২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিলান কুন্ডেরার মহাপ্রস্থান কিংবা ঠাট্টার সমাপ্তি

সাহিত্য এভাবে আগেপিছে চলাচলের মাধ্যমে পূর্ব ও উত্তরসূরীর মধ্যে কেবল সংযোগই সৃষ্টি করে না, তা একই সঙ্গে পূর্বসূরীর রচনাকেও নতুন তাৎপর্যে হাজিরও করে নিজের রচনার মাধ্যমে।

রাজু আলাউদ্দিন রাজু আলাউদ্দিন

Published : 12 Jul 2023, 10:54 PM

Updated : 12 Jul 2023, 11:03 PM

শেখ আবদুল রহমানের অনুবাদে ঠাট্টা বইটা প্রথমে পড়তে শুরু করার আগে ভেবেছিলাম বইটি বোধহয় ভারতের তামিল বা তেলেগু ভাষার কোন লেখকের উপন্যাসের অনুবাদ। বইটি বাংলা তর্জমায় প্রথম বেরিয়েছিল মাওলা ব্রাদার্স থেকে ১৯৭২ সালে, সম্ভবত পরে ৭৫ সালে একটি সংস্করণ হয়েছিল। আমার ঠিক মনে নেই এই দুয়ের কোন সংস্করণটি আমি পড়েছিলাম। তবে মিলান কুন্ডেরা নামটা যে কোনো চেক লেখকের হতে পারে , তখনও সেটা আমার মাথায় আসেনি না। আসবেই বা কী করে? আমি তখন বোধহয় ২৫/২৬ বছরের যুবক, আশির দশকের মাঝামাঝি কোন এক সময়ের কথা। তখন তো আর ইন্টারনেটের যুগ নয় যে সঙ্গে সঙ্গে খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া যাবে। বইটা পড়তে গিয়ে এতই মুগ্ধ হয়েছিলাম যে মিলান কুন্ডেরার নামটা তখন থেকেই স্মৃতিতে একেবারে স্থায়ী হয়ে গিয়েছিল । সঙ্গে তার ঠাট্টাও। ঠাট্টা যে এক ভয়ংকর রাষ্ট্রযন্ত্রের ক্ষোভের কারণ হয়ে উঠবে উপন্যাসের ঠাট্টাপ্রিয় নায়ক লুডভিক তা কল্পনাও করতে পারেনি। আমরা পাঠকরাও সেটা আগাম অনুমান করতে পারিনি। লুডভিক স্রেফ ঠাট্টার ছলে তার প্রেমিকাকে পাঠানো পোস্টকার্ডে লিখেছিল:

Optimism is the opium of the people!

Long live Trotsky!

এরকম লেখার কারণ, ইর্ষাকাতর লুডভিকের মনে হয়েছিল তার প্রেমিকা যতটা না তাকে ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে রাজনৈতিক আদর্শ। যদিও দুজনই কম্যুনিস্ট পার্টির সদস্য। কিন্তু লুডভিক তো রক্তমাংশের মানুষ, ভালোবাসার সাথে ঠাট্টা জড়িয়ে যাওয়াটাই ছিল স্বাভাবিক। কিন্তু ওই ঠাট্টাই শেষ পর্যন্ত তার জীবনে অস্বাভাবিক পরিণতি নিয়ে আসে। খনিশ্রমিক হিসেবে তাকে শ্রমশিবিরে পাঠানোর আগে সে ব্যাখ্যা করে বলেছিল: But, comrade, it was only a joke. কিন্তু, ওসব ব্যাখ্যা স্বৈরাচারী রাষ্ট্রযন্ত্রের কাছে অর্থহীন। কর্তৃৃত্ববাদী রাষ্ট্র ততক্ষণে লুডভিকের ঠাট্টার বিরুদ্ধে ক্ষমতার ঠাট্টা শুরু করে দিয়েছে। লুডভিকের জীবনে এরপর যা ঘটে তা এক রসিকতা, তবে ক্ষমতাদর্পী রাষ্ট্রের রসিকতা।

মনে পরে, এই ঠাট্টা বইটার লেখকের নাম নিয়ে তখন, পাঠের অনেক বছর পর, কথাসাহিত্যিক প্রশান্ত মৃধার সাথে একটা রসিকতা করেছিলাম। সে কথা তিনি সন্যাসের সহচর নামক এক বইয়ে সেটা উল্লেখ করে লিখেছিলেন:

“দি আর্ট অভ দ্য নভেল কিনে ফুটপাতে নামতেই সন্দেশের মুখে দেখা রাজু আলাউদ্দিনে সঙ্গে। রাজু আলাউদ্দিন অনুবাদক হিসেবে তখন খ্যাতিমান। সাজ্জাদ শরিফ সম্পাদিত ভোরের কাগজ সাহিত্য সাময়িকীতে সাম্প্রতিক অনুবাদের ভ্রান্তি ও গ্রহণযোগ্যতা নিয়ে একটি প্রবন্ধ লিখে শাহাবাগের ছোট্ট সাহিত্যিক পরিমণ্ডল গরম করে তুলেছেন। ফলে, ইউরোপ ও লাতিন আমেরিকার বইপত্তর নিয়ে রাজু আলাউদ্দিন আমাদের জ্ঞান বাড়িয়ে চলেন; কখনও কোনও বিষয়ে ধন্দে পড়ে আটকালে তাঁর কাছে জানতে চাই, তিনি জানান।

বইটা হাতে দেখেই রাজু আলাউদ্দিন জানতে চাইলেন, ‘কী বই কিনলাম।’ দেখালাম। জানতে চাইলাম মিলান কুন্ডেরা সম্পর্কে। তখনও জানি কুন্ডেরার বাড়ি চেকশ্লাভাকিয়ায়, কিন্তু ফ্রান্সে স্থায়ী-- এই তথ্য আমার অজ্ঞাত।

রাজু আলাউদ্দিন একটু পরে কথায় কথায় জানালেন, মিলান কুন্ডেরা আসলে ভারতীয় তথা বাঙালি, তিন পুরুষ আগে তাঁর ঠাকুর্দা ওই দেশে গিয়েছিলেন। ঠাকুর্দার একটা নামও বললেন। তারপর তার বাবার নাম। আর মিলান কুন্ডেরা নামটাকে ভেঙেও একেবারে বাঙালি করে দিলেন: মিলান<মিলন, কুন্ডেরা<কুন্ডরা<কুণ্ডু। জানালেন, প্রকৃত অর্থে তাঁর নাম ইন্ডিয়ায় থাকলে হত, মিলন কুণ্ডু। এখন ইউরোপীয়ত তাই ওই রকম নাম হয়ে গেছে।

দিন দুয়েক বাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দি আর্ট অব দ্য নভেল-এর শেষ লেখা ‘জেরুজালেম অ্যাড্রেস’ নিয়ে কথা বলল জাকির কিবরিয়া। কিন্তু কোনও সংশয়ে জাকিরকে জোর দিয়ে রাজু আলাউদ্দিনের ভারতীয়করণ তত্ত্ব বলতে পারলাম না। শুধু জানালাম। শুনে জাকির সংশয়ে, সে আজফার হোসেন অথবা মোহাম্মদ রফিককে জিজ্ঞাসা করতে বলল।

মোহাম্মদ রফিককে জিজ্ঞাসা করলাম রাজু আলাউদ্দিনের বুৎপত্তি নির্দেশসহ। তিনি একটু যেন ক্ষিপ্ত হলেন। আবার হাসলেনও। রাজু আমাকে বোকা বানিয়েছেন তা আর মুখে বললেন না। কিন্তু বিষয়টা বুঝলেন। শুধু, কখনও কখনও ক্ষেপে গেলে অথবা এইসমস্ত প্রসঙ্গে যেমন বলেন, একটু বাগেরহাটের টোনে: ‘ওই সব কথা আমার সামনে নিয়ে আইসে কতি কইয়ো।’ সে কথা বললেন কিছুদিন বাদে।

বুঝলাম, রাজু আলাউদ্দিন মজা করেছেন, আমার সরল অজ্ঞানতার সুযোগে।” (পৃ ৪৩-৪৪)

Image

আলোকচিত্র:

ঠাট্টা নিয়ে যদি জীবন্ত রসিকতাই না করা যায় তাহলে গোটা পাঠই যে মাঠে মারা যায়। আসলে কুন্ডেরার উপন্যাসটা আমাকে কতটা মুগ্ধ করেছিল, এটা তারই এক নমুনা শুধু।

