২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশভেদে বড়দিন এর আচার অনুষ্ঠানের মধ্যে কিছু পার্থক্য আছে

লোকসংখ্যার ভিত্তিতে খৃষ্টধর্ম পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম। ফলে এ ধর্মের সবচেয়ে বড় অনুষ্ঠান বড়দিন সারা পৃথিবীজুড়ে পালিত হয় বেশ জাঁকজমকের সঙ্গে। মূল ধর্মীয় অনুষ্ঠান মোটামুটি একইরকম হলেও দেশ বা অঞ্চলভিত্তিক বড়দিন উদযাপনের কিছু আচার অনুষ্ঠানে রয়েছে পার্থক্য।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2006, 04:07 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

ভারত:

ভারতে হিন্দু ও মুসলমান সংখ্যায় বেশি হলেও খৃস্টানদের সংখ্যাও নেহায়েৎ কম নয়, প্রায় ৩ কোটি। ফলে সেখানে বেশ জমকালোভাবেই দিবসটি পালিত হয়। বড়দিনে সারাদেশে সরকারি ছুটি থাকে। ভারতের অঞ্চল ভেদে বড়দিন আচার আচরণে বেশ কিছু পাথর্ক্য দেখা যায় কিন্তু বড়দিনের আনন্দ সবখানেই একই।

এইদিনে অন্যান্য দেশের খ্রিষ্টানরা ক্রিসমাস ট্রি দিয়ে তাদের ঘর সাজালেও ভারতের অনেক এলাকার, বিশেষ করে শহরের বাইরের খ্রিষ্টানরা আমগাছ বা কলাগাছ দিয়ে তাদের ঘর সাজায়। দক্ষিন ভারতে ছোট ছোট মাটির বাতি জানালা বা ছাদের উপর জ্বালানো হয়, অনেকটা হিন্দুদের দেওয়ালির আলোকসজ্জার মতো। শপিংমল বা ব্যস্ত রাজপথ রঙিন কাগজ, ক্রিসমাস ট্রি বা সুদৃশ্য ছবি দিয়ে সাজানো হয়।

আর্জেন্টিনা :

আর্জেন্টিনায় বড়দিনে সবাই পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটান। এসময় সেখানে খুব ঠান্ডা পড়ে। তাই অনেকেই দলবেধে পিকনিক বা বারবিকিউ এর আয়োজন করে থাকে। আগুনের কুন্ডলি জ্বালিয়ে তারা ক্রিসমাস উদযাপন করে থাকে।

তাছাড়া আর্জেন্টাইনরা এসময় মাংস, সিদ্ধ ডিম, রসুন ও মশলা দিয়ে বানানো তাদের ঐতিহ্যবাহী খাবার ‘নিনোস এনভুয়েটা’ (Niños envuettas) খায়। শ্যাম্পেন ছাড়াও বিভিন্ন ফল দিয়ে বানানো টোস্ট নামের একটা পানীয়ও তারা পান করে।

স্কটল্যান্ড:

১৬ শতক থেকে স্কটল্যান্ডে বড়দিন পালন করা হয়। আগে এখানে বড়দিনের বদলে পালন করা হতো পাগান উৎসব। পরবর্তীতে সেটাই চার্চের বড়দিন হিসেবে পালিত হয়। এখানে বড়দিনকে বলা হয় ‘Nollaig Beag’ যার অর্থ ছোট্ট ক্রিসমাস।

এখানেও অন্যান্যদের মতো ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ, বা সান্তা নিকোলাস ইত্যাদির মাধ্যমে বড়দিন পালন করা হয়। এছাড়া ক্রিসমাস কার্ড দিয়ে প্রিয়জনদের দাওয়াত দেয়া হয়। ব্যাগপাইপের বাজনার তালে তালে সবাই নাচে অংশ নেয়।

ব্যানক কেক এই উৎসবের অন্যতম আকর্ষন। ক্রিসমাসে আলোকসজ্জার জন্য স্কটল্যান্ড বিখ্যাত।

