২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়দিনের নামটি জানো, জানো কি তার পরিচয়

খৃস্টধর্মালম্বীদের প্রধান উৎসব বড়দিন এসেছে তার নানা অনুষঙ্গ নিয়ে। বিশ্বের সবদেশের খৃস্টানরাই দিবসটি পালন করবেন যথাযোগ্য মর্যাদায়। বাংলাদেশের এই উৎসবে অনিবার্যভাবে মিশে থাকবে এই মাটির ঘ্রান. তার মৌতাত। এই রম্য নিবন্ধে দিবসটির নানা দিক তুলে ধরা হয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2006, 01:03 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

সারা দুনিয়াতে ২৫ ডিসেম্বর যীশুর জন্মোৎসব ক্রিসমাস বা এক্সমাস বলে পালিত হলেও বাংলার মাটিতে এসে সেটা কেন ও কী কারণে বড়দিন হয়ে গেল সেটা বোঝা মুশকিল। শীতকালে দিন এমনিতেই ছোট, তারপরে যেহেতু ২২ ডিসেম্বর, মানে বছরের সবচেয়ে ছোট দিনটার একেবারে গায়ে গায়ে লাগোয়া এই ২৫ ডিসেম্বর, সুতরাং দিনের দৈর্ঘ্যরে বিচারে তো নয়ই, নিশ্চিত, মহামানব তথা বড় মানুষ যীশুর জন্মোৎসব বিধায় দিনটির নাম বড়দিন হয়ে থাকতে পারে।

১৯০৩ সালে হবসন-জবসন ডিকশনারিতে বড়দিন শব্দটার অর্থ করতে গিয়ে বলা হয়েছে ‘এ গ্রেট ডে, দি টার্ম এপলায়েড বাই নেটিভস টু এ গ্রেট ফেস্টিভাল অফ ইউরোপিয়ানস, পার্টিকুলারলি, টু ক্রিস্টমাস।’ এর আর কোন ব্যাখ্যা দেওয়া হয়নি।

যাই হোক বড়দিন মানেই ক্রিসমাস বা এক্স মাস। (এক্সমাস কেন সে নিয়েও অনেক কথা আছে। অন্যত্র দ্রষ্টব্য।) যীশু খৃস্টের জন্ম তারিখ নিয়ে নানা বিতর্ক থাকলেও চতুর্থ শতাব্দীতে প্রথম রোমে ২৫ ডিসেম্বর যীশুর জন্মদিন পালিত হয়। সেই থেকে বিশ্বের সর্বত্র যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হয়ে আসছে।

শুরুর দিকের উৎসব আয়োজনের চেহারা বদলে গেছে কালে কালে দেশে দেশে। যেমন : ক্রিসমাস ট্রি’র প্রচলন একেবারে শুরুতে ছিল না। এখন এটি ক্রিসমাস উৎসবের অন্যতম অনুষঙ্গ।

ক্রিসমাস ট্রি কীভাবে এলো তা নিয়ে নানারকম কাহিনী প্রচলিত আছে।

একটা কাহিনী এরকম : একসময় রোমে এক দরিদ্র শীতার্ত শিশু হাজির হলো গরীব এক কাঠুরের ঘরে। দরিদ্র এই দম্পতি ছিলেন যীশু ভক্ত। তারা শীশুটিকে ঘরে নিয়ে গেলেন, নিজেদের খাবার তাকে খাইয়ে নিজেদের নরম বিছানায় শিশুটিকে শুতে দিয়ে নিজেরা এক শক্ত কাঠের উপরে শুয়ে থাকলেন সারা রাত। সকালে সেই শিশু দেবদুতের রূপ ধারণ করে বলল যে, তিনিই স্বয়ং যশু। কাঠুরে দম্পতির আচরণে খুশি হয়ে একটি গাছের টুকরা দিয়ে বললেন তা মাটিতে পূঁতে দিতে। তারা তাই করলেন। এরপরের ক্রিসমাসে এলে দেখা গেলো ওই ডালটি সোনার বরণ আপেলে ভর্তি হয়ে গেছে। এরপর থেকে তারা এর নাম দেন ক্রিসমাস ট্রি।

আর একটি কাহিনীতে একইরকম একটি গরীব শিশুর উল্লেখ আছে যে, কিছু পাইনগাছের বিনিময়ে এক গির্জার মালিকে কিছু মুদ্রা দেওয়ার অনুরোধ করে যাতে সে ক্রিসমাসে কিছু কিনতে পারে। গাছগুলি মালির পছন্দ না হলেও সে দয়াপরবশ হয়ে তা রাখে। গাছগুলি পুতে দেয় গির্জার পাশে। পরদিন, ক্রিসমাসের ভোরবেলা ঘুম থেকে উঠে মালি দেখতে পায় ওই গাছ বড় হয়ে গির্জার চুড়া ছাড়িয়ে গেছে, অজস্র তারার আলো ঠিকরে পরছে এর চুড়া আর শাখাগুলি থেকে। মালি এর নাম রাখে ক্রিসমাস ট্রি।

