২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনুবাদসাহিত্য: একটি হারিয়ে যাওয়া শরীর

অনুবাদসাহিত্য: একটি হারিয়ে যাওয়া শরীর

চিত্রকর্ম:

কামালউদ্দিন নীলু কামালউদ্দিন নীলু

Published : 15 Dec 2022, 01:08 AM

Updated : 15 Dec 2022, 01:08 AM

"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম"-এর একটি সংখ্যায় শহীদুল জহির সম্পর্কে অনুবাদক ভি রামস্বামী ও শাহরোজা নাহরিনের সাথে বিডি আর্টস-এর সাক্ষাৎকারটি পড়েছি কয়েকবার। আঁচ করতে পারছিলাম শাহরোজারের অনুবাদসাহিত‍্যের তাত্ত্বিক জায়গায় ঘোরাফেরা এবং বাহনগুলোর নিয়ন্ত্রণ কৌশলের বোঝাপড়ার জায়গাটা। যেহেতু এই সময়ে অনুবাদসাহিত‍্য হয়ে উঠেছে আমার আগ্রহের জায়গা, এবং বর্তমান কাজের কেন্দ্রবিন্দু। আজকের লেখাটা শুরু করি David Damrosch-এর তত্ত্বের উপর ভর করে শাহরোজার কথা ধরে; "... আসলে, কোনো ভাষাকেই আরেক ভাষায় অনুবাদ করা যায় না। অনুবাদে আমরা কিছু না কিছু হারাই; আবার কিছু না কিছু অর্জনও করি"।... "এটুকু কৌশল না খাটালে যে 'লস্ট ইন ট্রান্সলেশন' হবে"।

শাহরোজাকে পড়তে গিয়েই ২০০৪ সালে দেখা সোফিয়া কপোলের "Lost in Translation" কমেডি-ড্রামা ফিল্মের কথা মনে হচ্ছিল। বিশেষ করে বব ফিসফিস করে যখন শার্লটের কানে কানে বলে, "I have to be leaving, but I won't come between us..."। এই প্রকাশের মাঝে খুঁজে নেওয়া যায় অনুবাদ সাহিত‍্যের "Lost Body"-কে, যেটাতে এই ফিল্মের মতোই রয়েছে 'সাংস্কৃতিক স্থানচ‍্যুতির পটভূমি', 'সংযোগ বিচ্ছিন্নতা', এবং 'বিচ্ছিন্নতার অন্বেষণ'। যে কারণে আমি অনুবাদসাহিত‍্যকে একটি ক্ষণস্থায়ী একক বলেই মনে করি, যেহেতু এর ভেতরে বসবাস করে,"কালিক"। "কালিক" বললাম যেহেতু এটা স্প‍্যাসিওটেম্পোরালিটির ধারাবাহিকতার প্রসঙ্গ ও পূর্বাপর সম্বন্ধের সাথে যুক্ত; আর যুক্ত  থাকে বলেই কিন্তু মূল সাহিত‍্যের বাক‍্যপ্রসঙ্গ, অনুষঙ্গ, প্রকরণ, অনুবৃত্তি, অনুবন্ধীগুলো কিছুটা হলেও হারিয়ে  যায়। এবং সেটা ফিরিয়ে আনতে চাইলেও সম্ভব হয়ে ওঠে না যেহেতু উৎস ও লক্ষ্য-ভাষার মধ্যে সাংস্কৃতিক ব্যবধান রয়েছে। যে জন্যে অনুবাদসাহিত‍্য দ্বিতীয়বার একই রূপে জন্ম নিতে অক্ষম, যেহেতু কাজটি নির্দিষ্ট সময় ও স্পেসের মধ‍্যে ফেলে করতে হয়, এই কারণেই অনুবাদ সাহিত্যকর্মটির জন্ম হয় মৃত‍্যুকে সঙ্গে নিয়ে। মৃত্যু হয় বলেই মূল টেক্সটকে বারবার বিনির্মাণ ও নির্মাণের মধ‍্যে থাকতে হয়। এইজন‍্যে বলা চলে, অনুবাদসাহিত্য মূল সাহিত‍্যের নতুন নতুন পাঠকের, নতুন ব‍্যাখ‍্যার একটি প্রক্রিয়া। অনুবাদ সাহিত‍্যের বোঝাপড়াটা যুক্ত থাকে অনুবাদকের আদর্শিক অবস্থান ও অনুবাদের 'উদ্দেশ্য' চত্বর এবং সময়কে সঙ্গে নিয়ে। ফলে একই টেক্সট ভিন্ন অনুবাদকের হাতে অনুবাদের সময়ের সাথে সাথে নানা রূপ ধারণ করে।