তবে ঠাট্টার খোলসটা সরিয়ে এখন যদি এই উপন্যাসটিকে তারই পূর্ববর্তী এবং স্বভাষী না হলেও স্বদেশী কাফকার দ্য ট্রায়াল, দ্য ক্যাসল-এর জোসেফ কে-এর চরিত্রের দুর্ভোগকে মিলিয়ে দেখি, তাহলে আমাদের মনে হবে কুন্ডেরার ঠাট্টাই যেন ওই পূর্বসূরীর উপন্যাসে নির্মমভাবে প্রতিফলিত হয়ে উঠেছে। অর্থাৎ কাফকার দ্বারা আমরা যেমন জেনোকে তার পূর্বসূরী হিসেবে ‍সৃষ্ট হতে দেখি, তেমনিভাবে কুন্ডেরার মাধ্যমে কাফকাকে তার পূর্বসূরী হিসেবে সৃষ্ট হতে দেখি। দুজনই টোটালিটারিয়ান রাষ্ট্র কর্তৃক দুর্ভোগের শিকার, পার্থক্য কেবল পূর্বসূরী কাফকা ঠাট্টার কথা কোথায়ও উল্লেখ করেন না, কিন্তু কুন্ডেরার পরিভাষায় ওটা এক ধরনের ঠা্ট্টাই বটে। অন্যদিকে, কুন্ডেরা ওই ঠাট্টাকেই উন্মোচন করেন, রাষ্ট্রের রসিকতাকে তিনি দেখিয়ে দেন আমাদেরকে চোখে আঙুল দিয়ে। ফলে, ঠাট্টা যেমন কুন্ডেরার নিজস্ব হাতিয়ার হয়ে উঠেছে, তেমনি নিজের হাতিয়ার দিয়ে তিনি কাফকাকে অন্য মাত্রায় গড়েও নিয়েছেন। সাহিত্য এভাবে আগেপিছে চলাচলের মাধ্যমে পূর্ব ও উত্তরসূরীর মধ্যে কেবল সংযোগই রক্ষা করে না, তা একই সঙ্গে পূর্বসূরীর রচনাকেও নতুন তাৎপর্যে হাজিরও করে নিজের রচনার মাধ্যমে। কার্লোস ফুয়েন্তেস এই সূত্রে আমাদেরকে স্মরণ করিয়ে দেন কুন্ডেরার সাথে পূর্বসূরী কাফকার সম্পর্কটিকে: “Joseph K in The Trial, the land measurer in The Castle, all of Kundera's jokers.” ( Myself with Others, Carlos Fuentes, 1988, P 174)

ঠাট্টা অন্যত্রও আমরা ঘটতে দেখবো, সেটা অবশ্যই উপন্যাসের বাইরে। যেমন, কুন্ডেরার বন্ধুকে যখন কর্তৃত্ববাদী রাষ্ট্র ফাঁসি দেয়ার ঘোষণা দিয়েছিল তখন ফরাসি কম্যুনিস্ট কবি পল এলুয়ার তাতে সমর্থন জানিয়ে ছিলেন। অন্যদিকে, কুন্ডেরার ঠাট্টা যখন ফরাসি ভাষায় অনূদিত হলো তখন সেই বইয়ের ভূমিকা লিখলেন আরেক ফরাসি কবি, তিনিও কম্যুনিস্ট, লুই আরাগঁ। তিনি লিখলেন: “One must read this novel. I must believe in it." ( Myself with Others, Carlos Fuentes, 1988,P 161)। একই দেশের, একই ভাষার একই রাজনৈতিক আদর্শের কিন্তু পরস্পর ভিন্ন মতের দিকে পরিচালিত।

এরকম বহু ঠাট্টা নিশ্চয়ই তিনি জীবনে বহুবার দেখেছেন। আরও একটি ঠাট্টা নিয়ে তিনি মৃত্যুবরণ করলেন: বহু বছর ধরে তিনি, আমরাও, শুনে আসছিলাম তিনি নোবেল পুরস্কার পেতে পারেন। বহুবার তিনি সম্ভাব্য তালিকায় ছিলেন। কিন্তু অজানা এক কারণে তিনি পুরস্কারটি পাননি। এটাও তার জীবনে এক ঠাট্টাই হয়ে থাকলো। ৯৪ বছর যথেষ্টই ছিল পুরস্কারটি পাওয়ার জন্য। কিন্তু সুইডিস কর্তৃপক্ষের কাছে, এই ব্য়সটিও যথেষ্ট মনে হয়নি। কুন্ডেরা তাই মৃত্যুবরণ করেই তার এই অস্বস্তিকর ঠাট্টার পরিসমাপ্তি ঘটালেন ১২ জুলাই ২০২৩ সালে। তার প্রয়াণে গভীর শ্রদ্ধা জানাই।