এসবই হলো পুরাণের কথা।

ইতিহাসের বর্ননায় দেখা যায়, প্রাচীন রোমের সাতুর নলিয়া উৎসবে নানারকম আলোক সজ্জা দিয়ে সবুজ গাছ লাগানো হতো। রোমানরা বিশ্বাস করতো এসব গাছ হল গার্ডেন অফ ইডেনের জীবনবৃক্ষ বা ‘ট্রি অফ লাইফ’। এ থেকে ধীরে ধীরে বড়দিনের উৎসবেও এরকম গাছ লাগানোর প্রচলন শুরু হয়। এটিকে তখন গন্য করা হতো পৃথিবীতে যীশুর প্রতীক হিসেবে।

রোম থেকে পরে জার্মানিতেও এ প্রথা সম্প্রসারিত হয়।

ইংলন্ডের মহারাণী ভিক্টোরিয়ার জর্মন স্বামী অ্যালবার্টের সুবাদে বড়দিন উপলক্ষে ইংলন্ডেও প্রসারিত হয় এই বৃক্ষের ডালপালা। সেখান থেকে বিস্তারিত হয় ইংরেজ সাম্রাজ্যে।

ক্রিসমাস ট্রির মতো মোমবাতি বা ক্রিসমাস কার্ডের ইতিহাস খুব পুরোনো নয়। লন্ডনে ১৮৪৬ সালে শিল্পী জেরি হর্সলি বাড়িতে বসে একটা কার্ড বানান। কার্ডের ছবিতে দেখা যায় পরিবারের সকলে ক্রিসমাসের প্রীতিভোজে অংশ নিচ্ছে, কার্ডের নিচে লেখা - এ মেরি ক্রিসমাস অ্যান্ড এ হ্যাপি নিউ ইয়ার টু ইউ। কার্ডটা জেরি নিকটাত্মীয়দের উপহার হিসেবে দেন। এটাই প্রথম ক্রিসমাস কার্ড হলেও ব্যবসায়িকভাবে প্রথম ক্রিসমাস কার্ডের চলটা শুরু হয় ১৮৬০ সালে, প্যারিস আর লন্ডনের অর্নামেন্টাল স্টেশনার্সদের মাধ্যমে।

কিন্তু এসব অনুষঙ্গ বাদ দিলে ক্রিসমাসের মূল অনুষ্ঠানটুকু মোটামুটি আগের মতোই আছে।

মূল অনুষ্ঠান শুরু হয় ২৪ ডিসেম্বর রাতেই। রাত বারোটার দিকে সমবেত ভজনা দিয়ে গির্জেগুলিতে শুরু হয় আরাধনা। সামাজিক দিকটা পালিত হয় পরদিন, পারষ্পরিক মেলামেশা আর উপহার বিনিময়ের মাধ্যমে।

২.

অনেকেই হয়তো জানেন না, আমেরিকার অনেক আগেই আমাদের এখানে বড়দিনের উৎসব শুরু হয়েছে। ১৮৭০ সালের ২৬ জুন আমেরিকায় ক্রিসমাসকে প্রথম ছুটির দিন হিসেবে পালনের জন্য সরকারিভাবে ঘোষনা দেওয়া হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আগমনের সুত্রে প্রায় সোয়া দু’শ বছর বছর আগেই এখানে বড়দিন ছুটির দিন হিসেবে উদযাপিত হয়।

তারও অনেক আগে কোলকাতার প্রতিষ্ঠাতা জোব চার্নকই প্রথম এই অঞ্চলে দিবসটি উদযাপন করেন।

বাংলাদেশে বিভিন্ন ধর্মের আগমন ঘটে চট্টগ্রাম বন্দর পথে। ওই পথেই পর্তুগীজরাও এদেশে খৃস্টধর্ম নিয়ে আসেন ১৬ শতকে। এদেশে প্রথম চার্চটি তৈরি হয় ১৫৯৯ সালে পুরাতন যশোরের কালিগঞ্জের কাছে সুন্দরবন এলাকায়।

বাংলাদেশে খৃস্ট ধর্মাবলম্বীদের সংখ্যা খুব বেশি নয়। ২০০৩ সালের এক হিসেব অনুযায়ী এখানে গড়ে প্রতি ৩২৪ জন বাংলাদেশীর মধ্যে ১ জন খৃস্টান। তবে তাদের মধ্যে সামাজিক বন্ধন বেশ জোড়ালো এবং নম্র, ভদ্র সম্প্রদায় হিসেবে তারা পরিচিত।

বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও বড়দিন পালন হয় একইরকম ধর্মীয় ভাবগাম্ভীর্যে। গীর্জার আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি সাজানো, সান্তা ক্লস এর উপহার বন্টন, পারিবারিক পুনর্মিলন ও খানাপিনা এসবই বাংলাদেশে ক্রিসমাস দিবস পালনের অনিবার্য অনুষঙ্গ।

খৃস্ট ধর্মাবলম্বীদের সংখ্যা কম হওয়ায় এ এলাকায় ক্রিসমাস ট্রি খুব একটা দেখা যায় না। তবে শহরের বিলাসবহুল হোটেলগুলোতে , বিশেষ করে পাঁচতারা হোটেলে ক্রিসমাস ট্রি সাজানো হয় বিশেষভাবে। সেখানে খাবারদাবারেও বিশেষ আয়োজন থাকে।

এছাড়া গির্জা ও সম্পন্ন গৃহস্থ ঘরেও সাজানো হয় কৃত্রিম গোশালা, দোলনা আর সেখানে রাখা হয় পুতুল। মা মেরির কোলে নবজাতক যীশু। তবে খৃষ্টান অধ্যুষিত পশ্চিমের থেকে এখানের মেজাজটা ভিন্ন অবশ্যই। যীশু হাজার হোক পশ্চিম এশিয়ার মানুষ। তাকে নিজেদের মতো করে বরণ করার পুরো হক আমাদের আছে।

সুতরাং রঙিন কাগজের শিকলি, আলোকমালায় সাজানো ঘর, সান্তাক্লজ, ঝাউগাছ দিয়ে তৈরি ক্রিসমাস ট্রি.. নতুন জামাজুতা.. কেক পোলাও...বিশেষ ভোজ সবকিছুতেই বাঙালিয়ানার ছাপটা ফুটে উঠবেই। পশ্চিমে মদ্যপান এ উৎসবের অনিবার্য অনুষঙ্গ। কিন্তু এখানে তা নয়। সম্পন্নরা মদ্যপান করেন যদি পারিবারিক বাধা না থাকে।

বাঙালিয়ানার ছাপ আরো নানাভাবে বিদ্যমান। একটু মফস্বল এলাকায় গেলেই টের পাওয়া যায় এখানের ক্রিসমাস সঙ্গীতগুলিও পুরোপুরি বাঙালির। এমনকি বাংলাদেশের সবচেয়ে উঁচু চুড়া ক্রেওক্রাডাং এর পাদদেশের দার্জিলিং পাড়াতেও দল বেঁধে তরুন তরুনীরা বেরোয় এই গান গেয়ে। খোল সহযোগে ভাটিয়ালি বা কীর্তনের সুরেও হয় ক্যারল সঙ্গীত। হালে হিন্দি ফিল্মর সুরও বাজে কোথাও কোথাও।

শহরের গীর্জাগুলিতেও গীত হয় রবীন্দ্রনাথের লেখা গান। যেমন: আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই...। প্রার্থনাসঙ্গীত হিসেবে এগুলির জনপ্রিয়তা অসামান্য।

শুধু খৃস্টানরা নন, বাঙালিদের অনেকেও নিজেকে এই উৎসবে শামিল করে। বলা যায় শান্তিনিকেতনের কথাই। সেখানে প্রতি বছর বড়দিনে খৃষ্ট উৎসব হয় ঘটা করে। এ উপলক্ষে শান্তিনিকেতন মন্দিরকে বিশেষভাবে আলোকমালায় সাজানো হয়। যীশুর উদ্দেশ্যে রচিত রবীন্দ্রনাথের বিভিন্ন গান করেন শিল্পীরা। সন্ধার পরে মন্দিরে সকলে সমবেত হন। সমাবেশে রবীন্দনাথের যীশু সম্পর্কিত প্রবন্ধাবলীর অংশবিশেষ পাঠ করা হয়। নিবেদিত হয় সঙ্গীত।

জীবৎকালে রবীন্দ্রনাথ নিজে এভাবে অনুষ্ঠান শুরু করতেন ‘আজ ক্রিসমাস। আজ আমরা তাকে প্রণাম করলাম। তার আশীর্বাদ আমরা গ্রহণ করেছি।’ এরপর তিনি যীশুচরিত থেকে তার মাহাত্ম্য বর্ণনা করতেন।

এখনো বাঙালি খৃস্টানরা নিজ গৃহে রবীন্দ্রনাথের লেখা থেকে নির্বাচিত অংশ পাঠ করে, পরিবেশন করে রবীন্দ্র সঙ্গীত।

রবীন্দ্রনাথ খৃস্টকে বলেছেন ‘ মানবসম্বন্ধের দেবতা’।

বাংলার সংস্কৃতিতে সে সম্বন্ধ বেশ ভালো করেই জমেছে, সন্দেহ নেই।