এটা আমার অভিজ্ঞতায় বলে যে একজন অনুবাদক যখন একই 'টেক্সট' দ্বিতীয়বার অনুবাদ করছেন তখনও কিন্তু দুটো অনুবাদের রূপ একই থাকে না, যে কারণে মূল সাহিত্যের অর্থটাও হয়ে পড়ে ভিন্ন। এটা অনুবাদসাহিত‍্যের গোপন রহস্য। ঘটনাটা অনুবাদকের জ্ঞাত এবং অজ্ঞাতসারেই ঘটে পাঠক এবং সময়কে সঙ্গে নিয়ে। অনুবাদসাহিত‍্য যুক্ত থাকে পাঠকের গ্রহণযোগ্যতার প্রেক্ষিত, সময় ও কালের স্থানে। ধরা যাক শহীদুল জহিরের উপন‍্যাস, ভি রামস্বামী আর শাহরোজা নাহরিনের অনুবাদ, এবং একই অনুবাদ যখন বিভিন্ন ভাষাভাষীর ভেতর দিয়ে ভৌগোলিক সীমা অতিক্রম করবে তখন কিন্তু আনুপাতিক হারে গ্রহণযোগ্যতা পাবে না বা থাকবে না। এবং এই অনুবাদটি যদি অন‍্য কোনো অনুবাদকও করেন তবুও সেটা কখনই সাহিত্যটির মূল রূপ বা রামস্বামী ও নাহরিনের অনূদিত অনুবাদসাহিত্যটির মতো একই থাকবে না; যেহেতু অনুবাদসাহিত‍্যের প্রকাশটা তৈরি হয় অনুবাদকের সময় ও কালের বোঝাপড়ার জায়গাটা ধরে, সাথে থাকে অনুবাদকের আদর্শিক ও দ্বান্দ্বিক অবস্থান। কথাটা আমি অন‍্যভাবে আগেও বলেছি এবং আবারো বলছি; এটা হয় বলেই মূল সাহিত‍্যকর্মটির অনুবাদ হয়ে পড়ে রূপের ভেতরের অরূপ বা বহুরূপ। এটাই অনুবাদকের কাজ ও সৃষ্টি। যেমনটি ধরা যাক শেক্সপীয়রের "হ‍্যামলেট"। এই নাটকটি বাংলাদেশের তিনজন প্রধান গুরুত্বপূর্ণ লেখক, কবি, নাট‍্যকার, অভিনেতা ও নির্দেশক একই সময়কাল ও ভাষায় অনুবাদ বা রূপান্তর ঘটানোর পরেও এই তিনটি "হ‍্যামলেট" কখনোই এক নয়, যদিও তিনটিরই প্রকৃত মালিক শেক্সপীয়র। প্রথমটি আলী যাকেরের রূপান্তর--"দর্পণ" (১৯৯০), দ্বিতীয়টি শামসুর রাহমানের অনুবাদ--"হ‍্যামলেট" (১৯৯৫), তৃতীয়টি সৈয়দ শামসুল হকের অনুবাদ--"আমার হ‍্যামলেট" (২০১৬)। একই নাটকের এই তিনটি অনুবাদ পাশাপাশি রেখে পড়লে সামগ্রিকভাবে অনুবাদসাহিত্যের ভেদাভেদ ও রহস্যের রসায়নটা বুঝতে না পারার কথা নয়।  এই বিষয়টি এখানে পুরো খুলে বলতে পারছি না। হয়তো পরে কোনো একসময় বলা যাবে। "গোরখোদক: কও দেহি ওস্তাগার, জাহাজ মিস্তিরি আর কাঠমিস্তিরির থিকা মজবুত কইরা জিনিস বানাইবার পারে কেঠা?”  অন‍্যজন: “ফাঁসির তক্তা বানানো ওয়ালা। হাজার মানুকে লটকাইবার পরেও ফাঁসির তক্তা টিইক‍্যা থাকে"। এই তিনটি অনুবাদের প্রথমটি, অর্থাৎ আলী যাকের পুরো নাটকটি পুনর্নির্মাণ করলেন আঞ্চলিক ভাষায়। দ্বিতীয়টি, অর্থাৎ শামসুর রাহমান অনুবাদ করলেন প্রমিত ভাষার সাথে আঞ্চলিক ভাষার সংমিশ্রণে, এবং তৃতীয়টি সৈয়দ শামসুল হক অনুবাদ করলেন প্রমিত বাংলায়। এই তিনটি অনুবাদসাহিত‍্য "হ‍্যামলেট"-এর মধ‍্যে ঘাপটি মেরে আছে নাটকটির পঞ্চম অঙ্কের প্রথম দৃশ‍্যটি। এই দৃশ্যটি আমরা যেমন দেখি, এটাকে আলী যাকের দৃশ্য বা কান্ড আকারে না রেখে প্রসঙ্গক্রমে আনলেন গল্প বলার মধ্য দিয়ে। শামসুর রাহমান তার অনুবাদ প্রমিত বাংলায় লিখতে লিখতে এই দৃশ‍্যে ঢুকিয়ে দিলেন পুরনো ঢাকার আঞ্চলিক উপভাষার মধ‍্যে, যে ভাষার মিশ্রণটা রয়েছে উর্দু ভাষার সাথে। সৈয়দ শামসুল হক তার অনুবাদে দৃশ্যটিকে একেবারে 'হাওয়া' করে দিলেন। কেন এমনটা করলেন, আমরা কি বিষয়টি ভেবে দেখেছি? কেন সম্পূর্ণ স্থানটি একটি অসম্পূর্ণ স্থান হয়ে উঠলো আর কেনই বা মূলের স্থানচ‍্যুতি ঘটলো সময় ও কালের বিচারে? এখানেই হচ্ছে অনুবাদসাহিত‍্যের 'খেলারাম খেলে যা', যেখানে বসবাস করে খেলারামদের চিন্তার আদর্শিক জায়গা।  রবীন্দ্রনাথের ভাষায়, "তর্জমা... মরা বাছুরের মূর্তি। তার আহ্বান নেই, ছলনা আছে"।