চীন

বর্তমানে চীনে প্রায় ১০ মিলিয়ন খ্রিষ্টান বাস করে। অন্য দেশের মতো তারাও বড়দিন পালন করে কিন্তু পশ্চিমাদের চেয়ে তাদের আচার কিছুটা ভিন্ন। ক্রিসমাস ট্রিকে চীনারা বলে treesof light বা আলোর গাছ। বড়দিন উপলক্ষ্যে চীনারা ক্রিসমাস ট্রি কাগজের শিকল, কাগজের ফুল ও কাগজের বাতি দিয়ে সাজায়।

বাচ্চারা এদিন নতুন পোশাক পড়ে। তারা আশা করে এদিন ডান চি লাও রেন ( চীনাদের সান্তা) তাদেরকে উপহারে ভরে দেবে। বড় শপিংমলে অনেকেই সান্তা ক্লজের পোশাক পড়ে ক্যান্ডি বিলি করে।

জাপান

জাপানে মোট জনসংখ্যার মাত্র ১% খ্রিষ্ট ধর্মে বিশ্বাস করে।

বড়দিন উপলক্ষ্যে জাপানিরা বাড়ি ও দোকান সবুজ রঙে সাজায়। নিজেদের মধ্যে উপহার বিনিময় করে এ দিনে।

তাদের বৌদ্ধ সন্নাসী হোটেই-অশো (Hotei-osho) মূল সান্তা ক্লজের ভুমিকা পালন করে। সান্তা বাচ্চাদের জন্য বিভিন্ন উপহার নিয়ে বাড়ি বাড়ি যায়। অনেকেই বিশ্বাস করে সান্তার মাথার পেছনদিকে চোখ আছে।

জাপানি খ্রিষ্টানদের জন্য বড়দিন কোন পারিবারিক উৎসব নয়। তাই তারা তাদের জন্য কোন বিশেষ খাবার তৈরি করে না।

তবে বাচ্চারা বিভিন্ন অনুষ্ঠানে যিশুর জন্ম সময়ের দৃশ্য নাটকের মাধ্যমে ফুটিয়ে তোলে।

ইটালি

ইটালীতে ১ ডিসেম্বর থেকে বড়দিন শুরু হয়। তারা বড়দিনকে বলে নভেনা (Novena)। তারাও অন্যদের মতো ক্রিসমাস ট্রি সাজায়। এসময় তারা যিশুর জন্ম মুহুর্তের ঘটনা ফুটিয়ে তুলতে মা মেরি, জেসেফ, যিশু, একটি গাধা ও একটি হাঁসের ক্ষুদ্র সংষ্করন তৈরি করে। যাকে বলে প্রেসেপ (PRESEPE)|।

গ্রামের রাখালরা বিভিন্ন মিউজিক্যাল যন্ত্রপাতি বাজিয়ে বড়দিনের গান গায়। ছোট বাচ্চারা রাখালদের পোশাক পড়ে পাইপ বাজিয়ে বাড়ি বাড়ি গিয়ে বড়দিনের গান গায় ও ছড়া আবৃত্তি করে। বিনিময়ে তারা উপহার কেনার টাকা পায়।

অষ্ট্রেলিয়া

বড়দিনে অষ্ট্রেলিয়ায় প্রচন্ড গরম পড়ে। এসময় এখানকার তাপমাত্রা থাকে প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস।

এদিন তারা তাদের ঐতিহ্যবাহী খাবার ছাড়াও টার্কি ডিনার, হ্যমি ও পর্ক খেয়ে থাকে। এছাড়াও বিশেষ এক ধরনের পুডিং তৈরি করে। যার মধ্যে সোনার টুকরা থাকে। সবাই মিলে নেই পুডিং খাবার সময় যার ভাগ্যে সোনার টুকরাটি পড়ে তাকে সৌভাগ্যবান বলে ধরা হয়।

কেউ কেউ দল ধরে সৈকতে বেড়াতে বা পিকনিকে বের হয়।