মেলায় কম আসছে নতুন বই
মঙ্গলবার ছিল বইমেলার ষষ্ঠ দিন। গত বছর মেলার প্রথম দিন কোন বই প্রকাশিত না হলেও পরের পাঁচ দিনে হয়েছিল ৩৬৭টি। এবার প্রথম দিন থেকে প্রকাশিত বইয়ের সংখ্যা ষষ্ঠ দিন নাগাদ দাঁড়িয়েছে ৩০৬টিতে।
নতুন বই কম আসা প্রসঙ্গে অনেক প্রকাশকই একবাক্যে কাগজের মূল্য বৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতার কথা উল্লেখ করেছেন। কাগজ আমদানিতে শুল্ক বৃদ্ধির কারণে একদিকে যেমন নতুন বইয়ের প্রকাশ কমেছে অন্যদিকে বইয়ের দামও বেড়েছে বেশ। ক্রেতারা অনেকেই বইয়ের চড়া দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মুনিয়া আহমেদ বললেন, “মেলায় এবার শতকরা ৩০ ভাগ ছাড়ে বই পাওয়া যাচ্ছে ঠিকই কিন্তু বইয়ের যা দাম আসছে সেটা কম না, অন্যান্যবারের তুলনায় বেশি। প্রকাশকরা যেমন সারা বছর বইমেলার দিকে তাকিয়ে থাকেন তেমন অনেক বই পড়–য়াই একুশের বইমেলা থেকে প্রচুর বই কেনেন। তাই ক্রেতারা সমস্যায় পড়েছেন।”
“কমিশন বেশি দিতে হচ্ছে তাই অনেক প্রকাশকই বইয়ের গায়ে মূল্য বাড়িয়ে লিখছেন।” এমন অভিযোগ করলেন ইস্কাটনের শফিক রহমান।
এমনতরো অভিযোগের পরিপ্রেক্ষিতে সময় প্রকাশনের সত্বাধিকারী ফরিদ আহমেদ বলেন, “আমরা পাঠককে কম দামেই বই দিতে চাই কিন্তু কাগজের দাম এবং প্রকাশনার সঙ্গে জড়িত অনেক কিছুর দামই এখন বাড়তির দিকে। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও বইয়ের দাম কমাতে পারছি না।”
সদ্য নিয়োগ পাওয়া বাংলা একাডেমীর সভাপতি মোঃ হারুন--উর রশিদ মেলায় বই কম প্রকাশ হওয়া প্রসঙ্গে বলেন, “মেলাতো মাত্র শুরু হল, এখনই হতাশ হওয়ার কিছু নেই। আশা করছি সামনের দিনগুলোতে আরও বেশি সংখ্যায় বই প্রকাশ হবে।”