আমি মনে করি অনুবাদসাহিত্যকে 'ভালো-মন্দ'--এর মধ‍্যে ফেলে গ্রহণযোগ্যতার বিষয়টি টানাটানি করবার প্রয়োজন হয় না। অনুবাদসাহিত্য সকল সময় মধ‍্যবর্তী স্থানের ভেতর দিয়ে পাঠককে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করে, আর করে বলেই অন‍্যান‍্য সব পরিপ্রেক্ষিতের চেয়ে এর যোগাযোগের স্থানটি হয়ে ওঠে গুরুত্বপূর্ণ, যেটা মানসিক, অনেকটা মন জানাজানির মতো একটা ব‍্যাপারস‍্যাপার। এটা ঘটে বলেই শেক্সপীয়র, ইবসেন বা অন‍্যসব গুরুত্বপূর্ণ লেখক ও কবিদের সৃষ্টিকর্মগুলো প্রতিদিন সময় ও প্রসঙ্গকে সঙ্গে নিয়ে নতুনের মধ‍্যে ফেলে পুনর্গঠন বা পুনর্নির্মাণ করতে হচ্ছে, বিশেষ করে নাট‍্যসাহিত‍্যের অনুবাদের বেদিতে তো বটেই। এটাকে আমার কাছে 'অটোপোয়েটিক' প্রতিক্রিয়ার মতো বলেই মনে হয়। আর সেটা ঘটে অনুবাদকের "কালিক" এবং অনুবাদের উদ্দেশ‍্য ও আদর্শিক জায়গা থেকে। এমনকি আমি দেখেছি যে একজন লেখক তাঁর নিজস্ব লেখা নিজ ভাষা থেকে অন‍্য ভাষায় যখন রূপান্তর বা অনুবাদ করেন তখন রূপান্তরিত শরীরটি হয়ে ওঠে আরেকটি নতুন শরীর। যেমনটি ঘটেছে রবীন্দ্রনাথের ক্ষেত্রে আবার তেমনটি ঘটেছে অক্তাবিও পাসের ক্ষেত্রেও। আমার প্রিয় সকল কবিদের একজন। অক্তাবিও-এর নাম মনে উঠলো রাজুর কারণে। কয়েকদিন হলো রাজু আলাউদ্দিনের সাক্ষাৎকার পড়ছিলাম সমালোচক, কবি ও লেখক ব্রাউলিও পেরাল্তার সাথে। লেখার শিরোনাম "ব্রাউলিও পেরাল্তার অক্তাবিও পাস: ভাবনা ও আবেগের সমাধানসহ এক বিশ্বজনীন ব‍্যক্তিত্ব"। বাঙালির ভাষায় আমাকে বলতেই হয় চমৎকার।

