বৃষ্টির কারণে আজ মেলা বসে গেছে
খনার বচনে আছে - যদি বর্ষে মাঘের শেষ/ ধন্যি রাজার পুন্যি দেশ। অর্থাৎ মাঘের শেষ নাগাদ বৃষ্টি হলে, ভালো আবাদ হয়, কৃষকের মুখে হাসি ফোটে, দেশের কল্যান হয়, রাজার সুনাম বাড়ে। তবে গতকাল অপরাহ্ন থেকে সন্ধ্যে নাগাদ যে বৃষ্টি ঝরলো তাতে কৃষকের মুখে হাসি ফুটলেও বইমেলায় অংশ নেওয়া কোন প্রকাশকের মুখে হাসি ফোটেনি, আকাশের মতোই মেঘাচ্ছন্ন ছিল বইপ্রেমী মেলাঅন্তপ্রাণ দর্শনার্থীদের মুখও। লাইনে না দাড়িয়েই যে আজ মেলা ঢুকতে পারছেন, মেলায় ঢোকার পরও সে আনন্দটুকুওও ঢাকা পরে গেছে মেলার ভিতরে হাল দেখে।
বৃষ্টি শুরু হয় সোয়া তিনটায়, থামে সোয়া ৫টার দিকে। যে শহরে এক ছটাক বৃষ্টি হলেই পথঘাট থৈ থৈ করে সেখানে একনাগারে ঘন্টাদুয়েকের বৃষ্টিতে মেলা প্রাঙ্গনের যে কী অবস্থা তা সহজেই অনুমেয়। পানি কাদায় একাকার মেলা চত্তর। কিছু স্টলের সম্মুখভাগ পানিতে ডোবানো, একেবারেই দাড়ানো যায় না। বৃষ্টি উপেক্ষা করেও যারা মেলায় এসেছেন তারা সবাই নিজস্ব রণকৌশল উদ্ভাবন করে এগিয়ে যাচ্ছেন গন্তব্যের দিকে।
অল্প ঝামেলাতেই বিস্তর বিরক্ত হন এমন লোকের সংখ্যা গজতে কম নয়। কাদাপানিতে পিছলে যেতে যেতে গিয়েও বেঁচে যাওয়া এরকমই এক লোক ক্ষুদ্ধ কন্ঠে বিস্তর অসাধু বিশেষণ প্রয়োগ করে বললেন, “পানি তো জমবেই, সেটা করাতে হবে না? বাংলা একাডেমী করেটা কী?”
মগবাজার থেকে আসা আফজালুল বাশারও তার সাথে একমত হলেন। বললেন, “ বৃষ্টি হয়েছে সেটা একটা ব্যাপার। কিন্তু কর্তৃপক্ষ যদি মেলার একটা নিদিষ্ট অবকাঠামো রাখতেন তাহলে এভাবে পানি জমতো না। বৃষ্টির পরে আমরা সহজেই মেলায় ঘুরতে পারতাম।”
বৃষ্টিবাদলের মধ্যেই বিকেল সাড়ে ৪টা নাগাদ একাডেমীর সভাকক্ষে সাংবাদিকদের সাথে বসেছিলেন একাডেমীর নব্যনিযুক্ত সভাপতি হারুন উর রশীদ। রসিক মানুষ। বললেন, বাংলা একাডেমীর সভাপতির পদটা অলংকারিক। অলংকার দু রকমের। এক রকমের অলংকার খুব ভারী, তার ঠাঁট বেশি, তাতে শরীরে খোঁচাও লাগে। আবার আরেক ধরণের অলংকার আছে যেটা পরলেও টের পাওয়া যায় না। তার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য হবে সেটা সময়ই বলে দেবে বলে মন্তব্য করলেন তিনি।
তিনিই বাংলা একোডেমীর দ্বিতীয় সভাপতি যিনি আগে এই প্রতিষ্ঠানের মহাপরিচালক পদেও কাজ করে গেছেন। এক্ষেত্রে প্রথম ব্যক্তি হলেন প্রয়াত অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ আলী আহসান।
হারুন উর রশীদ বললেন, বাংলা একাডেমীর কাজের ধরণ দেখে মনে হতে পারে এটা বই বিক্রির প্রতিষ্ঠান। কিন্তু আসলে এর কাজের ব্যাপ্তি অনেক বড়। সেটা বুঝতে না পারলে এই প্রতিষ্ঠান বেশি দুর এগুতে পারবে না।
আজ মেলায় স্বাভাবিকভাবেই বিক্রির পরিমান কম। তবু আশা ছাড়েননি সময় প্রকাশনের ফরিদ আহমেদ। বললেন, এখনো তো অনেক সময় আছে। আশা করা যায় লোক সমাগম বাড়বে।
আজ মেলার তথ্যকেন্দ্রে ৫টি বইয়ের মোরক উন্মোচন হয়েছে। এর মধ্যে রয়েছে আহমেদ মোস্তফা কামাল এর ‘ঘরভর্তি মানুষ অথবা নৈঃশব্দ’। প্রকাশক পাঠসূত্র। লেখক নিজেই বইয়ের মোড়ক উন্মোচন করলেন। সেটা কি বৃষ্টির কারণে নির্দিষ্ট লোক আসেনি বলে নাকি এটাও একটা বিপণন কৌশল বোঝা গেল না।
আজ এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মেলায় বই এসেছে ৩৩টি।
আগের বছর মেলার অষ্টম দিন পর্যন্ত মেলায় আসা নতুন বইয়ের সংখ্যা ছিল ৮১৮টি। এ বছরে এই সংখ্যা ৪১৫টি।
আজ মেলায় আসা বইগুলোর মধ্যে রয়েছে ধ্র“ব এষ এর ‘পরী’। বের করেছে সময়। একই প্রকাশনী থেকে বেরিয়েছে ফরিদুর রেজা সাগরের ‘কিশোর সমগ্র ২’। কাকলি প্রকাশ করেছে মহম্মদ জাফর ইকবালের ‘একটুখানি বিজ্ঞান’।
