্ছেন।” মেলা থেকে যে খাবারের  স্টল উঠিয়ে দেওয়া হয়েছে তা নিয়েও তিনি ক্ষুদ্ধ। সকাল ১১টা থেকে সারাদিনের জন্য যারা মেলায় থাকেন তাদের জন্য সুষ্ঠু ব্যবস্থা থাকা উচিত বলে তিনি মনে করেন।

আরেক ভদ্রলোক মাহবুব হাসান, এসেছেন ঝিকাতলা থেকে, বললেন, “বইমেলা শিক্ষিত, রুচিশীল মানুষের জায়গা। সেখানে এরকম একটা অরুচিকর ব্যবস্থাপনা দেখে খুবই খারাপ লাগে।”

বাথরুমের সমস্যাটা শুক্র ও শনি এই দুদিন বেশি টের পাওয়া যায় অত্যধিক দর্শক সমাগমের কারণে।

শুক্রবারের মতো না হলেও আজ শনিবারও মেলায় ভিড় হয়েছে বেশ। ১২টি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। এর মধ্যে রয়েছে অধ্যাপক আবু সায়ীদের ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে ঘিরে সিক্রেট ডকুমেন্ট’। মোড়ক উন্মোচন করেন অধ্যাপক আনিসুজ্জামান।

মেলায় আজ বই এসেছে ৯০টি। এর মধ্যে রয়েছে সূচীপত্র প্রকাশিত আবদুল মান্নান সৈয়দের ‘প্রেমের কবিতা’। অর্থনীতিবিদ আতিউর রহমানের ‘স্বপ্নের বাংলাদেশ খুঁজে ফেরা’। বের করেছে দীপ্তি প্রকাশনী।  শাহ এএমএস কিবরিয়ার ‘নির্বাচিত রাজনৈতিক প্রবন্ধ’ বের করেছে নালন্দা। বইটি সম্পাদনা করেছেন মোনায়েম সরকার। শেখর চৌধুরীর অনুবাদে চে গুয়েভারার বই ‘ডাক দিয়ে যাই’ প্রকাশ করেছে ঘাস ফুল নদী।