Image

চিত্রকর্ম:

চমৎকার বলছি এই অর্থে যে সাক্ষাৎকারটা আমাকে অনুপ্রাণিত করলো ব্রাউলিয়াকে নতুন করে পড়তে। অক্তাবিও পাস-এর প্রসঙ্গটা উঠলো ওর "Tiempo Nublado" (প্রবন্ধসংগ্রহ) বইটির জন‍্যে, প্রথমত, আমার সবচেয়ে আলোচিত ও সমালোচিত নাট‍্যপ্রযোজনা "স্তালিন"(বাংলা ভাষ‍্য: রায়হান আখতার)-এর কেন্দ্রে জড়িয়ে আছে তাঁরই ভাবনা 'সোভিয়েত ইউনিয়নের কর্তৃত্ববাদের গপ্পো'। যেটা একদিকে লজ্জা ধরিয়ে দিয়েছিল বাংলাদেশের প্রায় সকল বাম ধারার রাজনৈতিক দলগুলোকে, যেমন ঠিক একইভাবে প্রশংসনীয় হয়েছিল অন‍্য বলয় বা আদর্শের মানুষদের কাছ থেকে। দ্বিতীয়ত, যে বিষয়টি অক্তাবিও পাস আমাকে নাড়া দেয় বা ভাবায় সেটা হচ্ছে "Tiempo Nublado"-র অনুবাদ বিষয়ে। এর সরাসরি অর্থ--'Cloudy weather'; অথচ এই একই শব্দকে অনুবাদক অনেকভাবে ব‍্যবহার করেছেন পূর্বাপর সম্বন্ধ রেখে রেখে; যেমন কোথাও শব্দটিকে তিনি অনুবাদ  করেছেন 'Weather is overcast', আবার কোথাও 'Dusk and cloudy weather'। কোথাও 'Windy and cloudy weather', আবার কোথাও অনুবাদ করলেন 'Heavy cloud cover'। আমার কাছে সবচেয়ে বিস্ময়কর হয়ে উঠলো যখন উনি শব্দটিকে বললেন 'Sunlight'। কী অদ্ভুত দ্ব্যর্থতা। আর তাইতো আমি বলি "লস্ট ইন ট্রান্সলেশন" হলো অনুবাদসাহিত‍্য সৃষ্টির নতুন আবিষ্কার। যেটাকে আমরা 'লেখকের হারানো দেহ' বলতে পারি। বলেছিও এই আলোকে, আমার এই সময়ের কাজ "Ibsen's Lost Body" তত্ত্বের ব‍্যাখ‍্যা ও বিশ্লেষণে। এটা খোলা চোখে 'বিচ্ছিন্ন' না হয়ে সমান্তরাল একটা জায়গায় অবস্থান করে, আর করে বলেই এটা মিথোজীবী। যেখানে যুক্ত হয়ে আছে, 'রূপান্তর', 'প্রতিস্থাপন' এবং 'পুনঃরূপান্তর'। Jacques Derrida-র "Nothing is translatable" এবং "Nothing is untranslatable" দুটো পাশাপাশি করে বলতে চাইলেও আমি পুনরায় বলবো অনুবাদসাহিত্য আমার কাছে একটি  হারানো দেহের জাদুর খেলা। অথবা ধরে নিতে পারি এটাই অনুবাদসাহিত‍্যের "আলকেমিস্ট রংধনু"। যেটা অভিপ্রায়, আপেক্ষিকতা, দ্বন্দ্ব ও ব‍্যাখ‍্যার সাথে যুক্ত। আর তাই Walter Benjamin বলছেন... "(অনুবাদকদেরকে) তাদের নিজস্ব উদ্দেশ্যকে ধ্বনিত করবার অধিকার দেওয়া উচিত"। পুনরুৎপাদনের অভিপ্রায় হিসাবে নয়, বরং সাদৃশ্য হিসাবে। যে