২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিযার কাব্বানীর পাঁচটি কবিতা

হোক না তোমার পথ কিঞ্চিৎ অজ্ঞাত- তবুও আমি সেখানে পৌঁছুবো।

নিযার কাব্বানীর পাঁচটি কবিতা

আলোকচিত্র:

কাউসার মাহমুদ কাউসার মাহমুদ

Published : 30 Jul 2023, 08:07 PM

Updated : 30 Jul 2023, 08:11 PM

আরবি থেকে বাংলা তর্জমা: কাউসার মাহমুদ

নিযার তৌফিক কাব্বানি ( ২১ মার্চ ১৯২৩-৩০ এপ্রিল ১৯৯৮) সিরিয় কূটনীতিক, কবি, লেখক, প্রকাশক, আইনজ্ঞ ও বুদ্ধিজীবী। সিরিয়ার জাতীয় কবি হিসেবে বিবেচনা করা হয় তাঁকে। পরিচ্ছন্ন ও মনোরম লেখনীর সাথে তাঁর অপূর্ব কাব্যশৈলী সাম্রাজ্যবাদ এবং স্বৈরশাসকদের বিরুদ্ধে প্রেম, কাম, ধর্ম এবং আরব ক্ষমতায়নের বিষয়াদিকে ফুটিয়ে তোলে। কাব্বানী নিজের সমকাল ও পরবর্তীতে আরব বিশ্বের সবচেয়ে শ্রদ্ধেয়, মহিমান্বিত কবিদের একজন। ১৯৪৫ সালে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। স্নাতক ডিগ্রি সম্পন্নর আগে ১৯৪২ ছাত্রাবস্থাতেই নিজের প্রথম কবিতা সংকলন ‘ক্বালাত লি-আস্সামরা’ (দ্য ব্রুনেট টোল্ড মি) প্রকাশ করেন। গ্রন্থটি ছিল রোমান্টিক পদ্যের একটি সংকলন। যেখানে তিনি একজন নারীর দেহসম্বন্ধীয় বেশ চমকপ্রদ, অভূতপূর্ব বিবরণ এঁকেছিলেন। ফলে বইটি প্রকাশের অল্পসময়ের মধ্যেই দামেস্কের রক্ষণশীল সমাজে প্রচণ্ড আঘাতের সাথে শোকের তরঙ্গ বইয়ে দেয়। তখন বইটিকে আরও গ্রহণযোগ্য করে তুলতে, কাব্বানি সেটি তৎকালীন শিক্ষামন্ত্রী এবং তাঁর পিতার বন্ধু মুনির আল-আজলানিকে দেখান। আজলানি কবিতাগুলো ভীষণ পছন্দ করেন এবং তাঁর প্রথম কাব্যগ্রন্থের মুখবন্ধ লিখে সেগুলো অনুমোদনও করেন।

কবি হিসেবে নিযার বিপ্লবী কি-না এ বিষয়ে একবার প্রশ্ন করা হলে, তিনি উত্তরে বলেছিলে, “আরব বিশ্বে প্রেম একজন কয়েদির মতো এবং আমি তা মুক্ত করতে চাই। আমার কবিতা দিয়ে আরবের আত্মা, ইন্দ্রিয় ও শরীরকে স্বাধীন করতে চাই আমি। কেননা, আমাদের সমাজে নারী-পুরুষের সম্পর্ক সুস্থ নয়।’’

Image

চিত্রকর্ম:

গ্রীষ্মকালে

সমুদ্রের বালুতটে সটান শুয়ে পড়ি

আর তোমাকে ভাবার প্রিয় অভ্যাস অনুশীলন করি

তোমার জন্য যা অনুভব করেছি আমি

যদি তা সমুদ্রকে বলি--

সে ছেড়ে যেত উপকূল তার:

শামুক,

মাছ,

এবং পিছু নিত আমার।

আমি এক দুঃখী রেলগাড়ি

হাজার ট্রেনে চড়েছি আমি

এবং নিজের বেদনায় আরোহণ করেছি

আরোহী হয়েছি আমার সিগারেটের কুয়াশায়

একটিমাত্র ব্যাগ...আমি তা বহন করছি

আমার প্রিয়ার ঠিকানা তাতে

কে ছিল, গতকাল, আমার ভালোবাসা

আমার ট্রেন দ্রুত যাচ্ছে... দ্রুত

দূরত্বের মাংসের মধ্য দিয়ে তার পথ চর্বণ করে সে

পথে পথে অজস্র শস্যের মাঠ ছিঁড়ে খায়

বৃক্ষদের গিলে ফেলে রাস্তায়

সমুদ্রের পদদ্বয় লেহন করে যায়।

ট্রেন পরিদর্শক আমার টিকিট চাইছে

এবং আমার অবস্থান ও মনোভাব অনুসরণ করছে

সেখানে কি ভবিষ্যতের অবস্থান?