ভাষায় এটি যোগাযোগ করা হয় তার পরিপূরক হিসাবে। বিস্তৃত অর্থে এটি ভিন্ন ভিন্ন সংস্কৃতির মধ‍্যে একটি পরিযায়ী যাত্রা। এটা সাংস্কৃতিক উপকরণের একটি মনোভৌতিক স্থানচ‍্যুতি। একটি জ্ঞানতাত্ত্বিক যাত্রা, যার বোঝাপড়ার স্থানচ‍্যুতি ঘটে প্রতিস্থাপনের মধ‍্যে। যেটার রূপ তৈরি হয় বা হতে পারে অনুবাদকদের পড়া এবং ভুল পড়া, বোঝা এবং ভুল বোঝাবুঝি, ব‍্যবহার এবং অপব‍্যবহারের উপর ভর করে। যে কারণে অনুবাদসাহিত‍্য সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক বলয়ের ভেতরের একটি প্রক্রিয়া। প্রসঙ্গক্রমে উল্লেখিত সাক্ষাৎকারের একটি অংশ সৈয়দ জামিল আহমেদের নির্দেশনায় "জীবন ও রাজনৈতিক বাস্তবতা"-র মঞ্চের রূপান্তর নিয়ে কথা এসেছে। সৈয়দ জামিল আহমেদের মঞ্চে সেটির রূপান্তর ঘটেছে একই ভাষার ভেতরে, এটা এক ভাষা থেকে অন‍্য ভাষার ভেতরে অনুপ্রবেশ নয়। "জীবন ও রাজনৈতিক বাস্তবতা" ছিল জামিলের পুরোমাত্রায় একটি নির্দিষ্ট সময়ের শৈল্পিক অন্তঃপাঠ; (আর তাইতো নাটক মঞ্চায়নের পর শব্দ পেলাম: "আমার নেতা কখনো এমনটি না"! কী অদ্ভুত না?), যেখানে প্রতিফলিত হয়েছিল নির্দেশক এবং রূপকারের নিজস্ব চিন্তা ও উদ্দেশ্যের প্রতিফলন। আমি বেশ জোর দিয়েই বলতে পারি ওদের তিনজনের বোঝাপড়ার জায়গাটা কখনই এক হয়নি বা হতে পারে না। এটাই অনুবাদসাহিত‍্যের 'বিভ্রম'। এই বিভ্রান্তিকর অবস্থাটাই কিন্তু পুনর্নির্মাণের 'জাদুবিদ‍্যা', যেটা যুক্ত থাকে অনুবাদকের দর্শন ও শিল্পকৌশলের মধ‍্যে। আমার কাছে একটি ব‍্যবহারযোগ‍্য অনুবাদসাহিত্য হচ্ছে সেটাই যেটাতে ভাষার উপাদান বা উপকরণের সহাবস্থান রয়েছে। এটা এক ধরনের উপাদান ও উপকরণের ক্ষতি বা হারাবার মাত্রা এবং নতুন উপাদান ও উপকরণ অন্তর্ভুক্তিকরণের যোগাযোগের মাত্রার নতুন সমীকরণের খেলা। যে খেলার মধ‍্যে রয়েছে উপাদান ও উপকরণের যুক্তিসহ বুদ্ধিদীপ্ত নির্বাচন এবং বন্টন। যে কারণে অনুবাদসাহিত্য কখনই মূল পাঠের অর্থ প্রকাশ করে না। এটা বিচ্ছেদ, প্রতিস্থাপন, ইনকর্পোরেশনের একটি চক্র বলেই মনে হয়। যে চক্রটার কাজই হচ্ছে মূল শরীরটাকে নিলীন করে আরেকটি নতুন শরীরের মধ‍্যে ঢুকিয়ে দেওয়া। অনুবাদসাহিত‍্য একটি আন্তঃপাঠ‍্য প্রক্রিয়া, যেটা বিমূর্ত ও অস্পষ্টতায় পূর্ণ একটি ধোঁয়ার কুন্ডলী।