পৃথিবীর হোটেলগুলো আমাকে চেনে না

কিংবা আমার প্রিয়ার ঠিকানা।

আমার কোনো প্লাটফর্ম নেই

মানে, আমার সমস্ত ভ্রমণে

আমার সমস্ত প্লাটফর্ম...পলায়নপর

পলায়নপর...আমার থেকে আমার স্টেশন

পলায়নপর...আমার থেকে আমার স্টেশন

পাঁচ মিনিট

পাঁচ মিনিট বসো

সে চায় না দরবেশের মতো কবিতা পরে যাক

বিশাল অদৃশ্যতায়

মাত্র পাঁচ মিনিট।

চায় না নগ্ন কাগজের মাংসে কবিতার রহস্যভেদ করতে

মাত্র পাঁচ মিনিট।

তাই এক মিনিটের জন্য আমাকে ভালোবেসে

কয়েক মিনিট পর আমার দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেছে।

লাখ লাখ অগ্নিকাণ্ডের জন্য

শুধু একটি দেশলাইবাক্সের বেশি প্রয়োজন নেই আমার

নিশ্চয় সবচেয়ে শক্তিশালী প্রেমের গল্প জানি আমি

পাঁচ মিনিটের বেশি যা স্থায়ী হয়নি।

বৃষ্টিভীতি

আমি ভীত যে, পৃথিবীতে তুমুল বৃষ্টি হবেই

যখন আমার সঙ্গে তুমি নেই

যখন থেকে ছেড়ে গেছে তুমি...

আমার রয়েছে বৃষ্টিভীতি।

যখনই শীত আসে, তার কোট দিয়ে ঢেকে নেয় আমায়

সুতরাং শীত কিংবা একঘেয়েমির চিন্তা নেই আমার।

যখনই বাতাসেরা আমার জানালায় ঠকঠক করে

তখন অস্ফুটস্বরে তুমি বলো :

‘ধরো! এখানে আমারে কেশদাম তোমায় বাঁচানোর জন্য।’

অতএব, এখন আমি বসেছি এখানে--

যখন বৃষ্টি আমায় বেত্রাঘাত করছে

আমার বাহুতে, মুখে, পিঠে।

তাই কে আমায় বাঁচাবে এখন?

একটি ঘুঘুর মত উড়ছো তুমি--

আমার চোখ ও দৃষ্টির মাঝে যখন।

বলো! কীভাবে তোমায়-

স্মৃতির পৃষ্ঠাসমূহ থেকে মুছে ফেলি?

অথচ,

পাথরে আঁকা চিত্রের মত আমার হৃদয়ে তুমি।

আমার রক্তে বসবাসকারী হে!

তোমায় ভালোবাসি আমি।

হোক না তোমার পথ কিঞ্চিৎ অজ্ঞাত-

তবুও আমি সেখানে পৌঁছুবো।

কারণ, তোমাতে আছে ইতিহাস, তোমাতেই নিহিত ভাগ্য।

Image

চিত্রকর্ম:

রুটি হাশিশ ও চাঁদ

পূব দিগন্তে যখন চাঁদের জন্ম হয়

শুভ্র পৃষ্ঠদেশ যখন গভীর নিদ্রায় নিপতিত-

তুমুল ঔজ্জ্বল্যের নীচে।

লোকেরা তখন তাঁদের দোকানপাট ছেড়ে দলেবলে

চাঁদের সাক্ষাতে বের হয়

পাহাড়শৃঙ্গে।

সঙ্গে নেয় রুটি, একটি রেডিও এবং

নেশাদ্রব্য।

সেখানে তারা কেনা-বেচা করে কল্পনা

চিত্র

এবং মারা যায়--

যখন চাঁদ জীবন্ত হয়ে ওঠে।

***

আলোর চাকতি কী করে?

আমার দেশে

নবীদের ভূমিতে

ভানশুন্য সরল মানুষের দেশে

তামাক সেবনকারী ও মাদক ব্যবসায়ীর দেশে

চাঁদ আমাদের মাঝে কী করে?

আমরা অহংকার হারাই

আমরা স্বর্গের জন্য ভিক্ষা করতে বেঁচে থাকি

আকাশে কি আছে

অলস এবং দুর্বলদের জন্য?

তারা লাশে পরিবর্তিত হয়

যখন চাঁদ জীবন্ত হয়ে ওঠে।

আউলিয়াদের সমাধি ঝাঁকায়

কিছু ভাত, কিছু সন্তান লাভের আশায়।

তারা তাদের মনোরম গালিচা বিছিয়ে দেয়

আফিম দিয়ে নিজেদের সান্তনা দেয়--

আমরা যাকে অদৃষ্ট এবং ফয়সালা বলে নামকরণ করেছি।

আমার দেশে, সহজসরল দেশে।

***

কীসের দুর্বলতা এবং ক্ষয়

যখন আলো ফোটে এটি আমাদের বন্ধুরূপে গ্রহণ করে

গালিচা...এবং হাজার হাজার ঝুড়ি

চায়ের পেয়ালা...এবং শিশুদের পাহাড়ে হুড়োহুড়ি

আমার দেশে

যেখানে সরল মানুষেরা কাঁদে

দেখে না এমন আলোতে তারা বাস করে

আমার দেশে

যেখানে মানুষ চোখ ছাড়া বাঁচে

নামাজ পড়ে

ব্যাভিচার করে

এবং নির্ভরতায় বাঁচে

যেহেতু তারা নির্ভরশীল জীবনযাপন করে

তারপর নতুন চাঁদকে ডেকে বলে :

হে চাঁদ!

হে হীরে বর্ষণকারী ঝর্ণা

হাশিশ ও তন্দ্রা

হে ঝুলন্ত শ্বেত মর্মরের প্রভু!

হে অবিশ্বাস্য বিষয়!

প্রাচ্যের দিকে চেয়েছিলাম

সেখানে আমাদের জন্য ও

লক্ষ মানুষের জন্য

হীরার গুচ্ছ--

যাদের ইন্দ্রিয় অসাড়।

***

সেসব পূবের রাতে

যখন চাঁদ পূর্ণ হয়ে যায়

প্রাচ্য সমস্ত সম্মান থেকে নিজেকে সরিয়ে নেয়

এবং প্রাণশক্তি থেকে

লাখ লাখ মানুষ : জুতো ছাড়াই যারা দৌড়ায়

যারা চার স্ত্রীতে বিশ্বাস করে

বিশ্বাস করে বিচারের দিনে

এবং লাখ লাখ মানুষ: যারা কেবল তাদের স্বপ্নে

রুটির মুখোমুখি হয়

যারা রাতে কাশতে কাশতে ঘরে থাকে

জানেই না, ঔষধ দেখতে কেমন।

আলোর নীচে

লাশের মত অধঃপতিত হয়।

আমার দেশে : যেখানে নির্বোধ কাঁদে

আর কাঁদতে কাঁদতে মরে

যখনই তাদের কাছে অর্ধচন্দ্রের মুখ দেখা যায়

তারা আরও কাঁদে

যখনই কিছু হীন দণ্ড তাদের নাড়া দেয়...

সেই মৃত্যুকে আমরা প্রাচ্যে ডাকি

রাত্রি এবং ‘গান’

আমার দেশে

সহজ সরল দেশে।

যেখানে আমরা দীর্ঘ সুর সংযোজনের স্মৃতিরোমন্থন করি

সেই ক্ষয়কাশ প্রাচ্যকে পুনরুদ্ধার করে

দীর্ঘ সুর সংযোজন

আমাদের রোমন্থনকারী প্রাচ্য...ইতিহাস এবং অলস স্বপ্ন

এবং পুরানো কুসংস্কার

আমাদের পূর্ব, তার সমস্ত বীরত্বের সন্ধানী

আবি যায়েদ আল-হিলালাীতে।